প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এবারের বিএনপি সরকারের অবস্থান, চ্যালেঞ্জ ও সম্ভাবনা আগের কোনো সরকারের সাথে তুলনীয় নয়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের পরিবর্তিত সামাজিক-রাজনৈতিক বাস্তবতায় একটি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অতীতের যেকোনো সরকারের চেয়ে অধিক জনপ্রত্যাশার চ্যালেঞ্জ গ্রহণ করতে হচ্ছে। সরকার তার প্রথম ১৮০ দিন বা ৬ মাসের লক্ষ্য অর্জনের সময়সীমা পেরিয়ে এসেছে। সেখানে সামাজিক সুরক্ষা তথা প্রান্তিক জনগোষ্ঠির জীবনযাত্রায় সহায়ক প্রকল্পগুলোর প্রাধান্য দেখা গেছে।
ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যেই প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠির জন্য ফ্যামিলি কার্ড চালু করা, এরপর কৃষকদের কৃষি সহায়তার জন্য ফার্মার্স কার্ড চালুর উদ্যোগ এ দেশের কৃষকদের জন্য নতুন আইডিয়া হিসেবে দেশের মানুষের কাছে ইতিবাচকভাবে গৃহিত হয়েছে। সার্বজনীন স্বাস্থ্য সেবা বা ই-হেলথ কার্ড, এথলেট ও খেলোয়াড়দের জন্য স্পোর্টস কার্ড এবং ফ্রি-ল্যান্সারদের জন্য বিশেষ আইডি কার্ড দেয়ার বিষয়টিও সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। তবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের লক্ষ্য, অর্জন, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমুহ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।
সেখানে তিনি ইতিমধ্যে প্রস্তাবিত ও ইস্যুকৃত কার্ডগুলোর সমন্বিত সেবা কার্যক্রমকে সহজতর করতে নাগরিকদের ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি ইতিমধ্যেই দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উত্তরণের পরিকল্পনার রূপরেখা ও টাইমলাইন ঘোষণা করেছেন। উল্লেখ্য, ফ্যাসিস্ট হাসিনাও জাতিকে এডভান্স অনেক স্বপ্ন দেখিয়েছেন।একদিকে তিনি শত শত কোটি ডলার বৈদেশিক ঋণ নিয়ে দেশের অর্থনীতির উপর সুদের জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছেন, অন্যদিকে উন্নয়নের নামে প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণ করে শত শত কোটি ডলারের কমিশন বাণিজ্য, লুটপাট ও ভাগাভাগি করে দেশের অর্থনীতিকে দেউলিয়া করে তিনি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উত্তরণের স্বপ্ন দেখিয়েছিলেন। তার ফ্যাসিবাদী শাসনের পুরো সময়টাই ছিল তার পিতার ও নিজের স্বপ্নের বয়ানে ভরপুর। জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলি টানেল কিংবা বঙ্গবন্ধু সেটেলাইটের সুফল জাতি কতটা পেয়েছে, পাচ্ছে তা নিয়ে যেমন প্রশ্ন আছে, এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় প্রকল্প টাকার অভাবে গ্রহণ করা যায়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান বাগাড়ম্বরতামুক্ত ও আড়ম্ভরতাপূর্ণ উন্নয়ন প্রকল্পের ফানুস ওড়াচ্ছেন না। তিনি নিজে অনাড়ম্বর জীবনযাপনের মধ্য দিয়ে রাষ্ট্রশক্তি ও সরকারের সর্বোচ্চ নির্বাহীর ব্যক্তিক ধারণা সম্পর্কে জাতির সামনে নতুন বার্তা দিতে সক্ষম হয়েছেন। যে নদীর গভীরতা যত বেশি, তার বয়ে চলার গতি ততই নি:শব্দ। পুরোপুরি না হলেও আমরা হয়তো তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের অনাড়ম্বর, কর্মঠ নেতৃত্বের প্রতিফলনই প্রত্যক্ষ করছি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সম্মেলনটি (ইউএনজিএ) নানা কারণে বাংলাদেশের জন্য এক ্েস্পশাল ঐতিহাসিক ইভেন্টে পরিনত হয়েছিল। প্রথমত এই অধিবেশনে বিশ্বের সবগুলো দেশের প্রতিনিধিদের সামনে সভাপতিত্ব করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান। আন্তর্জাতিক রাজনৈতিক-ক’টনৈতিক প্রতিযোগিতা-প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে নির্বাচত ও বিজয়ী হয়ে হয়ে ড. খলিলুর রহমানকে ওই আসনে বসতে হয়েছে। ঘূর্ণন প্রক্রিয়ায় এবারের জাতিসংঘ সভাপতিত্বের আসনটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য অগ্রাধিকার হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য সাইপ্রাসের প্রতিনিধি আন্দ্রেয়া কাকৌরিসের মধ্যে ভোটাভোটিতে ড.খলিল ৯৯ ভোট এবং কাকৌরিস ৯১ ভোট পেয়েছিলেন। গত জুনমাসে নির্বাচনোত্তর মূল আলোচ্য বিষয় ছিল, আমাদের প্রতিবেশি আঞ্চলিক শক্তি ভারত কাকে ভোট দিয়েছিল?
জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ স্পষ্টতই ভারতীয় আধিপত্যবাদী নীতিকে অগ্রাহ্য ও অস্বীকার করেছে। অন্যদিকে ভারত তার পুরনো আধিপত্যবাদী নিয়ন্ত্রণ পুন:প্রতিষ্ঠা ও অক্ষুন্ন রাখতে চাইছে। সেখানে ভারতের পক্ষ থেকে প্রচ্ছন্ন, অপ্রচ্ছন্ন, প্রকাশ্য ও বাস্তব হুমকি, উসকানি, বাংলাদেশবিরোধী তৎপরতা ও বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার সর্বাত্মক অপচেষ্টা চালিয়ে গেছে। ভারতীয় মিডিয়া ও বিজেপি নেতারা ড. মুহাম্মদ ইউনূসের অর্ন্তবর্তী সরকারকেও মৌলবাদী-জঙ্গিবাদী বলতেও ছাড়েনি। এসব খবর চাপা থাকেনি। বিশ্ব দেখেছে হাজার হাজার মানুষের জীবন ও রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তনকামী নতুন বাংলাদেশের প্রশ্নে হিন্দুত্ববাদী ভারতের অবস্থান।
তারা গণহত্যাকারী পতিত স্বৈরাচারী শেখ হাসিনাকে শুধু আশ্রয়ই দেয়নি, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলতে যা কিছু করতে হয় তার সবই তাকে দিয়ে করিয়েছে। এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ভারতীয় আধিপত্যবাদের কালচারাল হেজিমনি ও ন্যারেটিভ থেকে মুক্তির জন্য যে রাজনৈতিক-সাংস্কৃতিক আন্দোলন ও জনচেতনা গড়ে তোলা জরুরি, জুলাই যোদ্ধাদের কাছে তা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে ধরা পড়েছিল। ইনকিলাব মঞ্চের মূখপাত্র শরিফ ওসমান হাদী সেই সাংস্কৃতিক বয়ানের পক্ষে যে ন্যারেটিভ গড়ে তুলেছিলেন, তা মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছিল। আর এ কারণেই ভারতীয় এজেন্টরা ওসমান হাদীকে টার্গেট করেছিল।
ওসমান হাদি বাংলাদেশপন্থী নতুন রাজনৈতিক-সাংস্কৃতিক বয়ান তুলে ধরেছিলেন, তা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপোসহীন দেশনেত্রি খালেদা জিয়া এবং এদেশের মূল ধারার ইসলামপন্থী রাজনৈতিক-সাংস্কৃতিক ন্যারেটিভের এক অপূর্ব মেলবন্ধন। এ ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়ে গেলে বাংলাদেশ আর কখনোই ভারতীয় আধিপত্যবাদী থাবার কাছে হার মানবে না। ঠিক এ কারণেই ওসমান হাদীর হত্যাকারীদের ভারতে আশ্রয় ও নিরাপত্তা দিয়ে আগলে রেখেছে। জুনমাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য নির্বাচন অনুষ্ঠানের কিছুদিন আগে বাংলাদেশ তথা ড. খলিলুর রহমানের প্রতিদ্বন্দি দেশ সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্তোদুলিদিসের ভারত সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দুই দেশের সরকার প্রধান নিজেদের সম্পর্কের অভূতপূর্ব উচ্চতা, স্ট্রাটেজিক পার্টনারশিপ এবং কূটনৈতিক, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার চুক্তিতে আবদ্ধ হয়েছিল। গোপণ ব্যালটে কে কাকে ভোট দিয়েছে তা নিশ্চিতভাবে জানার কোনো উপায় না থাকলেও পারিপার্শি¦ক বাস্তবতা বলে দেয় কার অবস্থান কোথায় হতে পারে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের প্রকাশ্য ভোটাভুটিতে বেশিরভাগ ক্ষেত্রেই ভারত মিয়ানমারের পক্ষে ভোট দিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন তারেক রহমান। যেখানে সভাপতিত্ব করেছেন তারই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তারেক রহমানের ভাষণের আগে এক সেশনে ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য দিয়ে বরাবরের মতোই বিশ্বনেতাদের উচ্ছ্বাস-উদ্দীপনার কেন্দ্রে পরিনত হতে দেখা গেছে। নিন্দুক প্রতিপক্ষের মুখে ছাই দিয়ে ড. খলিলুর রহমান, ড. মুহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের অত্যুজ্জ¦ল ও সরব উপস্থিতি এবারের জাতিসংঘ সম্মেলন ছিল বাংলাদেশের জয়জয়কার। আরেকটি সিগনিফিক্যান্ট ঘটনা হচ্ছে, তারেক রহমানের সুযোগ্য কন্যা ব্যারিস্টার জাইমা রহমান জাতিসংঘ সভাপতি খলিলুর রহমানের অফিসে একজন লিগ্যাল অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন।
জাইমা রহমানের এই যোগদান নিয়ে কেউ কেউ স্বজনপ্রীতির প্রশ্ন তুললেও এ ধরণের পোস্টে কাজ করার যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনৈতিক পরিমন্ডলে বিরল ঘটনা। তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের কিংবা মরহুম আরাফাত রহমানের কোনো পুত্র সন্তান না থাকায়, জিয়া-খালেদা ও তারেকের পর যোগ্য উত্তরসুরী হিসেবে বিশ্ব পরিমন্ডলে ব্যারিস্টার জাইমা রহমানের গড়ে ওঠার যে প্রস্তুতি জাতিসংঘের লিগ্যাল অফিসার হিসেবে তার অংশগ্রহণকে একটি শুভ সূচনা হিসেবে গণ্য করা যায়। বাংলাদেশ এখন গতানুগতিক ধারার রাজনৈতিক নেতৃত্বের ধারা থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। পক্ষান্তরে, শেখ হাসিনার সন্তানরা শেখ মুজিবের সরাসরি বংশধর নন। তারা ওয়াজেদ মিয়ার সন্তান। ওয়াজেদ মিয়া জীবিতাবস্থায় নেতা হিসেবে শেখ হাসিনাকে সমর্থন করতে পারেননি।
তার সন্তানরা মায়ের রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে উঠার সাথে সাথে রাজনৈতিক দুর্বৃত্তায়ণের মধ্য দিয়ে দুর্নীতি-লুটপাটের অংশীদারিত্ব কায়েম করেছেন। হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, দেশের ১২ কোটি মানুষের ব্যক্তিগত তথ্য বিক্রি করে দেয়াসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। হাসিনা কন্যা পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ পাইয়ে দিতে ভারতের সহযোগিতা থাকা খুবই স্বাভাবিক। তবে এ পদের জন্য নুন্যতম যোগ্যতা না থাকা এবং শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে তার পদচ্যুতির ঘটনায় প্রমান হয় অযোগ্যতা নিয়ে টিকে থাকা যায় না। স্মরণ করা যায়, ২০২৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদের জন্য প্রধান প্রার্থী ছিলেন নেপালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, হু এর একজন জেষ্ঠ্য কর্মকর্তা ড. শম্ভু প্রসাদ আচার্য। কিন্তু ভারতের সেবাদাস শেখ হাসিনার আবদারে যোগ্য শম্ভু প্রসাদের মতো যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে সায়মা ওয়াজেদ পুতুলকে সমর্থন দিয়ে দিল্লিতে হু-এর আঞ্চলিক অফিসে পরিচালকের পদে বসাতে দিল্লির প্রশাসন অনুঘটকের ভূমিকা পালন করে। দুর্নীতি ও অযোগ্যতার দায়ে পদচ্যুত না হলে পুতুলও হতে পারতো শেখ হাসিনার অবলম্বন। শেখ হাসিনার ক্ষমতা ও লুটপাটের অংশীদার হওয়ার অভিযোগে তার ভাগ্নি শেখ রেহানার কন্যা টিউলিপও পদচ্যুত হয়ে এখন বৃটিশ সংস্থার তদন্তের সম্মুখীন হচ্ছেন। ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে!
ভারতীয় আধিপত্যবাদী হেজিমনিক নীল নকশার পুরনো বিভক্তির রাজনীতি পরিহার করে নতুন সম্ভাবনা নিয়ে আঞ্চলিক পুনরুত্থানের পথে বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানের পর দুই বছর অতিক্রান্ত হলেও দেশের অভ্যন্তরীন নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত না হওয়ার পেছনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ঘাপটি মেরে থাকা সদস্যরা অনুঘটকের ভূমিকা পালন করছে। দেড় দশকের শাসনামলে শেখ হাসিনা ভারতীয় প্রেসক্রিপশন ও প্রত্যক্ষ সহযোগিতায় সীমান্ত রক্ষি বাহিনী বিডিআর, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে দুর্বল, দুর্নীতিগ্রস্ত ও বিশৃঙ্খল করতে যা যা করণীয় তার সবই করেছেন।
বিডিআর ম্যাসাকার, শাপলা চত্বর গণহত্যা, গুম-খুন, জঙ্গি নাটক থেকে জুলাই অভ্যুত্থানে হাজার হাজার মানুষ হত্যা করে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার শেষ চেষ্টা পর্যন্ত এসব গোপালি, দলবাজ পুলিশ ও ভারতীয় এজেন্টরা সক্রিয় ছিল। ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরও তারা দেশের কোথাও কোথাও নির্মম পৈশাচিকতা চালিয়েছে। জুলাই যাদুঘরে সে সবের কিছু স্মারক, তথ্য-প্রমান সংরক্ষিত হয়েছে এবং হচ্ছে। চব্বিশের ৫ আগস্টের পর সারাদেশে পুলিশ বাহিনীর নিস্ক্রিয়তা ও লাপাত্তা অবস্থাই প্রমাণ করে এ দেশের পুলিশ বাহিনীকে শুধুই একটি দলীয় পেটুয়া বাহিনীতে পরিনত করা হয়েছিল। এমনকি রাস্তার ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে।
তবে সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মীদের বাড়িতে হামলা ও কিছু রাজনৈতিক মবের ঘটনা বাদ দিলে সাধারণ মানুষের নিরাপত্তায় বড় ধরণের ব্যাঘাত ঘটেনি। অর্ন্তবর্তী সরকারের দুর্বলতা, রাজনৈতিক অসহযোগিতা ও গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে মতভেদের কারণে জরুরি সংস্কার ও রদবদল না হওয়ায় পালিয়ে থাকা পুলিশ সদস্যরা ফিরে আসার পর নিস্ক্রিয়তা অবলম্বন করে। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে আসার পর তারা আগের ভূমিকা গ্রহণ করতে শুরু করে। এই মুহূর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেশকে আরেকটি অস্থিতিশীলতার দিয়ে নিয়ে যেতে পারে।
রাজনৈতিক বিভক্তির পথ পরিহার করে প্রত্যাশিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর রাজনৈতিক সংলাপ ও উদ্যোগ জরুরি হয়ে পড়েছে। রাজনীতিকে রাজনীতি দিয়ে, অবিচারকে বিচার দিয়ে, ফ্যাসিবাদকে আইনের শাসন ও গণতন্ত্র দিয়ে মোকাবেলা করতে হবে। এই মুহুর্তে গণহত্যাকারি পলাতক রাষ্ট্রবিরোধী শক্তিকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই। ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক শক্তি যেন আধিপত্যবাদের দালালির মধ্য দিয়ে ফ্যাসিস্ট হয়ে ওঠার সাহস না পায়, সে জন্যই বিচারহীনতার সংস্কৃতিকে ন্যায়বিচারের সংস্কৃতিতে রূপান্তরের রাজনৈতিক-সাংস্কৃতিক উদ্যোগ নিতে হবে। সরকারি দলের নেতাকর্মীরা যদি আবারো রাজনৈতিক দুর্বৃত্তায়নের সংঘ শক্তি হয়ে ওঠে, চাঁদাবাজি, দখলবাজিতে লিপ্ত হয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি তাদের প্রশ্রয় দেয়, তা দেশকে আবারো অস্থিতিশীল করে তোলতে পারে। কোনো বাংলাদেশপন্থী নাগরিক এ ধরনের পরিস্থিতিকে সমর্থন করবে না। এমপি, মন্ত্রী ও দলের পদ-পদবি ব্যবহার করে দুর্নীতি ও অন্যায়-অপরাধের সাথে জড়িত নেতাকর্মীদের সম্পর্কে প্রশাসন ও সরকারের সর্বোচ্চ মহলকে আপসহীন ভূমিকা নিতে হবে।
bari_zamal@yahoo.com
