আগামীকাল ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। আমাদের জাতীয় জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল ঐতিহাসিক দিন। মহান স্বাধীনতা আন্দোলনের অবিস্মরণীয় অবদান রেখেছেন শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, বীরশ্রেষ্ট, বীর উত্তম, বীর প্রতীকসহ সকল জাতীয় নেতা ও লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাÑ তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। ’৭১-এর মুক্তিযুদ্ধ শুধুমাত্র ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধই ছিলো না, মুক্তিযুদ্ধ ছিলো কৃষক-শ্রমিক-ছাত্র জনতার দীর্ঘদিনের মুক্তিকামী সংগ্রামের এক চূড়ান্ত রূপ। সাঁওতাল, গারো, হাজং প্রভৃতি আদিবাসীদের বিদ্রোহ, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, মাস্টারদা সূর্য সেন-প্রীতিলতা প্রমুখ বিপ্লবীর নেতৃত্বে সংঘটিত অগ্নিযুগের সশস্ত্র জাতীয় বিপ্লবী আন্দোলনসহ জনগণের বহুমাত্রিক সংগ্রাম ব্রিটিশ শাসনের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। ’৪৭-এ ব্রিটিশ শাসনের অবসান ঘটলেও দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত পাকিস্তান রাষ্ট্রের অর্ন্তভুক্ত হয় বাংলাদেশ। পাকিস্তানি শাসকদের জাতিগত শোষণ, দমন-পীড়ন ও প্রতিক্রিয়াশীল নীতির বিরুদ্ধে বাংলার জনগণ তীব্র সংগ্রাম গড়ে তোলে। ১৯৫০ সালের ২৪ এপ্রিল, ১৯৫২’র একুশ, ৫৪’র যুক্তফ্রন্ট, ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৬’র ছয় দফা এবং সবশেষে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, আইয়ুব খানের পতন, ’৭০-এর নির্বাচন, ১৯৭১-এর ৭ মার্চের ভাষণ এবং বাঙালির অব্যাহত সংগ্রাম ও গণদাবির মধ্যদিয়েই সৃষ্টি হয় ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পটভূমি। বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রামের ধারাবাহিকতায় আসে এই মহান মুক্তিযুদ্ধ। তারপর দীর্ঘ ৯ মাস সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ, ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা ও স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ।
মুক্তির জন্য বাঙালি জাতির এই সশস্ত্র যুদ্ধের পেছনে ছিল এক দীর্ঘ ধারাবাহিক সংগ্রাম, যে সংগ্রাম পরিচালিত হয়েছিল মূলত পাকিস্তানী শাসকদের অনুসৃত বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে। এই আন্দোলন-সংগ্রামে গোটা জাতিকে সম্পৃক্ত করার জন্য রাজনৈতিক নেতৃত্ব ও বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বারবার জাতির সামনে তুলে ধরা হয় পাকিস্তানী শাসকদের বৈষম্যমূলক নীতিকে। ভাষা আন্দোলন, স্বাধিকার-স্বায়ত্তশাসনের সংগ্রাম বা ১৯৭০-এর নির্বাচনী প্রচারণার সময় নানা তথ্য-উপাত্তের মাধ্যমে প্রকাশিত হয়, ঐসব বৈষম্যের নগ্ন চিত্র। ভাষা আন্দোলনের সময় তুলে ধরা হয়, পাকিস্তানের মোট জনসংখ্যার ৫৬ শতাংশের মাতৃভাষা বাংলা, অথচ শাসকগোষ্ঠী বাংলা ভাষার পরিবর্তে মাত্র ৬/৭ শতাংশের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিয়েছিল।
উল্লেখ করা প্রয়োজন, ১৯৪৭-১৯৫৮ সাল পর্যন্ত পাকিস্তানের ৪ জন রাষ্ট্র প্রধানের মধ্যে মাত্র ১ জন ছিলেন পূর্ব বাংলার (তাও আবার তিনি ছিলেন উর্দু ভাষী)। আর ১৯৪৭-৫৬ পর্যন্ত পূর্ব বাংলার ৪ জন গভর্নরের মধ্যে একজন মাত্র ছিলেন বাঙালি। বে-সামরিক প্রশাসনে ১৯৬৮ সাল পর্যন্ত পাকিস্তানের ১৯ জন সচিবের মধ্যে যেমন একজনও বাঙালি ছিল না তেমনি সেনাবাহিনীতেও লেঃ জেনারেল পদমর্যাদার কোনো বাঙালি অফিসার ছিল না। ১৯৭০-এর নির্বাচনের প্রাক্কালে সোনার বাংলা শ্মশান কেন-শীর্ষক এক ঐতিহাসিক পোস্টারের মাধ্যমে প্রচার করা হয়, কেন্দ্রীয় সরকারের চাকুরীতে ওরা শতকরা ৯০ জন আর বাঙালি মাত্র ১০ জন। উন্নয়ন খাতে পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ ৬০০ কোটি, আর পূর্ব বাংলার জন্য ৩০০ কোটি টাকা। সুতরাং এ সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই যে, ১৯৭১-এর মুক্তিযুদ্ধে বাঙালি জাতির মূল প্রত্যাশা ছিল বৈষম্য থেকে মুক্তি। তথ্য-পরিসংখ্যানের মাধ্যমে চিত্রিত এইসব রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক বৈষম্য বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে, উদ্ধুদ্ধ করে পাকিস্তানীদের বিরুদ্ধে সংগ্রামে এবং এক পর্যায়ে ঐ সংগ্রাম অনিবার্যভাবে রূপ লাভ করে মুক্তিসংগ্রামে।
স্বাধীনতার পরে সুদীর্ঘ সময় আমরা অতিক্রম করেছি। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা আজও প্রকৃত অর্থে বাস্তবায়ন হয়নি। এমনকি আমাদের এই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে সম্পূর্ণ ও সঠিক ইতিহাস রচনার কাজটিও শেষ হয়নি। যেটুকু হয়েছে, তার মধ্যে নানা বিভ্রান্তি রয়েছে। অনেকক্ষেত্রে বিকৃতির ঘটনাও ঘটেছে। আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের সত্যিকার ইতিহাস জানতে চায়, কিন্তু তাদের সামনে আমরা কতটুকু ইতিহাস তুলে ধরতে পেরেছি! মুক্তিযুদ্ধ নিয়েÑ মুক্তিযোদ্ধা, সংগঠক ও নেতৃবৃন্দের প্রচুর লেখা রয়েছে। তাদের এই লেখাগুলোর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। এই ইতিহাস ধারাবাহিকভাবে সংকলন ও সম্পাদনা করে তরুণপ্রজন্মের হাতে তুলে দেওয়ার কাজটিও বা কতটুকু হয়েছে! অন্যদিকে যে প্রত্যাশা নিয়ে এ জাতি সংগ্রাম করেছিল, যুদ্ধ করেছিল তার অবস্থা কী? বৈষম্য কমেনি বরং বেড়েছ। দেশের এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের বৈষম্য কম নয়। গ্রামের মধ্যেও বৈষম্য যথেষ্ট। তবে এসব বৈষম্য নিয়ে আলোচনার আগে বলে নেয়া ভালো, স্বাধীনতা-উত্তর সময় বৈষম্য বৃদ্ধি পেয়েছে তার অর্থ এই নয় যে, দেশ স্বাধীন করে কোনো লাভ হয়নি।
মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের পরে জিয়াউর রহমানের অবদান অনন্য ও অবিস্মরণীয়। তিনি জেড ফোর্স গঠন করেন। মহান স্বাধীনতাযুদ্ধের সময় তিনি উত্তরবঙ্গের রৌমারীতে বাংলাদেশের প্রথম পোস্ট অফিস স্থাপন করেন এবং সেখান থেকেই বাংলাদেশ হিসেবে বিভিন্ন অঞ্চলে চিঠিপত্র সরবরাহ হতে থাকে। প্রবাসী সরকার গঠন হলে তিনি সরকারের রাজস্ব আদায়ের সূচনা করেন। তিনি স্বাধীনতারযুদ্ধে নিজে একাধিক সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নৈপুণ্যতার কারণেই মুক্তিযোদ্ধাদের মনোবল আরো দৃঢ় আকার ধারণ করে এবং মুক্তিযুদ্ধের বিজয়কে দ্রুত ত্বরান্বিত করে।
১৯৭৫-পরবর্তী অস্থির ও বিভাজিত বাংলাদেশে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেন, তা ছিল সময়োপযোগী, ঐতিহাসিক এবং অন্তর্ভুক্তিমূলক। তাঁর নেতৃত্বে জাতীয় ঐক্য, জনগণের অংশগ্রহণ এবং আত্মনির্ভরতা নির্ভর একটি গণমুখী রাষ্ট্রচিন্তার বিকাশ ঘটে। তাঁর ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ ধারণাটি একক জাতিগত পরিচয়ের বাইরে গিয়ে বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক এক জাতীয় চেতনাকে প্রতিষ্ঠা করে। যেখানে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল নাগরিক আত্মপরিচয় খুঁজে পান। এই ধারণা সংখ্যালঘু, আদিবাসী, পেশাজীবীসহ সকল জনগোষ্ঠীকে রাষ্ট্রীয় কাঠামোয় অন্তর্ভুক্তির সুযোগ দেয়।
১৯ দফা আন্দোলনে জিয়াউর রহমানের নেতৃত্বে ছিল অন্তর্ভুক্তিমূলক ও দূরদর্শী কর্মসূচি, যেখানে তিনি জনগণের ভোটাধিকার, ভাষা, সংস্কৃতি, অর্থনৈতিক সমতা ও সামাজিক ন্যায্যতার দাবি তুলে ধরেন। তিনি এই আন্দোলনকে রাজনৈতিক দাবি হিসেবে নয়, বরং কৃষক, শ্রমিক, তরুণ, শহর-গ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার ও মুক্তির একটি সার্বজনীন আন্দোলনে রূপ দেন। তাঁর নেতৃত্বে ১৯ দফা হয়ে ওঠে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জনগণের রাজনৈতিক-অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার এক ঐক্যবদ্ধ গণআন্দোলন। বহুদলীয় গণতন্ত্র চালুতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ছিল অন্তর্ভুক্তিমূলক ও ভিত্তিস্থাপনমূলক। তিনি রাজনৈতিক বহুমত, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার পথ উন্মুক্ত করেন, যা গণতন্ত্রের মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে।
তিনি বহুদলীয় ব্যবস্থাকে এমনভাবে প্রতিষ্ঠা করেন, যেখানে বিরোধী দলসমূহ নিরাপদ ও সম্মানজনক ভূমিকা পায়, সংবাদপত্র মুক্তভাবে মত প্রকাশ করতে পারে, রাজনৈতিক স্থিতিশীলতা গড়ে ওঠে এবং ক্ষমতা জনগণের সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত হয়। গ্রামীণ উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে বিকেন্দ্রীকরণ করেন তিনি। সবুজ বিপ্লব, আধুনিক কৃষিপ্রযুক্তি, যুব উন্নয়ন, বিসিক, পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে তিনি আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গঠনের উদ্যোগ নেন। ‘গ্রাম হবে শহর’ দর্শনের ভিত্তিতে অবকাঠামো, স্বাস্থ্য, বিদ্যুৎ ও শিক্ষার সম্প্রসারণ ঘটান। তিনি ধান বা গম উৎপাদনের পাশাপাশি গ্রহপালিত পশু, হাঁস-মুরগি, গরু-ছাগল পালন ও মাছচাষকে উৎসাহ দেন।
পল্লী পশুচিকিৎসা কেন্দ্র স্থাপন, টিকা ও খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণ, পুকুর সংস্কার, মাছের পোনা সরবরাহ ইত্যাদির মাধ্যমে কৃষিনির্ভর জনগোষ্ঠীকে নানাভাবে অন্তর্ভুক্তির মাধ্যমে স্বনির্ভর করে তোলেন। তিনি দেশের কৃষি ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে একটি যুগান্তকারী খাল খনন কর্মসূচি শুরু করেন। ‘শিক্ষা হতে হবে জীবনের জন্য, জীবিকার জন্য’Ñ এই দর্শনের ভিত্তিতে তিনি কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেন। ইউনিয়ন পর্যায়ে স্কুল স্থাপন, উপবৃত্তি, শিক্ষকের প্রশিক্ষণ ও নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করে প্রান্তিক মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেন। নিরক্ষর জনগোষ্ঠীকে প্রয়োজনীয় শিক্ষা প্রদানে উদ্যোগ নেন। শিক্ষা ও সংস্কৃতিকে জাতীয় উন্নয়নের চালিকাশক্তি হিসেবে বিবেচনা করেন।
নারী ও যুবদের জন্য প্রশিক্ষণ, কর্মসংস্থান ও ঋণ-সহযোগিতা ভিত্তিক প্রকল্প চালু করে তাদেরকে উৎপাদন ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণের সুযোগ করে দেন। বিশেষ করে নারীর পল্লী উদ্যোক্তা হয়ে ওঠার পথ তিনি উন্মুক্ত করেন, যা ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন, সম্মানী ও সরকারি চাকরিতে কোটা প্রদান করে তিনি তাদের রাষ্ট্রীয় মর্যাদা পুনঃস্থাপন করেন। একইসাথে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সংবেদনশীল নীতি গ্রহণ করে সহাবস্থানের সংস্কৃতি প্রতিষ্ঠা করেন। পরিবেশ ও প্রকৃতি রক্ষায় জিয়াউর রহমান জাতীয় বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেন এবং ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ স্লোগান দেন। তিনি নদী-খাল খনন, জলাধার সংরক্ষণ ও পরিবেশবান্ধব অবকাঠামো গঠনের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্ব দেন। কৃষক ও জনগণের অংশগ্রহণে জৈবচাষ ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ নেন, যা পরিবেশ রক্ষাকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেয়। শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান ছিল অন্তর্ভুক্তিমূলক ও যুগোপযোগী, যা বাংলাদেশের আধুনিকীকরণ ও স্বাবলম্বিতার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত। তিনি বিশ্বাস করতেন যে দেশের সামগ্রিক উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য শিল্প ও প্রযুক্তির সম্প্রসারণ ও উন্নয়ন অপরিহার্য। পররাষ্ট্রনীতিতে জিয়াউর রহমানের অবদান ছিল অন্তর্ভুক্তিমূলক ও সমন্বয়পূর্ণ। তিনি বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় স্বাধীন কূটনীতি গ্রহণ করেন এবং প্রতিবেশীসহ বিশে^র বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলেন।
বাংলাদেশের স্বাধীনতা ও রাষ্ট্র গঠনের ইতিহাসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক অনন্য ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত। মাত্র কয়েক বছরে তিনি দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক উন্নয়ন ও সংস্কৃতির নানা ক্ষেত্রে এক স্বতন্ত্র ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করেন, যা আজও বাংলাদেশের জন্য এক গভীর ঐতিহ্য, শিক্ষা ও গবেষণার উৎস। তাঁর নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ গড়ে উঠেছিলো এক সমন্বিত, বহুমাত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে, যেখানে দেশের প্রতিটি শ্রেণি, সম্প্রদায় ও সম্প্রদায়ের মানুষ নিজের অধিকার, দায়িত্ব ও মর্যাদা নিয়ে অংশগ্রহণ করতে পারতো। বাংলাদেশে তার এই অন্তর্ভুক্তিমূলক অবদান আজও প্রাসঙ্গিক ও শিক্ষণীয়, যা দেশের ভবিষ্যৎ গঠনে মৌলিক দর্শন হিসেবে কাজ করবে।
লেখক : গবেষক ও রাজনৈতিক কলাম লেখক sk.rafiq1982@gmail.com
