ইসলামে ন্যায়পরায়ণতা, সুবিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ, যা ইমানের অবিচ্ছেদ্য অংশ এবং একটি আদর্শ জীবনযাপনের ভিত্তি। ন্যায়পরায়ণতা মানে হলো আল্লাহর নির্দেশিত পথে সকল প্রকার পক্ষপাত ও স্বজনপ্রীতি বাদ দিয়ে সবার সঙ্গে সমান আচরণ করা, যা কোরআন ও হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে। এটি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুশাসন প্রতিষ্ঠা ও নৈতিকতার মানদণ্ড বজায় রাখতে অপরিহার্য।
সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা বিধানে ন্যায়বিচার ও সুশাসন অপরিহার্য। মানবিকতা, ন্যায়পরায়ণতা ও সুবিচার ইসলামের প্রধান বৈশিষ্ট্য। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহতায়ালা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের ১৯ আয়াতে এরশাদ করেন, ‘নিশ্চয় ইসলামই আল্লাহর নিকট একমাত্র দ্বীন বা জীবন বিধান।’
ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায় দূর করা ইসলামের অন্যতম নির্দেশনা। ন্যায়পরায়ণতার গুণ ছাড়া কোনো মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। এটি এমন এক গুণ, যা মানব আত্মায় প্রশান্তি সৃষ্টি করে। সমাজ-সংসারে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করে। কোনো সমাজ বা রাষ্ট্রে যদি ন্যায়পরায়ণতার চর্চা হয়, সেখানে কোনো প্রকার অন্যায়-অবিচার থাকতে পারে না।
ন্যায়পরায়ণতা মানুষের মাঝে সুস্থ বিবেক তৈরি করে এবং মানুষে মানুষে সৃষ্ট ভেদাভেদ মিটিয়ে দেয়। আল্লাহতায়ালা মানুষকে ন্যায়পরায়ণতা, সৎকাজ ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার আদেশ দিয়েছেন। পবিত্র কোরআনের সুরা নাহল-এর ৯০ আয়াতে মহান আল্লাহতায়ালা এরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, ইহসান ও আত্মীয়স্বজনকে দান করার নির্দেশ দেন। এই আয়াতে মহান আল্লাহ তাঁর বান্দাদের যেসব বিষয়ে আদেশ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য ন্যায়পরায়ণতা অবলম্বন, সুবিচার প্রতিষ্ঠা, ঘর-পর সবার ব্যাপারে সুবিচার করা। কারও সঙ্গে শত্রুতা, ঝগড়া বা আত্মীয়তার কারণে সুবিচার যেন প্রভাবিত না হয়। এর দ্বিতীয় অর্থ মধ্যম পন্থা অবলম্বন এবং কোনো ব্যাপারে বাড়াবাড়ি না করা। রাসুলুল্লাহ (সা.) ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে খুবই সতর্ক ছিলেন। সাহাবায়ে কিরামকেও ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে সর্বদা সতর্ক করতেন।
হাদিস শরিফে বর্ণিত, হজরত আবু সাঈদ খুদরি (রা.) বর্ণনা করেন, স্বৈরাচারী শাসকের সামনে ন্যায়সংগত কথা বলাও উত্তম জিহাদ। (আবু দাউদ) ন্যায়বিচারপ্রাপ্তি সব নাগরিকের অধিকার। ন্যায়বিচার করা মহান আল্লাহর হুকুম, ফরজ ইবাদত। এ বিষয়ে সুরা আল মায়িদার ৮ আয়াতে আল্লাহতায়ালা এরশাদ করেন, ‘হে মুমিনগণ! আল্লাহর উদ্দেশে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনও সুবিচার বর্জনে প্ররোচিত না করে। সুবিচার করবে, ইহা তাকওয়ার নিকটতর।’ ইসলামী বিধানের উদ্দেশ্য হলো মানবকল্যাণ তথা জীবন সুরক্ষা, সম্পদ সুরক্ষা, জ্ঞান সুরক্ষা, বংশপরম্পরার পবিত্রতা সুরক্ষা এবং এসবের মাধ্যমে ধর্ম সুরক্ষা। হাশরের দিন যারা আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবেন, তাদের মধ্যে প্রথম হলেন ‘ন্যায়পরায়ণ শাসক’।
অপর হাদিস শরিফে বর্ণিত, রাসুলে করিম (সা.) এই মর্মে ইরশাদ করেন, ন্যায়পরায়ণ ব্যক্তিরা আল্লাহর নিকট নূরের ওপর বসবে। তারা হলো সেসব লোক, যারা বিচার ফয়সালার ক্ষেত্রে, পরিবার-পরিজনের ক্ষেত্রে এবং যে দায়িত্বই পেয়েছে সব ক্ষেত্রে ন্যায়পরায়ণতা প্রদর্শন করে। আমাদের সবার দায়িত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায়পরায়ণতার চর্চা করা। মহান আল্লাহ আমাদের সবাইকে ন্যায়পরায়ণ হওয়ার তাওফিক দান করুন।
ড. মো. শাহজাহান কবীর: বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা
