রূপের শহর, রঙের শহর, জাদুর শহর ঢাকা! কর্মমুখর দিনের ব্যস্ততায় মানুষ চলে তার আপন গতিতে। এই ব্যস্ততায় মানুষকে দূর থেকে দূরান্তরে প্রতিনিয়ত চলাচল করতে হয়। যানবাহন তাদের নিত্যদিনের সঙ্গী। কর্মমুখর মানুষের চলাচলের জন্য এটাই বাহন– হোক সেটা দূরপাল্লার বা লোকাল বাস। কিন্তু বাসে চেপে বসতেই যাত্রা পথে যাত্রীদের নানা রকম বেগ পোহাতে হয়। কিছুপথ যেতে না যেতেই দেখা যায় একের পর এক হকার বাসে উঠছে– কেউ হাতে পপকর্ণ, ভুট্টা, মুড়ির মোয়া, আমড়া, পেয়ারা, চিপস, বিস্কুটসহ নানা রকম খাবার। জোরে জোরে হাঁক দিচ্ছে আর যাত্রীরা কেউ কেউ কিনে নিচ্ছে। শিশুরা হাসিমুখে খেয়েই চলেছে। প্রশ্ন হচ্ছে এসব খাবার কতটা নিরাপদ?

যাত্রা পথে দেখা যায় সর্বোচ্চ সতর্ক থাকার পরও কত কত যাত্রীর ফোন, মানিব্যাগ এছাড়াও কত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস চুরি হয়ে যাচ্ছে। অনেক কুচক্রী মহল হকার সেজে মানুষকে প্রতারণার ফাঁদে জড়িয়ে যাত্রাপথে লুটে নিচ্ছে সব। জীবন হচ্ছে ঝুকিপূর্ণ, মানুষ হারাচ্ছে সর্বস্ব! এসবের দায় কার? সম্প্রতি দেখা যাচ্ছে হকার সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। যাত্রাপথে দেখা যায় এক বাসে ৭/৮ জন পর্যন্ত হকার উঠে হকারি করে যায়। এতে যাত্রীদেরও বিরক্তবোধ হয়। আবার দেখা যায় বাসের গেটে দাঁড়িয়েও বিক্রি করছে বিভিন্ন সামগ্রী–এতে যাত্রীদের বাসে উঠতে নামতে কষ্ট হচ্ছে আবার এসব কারণে দুর্ঘটনাও ঘটারও প্রবণতা রয়েছে। এসব সমস্যা সমাধানে সকলের সচেতনতা প্রয়োজন। হকার একবারে নিরসন করা সম্ভব নয়। যারা জীবিকার তাগিদে এটাকে পেশা হিসেবে বেছে নিয়েছে তাদের দিকেও নজর দেওয়া প্রয়োজন। হকারদের জন্য নির্দিষ্ট একটা নিয়ম প্রয়োগ করা যেতে পারে। যেমন হকার শুধু চলন্ত বাসে পণ্য বিক্রি করতে হলে পরিবহন মালিক সমিতি কর্তৃক অনুমোদিত হতে হবে। তাদের নির্দিষ্ট কার্ড বা নাম্বার থাকতে হবে। একটা বাহনে দুইয়ের অধিক হকার যেতে পারবে না। এছাড়াও বিকল্প যেমন প্রত্যেকটা স্টেশন নির্দিষ্ট হকারদের জন্য হকার জোন হিসেবে ঘোষণা করা যেতে পারে। এতে বিশৃঙ্খলা রোধ হবে। সর্বোপরি সকলের সুশৃঙ্খল শান্ত ও উন্নত চিন্তার কঠোর প্রয়োগ এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম পরিবহন সমস্যা সমাধান হওয়ার পথ বাতলে দিতে পারে। সকল জনগনের একাত্মতা সুন্দর মনোভাব এবং সচেতনতার ফলে আমরা পেতে পারি সুন্দর স্বপ্নের বাংলাদেশ।