নেতৃত্ব মানবসমাজের একটি মৌলিক প্রয়োজন। একজন সৎ, বিচক্ষণ ও দূরদর্শী নেতা একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারেন। আবার দুর্নীতিগ্রস্ত ও অন্যায়পরায়ণ নেতা জাতিকে ধ্বংসের অতলে ঠেলে দেয়। মানবসভ্যতার ইতিহাসে বহু নেতা, সম্রাট ও শাসকের আবির্ভাব ঘটেছে। কেউ সামরিক জয়ে, কেউ রাজনীতিতে, কেউবা প্রশাসনিক দক্ষতায় খ্যাতি অর্জন করেছেন। কিন্তু তাদের নেতৃত্ব ছিল সময়সাপেক্ষ, আঞ্চলিক এবং সীমাবদ্ধ। কেবল একজন নেতার নেতৃত্ব সর্বজনীন, কালজয়ী ও সর্বক্ষেত্রে প্রযোজ্যÑ তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাঁর নেতৃত্ব আধ্যাত্মিক উন্নয়ন, সামাজিক সংস্কার, ন্যায়বিচার, মানবিকতা এবং রাষ্ট্র পরিচালনার এক অনন্য দৃষ্টান্ত।

আজকের এই আধুনিক যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ যে নেতৃত্ব, সেই বিষয়ক মৌলিক ধারণাটাই আমাদের নেই। তাই কি ধরনের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করা উচিত বা প্রত্যাখ্যান করা উচিত, এ বিষয়ে কোন নির্দিষ্ট মান আমাদের জানা নেই। নেতৃত্ব আসলে কি? এ কি সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে নতুন কোন কিছু উদ্ভাবনী ক্ষমতা? নেতৃত্ব কি অপরিহার্যভাবে প্রেরণাদায়ী কোন বিষয়? নাকি তা নেতার অনুসারীদের এক পতাকাতলে সমবেত করার সম্মোহনী শক্তি? নেতৃত্বের বা নেতার কাজ কি লক্ষ্য স্থির করা? নাকি লক্ষ্য অর্জন করা? একজন নেতা কি মূল্যবোধের সংজ্ঞা নির্ধারক? প্রয়োজন মেটাবার চাবিকাঠি? আসলে এ বিশ্বে নেতৃত্ব এমনই এক জিনিস, যা প্রকটভাবে দৃশ্যমান হলেও এর গতি-প্রকৃতি বোঝা দায়! অবশ্য ইতিহাসের সব পর্বেই বিষয়টি এমন ছিল না। আজকের এই আধুনিক সমাজতত্ত্বের বহু বহু কাল আগেই গ্রীক দার্শনিক প্লেটো শুধু দার্শনিক রাজার ধারণাই তুলে ধরেননি বরং এ জাতীয় রাজার মানসিক বিকাশের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রভাবের কথাও মেলে ধরেছেন। একইসঙ্গে প্রজাদের মানস গঠন ও রাজার ব্যাপারে তাদের ভাবনাও প্রাধান্য পেয়েছে প্লেটোর বিশ্লেষণে। আজকের দিনে যে নৈতিক নেতৃত্বের কথা শোনা যায় তা কিন্তু সেই প্রাচীনকালেই চীনা দার্শনিক কনফুসিয়াস উচ্চারণ করেছিলেন। কনফুসিয়াসের অনুসারীরা নৈতিক শিক্ষার মধ্য দিয়ে নেতৃত্বের বিকাশের ধারণাটিকে বেশ জোরে-শোরেই বলে গেছেন।

ইতিহাসের দিকে তাকালে ’৭৫-পরবর্তী সংকট মোকাবিলায় ক্যারিশম্যাটিক নেতৃত্বের আবির্ভাব হতে দেখি জিয়াউর রহমানের মাধ্যমে। বিশেষ করে দেশ পুনর্গঠন এবং দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্ম-বর্ণনির্বিশেষে সব জনগোষ্ঠীকে একটি জাতীয় আকাক্সক্ষার পতাকাতলে নিয়ে এসে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন তিনি দেশের মানুষকে দেখাতে পেরেছিলেন। ওয়েবেরিয়ান ধারণা অনুযায়ী, ক্যারিশম্যাটিক নেতৃত্ব তৈরি হওয়ার পেছনে যেসব গুণ থাকা প্রয়োজন, তার অনেকটাই জিয়াউর রহমানের মধ্যে দৃশ্যমান। যেমন সততার ভিত্তিতে গড়ে তোলা নির্মোহ জীবন, ব্যক্তিক জীবনে নিয়মানুবর্তিতা এবং রাজনৈতিক আদর্শ ও দেশের জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে পররাষ্ট্রনীতি গ্রহণ করা ইত্যাদি।

জিয়াউর রহমানের নেতৃত্বে সাহসিকতা এবং জেমস বার্নসের রূপান্তরমূলক নেতৃত্বের ধারণার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যা জিয়াউর রহমানকে একজন ক্যারিশম্যাটিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ পেলেও তাঁকে হত্যার মধ্য দিয়ে সেই নেতৃত্ব থেকে বঞ্চিত হয় আমাদের দেশ। যেকোনো সময়েই ক্যারিশম্যাটিক নেতৃত্বের উপযোগিতা অনস্বীকার্য; কিন্তু সংকটের সময়ে এ ধরনের নেতৃত্ব আমাদের দেশের জন্য অধিক জরুরি, যা আমরা প্রত্যাশা করেছিলাম জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী সময়ে। যদিও আমরা জানি যে, বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নতুন নেতৃত্ব কিংবা নতুন রাজনৈতিক দলের জনপ্রিয়তা পাওয়া এবং রাষ্ট্রকাঠামোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা খুব সহজ নয়। সেটি তখনই সম্ভব, যখন কোনো নেতার মধ্যে আমরা সেই ক্যারিশম্যাটিক নেতৃত্বের উত্থান কিংবা দূরদর্শী চিন্তার সমন্বয় দেখি। কিন্তু আফসোসের বিষয় হলো, জুলাই-পরবর্তী সময়ে তেমন নেতার আবির্ভাব আমরা দেখতে পাইনি। তাই হয়তো নতুন রাজনৈতিক দলগুলো জনতার আস্থা এবং বিশ্বাস অর্জনে পিছিয়ে আছে।

জাতীয় সমাজকে সঠিক দিকনির্দেশনা দিয়ে অভীষ্ট লক্ষ্যের দিকে পরিচালনার জন্য নেতার বিকশিত গুণাবলী আবশ্যক। শুধু দূরদর্শী শাসক ও নেতারাই রাষ্ট্রকে উন্নত সমৃদ্ধ করতে পারে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য ন্যায়পরণয়তা, আত্মবিশ্বাস, দৃষ্টিভঙ্গির প্রসারতা, সততা, স্বচ্ছতা, নিরপেক্ষতা, সংযম, দায়িত্ববোধ, বুদ্ধিমত্তা, দেশপ্রেম নেতার অন্যতম প্রধান গুণ। এ কথাও সঠিক- বাংলাদেশের রাজনীতিতে কখনই নেতৃত্ব বিকাশের জন্য যথার্থ পাইপলাইন তৈরি করা হয়নি। অগ্রজ নেতৃত্ব সবসময়ই অনুজদের রাজনৈতিক দর্শন, চেতনা পরিবর্তনের এ স্বাভাবিক প্রক্রিয়াকে ভালো চোখে দেখেনি। একটি সম্ভাবনাময় রাজনীতি বিকাশের জন্য এ প্রবণতা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়।

তবে অদূর ভবিষতে এ অবস্থানকে বদলে দিলে দেশে কাক্সিক্ষত নেতৃত্বের গতিধারা ফিরে আসবে বলে আমরা আশাবাদী হতে পারি। সঠিক নেতৃত্ব যেমন দেশকে এগিয়ে নেয় তেমনি অদূরদর্শী ভঙ্গুর নেতৃত্ব দেশ, জাতি ও সমাজকে পিছিয়ে দেয়। সত্তরের দশকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়ার জনগণের মাথাপিছু আয় ছিল ৩৪০ থেকে ৩৫০ ডলারের মধ্যে। শুধু সঠিক নেতৃত্ব আর সঠিক পরিকল্পনার কারণে সিঙ্গাপুর, কোরিয়া, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়ার অবস্থান আজ বিশ্বসেরা। পাশাপাশি বহুমুখী সংকটে পতিত বাংলাদেশ সঠিক ও কার্যকর নেতৃত্বের অভাবে ক্রমেই গেছে পিছিয়ে। রাষ্ট্রের টিকে থাকার জন্য নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ ফেনোমেনন হিসেবে চিহ্নিত করা হয়। সঠিক নেতৃত্বের কারণে মহাচীন আজ গণচীনে পরিণত হয়েছে, অন্যদিকে নেতৃত্বের দুর্বলতায় ভেঙে গেছে সোভিয়েত ইউনিয়নের মতো বৃহত্তম রাষ্ট্র। এককথায় একটি সঠিক ও কার্যকর নেতৃত্ব তৈরি করলে রাষ্ট্রের উত্থানপ্রক্রিয়া হয়ে ওঠে স্বাভাবিক। উল্টোটা হলেই বাড়ে বিপদ ও সংকট, যা রাষ্ট্রের পতনকে করে ত্বরান্বিত।

বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো সুশাসন প্রতিষ্ঠা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে দেখা যায়, উন্নয়নের অগ্রগতি সত্ত্বেও দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা একটি বড় সমস্যা। জনসেবার মান উন্নয়ন, সরকারি ব্যয়ের স্বচ্ছতা এবং নীতিনির্ধারণে জবাবদিহিতা নিশ্চিত না হলে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই হবে না। উদাহরণস্বরূপ, অবকাঠামো উন্নয়নে বড় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সময় ও ব্যয়ের অতিরিক্ততা প্রায়ই আলোচিত হয়। ভবিষ্যৎ নেতৃত্বকে তাই কেবল উন্নয়ন প্রকল্প ঘোষণা নয়, বরং কার্যকর মনিটরিং ব্যবস্থা, ডিজিটাল স্বচ্ছতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ই-গভর্ন্যান্স, ওপেন ডাটা প্ল্যাটফর্ম এবং সামাজিক নিরীক্ষা প্রক্রিয়া চালু করা বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।

গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা ভবিষ্যৎ নেতৃত্বের আরেকটি বড় দায়িত্ব। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, সংসদের কার্যকারিতা এবং স্থানীয় সরকার ব্যবস্থার সক্ষমতাÑএসবই গণতন্ত্রের স্তম্ভ। যদি এসব প্রতিষ্ঠান দলীয় প্রভাবমুক্ত ও দক্ষভাবে পরিচালিত না হয়, তাহলে রাজনৈতিক আস্থা কমে যায়। নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের প্রতি আস্থা বজায় রাখা অত্যন্ত জরুরি। স্বচ্ছ নির্বাচন, শক্তিশালী নির্বাচন কমিশন এবং স্বাধীন পর্যবেক্ষণ ব্যবস্থা রাজনৈতিক স্থিতিশীলতার ভিত্তি গড়ে তোলে। একই সঙ্গে সংসদে কার্যকর বিতর্ক, আইন প্রণয়নে বিশেষজ্ঞ মতামত এবং জনমতের প্রতিফলন নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নও বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে থাকা উচিত। যদিও সামগ্রিক দারিদ্র্য হার কমেছে, আয় বৈষম্য এখনো একটি বাস্তবতা। শহর ও গ্রামের উন্নয়নের ব্যবধান, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈষম্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবÑএসব বিষয় ভবিষ্যৎ নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশকে অভিযোজন ও টেকসই উন্নয়নে বিশেষ মনোযোগ দিতে হবে। উপকূলীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়ন, সবুজ জ্বালানি ব্যবহার এবং পরিবেশবান্ধব শিল্পনীতি গ্রহণ করা সময়ের দাবি। রাজনৈতিক নেতৃত্ব যদি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়, তাহলে এসব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।

এটা ঠিক যে নব্বইয়ের দশক থেকে আমাদের গণতন্ত্রের পথে অভিযাত্রা কখনোই সুখকর ছিল না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সত্যিকারের গণতান্ত্রিক মূল্যবোধ এবং চর্চা অভ্যন্তরীণ দলীয় কাঠামো বা দেশ পরিচালনায় কখনোই ছিল না। সব রাজনৈতিক নেতৃত্বই চেয়েছে নির্বাচিত হয়ে একনায়কের মতোই দেশ চালাতে। নব্বইয়ের পর থেকে আমরা লক্ষ করি যে, একের পর এক পর্যায়ক্রমিক নির্বাচিত সরকার কীভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে চলেছে। যার পরিণতি দেশের গণতান্ত্রিক কাঠামো এখন মোটামুটি ধূলিসাৎ। কিন্তু গণতন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ তাৎক্ষণিক বা রাতারাতি মালয়েশিয়া, সিঙ্গাপুর হয়ে যাবেÑএ রকম স্বপ্ন দেখানোটাও কতটুকু বাস্তবসম্মত, সেটাও চিন্তার বিষয়। পূর্ব এশিয়ার ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি দক্ষিণ এশিয়ার থেকে অনেক ক্ষেত্রেই অন্য রকম। এ ছাড়া যারা বাংলাদেশে এই মডেলের প্রবক্তা, তারা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা ভুলে যায়, সেটা হলো যে পূর্ব এশিয়ার এই সব দেশে হয়তো নির্বাচনমুখী, বহুদলীয় গণতন্ত্র ছিল না। কিন্তু সেই সব দেশে আইনের শাসন, ব্যক্তির অর্থনৈতিক স্বাধীনতা এবং সম্পদের সুরক্ষাÑসবই নিশ্চিত করা হয়েছিল। এই গুরুত্বপূর্ণ উপাদানগুলো ছাড়া এই সব নির্বাচনমুখী গণতন্ত্র অর্থহীন এবং মালয়েশিয়া, সিঙ্গাপুরের উদাহরণ টানাটাও অনেকখানিই অবাস্তব।

সবশেষে বলা যায়, উন্নত বিশ্বে নেতৃত্ব বিকাশ একটি সমন্বিত, বহুমাত্রিক এবং মূল্যবোধ-নির্ভর কৌশল। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ, উচ্চমানের শিক্ষা ও প্রশিক্ষণ, প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার, নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং টেকসই উন্নয়নের প্রতিশ্রুতিÑএসব উপাদান একত্রে একটি কার্যকর নেতৃত্ব কাঠামো গড়ে তোলে। যে দেশগুলো উন্নয়নের পথে অগ্রসর হতে চায়, তাদের উচিত এই কৌশলগুলো নিজেদের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে অভিযোজিত করা। কারণ, কার্যকর নেতৃত্বই একটি জাতিকে স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। একটি দেশের সামগ্রিক উন্নয়ন কিংবা মৌলিক বদলের পেছনে রাজনৈতিক নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। নেতৃত্ব হতে হবে এমন, যা দলকে ছাপিয়ে দেশের স্বার্থ বাস্তবায়নের অগ্রাধিকার নিয়ে সামনে এগিয়ে যাবে।

বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জ বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে, কেবল ব্যক্তিনির্ভর নেতৃত্ব নয়, বরং প্রাতিষ্ঠানিক ও নীতিনির্ভর নেতৃত্ব গড়ে তোলা জরুরি। রাজনৈতিক দলগুলোর উচিত অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা, তরুণ ও নারীদের নেতৃত্বে সুযোগ প্রদান এবং নীতি-ভিত্তিক রাজনীতিকে উৎসাহিত করা। নাগরিক সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমেরও ভূমিকা রয়েছেÑতারা সচেতনতা বৃদ্ধি, গবেষণা ও নীতিগত বিতর্কের মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতি উন্নত করতে পারে। সবশেষে বলা যায়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এমন এক নেতৃত্বের ওপর, যারা সততা, দক্ষতা ও দূরদর্শিতার সমন্বয়ে দেশকে এগিয়ে নিতে সক্ষম। রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণÑএই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়েই টেকসই গণতন্ত্র গড়ে উঠতে পারে। এখনই সময় দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার। সচেতন নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছেÑসঠিক তথ্য যাচাই করা, নীতি-ভিত্তিক আলোচনা উৎসাহিত করা এবং যোগ্য নেতৃত্বকে সমর্থন করা। একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে রাজনীতি ও ভবিষ্যৎ নেতৃত্বের ইতিবাচক রূপান্তরই হতে পারে সবচেয়ে বড় চালিকাশক্তি।

লেখক: সাবেক উপ-মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও ভিডিপি।