প্রধানমন্ত্রী তারেক রহমান সমীপেষু,

আসসালামু আলাইকুম। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং আপনার নেতৃত্বে সরকার গঠন করার পর এমন শান্তির বার্তা দিয়েই নতুন বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং তার দলসহ ১১ দলীয় ঐক্য। দেশবাসীর প্রত্যাশা ছিল— জাতীয় নির্বাচনের আগে জাতিকে দেয়া প্রতিশ্রুতি জুলাই সনদের আলোকে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরাও একইসাথে দুটি— ১. জাতীয় সংসদ সদস্য ও ২. সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ১৭ ফেব্রুয়ারি দেশের শতকরা ৭০ জন লোকের রায়ের প্রতিফলন দেখল না দেশবাসী।

তারা প্রত্যাশায় ছিলেন— যার আহ্বানে জনগণ গণভোটের পক্ষে ভোট দিয়েছেন, তিনি কথা রাখবেন। কিন্তু ৮ মাস পরও জনগণের প্রত্যাশার বিপরীত স্রোতই বইছে। এর কুপ্রভাবেই সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ, দুর্নীতি, দলীয়করণ, বাজার সিন্ডিকেট, পতিত ফ্যাসিস্টদের দৌরাত্ম্যে একে একে ক্ষতবিক্ষত হচ্ছে ২০২৪-এর জুলাই বিপ্লবের চেতনা।

গণঅভ্যুত্থানের পর্ব সফল হলেও বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য অর্জনের পথের বাধা দূর হচ্ছে না। এ বাধাগুলো দূর করার দায়িত্ব আপনার সরকারের। এক্ষেত্রে অবহেলা বাড়লে ক্ষতগুলো বড় হবে। সংসদীয় গণতন্ত্রে সরকার ও বিরোধীদলের গঠনমূলক সম্পর্কের মাঝে দেশ-জনগণের শত্রু এবং পতিত ফ্যাসিস্ট অপশক্তি শুধু দেয়াল নয়, বিষবৃক্ষের জন্ম দেবে। সেই লক্ষণও অতি সম্প্রতি প্রকট হচ্ছে। আপনি যখন জনমনে আশা জাগানোর সবুজ বার্তা দিচ্ছিলেন, ঠিক তখনই সজাগ হয়ে উঠে ফ্যাসিস্ট অপশক্তি।

যেমন—আপনার ইতিবাচক উদ্যোগ রাজধানীর মিরপুরের মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, টিকাদান (ইপিআই ও অন্যান্য জরুরি টিকা), প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী যত্ন এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানের জন্য অত্যন্ত সুপরিচিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (হাসপাতাল) ভাঙচুরে সংশ্লিষ্টতার অভিযোগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগে বাধ্য করা। বিষয়টি প্রশংসনীয়। কিন্তু প্রশংসনীয় কাজকে আড়াল করতে হয়তো অথবা অজ্ঞাত কারণে একই সময় এমন কিছু ঘটনা ঘটল যাকে রাজনৈতিক অসহিষ্ণুতা বা প্রতিহিংসা বলে অতি সহজেই চিহ্নিত করা হচ্ছে। যেমন— বিশ্বব্যাপী পরিচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস সালমান স্টুডিও ভাঙচুরের পরপরই তার ব্যাংক হিসাব তলব, তার শ্বশুরের গোডাউন সিলগালা করা এবং হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ, বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার। অথচ জনগণের প্রত্যাশা ছিল— নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগ নয়, গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। জনগণের কণ্ঠস্বর বিরোধীদের পক্ষ থেকেও অভিযুক্তদের গ্রেফতার, বিচার এবং রাড্ডার নামে জমি বরাদ্দ দিয়ে এটিতে বিশ্বমানের মা ও শিশু হাসপাতাল হিসেবে গড়ার দাবি জানানো হয়েছে। এ দাবি মানলে শুধু দেশে একটি বিশ্বমানের মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা হবে না, প্রধানমন্ত্রী ও সরকারের নামও ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়। কালপিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে।’

বাংলাদেশের রাজনীতির সাথে যারা কম-বেশি পরিচিত, তাদের কারো অজানা নয়, অতীতে বিএনপি এমন গঠনমূলক বিরোধীদল পায়নি। বরং পেয়েছে ‘একদিনও শান্তিতে থাকতে দেব না’— ঘোষণা দিয়েছে, ১৭৩ দিন সহিংস হরতাল করেছে। পাঁচ বছর পূর্ণ করার আগেই ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। অথচ বর্তমান বিরোধীদল প্রতিদিন প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, আমরা বিরোধিতার কারণে বিরোধিতায় বিশ্বাসী নই।

এ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধীদল হলেও তাদের নীতি গঠনমূলক। তারা কেবল বিরোধিতার খাতিরে সরকারের সব কাজের অন্ধ বিরোধিতা করছে না এবং করবেও না। তবে সরকারের এমন যেকোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ— যা জনস্বার্থের পরিপন্থী বা জনগণের অধিকার ক্ষুণ্ন করে, তার বিরুদ্ধে শক্ত ও নিয়মতান্ত্রিকভাবে রাজপথে এবং সংসদে প্রতিবাদ জানাচ্ছে এবং জানাতেই থাকবে। তিনি আরো বলেন, জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট যেকোনো কল্যাণমুখী উদ্যোগে এবং দেশের সংকট নিরসনে জামায়াত সরকারকে সম্পূর্ণ সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখবে। রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি সুস্থ ও ইতিবাচক সংসদীয় চর্চা বজায় রাখাই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য। সরকারের দায়িত্ব গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা নিশ্চিত করা। সরকারে যারা আছেন, তাদের মনে রাখতে হবে— একটি কার্যকর ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধীদল অত্যন্ত জরুরি।’

আপনি নিশ্চয় অবগত, রাজনৈতিক দল; বিশেষ করে সরকারি দলে দুধের মাছির অভাব হয় না। তারা আপনার দল, দলীয় নীতি ও আদর্শের প্রতি আস্থার জন্য নয়, দেশপ্রেম ও জনসেবার মানসেও নয়, আসে নিজের ভাগ্য বদলানোর অসত্য বাসনা পূরণ করতে। এই দুর্বৃত্তরাই দল, সরকার ও রাষ্ট্রকে ব্যবহার করে তাদের অপরাধ আড়াল করার ঢাল হিসেবে। স্বার্থ ফুরালে দল, দেশ ও জনগণ বিপদে পড়লে তারা দ্রুত রং বদলে শত্রুপক্ষের হাতে হাত মেলায়। এদের কঠোর হাতে দমন করে দেশে একটি টেকসই গণতান্ত্রিক রাজনীতির ভিত রচনার এমন সুবর্ণ সময়ে আপনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ সুযোগ কাজে লাগালে ম্যাগনা কার্টার মতো স্মরণীয় হবে— আপনার হাতে জুলাই গণভোটের রায় বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়ার পথ তৈরি করলে।

ইতোমধ্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নের ভারতের কাছে সমমর্যাদা দাবি করে চোখে চোখ রেখে কথা বলা এবং হাসিনার প্রশ্নে ভারত সফর থেকে বিরত থাকার কারণে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি ইতিবাচক বার্তা দেয়ার সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছেন।

মুসলিম দেশগুলোর সাথে সম্পর্কোন্নয়ন এবং চীন ও আমেরিকার সাথে ভারসাম্যমূলক কূটনীতির ইতিবাচক ফল দেশবাসী প্রত্যক্ষ করছে।

রাজনীতি বিশ্লেষকরা আপনার এ সাফল্যকে দেখছেন উন্নয়ন সহযোগী উন্নত দেশ এবং মুসলিম বিশ্বের সাথে সম্পর্কোন্নয়নের উদ্যোগ— এক বলিষ্ঠ কূটনৈতিক বার্তা হিসেবে। তারা মনে করেন, এ প্রয়াস দেখে দেশবাসীর মনের পর্দায় বারবার ভেসে উঠছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জিয়াউর রহমান (বীরউত্তম)-এর কূটনৈতিক তৎপরতার ছবি।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার পিতার আদর্শ অনুসরণ করে এ পথচলা দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই। তিনি সাহসিকতার সাথে ফ্যাসিস্ট হাসিনার একমুখী পরনির্ভর পররাষ্ট্রনীতির বিপরীতে চীন, ইউরোপ, আমেরিকা, আবরবিশ্ব, মালয়েশিয়া, তুরস্ক, পাকিস্তানের সাথে সম্পর্কোন্নয়নের অন্যতম প্রয়াস দেশবাসীকে ভারতের দাসত্ব থেকে মুক্তির আনন্দ-জোয়ারে আন্দোলিত করছে।

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, তুরস্কের বৈশ্বিক ‘এশিয়া অ্যানিউ’ (Asia Anew) নীতির ক্ষেত্রে বাংলাদেশ একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। অপরদিকে বাংলাদেশের জন্য মধ্যপ্রাচ্য ও ইউরোপের সাথে যোগাযোগের ক্ষেত্রে তুরস্ক একটি কৌশলগত মিত্র। এ বৈঠকটি উভয় দেশকে এশীয় ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিজ নিজ অবস্থান শক্তিশালী করতে সাহায্য করবে।

জাতিসংঘের সদ্যসমাপ্ত অধিবেশে রোহিঙ্গা সংকট নিরসন, ফিলিস্তিন সমস্যা সমাধানের পক্ষে সুস্পষ্ট ইতিবাচক অবস্থান বিশ্ববাসীর দৃষ্টি কেড়েছে। ভারতনির্ভর নতজানু কূটনৈতিক জাল থেকে বাংলাদেশকে অবশ্যই বের হয়ে আসতে হবে। বড় দেশ, শক্তিশালী দেশ ও স্বাধীনতা যুদ্ধে সহযোগিতাকারী দেশ ইত্যাদি বয়ান তৈরি করে ভারত বাংলাদেশকে প্রতিনিয়ত শোষণ করছে। দেশের রাজনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, ধর্ম এবং ভাষা ও সংস্কৃতি এহেন কোনো ক্ষেত্র নেই, যেদিকে প্রতিবেশী আধিপত্যবাদী ভারত তার কালো হাত প্রসারিত করেনি। ২০২৪-এর ৫ আগস্ট বিপ্লবের নেপথ্যের অন্যতম অনুষঙ্গ ভারতীয় দাদাগিরির বিরুদ্ধে জনগণের তীব্র ক্ষোভ। আপনি বিষয়টি উপলব্ধি করার সাথে সাথে এ আগ্রাসন মোকাবিলার পথও তৈরি করছেন।

তাই তো বাংলাদেশের সাথে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব ও চীনের কৌশলগত বলয়ের বিস্তার, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি ও ন্যায়সংগত অবস্থানের কারণে ভারতের পররাষ্ট্রমন্ত্রক চাণক্যপুরীতে অস্বস্তি আরো বেড়েছে।

চাণক্যবাদী গোষ্ঠীর সকল ষড়যন্ত্র মোকাবিলা করে নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিস্টবিরোধী শক্তির ঐক্যের বিকল্প নেই। তাই ষড়যন্ত্রকারীদের প্রথম টার্গেট ঐক্যে ফাটল ধরানো। এ নীলনকশার বাস্তবায়ন করতেই চাণক্যবাদী অপশক্তি পতিত ফ্যাসিস্ট ও রাজনীতির চাদরে মুখ ঢাকা দুর্বৃত্তদের নিয়োগ করেছে। তারা সরকার, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, নিরাপত্তা বাহিনী ও প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসে ইঁদুর, উইপোকা আর ঘুণপোকার মতো ধীরে ধীরে ঐক্যের বন্ধন কাঁটছে। অপেক্ষা করছে সময়-সুযোগের। তাই আপনাকে সামনে চলতে হবে দেশের ১৮ কোটি মানুষের নেতা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে চেয়ারে বসার আগে দেয়া প্রতিশ্রুতি এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে। তবেই শান্তি বর্ষণের এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। মা-আসসালাম।

আপনার রাষ্ট্রের নাগরিক

হারুন ইবনে শাহাদাত।