ব্যবসা-বাণিজ্য গতিশীল থাকলে দেশের অর্থনীতিও থাকে বেগবান। এ জন্য সবকিছুর আগে চাই ব্যবসায়ীদের স্বস্তি ও ব্যবসাবান্ধব পরিবেশ। কিছুদিন আগেও দেশের ব্যবসায়ীরা চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন করেছিলেন। যে কোনো ধরনের অপতৎপরতা ও অপরাজনীতির হস্তক্ষেপ ব্যবসায়ীদের শঙ্কিত করে। ফলে ব্যবসার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হয়। যার প্রভাব পড়ে সার্বিক অর্থনীতির ওপর। তাই ব্যবসাবান্ধব নীতি প্রতিষ্ঠা, ব্যবসায়ীদের সুরক্ষা সর্বোপরি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। \r\nরবিবার দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জের কথা জানিয়েছেন।

বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্প খাতে গ্যাস-বিদ্যুতের সংকট ও আমলাতান্ত্রিক হয়রানির কথা বলেছেন তারা। ব্যবসায়ীদের সমস্যার কথা শুনে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আগামী নির্বাচনে তার দল ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে এসব সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন।\r\nদেশের ব্যবসায়ীরা বর্তমানে বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন। যে কারণে দেশে বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান কমে যাচ্ছে এবং সামগ্রিকভাবে অর্থনীতি এগিয়ে নেওয়ার গতি হচ্ছে ব্যাহত। ব্যাংকিং খাত, স্টক এক্সচেঞ্জ ও ক্যাপিটাল মার্কেট- সবখানেই রয়েছে গুরুতর সংকট। এসব সমস্যা নিয়েই শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তারেক রহমানের আলোচনা হয়েছে।

ব্যবসায়ীরা জ্বালানির সমস্যা, আইনশৃঙ্খলা সমস্যা, শিক্ষা ব্যবস্থার অসুবিধার কথা ও গণমাধ্যমের ঝুঁকির কথা বলেছেন। ব্যবসার খরচ যাতে কমানো যায়, শেয়ারবাজার যাতে শক্তিশালী করা যায়, ব্যাংকের ওপর যাতে নির্ভরশীলতা কমে আসে এসবও বলেছেন তারা।\r\nবিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ব্যবসাবান্ধব দল। ব্যবসায়ীদের মধ্যে বিএনপির প্রতি একটি বড় ধরনের আস্থা রয়েছে। কারণ, বাংলাদেশের অর্থনীতিতে যত ধরনের সংস্কার হয়েছে, তার প্রায় সবই বিএনপির শাসনামলেই হয়েছে। ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে সমস্যাগুলোর সমাধান হবে। ব্যবসাবাণিজ্য গতিশীল ধারায় চলতে না পারলে অর্থনীতির শ্বাসরুদ্ধ হওয়া অনিবার্য। তেমন বিরুপ পরিস্থিতিতে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি, জাতির অর্থনৈতিক মুক্তি অলীক স্বপ্ন। দুর্ভাগ্যজনক যে, এমন শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়েই গেছে ব্যবসায়ী ও শিল্পপতি সমাজ। সম্প্রতি কার্যকর নিয়মনীতি প্রণয়ন করে ব্যবসায়ীদের নীতি-সহায়তা প্রদানের লাগসই উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। স্বল্প ডাউন পেমেন্টে দীর্ঘমেয়াদি ঋণ পুনর্তফসিল, পুনর্গঠন, গ্রেস পিরিয়ড এবং আংশিক ঋণ অবলোপনের সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ী সমাজে প্রাণচাঞ্চল্য এসেছে। আমরা আশা করব, আগামীদিনে নির্বাচিত সরকার ব্যবসাবান্ধব নীতিগুলো সমুন্নত রেখে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।