ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব ছিল প্রশাসনের রুটিন কাজ চলমান রেখে, রাষ্ট্রযন্ত্রের মৌলিক সংস্কার সাধন করে সীমিত সময়ের মধ্যে একটি অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করে রাষ্ট্রকে স্থিতিশীল রাখা। ঢাকা ওয়াসা-যেটি ঋণে জড়াগ্রস্ত একটি প্রতিষ্ঠান। যার দায় ইতোমধ্যে প্রায় ২৪ হাজার কোটি টাকা, সেখানে আবারও ৭২১ কোটি টাকার ঋণনির্ভর প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার, যা প্রশ্ন তোলে রাষ্ট্রীয় অগ্রাধিকারের দূরদৃষ্টিতা নিয়ে। মেগা সিটি ঢাকায় যখন পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের মৌলিক সেবা নিয়েই নাগরিকদের অভিযোগের শেষ নেই, তখন প্রশিক্ষণ একাডেমি কি সত্যিই তাৎক্ষণিক প্রয়োজন মেটাবে? ‘ঢাকা ওয়াসা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি’ প্রকল্পের যৌক্তিকতা এমনিতেই দুর্বল, তার ওপর দক্ষিণ কোরিয়া থেকে ৫৭১ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত আর্থিক সংকটে থাকা রাষ্ট্রের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করবে নিঃসন্দেহে ।

আমরা মনে করি, দীর্ঘমেয়াদি ঋণনির্ভর প্রকল্প, রাজনৈতিকভাবে বিতর্কিত উদ্যোগ নিয়ে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক ও রাজনৈতিক ম্যান্ডেটের মধ্যে পড়ে না এমনটাই ছিল জনআকাক্সক্ষা। কিন্তু বিদায়বেলায় জনগণের প্রত্যাশার সঙ্গে বাস্তবতার সুস্পষ্ট সংঘাত দেখতে পাচ্ছি। শুধু ওয়াসার প্রকল্পই নয়, দেড় বছরে অন্তর্বর্তী সরকার ১৩৫টি নতুন প্রকল্প নিয়েছে, যার মোট ব্যয় ২ লাখ ৩ হাজার কোটি টাকা। অত্যাশ্চর্যের বিষয় হলো- প্রকল্পগুলোর বড় একটি অংশের অনুমোদন দেওয়া হয়েছে সরকারের শেষ দুই মাসের বিদায় বেলায়, এমনকি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণারও পর। ১ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারির মধ্যে ৬৪টি প্রকল্প অনুমোদনের ঘটনা স্পষ্টভাবে ইঙ্গিত দেয়—বিদায়ের আগমুহূর্তে এক ধরনের তাড়াহুড়া ও অস্বাভাবিক সক্রিয়তা দেখা গেছে। দেশের জনগণ জানতে চায়- এর পেছনে কারা কলকাঠি নেড়েছে? আরও উদ্বেগজনক হলো, এসব প্রকল্পের একটি বড় অংশের সঙ্গে সরাসরি বা পরোক্ষ রাজনৈতিক যোগসূত্রের অভিযোগও উঠছে।

কুমিল্লা, সাতক্ষীরা, সিলেট বা পটুয়াখালীর গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন নির্বাচনী সুবিধা তৈরির আশঙ্কাকে উড়িয়ে দেওয়া যায় না। উপদেষ্টা বা আমলারা সরাসরি নির্বাচন করছেন না এই যুক্তি দিয়ে স্বার্থের সংঘাত অস্বীকার করা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রকল্পের আর্থসামাজিক ও ভৌগোলিক বাস্তবতার নিরিখে কতটুতো বরাদ্দ করা হয়েছে? সেটা কি ন্যায্যত হয়েছে? এখানে বড় প্রশ্ন-নির্বাচনকে সামনে রেখে তড়িঘড়ি কেন? আঞ্চলিক বৈষম্যকে আরও দৃশ্যমান করে তুলেছে- শুধু চট্টগ্রাম জেলায় নতুন প্রকল্পে মোট ব্যয়ের প্রায় ৩৮ শতাংশ বরাদ্দ পাওয়া, পক্ষান্তরে দেশের ২১টি জেলার কোনো সুনির্দিষ্ট প্রকল্প না পাওয়া। সবচেয়ে হতাশাজনক দিক হলো কর্মসংস্থান সৃষ্টি বা স্বল্পমেয়াদি জনবান্ধব কর্মসূচিতে কোনো দৃশ্যমান অগ্রাধিকার দেখা যায়নি। বিপুল ব্যয়ের বহু প্রকল্প থাকলেও সাধারণ মানুষের জীবনযাত্রায় তাৎক্ষণিক স্বস্তি দেওয়ার মতো কোন উদ্যোগ দৃশ্যমান হয়নি।

বৈষম্যহীন উন্নয়নের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা সরকারের আমলেই যদি এই বৈষম্য গভীর হয়, তবে সেই অঙ্গীকার কতটা আন্তরিক ছিল, তা নিয়ে সন্দেহ তৈরি হতেই পারে। চব্বিশের জুলাই-আগস্টের বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে এখনও যদি আওয়ামী ফ্যাসিবাদী প্রেতাত্মা ভর করে থাকে সরকারের নীতিনির্ধারক মহলে, তবে তা হবে শহীদের রক্তের সঙ্গে গাদ্দারির শামিল। আমরা মনে করি, তফসিল ঘোষণার পর এ ধরনের প্রকল্প অনুমোদন অন্যায় এবং ব্যর্থতার পরিচয়। অন্তর্বর্তী সরকারের উচিত ছিল সংযম, স্বচ্ছতা ও নৈতিক উচ্চতা ধরে রাখা। বিদায়বেলায় বিতর্কিত প্রকল্পের ভার রেখে যাওয়ার মাধ্যমে তারা ভবিষ্যৎ সরকারের কাঁধে শুধু ঋণের বোঝাই চাপিয়ে দিল না, বরং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ঠেলে দিলো।