বাংলাদেশে জাল নোট তৈরি ও বাজারজাতকরণ নতুন কোনো ঘটনা নয়। ঈদ উৎসব কিংবা পূজাপার্বণে এমন ঘটনা ঘটলেও সম্প্রতি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কাটআউট পদ্ধতির জালিয়াত চক্রকে আটক করেছে। চক্রটি এই কৌশলে প্রত্যেক সদস্যকে একে অন্যের থেকে বিচ্ছিন্ন রাখে। কেউ কাউকে চেনে না। এমনকি একই চক্রের দুই স্তরের সদস্য একে অপরকে কখনো দেখেও না। ফলে তথ্য পাচার, অভিযোগ প্রমাণ, কিংবা নেতৃত্ব শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। আগে চরমপন্থি নিষিদ্ধ সংগঠনগুলো রোহিঙ্গাদের এ কৌশল ব্যবহার করলেও জাল টাকা উৎপাদন ও বাজারজাতকরণে এ পদ্ধতির ব্যবহার দেশে এই প্রথম সামনে এলো। প্রতিদিন চক্রটি ৩-৪ লাখ টাকার জাল নোট বাজারে ছাড়ার সক্ষমতা রাখে।

এটি শুধু বাজারে আস্থাহীনতাই তৈরি করবে না, বরং লেনদেনে সংকট তৈরি করে অর্থনৈতিক বিপর্যয় নামিয়ে পুরো আর্থিক খাতকে চরম নৈরাজ্যের মধ্যে ঠেলে দিতে পারে।\r\nচক্রটি ব্যাংকের সিল, স্ট্যাপলার ও প্যাকেট এমনভাবে ব্যবহার করে যে, কোনো অভিজ্ঞ ব্যাংকার কিংবা ব্যবসায়ীও অনেক সময় নকল টাকা চিহ্নিত করতে পারেন না। রোহিঙ্গা শরণার্থীদের ব্যবহার করে দিনরাত আসল নোটের বান্ডিলে জাল নোট ঢোকানো হয়। এ ধরনের গুরুতর অপরাধ মোকাবিলায় অর্থপাচার ও জালিয়াতি চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রযুক্তিক সক্ষমতা প্রয়োজন। বাজারে নকল নোট শনাক্তকরণে উন্নত স্ক্যানিং সিস্টেমের সহজলভ্যতা এবং মোবাইল অ্যাপেরর ব্যবহার। জরুরি ভিত্তিতে ব্যাংকিং চ্যানেলে স্বয়ংক্রিয় নোট ভেরিফিকেশন বাধ্যতামূলক করা উচিত।

একই সঙ্গে মাঠ পর্যায়ে জাল নোট শনাক্ত করনে জনগণকে প্রশিক্ষণ দেওয়া জরুরি। হাটবাজার, বাসস্ট্যান্ড, দোকানপাটে ছোট ছোট সচেতনতা ক্যাম্পেইন খুব কার্যকর হতে পারে। পুরো প্রচার কার্যক্রমে সামাজিক মাধ্যম ব্যবহার করা যেতে পারে।\r\nসাম্প্রতিক সময়ে গণমাধ্যমে দেখতে পাচ্ছি, বাংলাদেশ আশ্রিত অসংখ্য রোহিঙ্গা নানা অপরাধে সম্পৃক্ত। দেশের কিছু অসাধু রাজনৈতিক দুর্বৃত্ত এবং স্থানীয় প্রশাসনের এক শ্রেণির অসাধু কর্মকর্তা। জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে রোহিঙ্গাদের। আবার কখনো দেখা যায় কক্সবাজার, বান্দরবান, কিংবা চট্টগ্রামে জাতীয় পরিচয়পত্র করতে না পারলে বাংলাদেশের মধ্যাঞ্চলীয় জেলা, এমনকি উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায়ও রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রতিবেদন উঠে এসেছে গণমাধ্যমে। স্থানীয় দালালচক্র কীভাবে শরণার্থীদের নাগরিক পরিচয় দিচ্ছে, সেটি তদন্তে একটি সমন্বিত ও কঠোর জবাবদিহিতায় পূর্ণ টাস্কফোর্স গঠন করতে হবে। পরিচয়পত্র প্রদানে কঠোর বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং সীমান্ত এলাকায় এ সংক্রান্ত অপরাধের শাস্তি আরো বাড়ানো যেতে পারে। চক্রটি ধরা না পড়লে ব্যাংকিং ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সকলেই। মনে রাখতে হবে, দেশের প্রায় প্রতিটি প্রান্ত মাদকে সয়লাব। মাদক পাচার ও জাল টাকার উৎস একই সূত্রে গাঁথা।