আমার স্মৃতি থেকেই বলছি। আশা করি, স্মৃতি প্রতারণা করছে না। ১৯৯২ সালের ক্রিসমাসের আগের দিন আমি জানতে পারি, সান্তা ক্লজ বলে কিছু নেই। আমি তখন টেক্সাসের অস্টিনে ১০ বছর বয়সী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ইতোমধ্যে টুথ ফেয়ারি ও ইস্টার বানির অস্তিত্ব অস্বীকার করেছিলাম, তবুও আমি যতদিন সম্ভব সান্তার অস্তিত্বে বিশ্বাস রেখেছিলাম। দৃশ্যত আমি তরুণ বয়সের ধ্যানধারণা ও চর্চা ত্যাগ করার জন্য প্রস্তুত ছিলাম না। যখন বাবা-মা নর্থপুল থেকে আনা উপহারগুলো আমার হাতে তুলে দিলেন, তখন আমি কেঁদে ফেললাম। তিন দশকেরও বেশি সময় ধরে আমার মতো অনেক মার্কিনি এই ছুটির মৌসুমে লাল পোশাক পরা আরেক ব্যক্তি দ্বারা প্রতারিত বোধ করছে। ব্যাপারটি সঠিকভাবে বলতে গেলে মেগা রেড বা মেক আমেরিকা গ্রেট এগেইন টকটকে লাল।
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসার এক বছর পূর্ণ হতে চলেছে। অথচ তিনি প্রায় সব গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করতে অবহেলা করেছেন, শুধু উন্মত্ত নির্বাসন ছাড়া। এই পরিস্থিতি কেবল দেশটিকে পবিত্র, আনন্দময় পুলিশি রাষ্ট্রে রূপান্তরিত করতে সাহায্য করেছে। সাম্প্রতিক রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে, মার্কিনিদের এখন জীবনযাপনে অকল্পনীয় ব্যয়ের কারণে সংগ্রাম করতে হচ্ছে। যার মধ্যে ফল, শাকসবজি ও মাংসের ঊর্ধ্বমুখী দামের পাশাপাশি ক্রমবর্ধমান ভাড়া এবং বিদ্যুতের ফি অন্তর্ভুক্ত। ট্রাম্পের পক্ষে অনুমোদনের হার মাত্র ৩৯ শতাংশ।
এই বছরের কেন্দ্রীয় সরকারের অচলাবস্থার কারণে লাখ লাখ মানুষের অনাহারের স্পষ্ট আশঙ্কা দেখা দিয়েছে। এটি এমন এক ব্যবস্থা, যা ‘আমেরিকাকে আবার মহান করে তোলা’র পুরো পরিকল্পনার সঙ্গে বেশ অসংগত। বিপুলসংখ্যক লোক চাকরি হারানোর ফলে বেকারত্বের হার বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশে, যা প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। রয়টার্সের মতে, ‘অনেক অর্থনীতিবিদ মনে করেন, নিয়োগকর্তারা নিজেদের প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ছাঁটাই করেছেন। কারও কারও মতে, ট্রাম্পের আমদানির ওপর শুল্ক আরোপের কারণে এ ঘটনা ঘটেছে।’
বাস্তবতার দৃষ্টিকোণ থেকে ট্রাম্প মার্কিন অর্থনীতি ঠিক করার প্রতিশ্রুতিতে চূড়ান্তভাবে ব্যর্থ। কিন্তু প্রেসিডেন্টের নিজের অতিরঞ্জিত কল্পনার জগতে তিনি বর্তমান অর্থনীতিকে এ প্লাস গ্রেড দিয়েছেন। দেশের কথিত ‘সাশ্রয়ী মূল্যের’ সংকটকে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি ডেমোক্রেটিক ‘প্রতারণা’ বলে ঘোষণা করেছেন।
নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র কখনও তার সাশ্রয় ক্রয়ক্ষমতার জন্য খ্যাতি ছিল না। সর্বোপরি এটি নির্মম পুঁজিবাদের ওপর প্রতিষ্ঠিত, যা মানবজীবনের মৌলিক প্রয়োজনগুলোকে অস্বীকার করবে। যদিও রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা আদর্শিকভাবে ভিন্ন হতে পারে, তবুও বর্ণবাদী অভিজাত নিপীড়ন স্থায়ী করা এবং দারিদ্র্য মৃত্যুর একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত হওয়ার ক্ষেত্রে দলগুলো একই মুদ্রার দুটি দিক; যদিও এটি পৃথিবীর অন্যতম ধনী দেশ।
বর্তমানে আমি ছুটি কাটাতে কেন্টাকির লুইসভিল শহরে আছি। ঘটনাক্রমে, লুইসভিল ছিল ২০২০ সালের মার্চ মাসে কুখ্যাত পুলিশ হত্যাকাণ্ডের স্থান। ২৬ বছর বয়সী জরুরি কক্ষের টেকনিশিয়ান ব্রেওনা টেলর নিরস্ত্র ছিলেন। এই বছরের শুরুতে মার্কিন বিচার বিভাগ টেলরের গুলিবর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত একজন সাবেক পুলিশ কর্মকর্তার জন্য মাত্র এক দিনের কারাদণ্ড চেয়েছিল, যা প্রথম ট্রাম্প প্রশাসনের নজরদারিতে ঘটে।
অবশেষে ওই অফিসারকে ৩৩ মাসের একটু বেশি সাজা দেওয়া হয়। সমসাময়িক বিচার বিভাগের অন্যান্য অপকর্মের কথা বলতে গেলে প্রয়াত অর্থদাতা এবং শিশু যৌন নির্যাতনকারী জেফ্রি এপস্টেইনের মামলার সঙ্গে সম্পর্কিত ১৬টি ফাইল শনিবার বিভাগের ওয়েবসাইটে প্রকাশের কিছুক্ষণ পরই উধাও হয়ে গেছে। এ ব্যাপারে কোনো কিছুই স্পষ্ট করা হয়নি। এদিকে উৎসবের মৌসুমে ভেনেজুয়েলার আশপাশে নৌকাগুলোতে ট্রাম্পের অব্যাহত বোমা হামলা এবং ভেনেজুয়েলার ‘মাদক সন্ত্রাসবাদ’ মোকাবিলার নামে নাবিকদের বিচারবহির্ভূত হত্যার পরিস্থিতি দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলাবিরোধী মনোভাব আরও বাড়িয়ে তেল ট্যাঙ্কার ছিনতাইয়ের সুযোগ করে দিয়েছে। অন্যদিকে, ট্রাম্প সামাজিক মাধ্যমে স্পষ্টতই অযৌক্তিক অভিযোগ দিয়েই চলেছেন এবং মিথ্যা মামলার তালিকা আরও বাড়িয়েছেন। তিনি বড় বড় অক্ষরে বরাবরের মতোই লিখেছেন, দক্ষিণ আমেরিকান দেশটি আগে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ‘তেল, জমি এবং অন্যান্য সম্পদ’ চুরি করেছে। বৃহস্পতিবার এনবিসির এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেননি।
বেলেন ফার্নান্দেজ: আলজাজিরার কলামিস্ট; আলজাজিরা থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম
