রাজধানী ঢাকাসহ দেশের ছোট-বড় সব শহরে সরকারি-বেসরকারি বহু হাসপাতাল রয়েছে। যেখানে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। এসব হাসপাতালে আসা বেশিরভাগ মানুষই গণপরিবহন ব্যবহার করেন। তবে গণপরিবহনের পাশাপাশি অনেকে প্রাইভেট কার এবং মোটরসাইকেলে যাতায়াত করে থাকেন। কিন্তু দেখা যায়, আমাদের দেশের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা নেই। ফলে আগত রোগী বা রোগীর স্বজনদের মোটরসাইকেল এবং প্রাইভেট কার পার্কিং নিয়ে বেশ বিড়ম্বনার শিকার হতে হয়। বাধ্য হয়ে অনেকে হাসপাতালের সামনে রাস্তার ওপরে পার্কিং করে রাখে। এতে একদিকে যেমন গাড়ি চুরি হওয়ার ঝুঁকি থাকে, অন্যদিকে যানজটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।
সম্প্রতি সরকার অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। এতে বেশ বড় অংকের জরিমানা গুনতে হচ্ছে হাসপাতালে সামনে রাখা মোটরসাইকেল এবং প্রাইভেট কার মালিকদের। বেশিরভাগ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জরিমানার হাত থেকে বাঁচতে নামেমাত্র নো-পার্কিং সাইনবোর্ড ঝুলিয়ে রাখছে। ফলে পুরো দায় গিয়ে পড়ছে অসহায় সেবাগ্রহীতাদের ওপর। অথচ উচিত ছিলো প্রতিটি সরকারি-বেসরকারি হাসপাতালে নিরাপদে গাড়ি রাখার জন্য পার্কিং জোন তৈরি করা। এজন্য রোগী এবং রোগীর স্বজনদের গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সচেতন হতে হবে। চিকিৎসা সংক্রান্ত প্রতিষ্ঠান অনুমোদন দেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত পার্কিং সুবিধা আছে কিনা স্বাস্থ্য মন্ত্রণালয়কে সেটা কঠোরভাবে যাচাই-বাছাই করতে হবে। আশা রাখি, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও ট্রাফিক বিভাগের যৌথ প্রচেষ্টায় হাসপাতালে সেবা নিতে আসা মানুষদের ভোগান্তি দূর হবে এবং গাড়ি পার্কিং সমস্যার স্থায়ী একটি সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।
-রিয়াদ হোসেন, সরকারি বিএল কলেজ, খুলনা।
