বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ হলো উৎসব। এই উৎসবের প্রাণকেন্দ্রে রয়েছে ঈদুল ফিতর। বছরের এই একটি সময়কে কেন্দ্র করে আমাদের দেশের অর্থনীতিতে যে বিশাল চাঞ্চল্য তৈরি হয়, তাকে তাত্ত্বিক ভাষায় ‘ফেস্টিভ্যাল ইকোনমি’ বা উৎসবের অর্থনীতি বলা হয়ে থাকে। বাজার বিশ্লেষকদের মতে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে বাংলাদেশে প্রতি বছর প্রায় দেড় থেকে দুই ট্রিলিয়ন টাকার লেনদেন হয়। নতুন পোশাক, খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স, ভ্রমণ এবং যাকাত-ফিতরা: সব মিলিয়ে এই প্রবাহ আমাদের সামষ্টিক অর্থনীতির চাকাটিকে সজোরে ঘুরিয়ে দেয়। কিন্তু বর্তমান সময়কালে দাঁড়িয়ে এই উৎসবের চাকচিক্যের আড়ালে এক ভয়াবহ দীর্ঘশ্বাস স্পষ্ট হয়ে উঠেছে। এক দশকেরও বেশি সময় ধরে চলা উচ্চ মূল্যস্ফীতির যে করাল গ্রাস আমরা দেখছি, তা উৎসবের আনন্দকে ফিকে করে দিয়েছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এবং বাজারের অসহনীয় মূল্যের মধ্যে যে বিশাল ব্যবধান তৈরি হয়েছে, তা মধ্যবিত্ত সমাজকে এক অদৃশ্য সংকটের মুখে ঠেলে দিয়েছে। যে মানুষটি এক সময় ঈদে নিজের পরিবারের পাশাপাশি আত্মীয়-স্বজনের জন্যও উপহার কিনতেন, এখন তাকে কেবল নিজের সন্তানের একটি জামা কিনতে গিয়েও দশবার ভাবতে হচ্ছে। প্রবৃদ্ধির বড় বড় পরিসংখ্যান আমাদের আশাবাদী করার চেষ্টা করলেও বাজারের ব্যাগ হাতে সাধারণ মানুষের মলিন মুখটি বলে দেয়, আমাদের সামষ্টিক অর্থনীতির সুফলগুলো সুষমভাবে বণ্টিত হচ্ছে না।

অর্থনৈতিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, উৎসবের এই অর্থনীতি মূলত অভ্যন্তরীণ চাহিদাকে চাঙ্গা করার একটি মোক্ষম অস্ত্র। বাংলাদেশের জিডিপির সিংহভাগই আসে অভ্যন্তরীণ ভোগ থেকে। ঈদে যখন মানুষ কেনাকাটা করে, তখন তার একটি মাল্টিপ্লায়ার ইফেক্ট বা গুণক প্রভাব পড়ে পুরো অর্থনীতিতে। গ্রাম থেকে শহর, প্রতিটি প্রান্তে অর্থের সঞ্চালন ঘটে। কিন্তু গত দুই বছরে মুদ্রাস্ফীতির হার যেভাবে ৯ থেকে ১০ শতাংশে স্থায়ীভাবে গেঁড়ে বসেছে, তাতে উৎসবের এই গুণক প্রভাবটি বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি যখন ১১ বা ১২ শতাংশ স্পর্শ করে, তখন মানুষের আয়ের একটি বড় অংশ চলে যায় কেবল জীবনধারণের ন্যূনতম প্রয়োজন মেটাতে। এর ফলে উৎসবের কেনাকাটার জন্য বরাদ্দ থাকে অত্যন্ত সামান্য। মধ্যবিত্তের এই সংকটটি আরও প্রকট, কারণ তাদের আয় নির্দিষ্ট কিন্তু ব্যয় পাহাড়চুম্বী। তারা না পারে নি¤œবিত্তের মতো লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করতে, না পারে উচ্চবিত্তের মতো মূল্যস্ফীতিকে উপেক্ষা করে বিলাসী জীবন কাটাতে। এই যে ‘গোপন দারিদ্র্য’, তা উৎসবের অর্থনীতিকে ভেতরে ভেতরে ফোকলা করে দিচ্ছে।

আমাদের দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের দিকে তাকালে দেখা যায়, ডলার সংকটের কারণে কাঁচামাল আমদানির খরচ বেড়ে যাওয়ায় পোশাকের দাম আকাশচুম্বী হয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালের তুলনায় ২০২৬ সালের ঈদ মৌসুমে পোশাকের দাম প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একটি সাধারণ শার্ট বা শাড়ির দাম যে হারে বেড়েছে, মানুষের প্রকৃত আয় সেই হারে বাড়েনি। এর ফলে বাজারে জনসমাগম থাকলেও প্রকৃত বিক্রির পরিমাণ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে হাহাকার রয়ে গেছে। মানুষ ঘুরছে, দেখছে, কিন্তু পকেট থেকে টাকা বের করতে গিয়ে হিমশিম খাচ্ছে। এই যে চাহিদার সংকোচন, এটি দীর্ঘমেয়াদে আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। উৎসবের অর্থনীতির অন্যতম খুঁটি হলো এই ক্ষুদ্র উদ্যোক্তারা, যারা বছরের বাকি সময় লোকসান দিয়ে কেবল এই একটি মৌসুমের অপেক্ষায় থাকেন। কিন্তু যখন ক্রেতার হাতে পর্যাপ্ত উদ্বৃত্ত অর্থ থাকে না, তখন এই উদ্যোক্তারা ঋণের জালে আটকা পড়েন। ব্যাংকিং খাতের তারল্য সংকট এবং উচ্চ সুদের হারের কারণেও এই ছোট ব্যবসায়ীরা নতুন করে বিনিয়োগ করতে পারছেন না, যার সামগ্রিক প্রভাব পড়ছে আমাদের কর্মসংস্থানে।

খাদ্যপণ্যের বাজারের চিত্রটি আরও বেশি আতঙ্কজনক। ঈদ মানেই সেমাই, চিনি, দুধ আর মাংসের এলাহি আয়োজন। কিন্তু গত এক বছরে চাল, ডাল থেকে শুরু করে ভোজ্য তেলের দাম যেভাবে বেড়েছে, তাতে উৎসবের ভোজেও এখন কৃচ্ছ্রসাধন করতে হচ্ছে। মাংসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার এতটাই বাইরে চলে গেছে যে, ঈদের দিনও অনেক পরিবারকে সবজি বা সস্তা মাছের ওপর নির্ভর করতে হচ্ছে। এই যে একটি জাতির পুষ্টির সাথে আপস করা, এটি সামষ্টিক অর্থনীতির জন্য এক দীর্ঘমেয়াদী ক্ষতি। নীতিনির্ধারকরা প্রায়ই বিশ্ববাজারের দোহাই দেন, কিন্তু তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, আন্তর্জাতিক বাজারে অনেক পণ্যের দাম কমলেও আমাদের স্থানীয় বাজারে তার কোনো প্রতিফলন ঘটে না। এর মূল কারণ হলো বাজারের শক্তিশালী সিন্ডিকেট এবং সরবরাহে বিশৃঙ্খলা। যখন রাষ্ট্র তার নিয়ন্ত্রণ হারায় এবং গুটি কয়েক আমদানিকারক ও মজুদদারের হাতে পুরো বাজার জিম্মি হয়ে পড়ে, তখন মূল্যস্ফীতি আর কেবল অর্থনৈতিক সমস্যা থাকে না, তা একটি নৈতিক ও রাজনৈতিক সংকটে পরিণত হয়। উৎসবের আনন্দকে পুঁজি করে যারা কৃত্রিমভাবে দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত মধ্যবিত্তের এই নাভিশ্বাস বন্ধ হবে না।

শহর ও গ্রামের মধ্যকার অর্থনৈতিক প্রবাহের দিকে নজর দিলে দেখা যায়, ঈদ উপলক্ষে শহর থেকে যে বিপুল পরিমাণ টাকা গ্রামে যায়, তার গতিপথ এখন অনেকটাই মন্থর। প্রতি বছর কয়েক কোটি মানুষ নাড়ির টানে বাড়ি ফেরে। এই যাতায়াতকে কেন্দ্র করে পরিবহন খাত, স্থানীয় পর্যটন এবং গ্রামীণ ছোট বাজারে প্রাণের সঞ্চার হতো। কিন্তু জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং অসহনীয় মূল্যস্ফীতির কারণে শহরবাসী এখন আর আগের মতো মুক্তহস্তে গ্রামে খরচ করতে পারছে না। বাড়ির বড় ছেলেটি যখন গ্রামে যায়, তখন তার হাত দিয়ে যে রেমিট্যান্স বা শহর থেকে পাঠানো টাকা গ্রামীণ অর্থনীতিতে পৌঁছাত, তা এখন সংকুচিত হয়েছে। শহরের জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়েই তার সঞ্চয় শূন্যের কোঠায় ঠেকেছে। এর ফলে গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনা কমছে এবং গ্রামীণ অর্থনীতির যে চাকাটি সচল ছিল, তা স্থবির হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। আমাদের উন্নয়নের যে বয়ান আমরা শুনি, তাতে এই গ্রামীণ অর্থনীতির অবদান অপরিসীম। কিন্তু মুদ্রাস্ফীতির এই কশাঘাত যদি এভাবে চলতে থাকে, তবে শহরের দারিদ্র্য গ্রামেও ছড়িয়ে পড়বে, যা আমাদের সামাজিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি।

সামষ্টিক অর্থনীতির আরেকটি বড় সূচক হলো মুদ্রার অবমূল্যায়ন। টাকার মান কমতে থাকায় আমদানিনির্ভর প্রতিটি পণ্যের দাম বাড়ছে। আমাদের উৎসবের অর্থনীতি অনেককাংশেই আমদানিকৃত পণ্যের ওপর নির্ভরশীল। মসলা থেকে শুরু করে কসমেটিকস: সবই বিদেশ থেকে আনতে হয়। ডলারের উচ্চমূল্যের কারণে এলসি খুলতে না পারা এবং আমদানিতে জটিলতা তৈরির ফলে বাজারে পণ্যের সরবরাহ কমছে, যা অবধারিতভাবে দাম বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য গ্রহণ করা হলেও তার সুফল এখনো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়নি। উল্টো ব্যাংক ঋণের সুদের হার বাড়ায় উৎপাদন খরচ বেড়ে গেছে, যার চূড়ান্ত বোঝা বইতে হচ্ছে সাধারণ ভোক্তাকে। রিজার্ভ রক্ষায় যে কঠোরতা অবলম্বন করা হয়েছে, তার ফলে অভ্যন্তরীণ চাহিদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি অর্থনীতি তখনই সফল হয় যখন উৎপাদন এবং ভোগের মধ্যে ভারসাম্য থাকে। কিন্তু বর্তমানে ভোগের ক্ষমতা এতটাই হ্রাস পেয়েছে যে, উৎপাদনকারীরাও তাদের পণ্যের বাজার খুঁজে পাচ্ছেন না।

তত্ত্বীয় অর্থনীতিতে বলা হয়, উৎসবের সময়ে মানুষের মধ্যে ‘স্পেন্ডিং প্রোফেন্সিটি’ বা ব্যয়ের প্রবণতা বাড়ে। কিন্তু আমাদের দেশে এই প্রবণতা এখন বাধ্যবাধকতার নামান্তর। উৎসবের আনন্দ উদযাপনের চেয়ে সামাজিক মর্যাদা রক্ষা করার জন্য মানুষ অনেক সময় ধারদেনা করে কেনাকাটা করছে। এই যে ঋণের ওপর ভিত্তি করে উৎসব পালন, এটি সমাজের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। মধ্যবিত্ত পরিবারগুলো তাদের জরুরি সঞ্চয় ভেঙে বা ক্রেডিট কার্ডের ওপর ভর করে ঈদের খরচ মেটাচ্ছে। এর ফলে উৎসব শেষ হওয়ার পর তারা এক ভয়াবহ আর্থিক শূন্যতার মুখে পড়ছে। সঞ্চয় কমে যাওয়ার অর্থ হলো ভবিষ্যতে বিনিয়োগের সুযোগ কমে যাওয়া। যখন একটি জাতির বড় একটি অংশ সঞ্চয় করতে ব্যর্থ হয়, তখন সেই দেশের অর্থনীতি কখনোই আত্মনির্ভরশীল হতে পারে না। আমাদের প্রবৃদ্ধির গতি ধরে রাখতে হলে সাধারণ মানুষের পকেটে টাকা থাকতে হবে এবং সেই টাকার ক্রয়ক্ষমতা থাকতে হবে। কেবল বড় বড় মেগা প্রজেক্ট দিয়ে একটি দেশের অর্থনীতি মাপা যায় না; বরং মধ্যবিত্তের ঘরে উৎসবের দিন কত পদের খাবার রান্না হলো এবং কতজন নতুন কাপড় পরতে পারল, সেটাই উন্নয়নের প্রকৃত মাপকাঠি হওয়া উচিত।

এই সংকট থেকে উত্তরণের পথ খুব একটা সহজ নয়, তবে অসম্ভবও নয়। সবার আগে প্রয়োজন বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনা। সিন্ডিকেট বাণিজ্য রুখতে না পারলে কোনো মুদ্রানীতিই মূল্যস্ফীতি কমাতে পারবে না। এর পাশাপাশি শুল্ক কাঠামোতে সংস্কার আনা প্রয়োজন, যাতে উৎসবের সময়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে। সাধারণ মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও প্রসারিত করতে হবে, যাতে মূল্যস্ফীতির ধাক্কা তারা সামলাতে পারে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে যাতে উৎসবের অর্থনীতির সরবরাহ পাশ সচল থাকে। আমাদের মনে রাখা উচিত, একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই হয় যখন উৎসবের আনন্দ কেবল ধনী বা উচ্চবিত্তের ড্রয়িংরুমে সীমাবদ্ধ থাকে না, বরং তা প্রান্তিক মানুষের কুঁড়েঘরেও পৌঁছায়। স্বাধীনতার মূল লক্ষ্যই ছিল অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার এত বছর পর এসে যদি আমাদের নাগরিকরা কেবল ডাল-ভাতের সংস্থান করতে গিয়ে উৎসব বিসর্জন দেয়, তবে সেই উন্নয়ন প্রশ্নবিদ্ধ হতে বাধ্য।

লেখক: অর্থনীতি বিশ্লেষক, কলামিস্ট ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক। E-mail: msislam.sumon@gmail.com