সম্প্রতি আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করা এবং কাঠামোগত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এর মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। আসন্ন নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে তাদের চলমান ব্যাপকভিত্তিক কাঠামোগত সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ৬টি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এক্ষেত্রে নির্বাচিত সরকারের দৃঢ় অঙ্গীকার প্রয়োজন।

নতুন সরকারকে বাংলাদেশের দুর্বল অর্থনীতি ও আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিনিয়োগ বাড়ানো ও যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দুর্বল রাজস্ব ব্যবস্থায় ব্যাপকভিত্তিক সংস্কার করে আয় বাড়ানো, ডলারের বিপরীতে টাকার বিনিময় হারের নতুন কাঠামো পুরোপুরি বাস্তবায়ন করা, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং প্রবৃদ্ধি পুনরুদ্ধারের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এসব চ্যালেঞ্জের পাশাপাশি আগামী সরকারের জন্য অর্থনীতিতে বেশকিছু গুরুত্বপূর্ণ ঝুঁকিও শনাক্ত করা হয়েছে। এসব ঝুঁকি নিরসনে গুরুত্ব দিতে সুপারিশ করা হয়েছে। বাংলাদেশের ওপর সংস্থাটির দেওয়া ঋণ কর্মসূচির শর্ত পর্যালোচনা প্রতিবেদনটি ২৬ জানুয়ারি তাদের নির্বাহী পর্ষদে অনুমোদন করা হয়েছে।

আইএমএফ আগেই জানিয়েছিল, নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা ছাড়া তারা ঋণের কিস্তি ছাড় করবে না। গত ডিসেম্বরে ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় করার কথা ছিল।\r\nপরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) প্রকাশিত ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুক (জানুয়ারি) অনুযায়ী, বাংলাদেশের ২০২৬ সালের অর্থনৈতিক পূর্বাভাসে সম্ভাব্য প্রবৃদ্ধি (প্রায় ৫ শতাংশ) ও কাঠামোগত চ্যালেঞ্জের মধ্যে একটি ভারসাম্য দেখা যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমার প্রত্যাশা করা হচ্ছে।

প্রকাশিত জিইডির আপডেট ও আউটলুকে বলা হয়, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রাক্কালে এবং গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সময়ে তৈরি পোশাক খাতের বাইরে অর্থনীতিকে বহুমুখীকরণে সুশাসন, নীতিগত ধারাবাহিকতা এবং দক্ষতা ও প্রযুক্তিতে টেকসই বিনিয়োগ অত্যন্ত প্রয়োজন। স্বল্পমূল্যের শ্রম মডেল থেকে উচ্চমূল্যের অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থানান্তরিত হওয়ার জন্য একটি স্থিতিশীল এবং সংস্কারকৃত রাজনৈতিক পরিবেশ, স্মার্ট প্রযুক্তির সমন্বয় অপরিহার্য। তবে অর্থনৈতিক অভিজাতদের মধ্যে অনিশ্চয়তা এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা এখনো বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে বলে সতর্ক করা হয়েছে।\r\nপ্রতিবেদনে আরও বলা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অগ্রগতি এখনো ধীরগতি।

এ ক্ষেত্রে গ্রাম পর্যায়ের উদ্যোগের মাধ্যমে তথ্যভিত্তিক নীতিনির্ধারণ টেকসই উন্নয়ন ফল অর্জনে সহায়ক হতে পারে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৪৯ শতাংশে দাঁড়িয়েছে, যা নভেম্বর মাসে ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। খাদ্যপণ্যের দাম দ্রুত বাড়ার পাশাপাশি খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি উচ্চমাত্রায় থাকায় এই বৃদ্ধি ঘটেছে। এই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৩৬ থেকে বেড়ে ৭ দশমিক ৭১ শতাংশে উন্নীত হয়েছে, যদিও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৩ শতাংশে রয়েছে। যদিও সব ধরনের চালের মূল্যস্ফীতি নিম্নমুখী ধারায় ছিল, তবুও চালের দাম সামগ্রিকভাবে উচ্চই রয়ে গেছে।\r\n২০২৫-২৬ অর্থবছরের জন্য সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা।

২০২৫ সালের ডিসেম্বর মাসে রাজস্ব আদায় দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৯১ কোটি টাকা, যা সংশোধিত মাসিক লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ হাজার ১৭৪ কোটি টাকা কম। তবে নভেম্বরের তুলনায় এবং বছরওয়ারি হিসাবে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) চূড়ান্ত করা হয়েছে ২ লাখ কোটি টাকায়, যা মূল এডিপির ২ লাখ ৩০ হাজার কোটি টাকা থেকে কম। এটি আর্থিক চাপ এবং বাস্তবায়ন সক্ষমতার প্রতিফলন। যেসব খাতে বাস্তবায়ন সক্ষমতা তুলনামূলকভাবে ভালো, সেসব খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে পরিবেশ, বন ও পানি সম্পদ খাতে বরাদ্দ বেড়েছে ২০ দশমিক ৩৬ শতাংশ এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বেড়েছে ১২ দশমিক ৪০ শতাংশ।

বিপরীতে স্বাস্থ্য, পরিবহন, শিক্ষা ও জ্বালানি খাতে বড় ধরনের বরাদ্দ কমানো হয়েছে।\r\n২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৯ বিলিয়ন মার্কিন ডলারে। একই সময়ে রেমিট্যান্স প্রবাহও শক্তিশালীভাবে বৃদ্ধি পেয়ে ডিসেম্বর মাসে ৩ দশমিক ২২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা নিয়ন্ত্রক প্রণোদনা এবং অনুকূল বিনিময় হার ব্যবস্থার ফলে সম্ভব হয়েছে। রপ্তানি আয় স্থিতিশীলতার ইঙ্গিত দিয়েছে এবং গড়ে প্রতি মাসে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি অবস্থান করছে।

এ ক্ষেত্রে তৈরি পোশাক খাতই প্রধান অবদানকারী হিসেবে রয়ে গেছে।\r\nযে দলই ক্ষমতায় আসুক, বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় অগ্রাধিকার ভিত্তিতে একটি অর্থনৈতিক কৌশল বা পরিকল্পনা প্রয়োজন হবে, যেখানে অর্থনীতি ও ব্যবসা-বাণিজে গতি ফেরানো এবং মূল্যস্ফীতি সহনীয় করাই হবে বড় কাজ। এটি সবাই জানে যে, বেশ কয়েক বছর ধরেই অর্থনীতি এক সংকটময় পরিস্থিতি পার করছে। অন্তর্বর্তী সরকার আসার পর আশা করা হয়েছিল, অর্থনীতি হয়তো আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী হবে। বাস্তবে তা হয়নি। বরং রাজনৈতিক অস্থিতিশীলতা, আইন-শৃঙ্খলার অবনতি, মব ভায়োলেন্সসহ নানা কারণে এর নেতিবাচক প্রভাব এসে পড়েছে অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর। মোটা দাগে অর্থনীতিতে যে বিনিয়োগ স্থবিরতা ছিল, সেটি এখনো আছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি তলানিতে।

ফলে নতুন বিনিয়োগ হচ্ছে না। পুরনো শিল্পের সম্প্রসারণও থমকে আছে। ডলার সংকট কিছুটা সহনীয় হলেও এর যে দর বেড়ে গিয়েছিল, সেটি এখনো অসহনীয়। ব্যবসায়ীরা আস্থাহীনতায়। রাজস্ব আয়ে বড় ঘাটতি। পুঁজিবাজার তলানিতে। বাজারে টাকার প্রবাহ কমাতে ও মূল্যস্ফীতি সহনীয় রাখতে সুদহার অনেক বাড়ানো হয়। অথচ মূল্যস্ফীতি সহনীয় হয়নি।\r\nএকের পর এক শিল্প-কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বেকারত্ব বাড়ছে। নতুন কর্মসংস্থান হচ্ছে না। সরকারের বিনিয়োগও হচ্ছে না ঠিকমতো। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন কাক্সিক্ষত মাত্রায় হচ্ছে না। ফলে এটিও জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে পারছে না। সব মিলিয়ে একটি কঠিন সংকটের মধ্যে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য। আসছে সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতিতে গতি সঞ্চার।

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন সরকারের জন্য পথচলাটি হবে অনেকটা কাঁটা বিছানো পথে হাঁটার মতো। রাজনৈতিক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে অর্থনীতি যখন স্থবিরতা ও উচ্চ মূল্যস্ফীতির দ্বিমুখী চাপে পিষ্ট, তখন কেবল গালভরা প্রতিশ্রুতি নয়, প্রয়োজন হবে সুনির্দিষ্ট এবং কঠোর কিছু অর্থনৈতিক সংস্কার। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে একটি দীর্ঘস্থায়ী অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পরিসংখ্যান বলছে, ২০২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৯৭ শতাংশে নেমেছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। যদিও ২০২৬ সালে এটি ৫ শতাংশে ওঠার পূর্বাভাস রয়েছে। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা এখনো বেশ কঠিন। এমন পরিস্থিতিতে আসন্ন নতুন সরকারের জন্য অর্থনীতি পুনরুদ্ধারই হবে প্রধান অগ্নিপরীক্ষা।

গত কয়েক বছরে বেসরকারি খাতের ঋণপ্রবাহের চিত্রটি ছিল অত্যন্ত হতাশাজনক। ২০২৫ সালের শেষার্ধে এই প্রবৃদ্ধি ৬ দশমিক ২৩ থেকে ৬ দশমিক ৫৮ শতাংশের মধ্যে ওঠানামা করেছে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। বিনিয়োগকারীরা মূলত অপেক্ষা করো এবং দেখো নীতি গ্রহণ করেছে। ব্যবসায়ী-উদ্যোক্তাদের মধ্যে রয়েছে চরম আস্থাহীনতা। নতুন সরকারকে প্রথমেই বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা ও হয়রানি বন্ধ করতে হবে।\r\nমূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করে সুদহার ১৫-১৬ শতাংশে নিয়ে গেছে। এতে ঋণের খরচ বাড়লেও বাজারে পণ্যের দাম কাক্সিক্ষত হারে কমেনি। উল্টো উচ্চ সুদের কারণে নতুন শিল্প স্থাপন থমকে গেছে।

কেবল সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরবরাহ চেইন বা সাপ্লাই চেইনের সিন্ডিকেট ভাঙতে হবে। সুদহারকে ধীরে ধীরে যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থের প্রবাহী বাড়াতে হবে। ডলারের বিনিময় হার কিছুটা স্থিতিশীল হলেও এলসি খোলা এবং বিশেষ করে সেটলমেন্ট বা দেনা মেটানোর ক্ষেত্রে এখনো ব্যবসায়ীরা বাধার মুখে পড়ছেন। মূলধনী যন্ত্রপাতি আমদানি গত বছরের তুলনায় প্রায় ১৬ শতাংশ কমেছে, যা ভবিষ্যৎ শিল্পায়নের জন্য একটি অশনিসংকেত। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাস আয়ের পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে বিশেষ প্যাকেজ ঘোষণা করতে হবে। হুন্ডি বন্ধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রণোদনা অব্যাহত রাখতে হবে।

রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে থাকায় সরকার ব্যাংকব্যবস্থা থেকে মাত্রাতিরিক্ত ঋণ নিচ্ছে। এতে বেসরকারি খাতের জন্য ঋণের জায়গা সংকুচিত হচ্ছে। অন্যদিকে এডিপি বাস্তবায়নের হার ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ভাগে ছিল মাত্র ১৭ দশমিক ৫৪ শতাংশ, যা গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন। রাজস্ব খাতে ব্যাপক সংস্কার বা ট্যাক্স রিফর্ম জরুরি। করের আওতা বাড়িয়ে জিডিপিতে করের অনুপাত (যা বর্তমানে মাত্র ৬ দশমিক ৮ শতাংশের আশপাশে) বাড়াতে হবে। অলাভজনক মেগাপ্রজেক্টের চেয়ে কর্মসংস্থান তৈরি করে এমন প্রকল্পে এডিপির বরাদ্দ বাড়াতে হবে। বেকারত্ব, বিশেষ করে শিক্ষিত বেকারত্বের হার বর্তমানে উদ্বেগের পর্যায়ে।

শিল্প-কারখানা বন্ধ হওয়া এবং পুরনো কারখানাগুলোর উৎপাদনক্ষমতা কমে যাওয়া (প্রায় ৬০-৭০ শতাংশে নেমে আসা) কর্মসংস্থানকে সংকুচিত করছে।\r\nবন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো চালুর জন্য বিশেষ আর্থিক সহায়তা এবং নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। রপ্তানি বহুমুখীকরণ খাতে বিশেষ নজর দিতে হবে, যাতে তৈরি পোশাক শিল্পের ওপর একক নির্ভরতা কমে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদ্যঃপ্রকাশিত ইকোনমিক আপডেট প্রতিবেদনের তথ্য বলছে, ডিসেম্বর ২০২৫ শেষে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশে, যা নভেম্বরের তুলনায় আরো বেশি। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিই এই ঊর্ধ্বগতির প্রধান চালিকাশক্তি। বিপরীতে মজুরি মূল্যস্ফীতি প্রায় স্থবির থেকে ৮ শতাংশের কাছাকাছি অবস্থান করছে।

ফলে দাম ও আয়ের মধ্যে ব্যবধান আরো বেড়েছে, যা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির প্রকৃত ক্রয়ক্ষমতাকে সংকুচিত করছে। এই ব্যবধান দীর্ঘস্থায়ী হলে ভোগব্যয় কমে যাওয়ার ঝুঁকি বাড়বে, যা সামগ্রিক চাহিদা ও উৎপাদন প্রবৃদ্ধিকে প্রভাবিত করতে পারে। বাজার ব্যবস্থাপনার দুর্বলতা, সরবরাহ শৃঙ্খলের সীমাবদ্ধতা এবং আমদানিনির্ভরতার কারণে মূল্যস্ফীতির চাপ দ্রুত কমছে না বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। নতুন সরকারের সামনে নিত্যপণ্যের দামে লাগাম টেনে মানুষকে স্বস্তি দেওয়া হবে সবচেয়ে বড় অগ্রাধিকার। নভেম্বর পর্যন্ত ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০ শতাংশের বেশি থাকলেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র সাড়ে ৬ শতাংশের ঘরে আটকে আছে। অর্থাৎ, মানুষ সঞ্চয় করলেও সেই অর্থ উৎপাদন ও বিনিয়োগে প্রবাহিত হচ্ছে না। এর বিপরীতে সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ২৩ শতাংশ ছাড়িয়ে গেছে। এটি সামগ্রিক ঋণপ্রবাহকে বাড়িয়ে দেখালেও বাস্তবে তা বেসরকারি খাতের জন্য সুযোগ সংকুচিত করছে। নতুন সরকারকে বেসরকারি খাত চাঙ্গা করতে ঋণপ্রবাহ বাড়াতে হবে। সুদহার কমিয়ে আনাও একটি চ্যালেঞ্জ হবে আগামীর সরকারের জন্য। বাজেট ঘাটতি ও রাজস্ব আদায়ের দুর্বলতার কারণে সরকারকে ব্যাংকব্যবস্থা থেকে বেশি ঋণ নিতে হচ্ছে। এরই মধ্যে সরকার নতুন পে স্কেল ঘোষণার উদ্যোগ নিয়েছে, যেখানে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা দ্বিগুণ করার কথা বলা হয়েছে। এটি বাস্তবায়ন করতে নতুন সরকারকে অতিরিক্ত প্রায় এক লাখ কোটি টাকা খরচ করতে হবে। বিদ্যমান কাঠামোতে এত বিপুল অঙ্কের টাকার সংস্থান কিভাবে হবে, ঠিক করতে হবে এর সঠিক রোডম্যাপ।