ক্রীড়াজগতে বাংলাদেশে নারীরা গত এক দশকে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সাফল্য এবং সংবাদমাধ্যমে উপস্থিতি– সব মিলিয়ে নারী ক্রীড়াবিদরা এখন জাতীয় গর্বের অংশ। কিন্তু এই অগ্রগতির ভেতরেই বিভিন্ন অভিযোগ উদ্বেগজনক বাস্তবতা সামনে এনেছে। সবচেয়ে গুরুতর হলো যৌন শোষণ ও হয়রানি।

সম্প্রতি ক্রিকেটে জাহানারা আলমের যৌন হয়রানির ঘটনা গুরুত্বসহ আলোচিত হচ্ছে। নারী ফুটবলে জাতীয় দলের খেলোয়াড়রা বিদেশি কোচের আচরণ নিয়ে প্রকাশ্যে অভিযোগ তোলেন। শুটিংয়ে নারী শুটারদের অভিযোগের পর জাতীয় ক্রীড়া পরিষদের এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। টেনিসে এক কিশোরী খেলোয়াড়ের অভিযোগে ফেডারেশনের শীর্ষ কর্মকর্তা সাময়িক অপসারিত হন। সব ঘটনায় অভিযোগ ওঠার পর প্রতিক্রিয়া এসেছে। কিন্তু আগে থেকে কার্যকর যৌন সুরক্ষা কাঠামো ছিল না; ব্যবস্থা নিতেও গড়িমসি দেখা গেছে।

সমস্যা কোনো একক খেলায় সীমাবদ্ধ নয়। কারণ পুরো ক্রীড়া কাঠামোয় ক্ষমতার অসম সম্পর্ক কাজ করে। কোচ, নির্বাচক বা কর্মকর্তার সিদ্ধান্তে খেলোয়াড়ের সুযোগ, অগ্রগতি, ক্যারিয়ার, খ্যাতি নির্ভর করে। এই নির্ভরতা যৌন হয়রানি ও শোষণের ঝুঁকি তৈরি করে। অনেক খেলোয়াড় আপত্তিকর আচরণ সহ্য করেন বাধ্য হয়ে।

খেলাধুলায় যৌন শোষণ, নির্যাতন ও হয়রানি প্রতিরোধে বাংলাদেশের আইনি কাঠামোর অবস্থান সুস্পষ্ট। ২০০৯ সালে হাইকোর্ট কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে যে নির্দেশনা দেয়, তা ক্রীড়া প্রতিষ্ঠানের জন্যও প্রযোজ্য। শ্রম আইন-২০০৬ কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব প্রতিষ্ঠানকে দেয়। সাম্প্রতিক সময়ে কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে পৃথক আইন প্রণয়নের উদ্যোগ এই দায়কে আরও স্পষ্ট করেছে।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন ইতোমধ্যে স্বীকার করেছে– খেলাধুলায় যৌন হয়রানি ও শোষণ এক বৈশ্বিক বাস্তবতা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খেলাধুলায় যৌন হয়রানি ও নির্যাতনকে বিশ্বব্যাপী সমস্যা হিসেবে চিহ্নিত করে সব আন্তর্জাতিক ফেডারেশন ও জাতীয় অলিম্পিক কমিটিকে খেলোয়াড় সুরক্ষা নীতি গ্রহণের নির্দেশনা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঘোষণা করেছে, ক্রিকেটে যুক্ত প্রত্যেকেরই হয়রানি ও ক্ষতি থেকে সুরক্ষার অধিকার রয়েছে। ফিফাও বলছে– খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, কর্মচারী সবারই যৌনসহ সব ধরনের অপব্যবহার ও শোষণ থেকে সুরক্ষার অধিকার রয়েছে। বিশেষত নারী ও তরুণ খেলোয়াড়রা ঝুঁকিপূর্ণ গোষ্ঠী। নীতি ও বাস্তবতার মধ্যে ব্যবধান আন্তর্জাতিক পর্যায়েও স্পষ্ট। বিশেষত জাতীয় সংস্থাগুলোকে নীতি বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় কাঠামোগত ফাঁক তৈরি হয়। বাংলাদেশের প্রধান ক্রীড়া প্রশাসন কাঠামোর পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বাফুফে, বিসিবি, এনওসি, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যৌন হয়রানি বা যৌন নিপীড়ন প্রতিরোধ, অভিযোগ দাখিল পদ্ধতি, সুরক্ষা নীতি বা সেফগার্ডিং ব্যবস্থা সম্পর্কে দৃশ্যমান তথ্য বা নির্দেশনা নেই। ওয়েবসাইটে এ ধরনের তথ্যের অনুপস্থিতি শুধু স্বচ্ছতার ঘাটতিই নয়, বরং ক্রীড়াবিদ, বিশেষত নারী ও কিশোরীদের নিরাপত্তা ও ন্যায়বিচারে প্রবেশাধিকারের ক্ষেত্রেও কাঠামোগত দুর্বলতা।

জাতিসংঘের প্রটেকশন ফ্রম সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ (পিএসইএ)– যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধ– কাঠামো অনুযায়ী যৌন হয়রানি ও শোষণ ব্যক্তিগত অনৈতিকতা নয়, বরং প্রাতিষ্ঠানিক জবাবদিহির প্রশ্ন।

জাতীয় ক্রীড়া পরিষদ আইনে যৌন হয়রানি বা খেলোয়াড় সুরক্ষা বিষয়ে নির্দিষ্ট ধারা নেই। যদিও আইনটি ক্রীড়া সংস্থাগুলোর শাসন ও তদারকের দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের ওপর ন্যস্ত করেছে এবং সেই ক্ষমতার ভিত্তিতেই পরিষদ পরে ফেডারেশনগুলোকে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। কিন্তু প্রশাসনিক নির্দেশের ওপর নির্ভরশীল এই ব্যবস্থা আইনি নিশ্চয়তার বিকল্প নয়। বাস্তবে দেখা যায়, যৌন হয়রানির অভিযোগ জানানোর বিশ্বাসযোগ্য ও সহজে অধিগম্য মাধ্যমের অভাবই সবচেয়ে বড় দুর্বলতা। অধিকাংশ ক্ষেত্রে অভিযোগ জানাতে হয় সেই একই প্রশাসনিক কাঠামোর ভেতরে, যেখানে অভিযুক্ত ব্যক্তি ক্ষমতাবান অবস্থানে থাকতে পারেন। ফলে অভিযোগকারী নিজেই ঝুঁকিতে পড়তে পারেন। এই বাস্তবতায় একটি স্বাধীন ও ডিজিটাল যৌন সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ জন্য প্রথমত প্রয়োজন সচেতনতা ও প্রশিক্ষণ। খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, চিকিৎসক, মাঠকর্মীসহ খেলাধুলার সঙ্গে যুক্ত সবাইকে যৌন হয়রানি ও শোষণের ধারণা, সীমা ও প্রতিরোধ সম্পর্কে অবহিত করতে হবে। দ্বিতীয়ত, নিরাপদ ও গোপনীয় অভিযোগ ও প্রতিকার প্রক্রিয়ায় ডিজিটাল ও অন্যান্য মাধ্যমে সহজে অভিযোগ দাখিলের সুযোগ থাকতে হবে। তৃতীয়ত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত ও নিষ্পত্তি প্রক্রিয়ায় অভিযোগ পাওয়ার পর কোন কর্তৃপক্ষ কীভাবে তদন্ত করবে; কত সময়ের মধ্যে সিদ্ধান্ত দেবে এবং কী ধরনের প্রতিকার বা শাস্তি প্রযোজ্য হবে; প্রতিকার না পেলে বা কারও অধিকার লঙ্ঘিত হলে কী পদক্ষেপ নেওয়া যাবে– এসব আগেই নির্ধারিত থাকতে হবে।

বাংলাদেশে নারীদের খেলাধুলার অগ্রগতি বড় সামাজিক পরিবর্তনের প্রতীক। কিন্তু সেই অগ্রগতি তখনই টেকসই হবে, যখন খেলোয়াড়রা নিরাপদ পরিবেশে অংশ নিতে পারবে। পরিশেষে বলতে হয়, নারী ক্রীড়া এগোয় দক্ষতা, পরিশ্রম ও সাহসে; কিন্তু টিকে থাকে যৌন শোষণ ও হয়রানি থেকে সুরক্ষা ব্যবস্থার ওপর আস্থায়।

বদরুল হাসান: উন্নয়ন ও মানবিক নীতি বিশেষজ্ঞ