পহেলা জানুয়ারি বা বছরের প্রথম দিন ‘বই উৎসব’ হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক ব্যাপক পরিচিতি পেয়েছে। এদিন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সব শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করে, যা শুরু হয়েছে ২০১০ সাল থেকে। কাজেই এই দিনটা বছরের অন্য সব দিনের চেয়ে একটু আলাদা। শিক্ষার্থীদের চোখে-মুখে এক ধরনের নতুন প্রত্যাশার ঝিলিক। প্রচণ্ড শীত-কুয়াশার মধ্যেও স্কুলের মাঠে সকাল থেকেই শিক্ষার্থীরা ভিড় করতে শুরু করে। রঙিন ফেস্টুন, ব্যানার আর বেলুনে সাজানো বিদ্যালয় প্রাঙ্গণ যেন এক উৎসবের রাজ্যে রূপ নেয়। নতুন বই, নতুন স্বপ্ন, নতুন যাত্রার প্রতীক।
ছোট ছোট শিশুরা নতুন জামা পরে, কারও হাতে বাবা-মায়ের হাত, কারও হাতে ছোট ব্যাগ, চোখে বিস্ময় আর মুখে হাসি নিয়ে স্কুলে গ্লাস তো কালো আসে। তাদের কাছে বই শুধু পড়ার বস্তু নয়, বই মানে নতুন খাতা, নতুন গন্ধ, নতুন গল্প, আর আগামী দিনের অজানা সম্ভাবনা। অনেক অভিভাবকের চোখে জল, কারণ তারা জানেন, একসময় বই পাওয়াটাই ছিল বড় কষ্টের, আর আজ রাষ্ট্র নিজেই সন্তানের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। এই দৃশ্য শুধু একটি দিনের আনন্দ নয়, এটি একটি জাতির শিক্ষাযাত্রার প্রতীক, যেখানে বই হয়ে ওঠে সমতার সেতু, ভবিষ্যতের দিশারি। বই বিতরণের ওই মুহূর্তটা থাকে সবচেয়ে আবেগঘন। প্রধান অতিথির হাত থেকে প্রথম শ্রেণির এক ছোট্ট সোনামনির হাতে যখন বইয়ের প্যাকেট তুলে দেওয়া হয়, তখন সে অবাক চোখে তাকিয়ে থাকে, এত বই, সব তার নিজের!
বইয়ের মলাটে রঙিন ছবি, ভেতরে ঝকঝকে ছাপা অক্ষর, নতুন কাগজের গন্ধে তার শৈশব ভরে যায় এক অনাবিল আনন্দে। পাশে দাঁড়ানো তার মা চুপচাপ চোখ মুছছেন, এই বইই হয়তো তার সন্তানকে নিয়ে যাবে এমন এক জগতে, যেখানে সীমাবদ্ধতা থাকবে না। অন্যান্য খুদে শিক্ষিত শিক্ষার্থীরা বই খুলে উল্টে দেখছে, কেউ আবার বন্ধুর সঙ্গে বইয়ের ছবি নিয়ে আলোচনা করছে। \r\nবই উৎসবের আনন্দ শুধু স্কুল প্রাঙ্গণে সীমাবদ্ধ থাকে না, এর রেশ ছড়িয়ে পড়ে পুরো সমাজে। গ্রামের চায়ের দোকানে আলোচনা হয় ‘এখনকার ছেলেমেয়েরা কত সুবিধা পাচ্ছে!’ শহরের বাসায় বাসায় বাবা-মা সন্তানকে নিয়ে বসে নতুন বই দেখেন, পড়ার পরিকল্পনা করেন। অনেক শিক্ষার্থী আছে, যাদের জীবনে বইই একমাত্র সম্পদ, বইয়ের পাতাতেই তারা খুঁজে পায় আশ্রয়, স্বপ্ন, মুক্তির পথ।
পহেলা জানুয়ারির এই বই উৎসব সেই শিশুদের কাছে আরও বেশি অর্থবহ, যাদের বাড়িতে আলাদা করে বই কেনার সামর্থ্য নেই। বই তাদের কাছে হয়ে ওঠে সমান সুযোগের প্রতীক। শিক্ষকরাও এই দিনে নতুন উদ্যমে শপথ নেন, শুধু সিলেবাস শেষ করাই নয়, শিক্ষার্থীদের মানুষ করে তোলাই তাদের লক্ষ্য। বই উৎসব তাই কেবল বই বিতরণের কর্মসূচি নয়, এটি একটি সামাজিক আন্দোলন, যেখানে রাষ্ট্র, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবাই এক সুতোয় বাঁধা। বইয়ের মাধ্যমে তৈরি হয় সচেতন নাগরিক, যারা প্রশ্ন করতে শেখে, যুক্তি বুঝতে শেখে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস পায়। বই উৎসব শিক্ষার্থীদের শৃঙ্খলা শেখায়, সময়মতো বই সংরক্ষণ ও যত্নের অভ্যাস গড়ে তোলে। পহেলা জানুয়ারির বই উৎসব তাই একটি দিনের ঘটনা হলেও এর প্রভাব বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান থাকে।
এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়, একটি জাতির সবচেয়ে বড় বিনিয়োগ তার মানুষের শিক্ষা। বইয়ের মাধ্যমে তৈরি হয় আলোকিত ভবিষ্যৎ, যেখানে অজ্ঞতার অন্ধকার কাটিয়ে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে সর্বত্র। পহেলা জানুয়ারির বই উৎসব সেই আলোরই উৎস, যেখানে নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শুধু বই নয়, একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ ভবিষ্যতের চাবিকাঠি, একটি জাতির মনন গঠনের প্রতীক। \r\nবছরের শুরুতে নতুন বই হাতে পাওয়ার আনন্দ শিশু-কিশোরদের মনে যে আলো জ্বালায়, তা সারা বছরের পড়াশোনার প্রেরণা হয়ে থাকে। নতুন বই মানে নতুন গল্প, নতুন জ্ঞান, নতুন স্বপ্ন। এই উৎসব শিক্ষাকে উৎসবমুখর করে তোলে, পড়াশোনাকে করে আনন্দের অংশ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে এক ধরনের মানসিক সেতুবন্ধন তৈরি হয়।
বই উৎসবের মাধ্যমে রাষ্ট্র একটি স্পষ্ট বার্তা দেয়, শিক্ষা সবার জন্য, জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য বই উৎসব অনেক সময় বছরের সবচেয়ে আনন্দের দিন হয়ে ওঠে, কারণ এই দিনেই তারা পায় বিনামূল্যের পাঠ্যবই, যা তাদের পড়াশোনার মূল ভরসা। নতুন বই হাতে পাওয়ার আনন্দের সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। একটি শিশু যখন প্রথমবার নিজের নাম লেখা বইয়ের ভেতরের পাতায় খুঁজে পায়, তখন তার মধ্যে জন্ম নেয় আত্মপরিচয়ের বোধ। বই তাকে শেখায় ভাষা, ইতিহাস, বিজ্ঞান, এর চেয়েও বেশি শেখায় মানুষ হতে। বই উৎসবের দিনে অনেক শিক্ষার্থী স্বপ্ন দেখে কেউ ডাক্তার হবে, কেউ শিক্ষক, কেউ বিজ্ঞানী, কেউ লেখক। সেই স্বপ্নের বীজ রোপিত হয় এই বইয়ের পাতায় পাতায়।
রাষ্ট্রের এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে কেবল পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং চিন্তাশীল, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বই উৎসব তাই উন্নয়নের নীরব কিন্তু শক্তিশালী হাতিয়ার, যা সমাজকে ভেতর থেকে বদলে দেয়।\r\nতবে সময়ের সঙ্গে সঙ্গে বই উৎসবের রূপও বদলেছে। এখন শুধু ছাপা বই নয়, ডিজিটাল শিক্ষার কথাও আলোচনায় আসে, অর্থাৎ ডিজিটাল বই যা এই উৎসবের ধারণাকে এক নতুন মাত্রা দিয়েছে। কাগজের বইয়ের পাশাপাশি এখন ই-বুক, পিডিএফ বই, অনলাইন লাইব্রেরি শিক্ষার্থীদের হাতের মুঠোয়। স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপ খুললেই হাজার হাজার বই পাওয়া যায় মুহূর্তে। ডিজিটাল বই জ্ঞানের সীমা ভেঙে দিয়েছে, স্থান, সময় ও দূরত্ব আর বাধা নয়।
যে শিক্ষার্থী আগে লাইব্রেরির অভাবে বই পেত না, সে এখন ইন্টারনেটের মাধ্যমে বিশ্বসাহিত্য পড়তে পারে। ডিজিটাল বই পরিবেশবান্ধব, কাগজ কম লাগে, গাছ কাটার প্রয়োজন কমে। দ্রুত আপডেট করা যায়, ভুল সংশোধন সহজ, বহন করাও সুবিধাজনক। তবে এর সঙ্গে কিছু চ্যালেঞ্জও আছে। দীর্ঘ সময় স্ক্রিনে পড়া চোখের জন্য ক্ষতিকর হতে পারে, মনোযোগ ধরে রাখাও অনেক সময় কঠিন হয়। আবার সব শিক্ষার্থীর কাছে সমানভাবে ডিভাইস বা ইন্টারনেট নেই ডিজিটাল বৈষম্য একটি বাস্তব সমস্যা। তাই বই উৎসব ও ডিজিটাল বইকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক হিসেবে দেখা জরুরি। বই উৎসব আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়, আর ডিজিটাল বই ভবিষ্যতের পথ দেখায়। কাগজের বইয়ের আবেগ আর ডিজিটাল বইয়ের সুবিধা এই দুইয়ের সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি আধুনিক, মানবিক ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা। ভবিষ্যতের বই উৎসব হয়তো হবে হাইব্রিড হাতে কাগজের বই, আর ডিভাইসে ডিজিটাল লাইব্রেরি। তাতেই জ্ঞান হবে আরও সহজলভ্য, শিক্ষা হবে আরও অন্তর্ভুক্তিমূলক, আর বই কাগজে হোক বা স্ক্রিনে মানুষ গড়ার প্রধান হাতিয়ার হিসেবেই টিকে থাকবে।\r\nতাই বই উৎসব শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একটি বার্তা বহন করে, শিক্ষা কারও বিশেষ অধিকার নয়, এটি সবার জন্য। গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চর, একই দিনে, একই বই পৌঁছে যাচ্ছে সবখানে। এতে তৈরি হচ্ছে এক অভিন্ন শিক্ষাব্যবস্থা, যেখানে শিশুর পরিচয় হয় তার অর্থনৈতিক অবস্থায় নয়, তার মেধা, অধ্যবসায় ও পরিশ্রমে ফলে। কারণ বই হচ্ছে সেই জানালা, যেখান দিয়ে তারা দেখতে পায় অচেনা শহর, অজানা মানুষ, আর অদেখা পৃথিবী। একমাত্র বই তাকে নিয়ে যায় সময়ের সীমানা পেরিয়ে, সমুদ্র-পর্বত-অরণ্যের গভীরে। নতুন বই হাতে নিয়ে শিক্ষার্থীরা যেন অজান্তেই একটি অঙ্গীকার করে পড়বে, শিখবে, এগিয়ে যাবে- সমৃদ্ধির পথে।
