গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ দেরিতে হলেও নির্বাচনের দিকে এগিয়েছে। সংস্কারের এজেন্ডা সংক্ষিপ্ত হলে অবশ্য দীর্ঘ আলোচনার প্রয়োজন হতো না। সে ক্ষেত্রে সংস্কারের পথ প্রশস্ত করে দ্রুত নির্বাচনের দিকে এগোনো যেত। নির্বাচনকে হালকা করে দেখার কিছু নেই। মাঝে এটা ঠিকমতো হয়নি বলেই কিন্তু দেশ রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের দিকে চলে যায়। অন্যান্য ক্ষেত্রেও নজিরবিহীন অনাচার করা সম্ভব হয়েছে বিশ্বাসযোগ্য নির্বাচন করতে হতো না বলে। তেমন নির্বাচন মোকাবিলার ভয় থাকলে ক্ষমতাসীনরা কিছুটা হলেও সংযত থাকে। এটাই বিশ্বজুড়ে অভিজ্ঞতা।
এক-এগারোর পর নির্বাচনে যেতে অবশ্য আরও বেশি সময় লেগেছিল। তখনও দেশে ছিল ‘সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার’। সেই সরকারও রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল। দুই নেত্রীকে রাজনীতি থেকে ‘মাইনাস’ করার পরিকল্পনাও তাদের ছিল বলে ব্যাপকভাবে সাব্যস্ত। সেটা অবশ্য ব্যর্থ হয়। অর্থনীতি সামলাতেও ব্যর্থ হয় তারা। প্রাকৃতিক দুর্যোগও সংকট বাড়িয়ে তোলে। শেষে একটা নির্বাচন দিয়ে প্রস্থান করতে হয় তাদের।
এবারকার সরকারকে বিদায় নিতে হচ্ছে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে। তাদের দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপটও ছিল ভিন্ন। গণঅভ্যুত্থানের পর বিভিন্ন দেশে অন্তর্বর্তী সরকার হিসেবে যারা দায়িত্ব নিয়েছে, তাদের সঙ্গেও ইউনূস সরকারের সরাসরি তুলনা চলে না। এ ক্ষেত্রে প্রয়োজন ‘বিশেষ অবস্থার বিশেষ বিশ্লেষণ’। তবে এ মুহূর্তে অত্যাসন্ন ভোটে সরকার ও ইসির ভূমিকার দিকেই মনোযোগ সবার। প্রচারণা শেষ হওয়া পর্যন্ত এবার সহিংসতা কমই। বিষয়টি উল্লেখযোগ্য। কারণ অনেক বেশি সহিংসতার আশঙ্কা করা হচ্ছিল। ভোটের পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর লোকবল মাঠে নামিয়েছে সরকার। ভরসা অবশ্য বেশি সেনাবাহিনীর ওপর। গণঅভ্যুত্থানের সময় থেকে তারা মাঠে আছে; বলা যায় বাধ্য হয়ে। পুলিশের অবস্থা তো সবার জানা। তারা বোধ করি নির্বাচিত সরকারের অপেক্ষায় কোনোমতে দায়িত্ব পালন করে যাচ্ছে। পুলিশকে তখন পুরোনো ভূমিকায় অবতীর্ণ দেখলে জনগণ অবশ্য হতাশ হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে তাদের ভূমিকাও লক্ষ্য করবে সবাই। বিদেশি পর্যবেক্ষকরা এসেছেন। তারাও দেখতে চাইবেন একটি বিতর্কমুক্ত নির্বাচন।
নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। এক সময়কার মিত্র বিএনপি ও জামায়াত বরং পৃথক জোট বেঁধে পরস্পরের বিরুদ্ধে নেমেছে। ভিন্ন রাজনৈতিক অবস্থান থেকেও প্রচারণা চালাতে দেখা গেল তাদের। গণঅভ্যুত্থানের পর উভয় দলকেই কিছুটা নতুন বক্তব্য সামনে আনতে দেখা গেল। ইশতেহারে দুই দলকেই আবার দেখা গেছে এক ধরনের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিতে। তবে সেসব বাস্তবায়নে বাড়তি রাজস্ব কীভাবে আসবে, তার রূপরেখা নেই বললেই চলে। প্রশ্নের মুখেও তাদের পড়তে হয়েছে কম। রাজনৈতিক-সাংস্কৃতিক প্রশ্নে তাদের মধ্যকার মতপার্থক্য অবশ্য বেশি।
জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও হতে যাচ্ছে এবার, যাতে সরকার স্পষ্টত ‘হ্যাঁ’র পক্ষ নিলেও রাজনৈতিক দলগুলোর অবস্থান মিশ্র। এ বিষয়ে ভোটারের মধ্যে অবশ্য বিভ্রান্তি ও অনাগ্রহ বেশিই পরিলক্ষিত। গণভোটে তাদের অংশগ্রহণ কম হলেও পরিবেশ শান্তিপূর্ণ থাকলে সংসদ নির্বাচনে ভোট কম পড়বে না। কেন্দ্রে তরুণ ভোটারের উপস্থিতি এবার ফল নির্ধারণী ভূমিকা রাখবে বলে মত রয়েছে। নারী ভোটারের বিপুল অংশগ্রহণ অতীতে বিএনপি ও তার জোটের বিজয়ে বড় ভূমিকা রেখেছিল। এবার কী হবে, বলা কঠিন। মাঝে স্বাভাবিকভাবে নির্বাচন হলে ভোটের ‘প্যাটার্ন’ বিশ্লেষণ করা সহজ হতো। জরিপগুলোর ফল দেখেও কেউ প্রত্যয়ী হয়ে মত দিতে পারছে না।
গণঅভ্যুত্থান ঠিক কাদের নেতৃত্বে হয়েছে, তা নিয়ে বিতর্ক চলেছে দীর্ঘদিন। এতে গণঅভ্যুত্থানকারীদের মধ্যে সম্পর্কের অবনতি না হলেও নির্বাচন ঘিরে সেটা হতো। নির্বাচনে বাদানুবাদ স্বাভাবিক। তবে কয়েকটি আসনের কথা বাদ দিলে সামগ্রিকভাবে তিক্ত বাদানুবাদ এবার হয়নি। নির্বাচনের মাঠে এর ইতিবাচক প্রভাব ছিল। জয়ের বিষয়ে আশাবাদও উভয় পক্ষকে সংযত রেখেছে। শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে উত্তরণে এটা জরুরি। পরাজিত হয়ে বিরোধী দলে গিয়ে বসার সম্ভাবনাও অবশ্য মাথায় রাখা দরকার। ‘হাড্ডাহাড্ডি লড়াই’ দেখতে পাওয়া অনেকে কিন্তু ঝুলন্ত সংসদ হওয়ার কথা বলছেন। তেমনটি ঘটলে সমঝোতায় সরকার গঠনের আওয়াজও সামনে আসতে পারে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অবশ্য আশাবাদী, সরকার গঠনের মতো আসন তারা সহজেই পাবেন। বেশ কিছু আসনে দলটির ‘বিদ্রোহী প্রার্থী’রা জয়ের পথে কাঁটা বিছিয়েছেন কিনা– সে প্রশ্ন রয়েছে। এদিকে জামায়াতে বিদ্রোহী প্রার্থী না থাকলেও তাদের জোটে রয়েছে সংহতির অভাব। ইসলামী আন্দোলনের প্রস্থান ও বয়ান তাদের জন্য কম সমস্যা নয়। নারী ইস্যুতে বিতর্ক ভোগাতে পারে জামায়াতকে। সনাতনীসহ ‘আওয়ামী ভোট’ও সাধারণভাবে দলটির পক্ষে যাবে না। চব্বিশের জুলাই তাজা স্মৃতি হলেও রাজনৈতিক পরিসরে একাত্তর মৃত ইস্যু নয়। এ নির্বাচনেও জামায়াতকে তাড়া করছে মুক্তিযুদ্ধ। এর ইতিহাস তারা ‘নতুনভাবে’ লিখবে বলাতেও সংকট বেড়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর কোন দলের কী ভূমিকা বা আচরণ ছিল, সেটাও ভোটারদের প্রভাবিত করতে পারে। জামায়াত, এনসিপির বিরুদ্ধে রয়েছে সরকার ও প্রশাসনকে বিপুলভাবে প্রভাবিত করার অভিযোগ। মব সন্ত্রাসের অভিযোগও কম নেই। বিএনপির বিরুদ্ধে অভিযোগ চাঁদাবাজি, দখল ও মামলাবাজির। রাষ্ট্রক্ষমতার পালাবদলে দেশে যে পরিস্থিতির উদ্ভব হয়ে থাকে; দলটির এক শ্রেণির নেতাকর্মী সেটাই ঘটিয়েছিল বলে খবর রয়েছে। দলীয় শাস্তিমূলক পদক্ষেপও সে চিত্রকে বিপরীতমুখী করতে পারেনি। এ অবস্থায় বিএনপির সুবিধা হতো দ্রুত নির্বাচন হয়ে গেলে। কিন্তু অন্তর্বর্তী সরকার এবং জামায়াত ও এনসিপির দিক থেকে দ্রুত নির্বাচনে আগ্রহ ছিল না।
জামায়াতের দিক থেকে ‘ইসলামপন্থিদের ভোট’ এক বাক্সে নেওয়ার আগ্রহ ছিল। ইসলামী আন্দোলন জোট ছেড়ে যাওয়ায় সেটি হচ্ছে না। তাদের মধ্যে খুব বেশি পাল্টাপাল্টি না হলেও ভোট পড়বে নানামুখী। গণঅভ্যুত্থানের পর ধর্মভিত্তিক দলগুলোর উৎসাহ বেশি পরিলক্ষিত হওয়ার পাশাপাশি এবারই তাদের ক্ষমতায় চলে আসার বিপুল আগ্রহ জয়যুক্ত হলে বৈশ্বিক পরিসরেও সেটা বড় খবর হবে। তবে পরিস্থিতি এখনও এতটা অনুকূল মনে হচ্ছে না। নিজস্ব জনসমর্থন এবং মোটাদাগে ‘উদারনৈতিক জনগোষ্ঠী’র ভোট পাওয়ার সম্ভাবনা বিএনপিকেই বরং এগিয়ে রেখেছে। তাদের বিদ্রোহী প্রার্থী বেশি না হলে জামায়াত জোট প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারত কিনা, সেটা ভিন্ন আলোচনা।
কারণ ও যুক্তি যা-ই হোক, অন্তর্বর্তী সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ রাখেনি। এটা বাস্তবতা। এ অবস্থায় যে ভোট হতে যাচ্ছে, তার মধ্য দিয়েও গণতন্ত্রে উত্তরণ ঘটানো গেলে জাতি কম উপকৃত হবে না। নির্বাচনের মাধ্যমে যে দল বা পক্ষই ক্ষমতায় আসুক, তারা দেশ পরিচালনায় ন্যূনতম গণতান্ত্রিক রীতিনীতি মানলে সেটাও কম প্রাপ্তি হবে না। তবে আদর্শভাবে উদার কিংবা মধ্যপন্থি দল ক্ষমতায় এলে রাজনীতি ও অর্থনীতিকে অন্তর্ভুক্তির ধারায় রাখা সহজ হবে। নির্বাচন অবশ্য বছর পাঁচেক পর আবারও হবে। নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের ধারাটি স্থায়ী হলে জনগণও তার অভিজ্ঞতার নিরিখে নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে। ‘ড্যামেজ কন্ট্রোল’ও কঠিন হবে না।
হাসান মামুন: সাংবাদিক, কলাম লেখক
