বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা হলে আমরা দুই ধরনের কথা শুনি। এক দল বলে, বাংলাদেশ ব্যাংক কিছুই করতে পারে না। আরেক দল বলে, বাংলাদেশ ব্যাংকই সব সমস্যার জন্য দায়ী।
দুটো কথাই ভুল। আসল সমস্যা হলো, আমরা কখনও বাংলাদেশ ব্যাংককে সত্যিকারের কেন্দ্রীয় ব্যাংক হতে দিইনি। আমরা তাকে একটি সরকারি দপ্তর বানিয়ে রেখেছি। তারপর তাকে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাজ আশা করছি।
তাহলে প্রশ্ন, কার্যকর কেন্দ্রীয় ব্যাংক বলতে আসলে কী বোঝায়? কার্যকর কেন্দ্রীয় ব্যাংক মানে তিনটি জিনিস বোঝায়: স্বাধীনতা; দক্ষতা ও সক্ষমতা; জবাবদিহি ও স্বচ্ছতা।
স্বাধীনতা মানে সরকারের বিরুদ্ধে যাওয়া নয়; পেশাদারিত্বের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। একটি কেন্দ্রীয় ব্যাংককে তিনটি কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সুদের হার কত হবে? টাকার সরবরাহ কত হবে? কোন ব্যাংককে বাঁচানো হবে, কোনটাকে বন্ধ করে দেওয়া হবে? এসব সিদ্ধান্ত যদি মন্ত্রণালয়ের টেলিফোনে হয়, তাহলে সেই কেন্দ্রীয় ব্যাংক কার্যকর নয়। অথচ আমাদের এখানে বছরের পর বছর বাজেট ঘাটতি মেটাতে সরকারের ইচ্ছানুযায়ী বাংলাদেশ ব্যাংককে টাকা ছাপতে হয়েছে। নির্বাচনের আগে সরকারের ইচ্ছাপূরণে সুদের হার কমাতে হয়েছে। ফলে মূল্যস্ফীতি বেড়েছে, টাকার মান কমেছে। ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্রকাশ্যে সরকারের সঙ্গে দ্বিমত করতে পারেন। আমাদের এখানে গভর্নর এমন কিছু করলে পরদিনই তাঁকে সরিয়ে দেওয়ার আলোচনা শুরু হয়।
একটি কেন্দ্রীয় ব্যাংককে শুধু স্বাধীন হলে হবে না; তাকে দক্ষও হতে হবে। বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন বিভাগে কতজন দক্ষ লোক আছেন? খুব কম। একটি ব্যাংকের ব্যালান্স শিট পড়ে বোঝা; তার আসল খেলাপি ঋণ কত; তার ঝুঁকি কোথায়– এই কাজের জন্য বিশেষজ্ঞ লাগে। আমাদের এখানে সাধারণত পরিদর্শক গিয়ে ব্যাংকের দেওয়া কাগজ দেখেই ফিরে আসেন। তিনি প্রশ্ন করেন না। কারণ প্রশ্ন করলে তাঁর ওপর চাপ আসবে।
আমি দেখেছি হলমার্ক কেলেঙ্কারির সময়, বেসিক ব্যাংকের সময়, আরও অনেক সময়– সমস্যা অনেক আগেই ধরা পড়েছিল। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ ব্যবস্থা নেওয়ার সাহস বা সক্ষমতা ছিল না। একটি কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের সুপারভিশন হবে ঝুঁকিভিত্তিক। অর্থাৎ সব ব্যাংককে একই চোখে দেখা হবে না। যে ব্যাংক দুর্বল, তার ওপর নজরদারি বেশি হবে। যে ব্যাংক ভালো, তাকে স্বাধীনতা দেওয়া হবে। আমাদের এখানে হয় উল্টোটা। ভালো ব্যাংককে বেশি নিয়মের বেড়াজালে আটকে রাখা হয়; খারাপ ব্যাংককে ছাড় দেওয়া হয়।
স্বাধীনতা মানে জবাবদিহিহীনতা নয়। বরং উল্টোটা। যে কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন, তাকে আরও বেশি জবাবদিহি করতে হবে। গভর্নরকে প্রতি ছয় মাসে সংসদে গিয়ে বলতে হবে– মূল্যস্ফীতি কেন বাড়ল, কেন কমল, ব্যাংক খাতের অবস্থা কী। কেন্দ্রীয় ব্যাংককে তার আর্থিক স্থিতিশীলতা রিপোর্ট নিয়মিত প্রকাশ করতে হবে; কোনো কিছু লুকিয়ে নয়। একটি ব্যাংককে যখন শাস্তি দেওয়া হবে তখন তা প্রকাশ্যে দিতে হবে। গোপনে চিঠি দিয়ে শাস্তি দিলে বাজারে আস্থা ফেরে না। আমাদের এখানে জবাবদিহির সংস্কৃতি নেই। একটি কার্যকর কেন্দ্রীয় ব্যাংক গড়ে তোলার জন্য আমি চারটি বাস্তব প্রস্তাব দিতে চাই। এগুলো বাস্তবায়ন করা কঠিন হলেও করতে হবে।
১. আইন দিয়ে স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ সংস্কার করে গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগের জন্য একটি স্বাধীন সিলেকশন কমিটি করতে হবে, যেখানে সরকার ও বিরোধী দলের প্রতিনিধির সঙ্গে সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ থাকবেন। গভর্নরের মেয়াদ হবে পাঁচ বছর, তাঁকে মেয়াদ শেষের আগে সরানো যাবে না প্রমাণিত অসদাচরণ ছাড়া; সেটা হতে হবে সংসদের মাধ্যমে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ভেঙে দিতে হবে। ব্যাংক খাতের নিয়ন্ত্রণ এক হাতে থাকতে হবে– বাংলাদেশ ব্যাংকের হাতে। মন্ত্রণালয় নীতি দেবে, কিন্তু ব্যাংক চালাবে না, ঋণ অনুমোদন করবে না, পরিচালক নিয়োগে হস্তক্ষেপ করবে না। আমি ২০১২ সালে এই কথা লিখেছিলাম। কিন্তু এই জায়গায় আমরা এক ইঞ্চিও এগোইনি।
২. সুপারভিশনকে পেশাদার করতে হবে বাংলাদেশ ব্যাংকে একটি আলাদা, শক্তিশালী সুপারভিশন ক্যাডার তৈরি করতে হবে। তাদের বেতন হবে বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; প্রশিক্ষণ হবে আন্তর্জাতিক মানের। তাদের রাজনৈতিক চাপ থেকে সুরক্ষা দিতে হবে। একই সঙ্গে প্রম্পট কারেকটিভ অ্যাকশন, অর্থাৎ দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা চালু করতে হবে। একটি ব্যাংকে মূলধন ঘাটতি দেখা দিলে এবং খেলাপি ঋণ একটি সীমা ছাড়িয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। ঋণ দেওয়া বন্ধ হবে; লভ্যাংশ দেওয়া বন্ধ হবে; পরিচালনা পর্ষদ বদলে দেওয়া হবে। এখানে কোনো টেলিফোন বা তদবির চলবে না। এই ব্যবস্থা ১০ বছর আগে চালু করলে আজ পাঁচটি ব্যাংককে একীভূত করার কথা ভাবতে হতো না।
৩. মুদ্রানীতিকে মূল্যস্ফীতির লক্ষ্যে বাঁধতে হবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ টাকার মান রক্ষা বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। আমাদের এখানে মুদ্রানীতি এখনও সরকারের বাজেটের অধীন। সরকার যখন টাকা চায়, বাংলাদেশ ব্যাংক টাকা দেয়। এই ব্যবস্থা ভাঙতে হবে। সরকারকে বাজার থেকে ঋণ নিতে হবে। বাংলাদেশ ব্যাংক প্রতিবছর একটি স্পষ্ট মূল্যস্ফীতির লক্ষ্য ঘোষণা করবে; অর্জিত হলো কিনা তার মূল্যায়ন হবে প্রকাশ্যে। লক্ষ্য অর্জিত না হলে গভর্নরকে ব্যাখ্যা দিতে হবে। এটাই বিশ্বের সব কার্যকর কেন্দ্রীয় ব্যাংক করে।
৪. মানবসম্পদ ও প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে একটি কেন্দ্রীয় ব্যাংক যতটা শক্তিশালী, তার লোকবল ততটা শক্তিশালী। বাংলাদেশ ব্যাংককে তার সেরা কর্মকর্তাদের ধরে রাখতে হবে। বেসরকারি ব্যাংকের চেয়ে কম বেতন দিয়ে ভালো কাজ আশা করা যায় না। তাদের বিদেশে প্রশিক্ষণে পাঠাতে হবে। একই সঙ্গে প্রযুক্তিতে বিনিয়োগ লাগবে; রিয়েল-টাইম ডেটা ছাড়া সুপারভিশন হয় না। একটি ব্যাংক আজ কত ঋণ দিল, কত টাকা তুলল– এই তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে থাকতে হবে।
একটি কার্যকর কেন্দ্রীয় ব্যাংক কোনো বিলাসিতা নয়; এটি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রশ্ন। বাংলাদেশ ব্যাংক স্বাধীন, দক্ষ ও জবাবদিহিমূলক হলে আমাদের ব্যাংক খাত দাঁড়াবে। ব্যাংক খাত দাঁড়ালে স্থানীয় পুঁজি গঠন হবে। পুঁজি গঠন হলে বিনিয়োগ হবে। বিনিয়োগ হলে কর্মসংস্থান হবে। এ ব্যবস্থা গড়ে তোলা না গেলে আমরা বারবার একই সংকটে পড়ব। বারবার ব্যাংক বাঁচাতে তাদেরকে জনগণের টাকা দেব; অর্থের জন্য বারবার আইএমএফের কাছে যাব।
মামুন রশীদ: অর্থনীতি বিশ্লেষক; সিটিব্যাংক এন এ বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী
