বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য খাত দেশের অর্থনীতি, গ্রামীণ জীবিকা এবং পরিবেশবান্ধব উন্নয়নে বহু দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এক সময় ‘সোনালি আঁশ’ নামে পরিচিত এই ফসল দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস ছিল। গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি, শিল্পাঞ্চলের বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের পরিচয়ের অন্যতম বাহক পাট ছিল সব ক্ষেত্রেই কেন্দ্রবিন্দু। বিশেষ করে ফরিদপুর অঞ্চলের পাট তার দীর্ঘ, উজ্জ্বল ও শক্তিশালী আঁশের কারণে বিশ্ববাজারে একটি স্বতন্ত্র সুনাম অর্জন করেছিল।
বর্তমানে বিশ্বজুড়ে প্লাস্টিক দূষণ, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সংকটের কারণে নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব কাঁচামালের চাহিদা বাড়ছে। এ প্রেক্ষাপটে ফরিদপুরের পাটের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। জিআই স্বীকৃতি শুধু প্রশাসনিক অর্জন নয়। এটি কোনো পণ্যের উৎপত্তি, গুণগত বৈশিষ্ট্য ও ঐতিহ্যকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার একটি হাতিয়ার।
ফরিদপুরের পাটের ইতিহাস অনেক দীর্ঘ। পদ্মা, আড়িয়াল খাঁ ও অন্যান্য নদীবিধৌত অঞ্চলের উর্বর পলি মাটি, অনুকূল জলবায়ু এবং শতাব্দীপ্রাচীন চাষ পদ্ধতির কারণে এখানকার পাটের আঁশ তুলনামূলক লম্বা, মসৃণ ও শক্তিশালী। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ‘ফরিদপুর জুট’ নামে পরিচিত এই পাটের ইউরোপীয় শিল্পকারখানায় ব্যাপক চাহিদা ছিল। সে সময় বাংলার পাট মানেই ছিল মানসম্মত কাঁচামালের প্রতীক। আর ফরিদপুরের পাট ছিল তার শ্রেষ্ঠ উদাহরণ।
২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশে প্রায় সাত লাখ হেক্টর জমিতে পাট চাষ হয়ে আনুমানিক ১৬ লাখ টন পাটের আঁশ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ফরিদপুর জেলায় প্রায় ৮৬ হাজার ৫০০ হেক্টর জমিতে উৎপাদন হয়েছে দুই লাখ টনের বেশি। এই পরিসংখ্যান এ অঞ্চলের কৃষি সম্ভাবনা এবং পাটের ঐতিহ্যকে প্রতিফলিত করে।
বৈশ্বিক বাস্তবতা এখন বদলাচ্ছে। প্লাস্টিক দূষণ, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বিশ্বজুড়ে পরিবেশবান্ধব কাঁচামালের চাহিদা বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত বিশ্ব প্লাস্টিকের বিকল্প খুঁজছে। এই প্রেক্ষাপটে পাট আবারও সম্ভাবনাময় প্রাকৃতিক আঁশ হিসেবে আবির্ভূত। ফরিদপুরের পাটের জিআই স্বীকৃতি এই পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য একটি কৌশলগত সুযোগ। জিআই স্বীকৃতির অন্যতম সুবিধা হলো ব্র্যান্ডিং ও বাজার সুরক্ষা। এটি ফরিদপুর অঞ্চলের পাটকে একটি স্বতন্ত্র পরিচয় দেয়, যা আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে। একই সঙ্গে কৃষক পাবে ন্যায্যমূল্য ও মধ্যস্বত্বভোগীর প্রভাব কমবে।
তবে এই সুফল স্বয়ংক্রিয়ভাবে আসবে না। জিআই স্বীকৃতিকে অর্থনৈতিক সাফল্যে রূপান্তর করতে হলে প্রয়োজন সুপরিকল্পিত নীতি, কার্যকর বাস্তবায়ন ও সমন্বিত উদ্যোগ। নীতিনির্ধারণে সমন্বয়ও অপরিহার্য। কৃষি, শিল্প, বাণিজ্য ও পরিবেশ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বেসরকারি খাত ও তরুণ উদ্যোক্তাদের পাটভিত্তিক শিল্পে সম্পৃক্ত করতে প্রণোদনা ও সহায়ক নীতি প্রয়োজন। ডিজাইন, প্যাকেজিং ও আন্তর্জাতিক মানের ব্র্যান্ডিং ছাড়া বিশ্ববাজারে প্রতিযোগিতা টেকসই হবে না। ফরিদপুরের পাটের জিআই স্বীকৃতি শুধু গৌরবের স্মারক নয়; সম্ভাবনাময় ভবিষ্যতের সবুজ অর্থনীতির ভিত্তি। যথাযথ নীতি, বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্যোক্তাবান্ধব পরিবেশ এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত হলে ‘সোনালি আঁশ’ আবারও বাংলাদেশের অর্থনৈতিক পরিচয়ের কেন্দ্রবিন্দুতে ফিরতে পারে। সময় এসেছে এই সম্ভাবনাকে কার্যকর বাস্তবতায় রূপ দেওয়ার। না হলে বৈশ্বিক সবুজ বাজারে আমরা পিছিয়ে পড়ব।
পরিসংখ্যান, গবেষণা ও নীতি উদ্যোগ সমন্বিতভাবে কাজে লাগানো গেলে ফরিদপুরের পাট বাংলাদেশের সবুজ বিপ্লবের বাহক হিসেবে পুনরায় প্রতিষ্ঠিত হতে পারে। সঠিক নীতি, শিল্প-গবেষণা সংযোগ এবং উদ্যোক্তার বিকাশ নিশ্চিত করতে পারলে পাট খাত আগামী দিনে দেশের অন্যতম সবুজ অর্থনৈতিক চালিকাশক্তি হয়ে উঠবে।
মো. আল-মামুন: প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট
