সম্ভাবনার পথে বাংলাদেশের অর্থনীতি -অর্থাৎ সুবিধাজনক বা অনুকূল অবস্থা পাওয়া, দুর্দশা থেকে মুক্তি পাওয়া, বাংলাদেশের আকাশে কালো মেঘ দূরভিত হয়ে সোনালি আলো দেখতে পাওয়া। বাংলাদেশের রাজনীতিতে যেই ক্ষমতায় আসুক না কেন তাকে অর্থনীতির হাল ধরতেই হবে। কারণ, দিন শেষে অর্থনীতির মুক্তি মানেই আসল মুক্তি। অতীতে যারা ক্ষমতায় ছিলেন, বর্তমান যারা ক্ষমতায় আছেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারাও অর্থনীতি নিয়ে কাজ করবেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে অর্থনীতি হতে মুক্তি বা স্বাধীন হওয়ার আপ্রাণ চেষ্টা করছে।
এবার আসা যাক বাংলাদেশের অর্থনীতি কিভাবে হালে পানি পেল।\r\nবিশ্বে যত বিপ্লব বা অভ্যুত্থান হয়েছে তার পেছনে ছিল অর্থনৈতিক বৈষম্য, দ্রব্যমূল্যে ছিল চরম ঊর্ধ্ব গতি, ক্ষমতাশীল দলের চরম অন্যায় অত্যাচার এবং অর্থ আত্মসাৎ। যেমনটা ছিল বিগত সরকারের সময়। বিগত সরকার দেশের অর্থ বিদেশে পাচার না করলে এমন বির্পযয় বিগত সরকার নাও হতে পারত। শ্বেতপত্র অনুযায়ী বর্তমান বাজার মূল্যে প্রায় ২৮ লাখ কোটি টাকা দেশের অর্থ বিদেশে পাচার করেছে। যা দিয়ে প্রায় চার থেকে পাঁচটি জাতীয় বাজেট প্রণয়ন করা যেত। আবার মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, যা দীর্ঘদিন ধরে দুই অংকের ওপর ছিল। দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪৮ বিলিয়ন থেকে দ্রুতই ২৪ বিলিয়নে নেমে ছিল। বৈদেশিক ঋণের পরিমান ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
ঠিক এমনই সময় অভ্যুত্থানের মাধ্যমে বিগত সরকারের পতন হয় এবং গঠিত হয় বর্তমান অন্তর্বর্তীসরকার।\r\nবর্তমান সরকার গঠিত হওয়ার সময় দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম অবনতি হয়, যা আজ অবধি দৃশ্যমান। কিন্তু অর্থনীতি আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। যাকে বলে হালে পানি পাওয়া। কারণ, প্রতিটি যুদ্ধ বা বিপ্লবের পরে এবং অভ্যুত্থানের পরেও ওই দেশের মুদ্রাস্ফীতি কয়েক গুণ থেকে কয়েক হাজার পর্যন্ত বৃদ্ধি পায়। যেমন, প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে ১৯২৩ সালে বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ২৯ হাজার ৫০০ শতাংশ। অর্থাৎ, দৈনিক মূল্যস্ফীতির হার ছিল ২০ দশমিক ৯ শতাংশ। ১৯৯০ সালে পেরুতে বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৭ হাজার ৪৮৫ শতাংশ।
আবার ফরাসি বিপ্লবে বাস্তিল দুর্গ আঘাতের মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হয়েছিল, তার পেছনেও ছিল ব্যাপক মূল্যস্ফীতি। সেই অনুযায়ী বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি ব্যাপক বৃদ্ধি পাওয়ার কথা ছিল। কারণ, বিগত সরকারের সময়ে বড় বড় ব্যবসায়ী ওই সরকারের ছত্রছায়ায় গড়ে ওঠে এবং সরকার পতনের পর ওইসব ব্যবসায়ী দেশ ছেড়ে পালিয়ে যায় অথবা আত্মগোপনে চলে যায়। ফলে ওই সব ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়। বেকারত্ব বেড়ে যায়, উৎপাদন কমে যায়, আমদানি রপ্তানি অনেক ক্ষেত্রেই কমে যায়। এসব বিষয় নিয়ে আন্দোলনের জোয়ার বইছিল। এমতাবস্থায় মূল্যস্ফীতি বৃদ্ধি না পেয়ে নিয়ন্ত্রণ চলে এসেছে বলা যায়। \r\nতবে গত ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ। গত নভেম্বরেও মূল্যস্ফীতি বেড়ে হয়েছিল ৮ দশমিক ২৯ শতাংশ।
আর বিবিএসের হিসাব অনুসারে, গত ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ৭১ শতাংশ। যেখানে ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক শূন্য ৩ শতাংশ এবং গত ডিসেম্বর, ২০২৪ সালে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৯ শতাংশ এবং খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৯২ শতাংশ। সুতরাং মূল্যস্ফীতি কিছুটা স্থির এ কথা বলাই যায়। জাতীয় বাজেটে মূল্যস্ফীতি নির্ধারণ করা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশ এবং গত ৩১ জুলাই এ ঘোষিত সংকোচনমূলক মুদ্রা নীতিতে ৬ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। দেশের অর্থনৈতিক অবস্থা যেহেতু বেসামাল এবং মূল্যস্ফীতি দুই অঙ্কের ওপরে ছিল, তাই এই বেসামাল অর্থনীতিকে এবং অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনার জন্য মুদ্রা সংকোচনমূলক নীতি গ্রহণ করতে বাধ্য হয় বর্তমান সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির অন্যতম উপাদান সুদের হার কেমন হবে অর্থাৎ, নীতি সুদহার বৃদ্ধি করে সুদের হার নিয়ন্ত্রণ করা হয়।\r\nবাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো- সদ্য বিদায়ী ২০২৫ সালে সব মিলিয়ে দেশে ৩ হাজার ২৮২ কোটি ডলারের প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে। সম্প্রতি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) বিল বাবদ ১৫৩ কোটি ডলার পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। যেখানে বাংলাদেশ ব্যাংকে ২০২১ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল, যা এ যাবৎকালের সর্বোচ্চ।
এরপর রিজার্ভ কমে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের সময় মোট রিজার্ভ ছিল ২৬ বিলিয়ন ডলারে। তাতে ওই সময় দেশে ডলার-সংকট চরম আকার ধারণ করেছিল। ব্যাংক খাতে ডলারের দাম বেড়ে ১২৮ টাকা পর্যন্ত উঠেছিল। সংকট কেটে যাওয়ায় এখন ডলারের দাম কমে ১২২ টাকায় নেমেছে।\r\n৫ আগস্ট, ২০২৪ আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে তৈরি পোশাক, ওষুধসহ বেশকিছু কারখানায় অস্থিরতা দেখা যায়। তবে অর্থনৈতিক সমীক্ষার তথ্যে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ইপিজেডগুলো থেকে ৮২২ কোটি ৩২ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর আগের অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৭০৭ কোটি ৫১ লাখ ডলার। অর্থাৎ, এক বছরে রপ্তানি বেড়েছে প্রায় ১৬ শতাংশ।
আবার ২ জুলাই, ২০২৫ (বাসস) প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৮.৫৮ শতাংশ। যার ফলে মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের ৪৪.৪৬ বিলিয়ন ডলারের তুলনায় বেশি।\r\nকেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি হিসাবের ভারসাম্যে ৬৬১ কোটি ডলারের বড় ঘাটতি নিয়ে গত ২০২৩-২৪ অর্থবছর শেষ হয়। তার আগের অর্থবছরে (২০২২-২৩) ঘাটতি ছিল আরও বেশি, ১ হাজার ১৬৩ কোটি ডলার। অবশ্য ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) চলতি হিসাবের ঘাটতি কমে ১৩৯ কোটি ডলারে দাঁড়িয়েছে (সূত্র : প্রথম আলো ৮ জন ২০২৫)। আবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নিট এফডিআই প্রবাহ দাঁড়িয়েছে ৩১৫ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার।
আগের বছর একই সময়ে এই অঙ্ক ছিল ১০৪ দশমিক ৩৩ মিলিয়ন ডলার। অর্থাৎ, বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০২ শতাংশ (সূত্র, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ১১ জানুয়ারি ২০২৬)।\r\nবর্তমান সরকার ব্যর্থ শুধু নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে না পারা, দারিদ্রতার হার হ্রাস করতে না পারা, এবং ব্যাংকিং খাতের ভগ্ন দশা থেকে টেনে তোলার চেষ্টা করলেও পুরোপুরি সফল- এটাও বলা যায় না। তবুও প্রশংসার আশায় থাকে বর্তমান সরকার-তেমনই প্রতিফলন ঘটেছে অর্থ উপদেষ্টার কথায়। যেমন- গত শনিবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যাংকিং অ্যালম্যানাক র সপ্তম সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, আমরা একটি ভঙ্গুর সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পেয়েছিলাম, এখন ম্যাক্রো অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে।
মূল্যস্ফীতি বেড়েছে; বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। কিন্তু শুধু মুদ্রানীতির মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; সরবরাহ পর্যায়ে ব্যবস্থাপনা ও বাজারে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত মুনাফালোভ ও মজুতদারি শুধু আইন প্রয়োগের মাধ্যমে দমন করা যায় না, এজন্য পাইকার, ব্যবসায়ী ও খুচরা বিক্রেতাদের সহযোগিতা প্রয়োজন। \r\nপূর্ববতী সফলতা মানে ভবিষ্যতের জন্য তা চ্যালেঞ্জ। কারণ, অর্থনীতির যে উপাদানটি পজিটিভ তা কখনোই নেগেটিভ হতে দেওয়া যাবে না, আবার নেগেটিভ উপাদানটিকে পজিটিভ করার জন্য চ্যালেঞ্জ নিতে হবে। সুতরাং আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, দেশকে এবং দেশের অর্থনীতিকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকটি নাগরিককেও সহযোগিতা করতে হবে দায়িত্বপ্রাপ্ত সরকারকে। তবেই সম্ভব হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করা। যেখানে থাকবে না দারিদ্র, থাকবে না বেকারত্ব এবং অর্থনীতির প্রতিটি সূচক থাকবে উর্ধ্বমুখী।\r\nলেখক : ব্যাংকার ও কলামিস্ট \r\naktarrofikul@gmail.com
