একজন শিক্ষার্থীর মূল একাডেমিক বেজমেন্ট নির্মাণ হয় তার শৈশবে প্রাপ্ত শিক্ষা পদ্ধতির ওপর। একজন মানুষ কেমন মানুষ হবে তা নির্ভর করে তার শৈশবটা সে কোন প্রক্রিয়ার ভেতর দিয়ে অতিক্রম করেছে। সেক্ষেত্রে পরিবারের পাশাপাশি সবচেয়ে বড় ভূমিকা যার থাকে সেটা তার স্কুল। একজন শিশুর জন্য সেক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে প্রাইমারি স্কুল ও স্কুলের শিক্ষকগণ। একজন মানুষের শৈশবে যে বোধ, যে মানসিক স্থিতি অর্জন হয় সেটা তার সারা জীবনের পথ চলার পাথেয় হয়ে থাকে। সেক্ষেত্রে প্রাইমারি স্কুলের ভূমিকা পরিবারের পর সবচেয়ে গুরত্বপূর্ণ। মাঝে মাঝেই শোনা যায় যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে।

যে জাতি প্রাইমারির প্রশ্ন ফাঁস করে শিক্ষক হতে চায় এবং হয়, সে জাতির ভবিষ্যৎ কতটা ঘোরতর মসিকৃষ্ণ তার জন্য খুব বেশি ভাবতে হয় না। প্রশ্ন ফাঁসের দড়িকে যারা তাদের পুলসিরাতের পথ হিসেবে বেছে নিয়ে শিশুদের শিক্ষক হবেন, শিশুদের প্রতি তাদের দায়বদ্ধতা, স্ন্নেহ, অভিভাবক তুল্য আচরণ যে খুব বেশি মসৃণ হবে না, সেটা বুঝতে খুব বেশি গবেষণা করতে হয় না। \r\nএকটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, তৃতীয় শ্রেণির ৭৬ ও চতুর্থ শ্রেণির ৭০ শতাংশ শিক্ষার্থী ঠিকমতো বাংলা পড়তে পারছে না। এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা ও জরিপে দেখা গেছে, প্রাথমিকের শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি উত্তীর্ণ হলেও তাদের সবার ঠিকমতো পড়ার দক্ষতা তৈরি হচ্ছে না।

২০১৯ সালে বিশ্বব্যাংকের একটি জরিপেও দেখানো হয়েছিল, প্রাথমিকের মাত্র ৩৫ শতাংশ শিক্ষার্থী বাংলা পড়তে পারে। নিজের মাতৃভাষাই যারা ঠিকমতো পড়তে পারছে না তাদের অন্য সকল বিষয়ে কী করুণ ও বেহাল দশা সেটা আর বলার অবকাশ রাখে না।\r\nআমরা শুধুমাত্র বর্তমান সময়ের কথাই ভাবছি কিন্তু আমরা যখন অতীত হবো আমরা যখন এই পৃথিবীর শরীরে অদৃশ্য বালুকণায় বিলীন হবো, তখন কারা নেতৃত্ব দেবে সেই সময়কে? তারা এই শিশুরাই। এই শিশুরাই তখন চিন্তার ভিত স্থাপন করবে উচ্চ কলরবে। অথচ তাদের শিক্ষা ব্যবস্থার পদ্ধতি বা মান যদি এমন নিম্ন হয়, তাহলে সেই চিন্তা ভবিষ্যৎ পৃথিবীর জন্য অবশ্যই মঙ্গলজনক হবে না। কবি-সাহিত্যিকরা তাদের কলমের আঁচড়ে নানা সময়ে নানানভাবে বুঝিয়েছেন যে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ।

কিন্তু আমাদের এই শিশুদের ভবিষ্যৎ কেমন ভবিষ্যৎ হবে সেটা নিয়ে উদ্বিগ্ন না হয়ে পারা যায় না। \r\nআমার বাবা এখনো তার প্রয়াত শ্রদ্ধেয় শিক্ষক নূরু মাস্টার স্যারের প্রতি কৃতজ্ঞ ও দায়বদ্ধ। এখনো তিনি তার গুরুস্থানীয় শিক্ষক নূরু মাস্টার স্যারের প্রতিটি কথা, চিন্তা ও আদর্শের গল্প আমাদের বলেন ও চর্চা করতে পরামর্শ দেন। এর পেছনে যে কারণটি বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হচ্ছে শিক্ষকের তার ছাত্রের প্রতি দায়বদ্ধতা ও দরদ যেটা আজকাল খুব একটা চোখে পড়ে না। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয়। আমাদের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন প্রয়াত, চানমিয়া মাস্টার। তিনি কী সযত্নে আমাদের আদর্শলিপি পড়াতেন! তিনি স্কুলে আদর্শলিপি পড়া দিয়ে দিতেন এবং বাবা বাড়িতে বসিয়ে ধরে ধরে সেই আদর্শলিপির পড়া প্রস্তত করে দিতেন।

সেখানকার কিছু বাক্য এখনো হৃদয়ে অতি উজ্জ্বল হয়ে অঙ্কিত আছে। \r\nঅ-তে অসৎ সঙ্গ ত্যাগ কর,/ উ-তে উগ্রভাব ভালো নয়,/ এ-তে একতা সুখের মূল,/ ম-তে মন দিয়া বিদ্যাভাস কর,/ ক্ষ-তে ক্ষমা মহত্ত্বের লক্ষণ।\r\nএ সকল অমৃত বাণী যদি কারও বোধের মৃত্তিকায় সযত্নে রোপণ করা যায়, তাহলে তার সারাজীবনের পথচলায় বিপথগামী হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমাদের সেই আদর্শলিপি আজ নেই। আছে কেবল ভারি ভারি পৃষ্ঠার মোটা মোটা বই। যা শিশুদের মনস্তাত্ত্বিক দাঁড়িপাল্লার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিশুদের মনের যে দাঁড়িপাল্লা সে দাঁড়িপাল্লায় ওই সকল মোটা মোটা বইকে বহন করার মতো শক্তি বা সামর্থ্য একদম নেই। শিশুদের নিজেদের মতো শক্তিশালী মনে করে তারা শিশুদের মাথায় তুলে দিচ্ছে তাদের সমতুল্য বই।

শিশুদের তারা আর শিশু ভাবছে না, ভাবছে তাদের মতোই বয়স্ক মানুষ। ফলে বইয়ের সমুদ্রে শিশুরা হাবুডুবু খেতে খেতে তলিয়ে যাচ্ছে গভীরে। সেখান থেকে তাদের তুলে আনার জন্য যে শক্তির প্রয়োজন, সে শক্তি আমাদের হাতে নেই। \r\nআমাদের এই শিশুদের ডুবে যাওয়া থেকে রক্ষা করার এখনই সময়। শিশুদের রক্ষার জন্য নির্মাণ করতে হবে উপযুক্ত শিক্ষক নিয়োগ। প্রশ্ন ফাঁসের অপপ্রক্রিয়ার ভেতর দিয়ে যে শিক্ষকরা নিয়োগ প্রাপ্ত হন, সে শিক্ষক কখনোই শিশুদের এই অন্ধকার থেকে উদ্ধার করে আলোর ঝলকানি দেখাতে পারেন না। কারণ যিনি নিজেই অন্ধকারে নিমজ্জিত তার নিজেরই আলো নেই তিনি কি করে শিশুদের আলোকিত করবেন।

যেহেতু আমরা তথ্য প্রযুক্তির প্রচণ্ড দাবদাহে জ্বলছি সেহেতু শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে প্রাইমারি শিক্ষক নিয়োগ ব্যবস্থা চলমান থাকলে সেটা নিয়ে অবশ্যই উদ্বিগ্নতা থাকবে। কারণ, এমসিকিউ প্রশ্ন খুব সহজে কেউ চাইলেই ছবি তুলে ফাঁস করে দিতে পারে। \r\nআমরা যদি এই শিক্ষক নিয়োগ পদ্ধতিটায় একটু পরিবর্তন এনে এমসিকিউ এর সঙ্গে লিখিত ব্যবস্থারও প্রচলন ঘটাই তাহলে সম্ভবত এই প্রশ্ন ফাঁস নামক অপকর্ম চাইলেই আর কেউ সহজে করতে পারবে না। সেক্ষেত্রে আমরা যেমন দক্ষ ও মানসমপন্ন শিক্ষকমণ্ডলী পাবো, তেমনি যারা অযোগ্য বা প্রশ্ন ফাঁসের মাধ্যমে শিক্ষক হওয়ার চেষ্টায় আছেন, তারাও তাদের এই অপপ্রক্রিয়ায় সফল হতে পারবে না। \r\nমানসম্মত শিক্ষকের পাশাপাশি তাদের মানসম্মত বেতনের নিশ্চয়তাও জরুরি। কারণ মানসম্মত বেতন জীবনের নিশ্চয়তা দেয় আর জীবনের নিশ্চয়তা মানে হলো সঠিক শিক্ষা দানের পথ উন্মুক্ত হওয়া। সেক্ষেত্রে ভালো জানাশোনা ছেলেমেয়েরা এই শিক্ষক পেশায় আসতে চাইবে। যে বেতনে মাসের পরিপূর্ণ বাজারের নিশ্চয়তা নেই সেই সেক্টরে মেধাবীরা কখনোই আসতে চাইবে না,এটাই স্বাভাবিক। আর উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাথমিকের শিক্ষা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়। শিশুরা যেহেতু আমাদের আগামী সময়ের দিকপাল সেহেতু তাদের ভবিষ্যৎ নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়।\r\nলেখক : গবেষক