আমিনুল ইসলাম হিরো একজন বৃদ্ধ মানুষ ভাতার টাকা তুলতে গিয়ে এজেন্টের দোকানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। বয়সের ভারে শরীর নুয়ে এসেছে, চলাফেরাও সহজ নয়। তবু সামান্য কয়েক শত টাকা হাতে পেতে তাকে বাড়ি থেকে বেরিয়ে এক এজেন্ট হতে অন্য এজেন্টে, এক দোকান থেকে অন্য দোকানে ছুটতে হচ্ছে। কখনো হিসাবের সমস্যা, কখনো টাকা না আসার কথা, আবার কখনো প্রাপ্য অর্থ তুলতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগও শোনা যায়। অথচ এই অর্থই হয়তো তার চিকিৎসা, খাবার জোগানো কিংবা নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণের একমাত্র অবলম্বন। যাদের কষ্ট লাঘবের জন্য রাষ্ট্র ভাতার ব্যবস্থা করেছে, তাদেরই কেন সেই অর্থ পেতে এত ভোগান্তি? সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো নিঃসন্দেহে ইতিবাচক উদ্যোগ। ২০২৬-২৭ অর্থবছরে দেশে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা ৬২ লাখ এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতাভোগীর সংখ্যা ২৯ লাখ নির্ধারণ করা হয়েছে। ৯০ বছরের কম বয়সীদের মাসিক ভাতা ৭০০ টাকা এবং ৯০ বছর বা তার বেশি বয়সীদের জন্য এক হাজার টাকা। ফলে সাধারণ ভাতাভোগীরা তিন মাসে দুই হাজার ১০০ টাকা পান। অর্থের পরিমাণ হয়তো খুব বেশি নয়; কিন্তু একজন অসহায় মানুষের কাছে এর গুরুত্ব অনেক। এসব ভোগান্তির পেছনে রয়েছে কয়েকটি কাঠামোগত দুর্বলতা। প্রথমত, তথ্য ব্যবস্থাপনায় ত্রুটি। জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও আর্থিক হিসাবের তথ্যে অমিল কিংবা হিসাব নিষ্ক্রিয় থাকলে টাকা ফেরত যায়। এসব তথ্য যাচাই ও সংশোধনে প্রশাসনিক দুর্বলতার দায়ও শেষ পর্যন্ত ভাতাভোগীকে বহন করতে হয়। দ্বিতীয়ত, ডিজিটাল ব্যবস্থায় অনেক প্রবীণ মানুষের অদক্ষতা। মোবাইল লেনদেন, পিন ব্যবহার কিংবা হিসাব পরিচালনায় তারা অন্যের ওপর নির্ভরশীল। তৃতীয়ত, আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে সমন্বয়, নগদ অর্থের প্রাপ্যতা এবং এজেন্টদের কার্যক্রমে পর্যাপ্ত তদারকির অভাব ভোগান্তি বাড়ায়। ১৮ নভেম্বর ২০২৬ বাসসের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার কিস্তিতে ভুল বা নিষ্ক্রিয় হিসাবের কারণে অনেক ভাতার টাকা ফেরত গেছে। অধিকাংশ উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয় ফেরত আসা হিসাবের ২৫ শতাংশের বেশি হালনাগাদ করতে পারেনি। অন্য দিকে ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ২০২৫ সালের এক গবেষণায় কুড়িগ্রামের ৬৮ জন বয়স্ক ও বিধবা ভাতাভোগীর মধ্যে ১৩ জন এজেন্টকে নগদ উত্তোলন ফি দেয়ার অভিজ্ঞতা জানিয়েছেন। গবেষণায় অর্থ পেতে বিলম্ব, পিন ভাগাভাগি ও ডিজিটাল অদক্ষতার সমস্যাও উঠে এসেছে। এখানেই মূল প্রশ্ন- সরকারের দেয়া অর্থ পেতে নাগরিককে কেন নিজের অসহায়ত্বের মূল্য দিতে হবে? ভাতার তালিকা তৈরি, তথ্য যাচাই, অর্থ পাঠানো এবং অভিযোগের সমাধান- প্রতিটি ধাপে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে। কিন্তু কোথাও সমস্যার কারণে ভাতাভোগীকে এক দফতর থেকে অন্য দফতরে পাঠানো হলে রাষ্ট্রীয় সেবার উদ্দেশ্যই ব্যাহত হয়। বিশেষ করে যাদের জন্য এই সহায়তা, তাদের অনেকের পক্ষেই নিয়মিত দফতরে যাতায়াত সম্ভব নয়। এ পরিস্থিতি বদলাতে প্রতিটি উপজেলা সমাজসেবা কার্যালয়ে হিসাব সংশোধনের বিশেষ সহায়তা ডেস্ক চালু করা প্রয়োজন। টাকা ফেরত গেলে ভাতাভোগীকে দ্রুত জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যা সমাধান করতে হবে। এজেন্টদের অনুমোদিত সেবামূল্য প্রকাশ্যে টাঙানো, প্রতিটি লেনদেনের রসিদ দেয়া এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের তদন্ত নিশ্চিত করতে হবে। একই সাথে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রত্যন্ত এলাকায় পর্যাপ্ত নগদ অর্থ ও সহজ উত্তোলনের ব্যবস্থা করতে হবে। অসুস্থ, প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম মানুষের জন্য ইউনিয়ন পর্যায়ে বিশেষ সহায়তা এবং যাচাইসাপেক্ষে বাড়িতে অর্থ পৌঁছানোর ব্যবস্থাও বিবেচনা করা যেতে পারে। সরকারি অভিযোগ প্রতিকার ব্যবস্থায় ভাতাসংক্রান্ত অভিযোগ জানানোর সুযোগ সম্পর্কে প্রচার বাড়ানোর পাশাপাশি দ্রুত প্রতিকার নিশ্চিত করতে হবে। ভাতা কোনো দয়া নয়, এটি রাষ্ট্রের সামাজিক দায়বদ্ধতার অংশ। তাই কর্মসূচির সাফল্য শুধু কত মানুষ তালিকাভুক্ত হলেন, তা দিয়ে নয়, তাদের প্রাপ্য অর্থ কতটা সহজে, নিরাপদে ও মর্যাদার সাথে পৌঁছাল, তা দিয়েই বিচার করতে হবে। লেখক : সাংবাদিক