মানুষের জন্য মানুষের যে টান, যে দায়বদ্ধতা, যে অদৃশ্য মমতার সেতু—তারই নাম মানবকল্যাণ। মানবকল্যাণ বিষয়টি মনস্তাত্ত্বিক। এটি একটি জীবনদর্শন। মানবিক চেতনা থেকে উৎসারিত পরহিতৈষণার যে মহৎ গুণ তা-ই মানবতা। সভ্যতার আদি থেকে অদ্য পর্যন্ত মানুষ যত উন্নতি সাধন করেছে, তার মূলে রয়েছে এই মানবিক চেতনা। ক্ষুধার্তকে খাদ্যে ভাগ দেওয়া, অসুস্থর পাশে দাঁড়ানো, বিপদগ্রস্তের দূর্বল হাত শক্ত করে ধরা- এসবই মানবকল্যাণের জীবন্ত রূপ। মানবকল্যাণ! এ শুধু দান-খয়রাতের বিষয় নয়। এটি একটি চেতনা ও ইচ্ছাশক্তির প্রক্রিয়া যা সমাজের মানুষের চাহিদা ও বিদ্যমান সমস্যাবলির যৌক্তিক পর্যায়ে সমাধানে কেন্দ্রীভূত। যেখানে নিজের স্বার্থের আগে অন্যের প্রয়োজনকে স্থান দেওয়া হয়।
যেখানে হিংসা-বিদ্বেষের বদলে থাকে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা, যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে দেখে মানুষ হিসেবেই। সুন্দর সমাজ প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো- ন্যায়পরায়ণতা, সাম্য, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক মমত্ববোধ ও দয়া, দান-অনুদান, আত্মত্যাগ, আতিথেয়তা, সম্প্রীতি প্রভৃতি গুণাবলি মানুষ একে অপরকে দেখাতে হবে। মানুষের মধ্যে দুটি সত্তা বিদ্যমান- জীবসত্তা ও মানবসত্তা। জীবসত্তার কাজ প্রাণ ধারণ, আত্মরক্ষা ও বংশ রক্ষা এবং মানুষের চিন্তা-চেতনা, রূপ ও কল্পনাকে পরার্থে নিবেদিত করাই মানবসত্তা বা ইনসানিয়াত। ইসলামী বিধান মতে মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই। মুসলিম -অমুসলিম, শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ, আমির-ফকির, প্রভু- ভৃত্য, উঁচু-নিচু সব ধরনের মানুষ আল্লাহর বান্দা। সমগ্র মানবজাতি একই পরিবারভুক্ত।
ধর্ম, বর্ণ, জাতি, ভাষার ভেদাভেদ ভুলে যে হৃদয় অন্যের কষ্টে কেঁদে ওঠে, সেই হৃদয়েই মানবকল্যাণের বসবাস। আজকের পৃথিবীতে প্রযুক্তি যেমন এগিয়েছে বহুদুর, তেমনি মানুষের মধ্যে দূরত্বও বেড়েছে বহুদুর। কিন্তু এই দূরত্ব ঘুচাতে পারে কেবল মানবকল্যাণের চর্চা। মানুষের মধ্যে সম্প্রীতি, নৈতিকতা, মানবিকতাবোধ ও কল্যাণের অভাব রয়েছে। একটি উষ্ণ হাসি, একটি সহানুভূতির বাক্য, একটি সাহায্যের হাত- কখনো কখনো কারও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মানবকল্যাণ মানে শুধু বড় কাজ নয়; ছোট ছোট কাজের সমষ্টিই বড় মানবিকতার পরিচয় দেয়। পথের অসহায় শিশুকে খাবার দেওয়া, শীতার্তকে একটি কম্বল জড়িয়ে দেওয়া, অসুস্থ বৃদ্ধকে রাস্তা পার করিয়ে দেওয়া- এসবই মানবকল্যাণের অংশ। এএকটি সমাজ তখনই সত্যিকার অর্থে উন্নত হয়, যখন সেই সমাজের মানুষ একে অপরের কল্যাণে সচেতন থাকে। মানবকল্যাণ মানুষকে শুধু ভালো মানুষই বানায় না, তাকে করে তোলে দায়িত্বশীল নাগরিক, সহৃদয় প্রতিবেশী এবং পরম বন্ধুর মতো সহচর। মানবকল্যাণ কোনো বিশেষ দিনের কর্মসূচি নয়; এটি হওয়া উচিত আমাদের প্রতিদিনের অভ্যাস। কারণ মানুষ মানুষের জন্য—এই সত্যটিই পৃথিবীকে বাসযোগ্য করে রেখেছে এবং রাখবে চিরকাল।
কিশোরগঞ্জ থেকে
