কৈশোর এমন একটি সময়, যখন শিশু ধীরে ধীরে প্রাপ্তবয়স্কতার দিকে এগোতে থাকে। এই বয়সে শারীরিক ও মানসিক পরিবর্তন যেমন দ্রুত ঘটে, তেমনি আচরণেও দেখা যায় অস্থিরতা, বিদ্রোহী মনোভাব এবং আত্মপ্রকাশের তীব্র আকাক্সক্ষা। ঠিক এই সময়টাতেই প্রয়োজন সঠিক দিকনির্দেশনা, সুস্থ পরিবেশ ও মূল্যবোধের শিক্ষা। কিন্তু আধুনিক জীবনের ব্যস্ততা, প্রযুক্তিনির্ভরতা এবং পারিবারিক বন্ধনের দুর্বলতার কারণে অনেক কিশোর আজ বেপরোয়া আচরণে ঝুঁকে পড়ছে। ফলে পিতা-মাতার প্রতি অশ্রদ্ধা, বিকৃত আচরণ এবং মূল্যবোধের অবক্ষয় ক্রমেই বাড়ছে। অনেক পরিবারেই দেখা যায়, সন্তান পিতা-মাতার সঙ্গে কথা বলার সময় সম্মান দেখায় না, পরামর্শকে গুরুত্ব দেয় না এবং সামান্য কথাতেও তর্ক বা রাগ প্রকাশ করে।
পিতা-মাতার প্রতি এই অশ্রদ্ধার শিকড় লুকিয়ে আছে পারিবারিক যোগাযোগহীনতা, অতিরিক্ত স্বাধীনতা কিন্তু দায়িত্ববোধের অভাব, ভুল বন্ধু- সমাজ এবং ডিজিটাল আসক্তির মতো কারণগুলোতে। আবার কখনো অতিরিক্ত আদর-আহ্লাদ কিংবা চরম কঠোরতাও সন্তানকে মানসিকভাবে ভারসাম্যহীন করে তোলে, যা তার আচরণে নেতিবাচক প্রভাব ফেলে। কিশোরদের বিকৃত আচরণের আরেকটি বড় উৎস হলো অনিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহার। স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার জগতে তারা এমন সব কনটেন্টের মুখোমুখি হচ্ছে, যা তাদের মননে সহিংসতা, ঝুঁকিপূর্ণ আচরণ ও নৈতিক সীমালঙ্ঘনের প্রবণতা তৈরি করছে। ফলে দেখা যায় অযথা রাগ, বাড়াবাড়ি আত্মবিশ্বাস, পড়াশোনা থেকে বিমুখতা, নৈতিক বোধহীনতা এবং ভুল বন্ধুর প্রভাবে অপরাধপ্রবণতা। এই আচরণ শুধু পরিবারকে অশান্ত করে না; সমাজকেও বিপদের মুখে ঠেলে দেয়। মূল সংকটের জায়গা হলো মূল্যবোধের অবক্ষয় যেখানে সম্মান, সহমর্মিতা, শৃঙ্খলা, কৃতজ্ঞতা ও মানবিকতার মতো মৌলবোধগুলো কিশোরদের চেতনায় জায়গা করে নিতে পারছে না। পরিবার ব্যস্ত, বিদ্যালয় কর্মমুখী কিন্তু নৈতিকশিক্ষাহীন। সমাজ দ্রুতগতির কিন্তু মূল্যবোধশূন্য। \r\nসমাধান সমাধানে চাই সমন্বিত প্রচেষ্টা। সন্তান শুধু জৈবিকভাবে জন্ম দিলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদেরকে সামাজিক, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার-বিদ্যালয়-সমাজ সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন। আমরা যদি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ, সচেতন, দায়িত্বশীল ও মূল্যবোধসম্পন্ন হোক তবে ফিরতে হবে মূলনীতিতে ভালোবাসা, শাসন, মূল্যবোধ এবং মানবিক সমাজীকরণের চর্চায়। তা না হলে কৈশোরের বেপরোয়া ঢেউ আগামীর সমাজকে আরও অস্থির করে তুলবে এতে সন্দেহ নেই।
