রাজনৈতিক কর্মসূচি ঘোষণার সঙ্গে বোমা, ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন অনেক দিন ধরেই দেশের পরিচিত দৃশ্য। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর অনির্বাচিত ও অদক্ষ অন্তর্বর্তী সরকারের তৈরি রাজনৈতিক অস্থিরতার পর দেশে নির্বাচিত সরকারের শাসনামলে ন্যূনতম প্রত্যাশা ছিল– অন্তত অগ্নিসন্ত্রাস ও নিরাপত্তাজনিত আতঙ্ক থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে। বাস্তবে সেই মুক্তি মেলেনি।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) সর্বশেষ রিপোর্টটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর শঙ্কা তৈরি করেছে। এইচআরএসএসের রিপোর্ট অনুযায়ী, অক্টোবর মাসে কমপক্ষে ৭০টি রাজনৈতিক সহিংসতায় নিহত হন ১২ জন, আহত ৩৩৪ জন। এর মধ্যে বিএনপির অন্তর্কোন্দলে ৩৫ ঘটনায় নিহত ৯, আহত ১৮৫ জন। এ সময়ে গণপিটুনিতে নিহত ২২, আহত ২০ জন। নদী, খাল ও জঙ্গল থেকে এ সময় আরও ৫৫ মরদেহ উদ্ধার করা হয়। রিপোর্টে বলা হয়– নির্বাচন, কোন্দল ও চাঁদাবাজিকে কেন্দ্র করে অধিকাংশ সহিংসতার ঘটনা ঘটেছে।

যে কোনো সন্ত্রাসে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সর্বাগ্রে বিবেচনার কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলাবিরোধী কাজে যিনি জড়িত থাকেন, তাঁকে দলীয় পরিচয়ের গণ্ডিতে রেখে তাঁর কাঁধে দোষ চাপিয়েও নিদান মিলবে না। যে কোনো সন্ত্রাস বা নাশকতার ব্যাপারে পুলিশ বাহিনীর সুস্পষ্ট প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। জরুরি হটলাইন সেবা চালু করে এলাকাভিত্তিক টহল জোরদার করবার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার ও লোকবল বাড়ানোতে মনোযোগী হওয়া উচিত।

অনেকদিন যাবৎ দেশের মানুষ শুনছে, চব্বিশের গণঅভ্যুত্থানে পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। কিন্তু আড়াই বছর পরও একই যুক্তি প্রয়োগ না করে কার্যকর সিদ্ধান্ত নেওয়া সংগত। অন্তর্বর্তী সরকারের সময় তৈরি পুলিশ সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী পুলিশে অন্তর্ভুক্তি, বদলি ও পদায়ন বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পারে বর্তমান সরকার। আগের সরকারের যে কোনো শুভ উদ্যোগের ধারাবাহিকতা দেশের জন্যই শেষ পর্যন্ত ইতিবাচক হয়। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় পর্যায়ে তদারকি, ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় প্রকাশসহ দ্রুত শাস্তির ব্যবস্থা পরিস্থিতি মোকাবিলাকে অনেক সহজ করে তুলবে।

২. দলীয় কোন্দল ও চাঁদাবাজি বারংবার পত্রিকার শিরোনাম হয়ে আসছে। জানুয়ারিতে দেশজুড়ে স্থানীয় নির্বাচনের প্রথম পর্যায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কাজেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরও বেশি সতর্ক হয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। চাঁদাবাজির ঘটনাতে ভুক্তভোগীরা যাতে নিশ্চিন্তে ও নিরাপদে থানায় অভিযোগ দায়ের করতে পারেন, প্রশাসনের পক্ষ থেকে তার দিকে সজাগ দৃষ্টি দেওয়া জরুরি। সম্প্রতি খুলনায় চাঁদার জন্য এক মাসে চার স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার ঘটনায় দেখা গেছে, ভুক্তভোগীরা থানায় কোনো মামলা করেননি। সমকাল জানাচ্ছে, “আগের প্রতিটি ঘটনার মতো এবারও মালিকপক্ষ ‘বোবা’ হয়ে গেছে। পুলিশও কিছু বলতে পারছে না” (৮ নভেম্বর ২০২৬)। আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ, তার ওপর ভয়ে মামলাও করতে পারছে না। এই অর্গল পুলিশ বাহিনীকেই ভেঙে দিতে হবে। অভিযোগ উত্থাপনকারীকে আইনি নিরাপত্তা দেবে রাষ্ট্র ও সরকার– এই পরিস্থিতি যে কোনো দুর্বৃত্তকে নিবৃত্ত করবার প্রথম পদক্ষেপ।

পুলিশ বাহিনীর ওপর যত্রতত্র হামলা ও বিশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডেরও দ্রুত বিচার জরুরি। বগুড়ার সোনাতলায় শুক্রবার পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় জনতা পিকআপ ভাঙচুরও করে। এ ধরনের হামলা অবশ্যই আইনের প্রতি নাগরিকদের অশ্রদ্ধার প্রকাশ শুধু নয়, আইনের শাসনের পরিপন্থিও বটে। পুলিশের প্রতি হামলা ও নাশকতা এড়াতে আইনি বিধিকে আরও কঠোর করা সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

চাঁদবাজিকে দলীয় প্রভাবমুক্ত রাখতে সুশাসনের কোনো বিকল্প নেই। একই সঙ্গে তরুণরা যাতে নিজেদের কর্মমুখী করে তুলতে পারে, সে ব্যাপারেও রাজনৈতিক দলকে তৎপর হতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৭ সালে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে দেশে বেকার ছিলেন চার লাখ ৫ হাজার, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে প্রায় আট লাখ ৮৫ হাজারে। অর্থাৎ আট বছরে দেশে শিক্ষিত বেকারত্ব বেড়েছে ১১৯ শতাংশ। আইএমএফ এক রিপোর্টে জানিয়েছে, বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার এবং উচ্চশিক্ষিত কর্মীদের ৫০ শতাংশ এমন পেশায় আছেন, যার সঙ্গে তাদের যোগ্যতার সম্পর্ক নেই। শিক্ষিত বেকারের সংখ্যা এই দ্রুত বৃদ্ধির সঙ্গে নিশ্চিতভাবে দেশে যত্রতত্র চাঁদাবাজির সংযোগ নেই। তবে স্থিতিশীল, কর্মমুখর সমাজে চাঁদাবাজি মাথা তুলে দাঁড়াতে পারে না। সমাজের কর্মহীন বেকার বৃহত্তর অংশের কাজের সুযোগ সৃষ্টির মধ্য দিয়ে সরকার রাজনৈতিক চাঁদাবাজির বিরুদ্ধে বর্ম তৈরি করে দিতে পারে।

৩. মানতেই হবে যে, তৃতীয় বিশ্বের দারিদ্র্যপীড়িত দেশ হিসেবে বাংলাদেশে খুন, হত্যা, বিরোধ সবসময়ই রয়েছে। উপরন্তু বিভিন্ন সময় রাষ্ট্রীয় অপশাসন, দুঃশাসন; এর ফলে সৃষ্ট বৈষম্য, অভাব আর বিরোধে এ দেশে সবসময়ই কমবেশি আইনশৃঙ্খলার অবনতি দেখা যায়। এ দেশের মানুষ অবশ্যই চায় না, রাতারাতি সব অপরাধ বন্ধ হয়ে দেশ রূপকথার রাজ্যে পরিণত হবে! তাহলে দেশের মানুষের ন্যূনতম চাওয়া কী?

দেশের মানুষের ন্যূনতম চাওয়া সরকার অন্যায় ও অপরাধ সৃষ্টির পথ বন্ধ করবার যথাযথ উদ্যোগ নিচ্ছে। অপরাধ করে কেউ পার পাবে না। অন্যায় বা অপরাধ করলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। কোনো দলীয় পদ-পদবি বা দলীয় পরিচিতি অন্যায়ের রক্ষাকবচ হয়ে উঠছে না। সুশাসনের এই আবশ্যিক ও নৈতিক পদক্ষেপ সমাজের অপরাধ ও অন্যায় কমিয়ে আনবার হাতিয়ার হয়ে উঠতে পারে। বিচার ব্যবস্থাপনায় সময়ের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে পারলে আইনের শাসনের প্রতি পুলিশ, নাগরিকসহ সকল অংশীজনের আস্থা সহজ হয়ে ওঠে। অনেক সময় মামলার ফলোআপ আকস্মিকভাবে থমকে যায়।

সাম্প্রতিক সময়ের আলোচিত রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রকল্পে হামলার মামলার কথাই ধরা যাক। হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আটজন জামিনে মুক্তি পেয়েছেন। তবে এ হামলার অন্যতম সমন্বয়ক হিসেবে তদন্তে চিহ্নিত মো. যুবরাজকে এক মাস সময়ের মধ্যেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দৈনিক প্রথম আলো ৭ নভেম্বর জানিয়েছে, ভাসানটেক থানা বিএপির আহ্বায়ক মো. ইব্রাহিম ওরফে ‘কিলার’ ইব্রাহিম বাহিনীর সদস্য যুবরাজ।

অপরাধীর সঙ্গে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা তাই কোনোভাবেই বিবেচ্য হতে পারে না। সেটি বিএনপি হলেও না; আওয়ামী লীগ বা অন্য যে কোনো রাজনৈতিক দল হলেও না। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য অন্তত সাত হাজার কর্মীকে বহিষ্কার করে বিএনপি। অসাধু সুবিধা গ্রহীতারা সুযোগসন্ধান করবেই, রাজনৈতিক পরিচয়ে সমাজে পেশিতন্ত্র ও কায়েমি স্বার্থ প্রতিষ্ঠা করে স্বার্থসিদ্ধির জন্য। এটি আটকে দেওয়ার আইনি ও নৈতিক দায়িত্ব সরকারের। অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসবার যথাযথ ও অব্যাহত আইনি প্রচেষ্টা এবং সকল নাগরিকের দল-মত নির্বিশেষে আইনের আওতায় নিয়ে আসবার দৃষ্টিভঙ্গি দেশে সুশাসন প্রতিষ্ঠা যেমন সহজ করবে, তেমনি যে কোনো ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনবে।

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক mahbubaziz01@gmail.com