ছয় সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের ওপর উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেন, তখন তিনি বলেছিলেন যে, এই যুদ্ধ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। পুরোপুরি ধ্বংস হবে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। হিজবুল্লাহ ও হুতির মতো ইরানের আঞ্চলিক ছায়াশক্তিগুলো ভেঙে পড়বে। দেশটির নৌবাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে। এর ফলে ইরানের ধর্মীয় কট্টরপন্থি শাসনব্যবস্থা পরিবর্তনের একটি সুযোগ তৈরি হবে। কিন্তু গত সপ্তাহে ট্রুথ সোশ্যাল নামের নিজের মালিকানাধীন একটি সামাজিক প্ল্যাটফর্মে ট্রাম্প যে যুদ্ধ বিরতির ঘোষণা দিলেন সেখানে ওইসব লক্ষ্য অর্জনের স্পষ্ট কোনো আলামত ছিল না।
বলার অপেক্ষা রাখে না যে, মার্কিন বাহিনী রণকৌশলের ক্ষেত্রে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। তারা ইরানের নৌবাহিনীকে ডুবিয়ে দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেন যে, ইরানের ৫,০০০-এরও বেশি নৌ-মাইনের ৯৭ শতাংশই ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির সক্ষমতাও অনেকাংশে হ্রাস পেয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে।
তবুও গত ৪৭ বছর ধরে ইরান শাসন করে আসা কট্টরপন্থিরাই এখনও ক্ষমতার মসনদে আসীন। ইরানের কাছে এখনও উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অক্ষুণ্ন রয়েছে। তাছাড়া হরমুজ প্রণালির ওপর ইরান এখন এক নতুন ধরনের আধিপত্যের দাবি করতে পারে। সর্বোপরি, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে যখন আলোচনা শুরু হতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই যুদ্ধ ইরানের আঞ্চলিক গুরুত্বকে পুনরায় প্রতিষ্ঠিত করেছে।
যুদ্ধবিরতি ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার সব সামরিক লক্ষ্য কেবল অর্জনই করেনি বরং তা অতিক্রমও করেছে। প্রেসিডেন্টের কথার সঙ্গে সুর মিলিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন যে, যুক্তরাষ্ট্র একটি ‘ঐতিহাসিক ও অভূতপূর্ব বিজয়’ অর্জন করেছে, কারণ ইরানের সামরিক বাহিনীকে ‘আগামী বহু বছরের জন্য যুদ্ধক্ষেত্রে অকার্যকর’ করে দেওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ঘোষণা করেন যে, যুক্তরাষ্ট্রের ৩৮ দিনের বিমান অভিযান ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ৮০ শতাংশ ধ্বংস করেছে। ইরানের প্রায় ৮০০টি ড্রোনের গুদাম, ৪৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণকেন্দ্র আর ১৫০টিরও বেশি জাহাজ ধ্বংস করেছে।
কিন্তু ইরান ঠিকই যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়েছিল। এমনকি পেন্টাগন সম্প্রতি যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী তেরো হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো সত্ত্বেও যুদ্ধবিরতির আগে ইরানি সেনাবাহিনী প্রতিদিন ১৫ থেকে ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৫০ থেকে ১০০টি ড্রোন নিক্ষেপ করতে সক্ষম হয়েছিল। গত সপ্তাহে ইরানি বাহিনী দুটি মার্কিন সামরিক বিমান ভূপাতিত করে। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের একাধিক আরব দেশে প্রায় প্রতিদিন ইরান হামলা চালিয়েছে। ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও ইরান হামলা চালায়।
ইরানের সামরিক বাহিনীবিষয়ক কয়েকজন বিশেষজ্ঞ মন্তব্য করেছেন যে, পেন্টাগন বোমা বর্ষণের সংখ্যার ওপর গুরুত্ব দিলেও এই যুদ্ধে আসলে যুক্তরাষ্ট্রের কোনো কৌশলগত লক্ষ্যই ছিল না। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ইরানবিষয়ক বিশেষজ্ঞ ভালি নাসের মনে করেন যে, কত মানুষকে যুক্তরাষ্ট্র হত্যা করতে পেরেছে তার ভিত্তিতেই বিজয়কে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হচ্ছে।
যুদ্ধ শুরু করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে যারা উদ্বুদ্ধ করেছিলেন তারাও এ নিয়ে সংশয় প্রকাশ করছেন যে ইরান প্রকৃতপক্ষে পরাজিত হয়েছে কিনা। ইরানের শাসনব্যবস্থা ‘এখনও টিকে থাকায়’ ফক্স নিউজের টক শো হোস্ট মার্ক লেভিনও আক্ষেপ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসের অত্যন্ত ঘনিষ্ঠ কট্টর ডানপন্থি রাজনৈতিক বিশ্লেষক লরা লুমার অনলাইনে এক পোস্টে লিখেছেন যে যুদ্ধবিরতি আলোচনা থেকে যুক্তরাষ্ট্র কিছুই পায়নি। সাউথ ক্যারোলাইনার যুদ্ধবাজ রিপাবলিকান সিনেটর লিন্ডজি গ্র্যাম সতর্ক করে দিয়ে বলেছেন যে, যেকোনো চুক্তি কংগ্রেসকে অবশ্যই পর্যালোচনা করে দেখতে হবে।
ট্রাম্পের কট্টরতম সমর্থকদের মধ্যে যে গভীর উদ্বেগ ও হতাশা দেখা যাচ্ছে তা এই যুদ্ধের জটিলতর পরিণতি ও অসংগতিকেই প্রকট করে তুলেছে। মাথায় ‘ইউএসএ’ লেখা একটি বেসবল ক্যাপ পরে গত ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাতে প্রচারিত এক ভিডিও বার্তায় ট্রাম্প ঘোষণা করেন–‘আমরা নিশ্চিত করব যেন ইরান কোনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’ তবে তিনি এমন এক সময়ে যুদ্ধবিরতি ঘোষণা করলেন, যখন ইরানের দখলে শত শত পাউন্ড অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে।
যুদ্ধের সূচনালগ্নে ট্রাম্প জোর দিয়ে বলেছিলেন যে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বারপ্রান্তে। যদিও অনেক পারমাণবিক বিশেষজ্ঞ ওই দাবিটি নিয়ে দ্বিমত পোষণ করে বলেন, তেহরানের সামনে তখনও অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি ছিল। প্রকৃতপক্ষে, তৎকালীন সর্বোচ্চ নেতা আলি খামেনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একটি ফতোয়া বা ধর্মীয় নির্দেশ জারি করেছিলেন; যা পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে একটি প্রতিবন্ধক বা নিয়ন্ত্রণকারী বিষয় হিসেবে কাজ করেছিল। খামেনির প্রয়াণের সঙ্গে সেই ফতোয়াটিরও অবসান ঘটেছে।
এর পরিবর্তে এই যুদ্ধ ইরানের নেতৃত্বকে পারমাণবিক অস্ত্র সম্পর্কে একটি শিক্ষা দিয়েছে– উত্তর কোরিয়ার মতো যেসব রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে তারা নিরাপদ; অথচ ইরানকে বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। তাই অত্যন্ত অল্প সময়ের মধ্যে পারমাণবিক সক্ষমতা অর্জনের জন্য ইরানের হাতে সব ধরনের প্রণোদনাই এখন বিদ্যমান। খামেনি এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের হত্যাকাণ্ডের ফলে বাকি নেতারা হয়তো এই সিদ্ধান্তে উপনীত হতে পারেন যে, ইরানের জন্য এক ধরনের টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার প্রধান উপায়ই হলো পারমাণবিক অস্ত্র। তবে বিষয়টির ইতিবাচক দিক হলো সম্ভবত নিজেদের অপ্রতিরোধ্য সামরিক শক্তি প্রদর্শন করার পর যুক্তরাষ্ট্র এখন পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি কূটনৈতিক সমাধানের ব্যাপারে আগ্রহী হয়ে উঠতে পারে। এর ফলে ইরান হয়তো নিষেধাজ্ঞা থেকে কিছুটা অব্যাহতি পাবে।
তাছাড়া অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ এমন এক সংকটের সৃষ্টি করেছে, যা যুদ্ধ শুরুর আগে বিদ্যমান ছিল না। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ দখল করে নেবে এমন জল্পনা থাকা সত্ত্বেও ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এই কৌশলগত জলপথটির নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকছে। যুদ্ধের আগে প্রণালিটি, যা বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস বহন করে, আনুষ্ঠানিকভাবে একটি আন্তর্জাতিক জলপথ হিসেবে গণ্য হতো। ইরান এর ওপর নজর রাখত। জাহাজ চলাচলে বাধা দিত। মাঝে মাঝে জাহাজ আটক করত। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা থেকে বিরত ছিল। নতুন বাস্তবতায় তেহরান ট্যাঙ্কারগুলোর ওপর নজরদারি করা থেকে সরে এসে কার্যত শর্ত আরোপ করতে শুরু করেছে। বর্তমানে ইরান নৌপথটির কার্যত দ্বাররক্ষক হিসেবে কাজ করছে। বেছে বেছে জাহাজ চলাচলের অনুমতি ও তার শর্ত নির্ধারণ করছে। নিরাপদ চলাচলের জন্য জাহাজগুলোর কাছ থেকে ইরান অর্থও আদায় করতে চায়।
অন্যদিকে ইরানের ধর্মতান্ত্রিক শাসনব্যবস্থা এখনও ক্ষমতায় বহাল রয়েছে। সম্ভবত দেশের ওপর তাদের নিয়ন্ত্রণ এখন আরও বেশি সুদৃঢ়। যুদ্ধের ঠিক আগে ইরানে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের জেরে খামেনির নেতৃত্বে এক নৃশংস দমনপীড়ন শুরু হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, সেই ঘটনায় ৭,০০০-এরও বেশি মানুষ নিহত হয়। যুদ্ধের পর বাস্তবে যা ঘটল তা হলো খামেনির পুত্র মোজতবা খামেনিই ইরানের সর্বোচ্চ পদে আসীন হলেন। যদিও তরুণ খামেনি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না, তবুও অনেক বিশেষজ্ঞ তাঁকে তাঁর পিতারই এক অপেক্ষাকৃত তরুণ এবং আরও বেশি কট্টরপন্থি সংস্করণ হিসেবে বর্ণনা করেছেন। একটি কর্তৃত্ববাদী শাসনব্যবস্থাকে সরিয়ে আরেকটি অনমনীয় শাসনব্যবস্থা প্রতিস্থাপিত হয়েছে; যার নেতৃত্বে রয়েছেন আগের শাসকের চেয়ে ৩০ বছরের কনিষ্ঠ এক ব্যক্তি।
ইরানের এই আপেক্ষিক অর্জনগুলোকে অবশ্যই বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে বিচার করতে হবে। এই সংঘাত চলাকালীন যুক্তরাষ্ট্র একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক জোট গড়ে তুলতে ব্যর্থ হয়। কূটনৈতিক বিভাজনগুলো ছিল স্পষ্ট। এমনকি জাতিসংঘের মতো মঞ্চেও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিভিন্ন পরাশক্তির বাধার মুখে পড়ে। আঞ্চলিক পর্যায়ে উপসাগরীয় রাষ্ট্রগুলোও অত্যন্ত সতর্ক অবস্থান বজায় রাখে। সংঘাতের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তারা প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপে বিরত ছিল। এই ধরনের অনীহা যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের সুযোগকে সীমিত করে দেয়।
সব মিলিয়ে, এই যুদ্ধবিরতি একটি আপাতবিরোধী ফলাফলের ইঙ্গিত দেয়। একটি বিধ্বংসী সংঘাত থেকে বেরিয়ে আসার পর ইরানের সামরিক শক্তি নিঃসন্দেহে দুর্বল হয়ে পড়েছে। দেশটির নেতৃত্বও কিছুটা টালমাটাল অবস্থায় রয়েছে। তবুও তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কৌশলগত জলপথে নিজেদের অবস্থানকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হয়েছে। টোল আদায়ের মাধ্যমে রাজস্ব উপার্জনের একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্রকে এমন একটি আলোচনার কাঠামোর মধ্যে নিয়ে আসতে বাধ্য করেছে, যেখানে ইরানের মূল দাবিদাওয়াগুলো অন্তর্ভুক্ত রয়েছে। সেই অর্থে, এই যুদ্ধের ফলাফলকে শেষ পর্যন্ত ইরান কী হারিয়েছে তার চেয়ে বরং কী অর্জন করেছে তার মাধ্যমেই বেশি করে সংজ্ঞায়িত করা যেতে পারে।
ড. মো. আবু নাসের: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, বেকার্সফিল্ডের কমিউনিকেশনস বিভাগের চেয়ারপারসন।
