বাংলাদেশের রাজনৈতিক সংকটকে লিবারেল ডেমোক্রেসি বা উদার গণতন্ত্রচর্চা না করার ফল বলে মনে করছেন কেউ কেউ। তাদের মতে, এ ব্যবস্থায় শাসক যতই নিপীড়ক হোক, নির্বাচন সুষ্ঠু হলেই তাঁকে সরতে হবে। ক্ষমতা যেহেতু চিরস্থায়ী নয়; দানবীয় শাসন দীর্ঘদিন চলতে পারবে না। একই সঙ্গে আইন আদালত ব্যক্তিবিশেষের ক্ষমতার মর্জির কাছে সমর্পিত হবে না। ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশ ও ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত হবে। লিবারেল ডেমোক্রেসির পশ্চিমা তাত্ত্বিকরাও মুক্তবাজার, বহুদলীয় রাজনীতি ও মানবাধিকার সুরক্ষার প্রতি জোর দিয়েছেন। বাস্তবে গণতন্ত্রের এ ধারা কতটুকু জনবান্ধব ও জীবনঘনিষ্ঠ, সে বিশ্লেষণও জরুরি।
উদার গণতান্ত্রিক রাষ্ট্রে বহুদলীয় রাজনীতির কথা বলা হলেও বাস্তবে প্রায় সব জায়গায় দুই দলের রাজনীতিই প্রধান হয়ে উঠেছে। উদার গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তো বটেই, অপেক্ষাকৃত নবীন ভারতেও ক্ষমতার রাজনীতিতে প্রাধান্য দুটি দলের। এ দেশগুলোতে ‘এক ব্যক্তির এক ভোট’– এ সমতা থাকলেও ভোটের রাজনীতি-অর্থনীতি নিয়ন্ত্রণ করে কিছু গোষ্ঠী। মিডিয়া, অর্থ ও নির্বাচনী প্রচার– কোনো কিছুই জনগণের নিয়ন্ত্রণে থাকে না। জনগণ ভোট দেয় বটে, কিন্তু নিজের চিন্তাশক্তির চেয়ে তা বরং মিডিয়ার প্রচার বা অর্থের প্রভাবের ওপর নির্ভর করে। এতে শাসক বদলায় কিন্তু শাসন ব্যবস্থার বদল হয় না। অর্থনৈতিক কাঠামো অপরিবর্তিত থাকে। আমলাতন্ত্র, সামরিক ও করপোরেট প্রভাব অপরিবর্তিত থাকে। ফলে জনগণের প্রকৃত ক্ষমতায়ন এখানে নিশ্চিত করা সম্ভব হয় না। গণতন্ত্রের চূড়ান্ত পরিণতি যদি নিছক শাসক বাছাই হয়, তাহলে তাকে ভোটতন্ত্র বলাই শ্রেয়।
অর্থনীতিকে বলা হয় রাষ্ট্রের ভিত্তি; রাজনীতি পরিচালন পদ্ধতি বা উপরিকাঠামো। অর্থনীতিতে নৈরাজ্য দূর না হলে রাজনীতি ঠিক করা কতটুকু সম্ভব? উদার গণতন্ত্রে সম্পদের সুষম বণ্টন, জনগণের বিভিন্ন অংশের মধ্যে অর্থনৈতিক ও অন্যান্য বৈষম্য নিরসনের বিষয় গুরুত্ব পায়, এটা সত্য। কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে বাজারকে উন্মুক্ত করতে গেলে বহুজাতিক কোম্পানিকে স্থানীয় বাজারে প্রবেশাধিকার দিতে হয়। বহুজাতিক কোম্পানি পুঁজির সঙ্গে নিয়ে আসে শর্তের বোঝা। এ ক্ষেত্রে অনেক সেবামূলক খাতকেও ধাপে ধাপে বাজারের হাতে অর্থাৎ কোম্পানির হাতে ছেড়ে দিতে হয়। এ অবস্থায় রাজনীতির নির্ভরশীলতা পুঁজির মালিকের ওপর বাড়তে বাধ্য। ফলে শ্রেণিবৈষম্য বৃদ্ধির পাশাপাশি সামাজিক নিরাপত্তাহীনতা ভবিতব্য হয়ে দাঁড়ায়।
উদার গণতন্ত্র বলে– ‘ফ্রিডম ফার্স্ট’ বা স্বাধীনতা সর্বাগ্রে। মানুষের জীবনের পূর্ণ বিকাশে স্বাধীনতার প্রয়োজনীয়তা অস্বীকার কারার উপায় নেই। কিন্তু সমতা ভিন্ন স্বাধীনতা নিশ্চিত করা অসম্ভব। ব্যক্তি এবং বাণিজ্যের স্বাধীনতা এক বিষয় নয়। ব্যক্তি স্বাধীন হলেও সে কিন্তু বাণিজ্যের হাতে বন্দি। কারণ বাণিজ্য কাঠামোর প্রবণতাই থাকে সর্বোচ্চ মুনাফা, কর ফাঁকি, পরিবেশ-প্রতিবেশ বাঁচানোর দায়িত্ব ফাঁকি দেওয়া। ফলে মুক্তবাজার অর্থনীতি বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করলেও ব্যক্তির স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে না। উদার গণতন্ত্রের এই স্ববিরোধ প্রণিধানযোগ্য।
মতপ্রকাশের স্বাধীনতা উদার গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু নাগরিকের এ স্বাধীনতাচর্চার প্রক্রিয়া অত্যন্ত জটিল। গণমাধ্যম মানেই কোনো না কোনো করপোরেট সংস্থার মালিকানাধীন, তাই নানা শর্তের বেড়াজালে আবদ্ধ। ফলে কোনটা প্রকৃত জনস্বার্থ, কোনটা করেপোরেট স্বার্থ, চেনা কঠিন হয়ে যায়। ভোটে নাগরিকের মতামতের বিশুদ্ধ প্রতিফলন ঘটার উপায়ও সীমিত। যেখানে শাসকদের আছে নিজস্ব বুদ্ধিজীবী, যাদের হাতে আছে বয়ান উৎপাদনের যন্ত্র, শিক্ষা ব্যবস্থা, সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এগুলোকে ব্যবহার করে নাগরিকদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে, প্রভাবিত করে সেই অধিপতি শ্রেণি, যাকে আন্তনিও গ্রামসি বলছেন– সম্মতির মাধ্যমে শাসন (হেজেমনি)। সেখানে নাগরিকদের স্বাধীন চিন্তা বা মতপ্রকাশ বাস্তবসম্মত নয়।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষার হার নিম্ন এবং দারিদ্র্যের উচ্চ। এখানে সব প্রতিষ্ঠানের ওপর শাসকের নিয়ন্ত্রণ বেশ কড়া। গণমাধ্যম রাষ্ট্রীয় আইনের অধীনে পরিচালনা করতে হয়। কখনও রাষ্ট্রীয় এজেন্ডা বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকে। অন্যদিকে রাষ্ট্রীয় আইন এলিট শ্রেণির উদ্দেশ্য পূরণে বেশি কার্যকর। ফলে মত ততটুকু প্রকাশ করা যায় যতটুকু শাসন কাঠামোর বৈধতাকে চ্যালেঞ্জ করে না। উন্নয়নশীল দেশগুলোর আরেকটা সমস্যা হলো, ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দল। ফলে ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠে শাসন কাঠামো। দলীয় আনুগত্যের নামে চলে শীর্ষ ব্যক্তিত্বের নিরঙ্কুশ আনুগত্য। তার মত ছাড়া এখানে ফুল ফোটে না, পাখিও ডাকে না। ফলে গণমুখী বা জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা থেকে যায় সুদূরপরাহত। একই সঙ্গে বহুদলীয় গণতন্ত্রের স্বপ্ন অধরাই থেকে যায়। প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ দুর্বল হয়ে পড়ে। গণতান্ত্রিক প্রক্রিয়া একভাবে চালু থাকলেও গণতান্ত্রিক সংস্কৃতি দুর্বল হয়ে পড়ে। এখানেই পুনরায় প্রশ্নবিদ্ধ হয় উদার গণতন্ত্র।
গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া সরকারের আমলে ‘উন্নয়ন আগে নাকি গণতন্ত্র আগে’– এ প্রশ্ন যে বারবার উঠেছে তার কি কোনো ভিত্তি ছিল না? সামরিক শাসনও এখানে বারবার জেঁকে বসেছে এই বিভ্রম তৈরি করেই। নাগরিক সমাজের যে অংশ আওয়ামী লীগ সরকারকে গণতন্ত্র না দেওয়ার জন্য তুলাধুনা করেছে, তারা কি সম্প্রতি বিদায় নেওয়া অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ জনগণের ইচ্ছার বিপরীতে দীর্ঘায়িত করতে চায়নি? আওয়ামী লীগ সরকার বলেছে, গণতন্ত্রকে গুরুত্ব দিতে গেলে উন্নয়ন ত্বরান্বিত হয় না। আর ওই নাগরিকরা বলেছেন, নির্বাচনের জন্য তাড়াহুড়া করলে সংস্কার হবে না; অথচ গণতন্ত্রের প্রাথমিক শর্ত নির্বাচন। বস্তুত, উদার গণতন্ত্র নিয়ে প্রচুর আলাপ-আলোচনা ও তর্ক-বির্তক প্রয়োজন। আমাদের রাজনীতি ও অর্থনীতি যে সংকটে আছে তার প্রকৃত স্বরূপ সন্ধানও জরুরি। এ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের গণতান্ত্রিক চেতনা মৃদু পরিপক্বই হবে না শুধু; নিজস্ব শক্তিও গড়ে উঠতে পারে।
রিয়াজ মাহমুদ: কবি ও প্রাবন্ধিক
