সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চলমান কর্মসূচিগুলোর প্রভাব মূল্যায়ন করা পেশাদার সমাজকর্মীর একটি অন্যতম দায়িত্ব। এ পরিপ্রেক্ষিতে মাসিক পরিদর্শনসূচি অনুযায়ী গত নভেম্বর-২০২৫ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে উপজেলা প্রশাসন সমাজকল্যাণমূলক কর্মসূচির আওতাভুক্ত সুবিধাভোগীদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, সহকারী পরিচালক, উপজেলা সমাজসেবা অফিসার, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবর্গ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সুবিধাভোগী হিসেবে একজন বয়স্কভাতাভোগী বলেন, বৃদ্ধ বয়সে মাসিক ভাতা প্রাপ্তি বয়স্কদের জন্য মর্যাদার।

সভায় অনেক বিধবা ও স্বামী পরিত্যাক্তা নারী অংশ নেন। উপস্থিত বিধবা ও পরিত্যক্ত নারীগণ বলেন, কুলিয়ারচর উপজেলায় চাহিদার তুলনায় ভাতার বরাদ্দ কম। তারা কর্তৃপক্ষের কাছে ভাতাভোগীর সংখ্যা বৃদ্ধির প্রস্তাব করেন। একই সঙ্গে বিধবা ও পরিত্যক্ত নারীরা ভাতার বহিঃপ্রদর্শন করে বলেন, এ বহি জমির দলিলের ন্যায়, আমাদের সম্পদ, আমাদের সম্পত্তি ও জীবনের শ্রেষ্ঠ অবলম্বন । এ প্রতিক্রিয়া থেকেই অনুমান করা যায় সমাজের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে পরিচালিত সমাজকল্যাণমূলক কর্মসূচির সামাজিক প্রভাব।\r\nবাংলাদেশের বিদ্যমান সমাজ ব্যবস্থায় নারী বঞ্চিত জনগোষ্ঠীর অংশ। নারীগণ জীবন চক্রের ধাপে ধাপে বিবিধ সমস্যার সম্মুখীন হয়। সংসার জীবনে স্বামীর মৃত্যু হলেই বিধবা হিসেবে বিবেচিত হন।

স্বামীর অকাল মৃত্যু বা স্বাভাবিক মৃত্যুজনিত কারণে একজন বিবাহিত নারীর এরূপ বৈধব্যতা। বিধবা মানে একজন নারীর সঙ্গীহারা জীবন। যে পরিস্থিতিতে একজন নারীর প্রয়োজন হয় সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন। এ অবস্থায় একজন নারী সর্বপ্রথম অতি আপনজনের সমর্থন হারায়। বৈধব্যতা একজন নারীকে সামাজিক, অর্থনৈতিক ও জৈবিক অনিশ্চয়তায় পতিত করে। অন্যদিকে পুরুষতান্ত্রিক সমাজে অনেক নারী আছেন যারা স্বামী কর্তৃক পরিত্যক্তা। স্বামী পরিত্যক্তা নারী কারা? পরিত্যক্ত নারী তারাই, যারা স্বামী দ্বারা বিতাড়িত। তারা তালাক প্রাপ্ত নন, কিন্তু স্বামী নিরুদ্দেশ। স্বামী দীর্ঘদিন অনুপস্থিত থাকেন এবং স্ত্রী বা পরিবারের ভরণ-পোষণে দায়িত্বহীন। বিধবা ও পরিত্যক্ত নারীরা সমাজে চরম বঞ্চনার শিকার। একজন বিবাহিত নারী স্বামীর মৃত্যুতে বিধবা হচ্ছেন।

এটি মানব জীবনচক্রের স্বাভাবিক ঘটনা। কিন্তু স্বামী কর্তৃক পরিত্যক্ত নারীদের অসহায়ত্ব সভ্য সমাজের জন্য একটি কলঙ্ক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য মতে, বিধবা ও পরিত্যাক্ত নারীর সংখ্যা ৫২.৭৩ লক্ষ (প্রায়), যা মোট বিবাহিত নারী জনগোষ্ঠীর ৯.৫ ভাগ। এ সংখ্যা গত চার বছরে ০.৮ ভাগ বৃদ্ধি পেয়েছে (তথ্য সূত্র: বিবিএসের দ্য রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০১৯ শীর্ষক জরিপ)। বিশ্বব্যাপী বিধবা ও পরিত্যক্ত নারীর সংখ্যাও কম নয়। দ্য লোম্বা ফাউন্ডেশনের তথ্য মতে, বিশ্বে প্রায় ২৫.৮০ কোটি বিধবা নারী আছেন। \r\nবাংলার মুসলিম সমাজে বিবাহ একটি স্থায়ী বন্ধন। এ সমাজব্যবস্থা নারীর জীবন ও সমাজ পুরুষ কর্তৃক নিয়ন্ত্রিত। এখানে স্বামীর সম্পদ, সামর্থ্য ও যোগ্যতায় নারীর মর্যাদা নির্ধারিত।

জাগতিক সকল ক্ষতির মধ্যে মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। স্বামীর মৃত্যুতে একজন নারী অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হন। মৃত্যু ছাড়া সকল দুর্যোগে জীবন সঙ্গী (স্বামী/স্ত্রী) পরস্পরকে আগলে রাখে এবং আবেগীয় সমর্থন জোগায়। বিধবা বা স্বামী পরিত্যক্তা নারীর ক্ষেত্রে এরূপ সমর্থন দেওয়ার কেউ থাকে না। এরূপ পরিস্থিতিতে একজন নারীর জীবন কষ্টকর, জটিলতর ও চ্যালেঞ্জিং। বিশ্বব্যাপী বিধবা নারীরা দুটি সাধারণ সমস্যায় ভোগে যথা- সামাজিক মর্যাদা খর্ব হওয়া এবং অর্থনৈতিক নিরাপত্তাহীনতা। বাংলার মুসলিম সমাজে নারীরা প্রথমত লিঙ্গ বৈষম্যের শিকার। বৈধব্য নারীর ক্ষেত্রে বৈষম্যের নতুন ক্ষেত্র তৈরি করে দেয়। এ ক্ষেত্রে যেমন- পরিবারের ভরন-পোষণ, শিশু সন্তানের লালন-পালন, সামাজিক বঞ্চনা, স্বামীর উত্তরাধিকার প্রাপ্তিসহ বিবিধ দুর্ভোগ রয়েছে।

অন্যদিকে বয়স্ক বিধবারা অনেকাংশে সুরক্ষিত। কারণ বয়স্ক বিধবাদের উপার্জনক্ষম সন্তান থাকে এবং পরিবার ও সমাজের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। নাগরিক উদ্যোগ নামক একটি সামাজিক সংগঠন বিধবা ও পরিত্যক্তা নারীর সামাজিক অবস্থান: একটি সমীক্ষা শীর্ষক একটি গবেষণা রংপুর ও টাঙ্গাইল জেলায় পরিচালনা করে। গবেষণায় দেখা যায়, স্বামীর মৃত্যুতে ৫৬.৯৮ শতাংশ নারী শ্বশুরবাড়ি হতে প্রয়োজনীয় সহায়তা পায় না, আর্থিক অসমর্থতার কারণে ৬৬.২৮ শতাংশ বিধবা পিতা হতে সহায়তা পায় না, বিধবা নারীদের ৪০.৭০ শতাংশের স্বামীর জমি-জমা রয়েছে কিন্তু ভোগ করতে পারে ২৫.৭১ শতাংশ বিধবা নারী। স্বামী পরিত্যক্ততার মধ্যে ৫০.৬১ শতাংশ বহুবিবাহের কারণে।

পরিত্যক্ত নারীদের ৪৪.৬ শতাংশ পিতার নিকট এবং ১০.৯ শতাংশ ভাইদের নিকট আশ্রয় গ্রহণ করে।\r\nমানুষের মৃত্যু অস্বাভাবিক নয়। কিন্তু একজন মানুষের মৃত্যুতে, অন্য একজন মানুষের জীবন মৃত্যুর চেয়েও বিভীষিকাময় পরিস্থিতিতে পতিত হয়। তাই স্বামীর মৃত্যু একজন নারীর জীবনকে চরম অসহায়ত্বে উপনীত করে। তাছাড়া দেশের নারীগণ স্বামী কর্তৃক পরিত্যক্ত বা নিগৃহীত হচ্ছে। এটি সামাজিক অবক্ষয়ের চিত্র। এরূপ নিগৃহীতার নানা কারণ পরিলক্ষিত যেমন- পুরুষের অনৈতিকতা, বহুবিবাহ লিপ্সা, ছদ্মবেশে বিবাহ, গোপনে স্বামীর নিরুদ্দেশ, স্ত্রীর দীর্ঘস্থায়ী অসুস্থতা, স্বাস্থ্যহানী, স্বামীর দীর্ঘ প্রবাস জীবন, যৌতুকের দাবি পূরণে ব্যর্থতা, পিতার অতি দরিদ্রতা, স্বামীর মাদকাসক্ততা, অভিভাবক হিসেবে ভাইদের অবহেলা এবং সন্তান জন্ম দানে অক্ষমতা ইত্যাদি।

দুঃখজনক বিষয় হচ্ছে, বিধবা বা পরিত্যক্ততার জন্য নির্দোষ নারীরা বিবিধ অপমান ও মানসিক যন্ত্রণায় ভোগে। এরূপ অবস্থার জন্য দেশের বিধবা বা পরিত্যক্ততা যুবতীরা নানা অপবাদের সম্মুখীন। যুবতী বিধবাদের সামাজিকভাবে অপয়া , কুফা , অলক্ষী , সর্বনাসা ও রাক্ষসী উপনামে ডাকা হচ্ছে, যা একজন নারীর মানসিক অবস্থাকে যন্ত্রণাপূর্ণ করে। স্বামীর অপ্রত্যাশিত মৃত্যুর জন্য স্ত্রীকে কটাক্ষ ও অপবাদ শুনতে হয় জামাই তো খেয়েছিস, সর্বনাশী, আর কাকে খাবি? স্ত্রীর মৃত্যুকে সৌভাগ্যের নিশানা মর্মে গ্রাম বাংলায় প্রচলিত প্রবাদ রয়েছে যথা- অভাগার গরু মরে; ভাগ্যবানের বউ মরে । এরূপ প্রবাদ নারীর প্রতি সামাজিক ও আর্থিক মূল্যের প্রতিফলন। যেমন- গরু মরলে সম্পদহানি হয়।

কিন্তু বউ মরলে নববধূ, নতুন সংসার ও সঙ্গে যৌতুক প্রাপ্তির সম্ভাবনা থাকে।\r\nসমাজকল্যাণ মন্ত্রণালয় একটি বিশেষায়িত মন্ত্রণালয়। এ দপ্তর সমাজের অসহায়, বিপন্ন ও নিগৃহীত মানুষের সেবায় নিয়োজিত। সামাজিক সমস্যার উত্তরণ এবং সমস্যাগ্রস্ত মানুষের কল্যাণ সাধনই এ দপ্তরের লক্ষ্য। তদপ্রেক্ষিতে এ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তর দেশব্যাপী প্রায় অর্ধশত কর্মসূচি বাস্তবায়ন করছে। যার মধ্যে অন্যতম হচ্ছে- বিধবা ও স্বামী পরিত্যক্ত দুস্থ মহিলাদের ভাতা প্রদান কর্মসূচি।

\r\nকর্মসূচির মূল লক্ষ্য\r\nবিধবা ও স্বামী পরিত্যক্তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা, পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি, আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল জোরদার এবং বিধবা নারীদের চিকিৎসা সহায়তা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে আর্থিক সহায়তা প্রদান করা। এ কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে মোট ২৯ লাখ নারীকে ভাতা প্রদান করা হবে। এখাতে জনপ্রতি মাসিক ৬৫০ টাকা হারে মোট ২২৭৭.৮৩ কোটি ব্যয় হবে। সরকারের এ কর্মসূচি সমাজের বিধবা ও পরিত্যক্তা নারীদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখছে। তবে দুর্দশাগ্রস্ত নারীদের সুরক্ষা, কল্যাণ ও উন্নয়নে অরো উদ্যোগ ও সামাজিক গবেষণা প্রয়োজন।\r\nনারীগণ সমাজের অবিচ্ছেদ্য অংশ। তারা অধিকার, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা চায়।

বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীর ব্যক্তি জীবনের এক বিরূপ অবস্থান। এখানে বৈধব্যে র অপবাদ ও আর্থিক অনিশ্চয়তায় একজন বিধবা র পথ চলা আবদ্ধ হয় সীমিত গন্ডিতে। যেখানে সামাজিক সীমা অতিক্রম করা নারী হিসেবে অপবাদের শিকার। অপরদিকে পরিত্যাক্তা মানে একজন নারীর চরম সামাজিক অবমাননা। এ ক্ষেত্রে জৈবিক ক্ষমতাসম্পন্ন ও শক্তিধর পুরুষেরা শতভাগ লিঙ্গ বৈষম্যের প্রয়োগ ঘটায়। এ অবস্থায় নারী অসহায়, অবলা ও নির্বাক। এ ধরনের সমস্যাগ্রস্ত নারীর পুনর্বাসন ও অসহায়ত্ব নিরসনে পুনঃবিবাহ ব্যবস্থা একটি স্থায়ী সমাধান। উপমহাদেশে হিন্দু সমাজে বিধবাদের পুনঃবিবাহের আইনগত সমর্থন প্রদানে ১৮৫৬ সালে ব্রিটিশ সরকার আইন প্রবর্তন করে। কিন্তু রক্ষণশীল হিন্দু সমাজ তা গ্রহণ করতে পারেনি। মুসলিম সমাজে পুনঃবিবাহে কোনোরূপ ধর্মীয় বাধা নেই। তথাপি প্রচলন কম এবং একটি জটিল সামাজিক বিষয়। তাই বিধবা ও নিগৃহীতা নারীর প্রতি সহনশীল ও মর্যাদাপূর্ণ আচরণ আবশ্যক। জীবনের বিধ্বস্ত অবস্থায় তাদের মানসিক সমর্থন, কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসনে কল্যাণমূলক সরকারি উদ্যোগ অত্যাবশ্যক।