জুলাইয়ের ছাত্র-জনতার সফল অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অন্যতম চ্যালেঞ্জ ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার পাশাপাশি বিগত বিদায়ী সরকারের ভঙ্গুর অর্থনীতি মেরামত করে তোলা। এও স্বীকার করতে হবে যে, বিষয়টি মোটেও সহজ ছিল না। ২০২০ সালে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া ভয়ঙ্কর করোনা মহামারীর আমল থেকেই বাংলাদেশসহ বিশ্বব্যাপী দেখা দেয় তীব্র অর্থনৈতিক মন্দা। সে সময় দেশি-বিদেশি শিল্প-কারখানা বন্ধ, আমদানি-রপ্তানি বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছিল। মানুষের জীবন নির্বাহের ব্যয় বেড়ে যায় বহুগুণ। কাজ না থাকায় যাদের সামর্থ্য আছে তারা সঞ্চয় ভেঙ্গে খেতে থাকেন। আর অনেকেই বাধ্য হয়ে ফিরে যান গ্রামগঞ্জে।

\r\nএর পাশাপাশি বিগত সরকারের ব্যাংক খাতে ব্যাপক লুটপাট এবং বিপুল পরিমাণের খেলাপি ঋণ তো ছিলই। এসব আমলে নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষে সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি জনজীবনের জন্য স্বস্তিদায়ক ও স্বাভাবিক করা ছিল রীতিমতো দুঃসাধ্য। যে কারণে শপথ গ্রহণের পর থেকেই সরকারকে আইনশৃঙ্খলার পাশাপাশি গুরুত্ব সহকারে মনোনিবেশ করতে হয় বিপর্যস্ত অর্থনীতির পুনর্গঠনে। জরুরী ভিত্তিতে ব্যাংক সেক্টরে অভিজ্ঞ ও দক্ষ উপদেষ্টাদের নিয়োগ দিয়ে সামাল দেওয়ার চেষ্টা চলে অর্থনৈতিক সংস্কারে। এর জন্য গৃহীত নানামুখী পদক্ষেপের পাশাপাশি অগ্রাধিকার দেওয়া হয় ব্যাংক খাতে বিপুল সংস্কার কার্যক্রমে। বিদেশে পাচারকৃত বিপুল পরিমাণের অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমানে ব্যাংক খাতে লুটপাট বন্ধ হয়েছে বহুলাংশে।

তবে আগের লুটপাটের জের শেষ করা যায়নি। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খেলাপি ঋণ ছিল এক লাখ ৮২ হাজার কোটি টাকা। বর্তমানে তা বেড়ে ছয় লাখ ৪৫ হাজার কোটি টাকায় দাঁড়িযেছে। অকপটে স্বীকার করতে হবে যে, বিগত সরকারের ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাট, খেলাপি ঋণসহ বিদেশে পাচারকৃত অর্থ জাতীয় অর্থনীতিতে একটি স্থায়ী ক্ষত রেখে গেছে। বর্তমান সরকারের অন্যতম সাফল্য হলো ব্যাংক খাতে সংস্কারের পাশাপাশি এই খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বিদেশে অর্থ পাচার প্রায় বন্ধ করা। এর বাইরেও সাফল্য লক্ষ্য করা যায়, ডলারের দামে স্থিতিশীলতা আনয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ উর্ধমুখী এবং বিদেশী ঋণ পরিশোধ করে চাপ কমানোয়। \r\nগত কয়েক মাসে মূল্যস্ফীতি বৃদ্ধিসহ বেড়েছে নিত্যপণ্যের দাম। ফলে সাধারণ মানুষ ও নিম্ন-মধ্যবিত্তের নৈনন্দিন জীবনযাত্রায় চাপ বেড়েছে। এ সময়ে দেশ-বিদেশের বিনিয়োগ আশানুরূপ না হওয়ায় বাড়েনি কর্মসংস্থান। প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষ থাকায় হোঁচট খেয়েছে রপ্তানি বাণিজ্য। অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিলেও খেলাপি ঋণ আদায় এবং পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা যায়নি। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা আনয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সর্বোপরি জনজীবনে স্বস্তি ফেরাতে জরুরি দৃষ্টি দেওয়া বাঞ্ছনীয়।