চারদিকে ভয়াবহ নিস্তব্ধতা। এর পরও শীতের রাত। তার মাঝেও স্থানটি উত্তরবঙ্গে যেখানে সচরাচর শীতের সময় শেষরাতে নৈশ কোচগুলো কুয়াশার ভেতর বলতে গেলে চলতেই পারে না। ভীষণ ধীরে ধীরে চলতে বাধ্য হয়। \r\nবলতে গেলে একটি ঘাসের মাঠ। কিছু দূরে বিএডিসির একটি লোহার পাঁচমণী ট্রাক। দেখা যায় কী দেখা যায় না। তারো পেছনে, দু দিন আগে চঞ্চলের দিনের বেলা রেকি করে যাওয়া স্থানটিতে ধূসর গাঢ় কুয়াশায় হাত পঁচিশেক দূরে একটি টিনের চালের ঘর। সামনে দরজার দু দিকে দু টো বন্ধ জানালা। এসব আন্দাজে মনের প্রখর চোখে দেখতে পায় টফিক। আজ অপারেশনের পুরো দায়িত্ব তার ওপর। নিজের এসএমজিটি খুবই যত্ন করে আঁকড়ে রেখেছে। কোম্পানি কমান্ডার বারবার করে বলে দিয়েছেন, গুলি, বন্দুক, রাইফেল, গ্রেনেড, এসবের যোগান খুবই সীমিত। খুবই হিসাব করে খরচ করতে হবে।
স্বাধীন দেশ করতে হলে ত্যাগ স্বীকার করতে হবে। \r\nওরা আজ আটজন এসেছে। রফিকুল, বকুল, মুকুল, চিনু, নওয়াজ, বিব্বু, রুস্তম আর রফিক। ওদের আজ লিড দেবার দায়িত্ব পড়েছে রফিকের ওপর। তারা সবে এসএসসির ফরম ফিল-আপ করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় স্বাধীনতাযুদ্ধের দামামা বেজে ওঠে। একসময় বাড়ির সবার অজান্তে দু তিনজন করে তারা আসতে থাকে আসামের ধুবরীতে। এখানে একটি অস্থায়ী ট্রেনিং ক্যাম্পে সবাই ট্রেনিং নেয়। অস্ত্রের যোগান আসে দেশের বিভিন্ন থানা ও বিডিআরদের ট্রেনিং ক্যাম্প লুট করা থেকে আর সামান্য কিছু আসে ভারতের পূর্বাঞ্চলীয় হাই কমান্ড থেকে। \r\nপায়ের ওপর একটি মশা অনেক্ষণ বসে রক্ত খাচ্ছিল। অসহ্য ব্যথা লাগছিল রফিকের। ইচ্ছে হচ্ছিল ঠাশ্ করে মশাটির গায়ে একটা চড় বসিয়ে দিতে।
কিন্তু তাতে ওদের অবস্থান পাক-আর্মীরা টের পেয়ে যাবে বলে তা পারল না, আস্তে পায়ের ওপর হাত বুলিয়ে মশাটিকে সরিয়ে দিল। নর্দমার আকারটি ইংরেজি ভি-এর আকার নিয়ে তারপর আবারো উত্তর দিকে থেকে দক্ষিণে বয়ে গেছে। তাদের খবর দেয়া হয়েছে এই টিনের ঘরেই সারিয়াকান্দির থানা পুলিশেরা থাকে। কিন্তু সম্প্রতি বগুড়া ক্যান্টনমেন্ট থেকে চার-পাঁচজন আর্মি এসে এখানে উঠেছে। তারা থানা সদর এলাকা আর আশ-পাশ এলাকায় রীতিমতো অত্যাচার শুরু করেছে। তাদের অত্যাচারে গ্রামের কুমারীরা দূর গাঁয়ে আত্মীয়ের বাড়িতে চলে গেছে, জমিচাষের গরু ছাড়া বলদ, বাচ্চা বা ছাগলগুলোকেও দূর গাঁয়ে পাঠিয়ে দিয়েছে মানুষ-জন। বাজারে দোকান-পাটে মালামাল তোলা কমিয়ে দিয়েছে। এতেও শান্তিতে নেই থানা এলাকার আশ-পাশের মানুষ।
তারাই মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে খবর পাঠিয়েছে এখান থেকে পাক-বাহিনীর সেনাদের তাড়িয়ে দিতে। বর্বর পাকিস্তান বাহিনীর সেনারা তাদের ইচ্ছেমতো মানুষদের ওপর অত্যাচার চালাচ্ছে। আটজনের তাদের দলের ওপর নির্দেশ দেয়া হয়েছে, সেখানকার থানায় আক্রমণ চালিয়ে তা উড়িয়ে দিয়ে ভোর হবার আগেই ক্যাম্পে ফিরে আসতে হবে। গাজী সাবম্যারিনার কর্কশ মেজাজের অদম্য সাহসী ক্যাপ্টেন হাবীব এই কম বয়সের আট তরুণদের এই ছোট্ট অপারেশনে পাঠিয়ে দিয়ে পলাশবাড়ী অপারেশনে নিজে গিয়েছেন।\r\nসামনে এলএমজি নিয়ে টফিক নর্দমার নিচু স্থানে উবু হয়ে শুয়ে সবাইকে কাভার দিচ্ছে। তাকে কাভার করছে সামান্য পাশে গর্তের মতো একটি নিচু স্থানে মুকুল। তার হাতে কাঠের বাটের একটি পুরানো মডেলের লী এনফিল্ড।
আর বাকি ছয়জন ভী প্যাটার্নের শুকনো নর্দমাটিতে ছয় হাত পর পর নর্দমার কিনারের উঁচু স্থানে রাইফেল রেখে শরীরগুলো নিচে রেখেছে। সবারই রাইফেল তাক করা ঐ টিনের ঘরটির দিকে যদিও তা এই গভীর ধূসর শীতের কুয়াশার ভেতর দিয়ে ঠাহর করা বেশ কঠিন। \r\nকোন সারা-শব্দ না হলে কোন্ দিকে গুলি চালাবে বা চালাতে নির্দেশ দেবে বুঝতে পারছে না টফিক। যদিও তারা পুলিশ ফাঁড়িটির খুবই কাছে এসে অ্যামবুশ করেছে তবুও ঠিকমতো নিশানা খুঁজে পাচ্ছে না। তার ম্যাগাজিনে বত্রিশটি বুলেট ভরা রয়েছে, সাথে আরো একটি ম্যাগাজিন রয়েছে, মাত্র একটা ককেই তিনজন কেন, দশ-বারো জনকে ফেলে দেয়া যায়, তবু কোন দিকে গুলি ছুড়বে ঠাহর করতে পারছে না। বিশেষ করে সামনের স্টিলের পাঁচমণী ট্র্রাকটি যেন ফাঁড়িটিকে চীনের প্রাচীরের মতো আড়াল করে রেখেছে।
হঠাৎ সামান্য সামনে একটি আপাদমস্তক ধূসর রোমশ শরীর নড়ে উঠতেই সে মুকুলকে গুলি চালাতে নির্দেশ দিল। মুকুল লী এনফিল্ডের প্রথম বুলেট ছুঁড়তেই, সামনে থেকে পেছনে বিস্তৃত ছয় হাত পর পর ছয়জনের মধ্যে চারজনের রাইফেল গর্জে উঠল। বাকি দু জন রিজার্ভিং প্লেসমেন্টে থাকল। কিন্তু মাত্র পাঁচটি বুলেটে অন্য পক্ষের এসএমটি থেকে ঝড়ো বৃষ্টির ধারা ডেকে আনল। চারজনের রাইফেল থেমে গেলেও পাক-আর্মির সর্ট মেশিনগান থেমে থাকল না। তাদের থামাতে শেষের দুইজন রিজার্ভিং প্লেসমেন্ট থেকে গুলি চালানো শুরু করল যেন, তাদের অবস্থান শত্রুপক্ষের ধাতস্থ না হয়। \r\nটফিকের নির্দেশে মুকুল হাত অনেকটা উঁচু করে ফাঁড়ির দিকে একটি হ্যান্ড গ্রেনেড ছুড়লো। সেটা ঠিক কোথায় পড়ল, আন্দাজ করতে পারল না মুকুল নিজেই।
কিন্তু বিকট একটি শব্দে আর ঝলসানো আলোয় তারা তাদের প্রায় সামনেই হঠাৎ তিনটি মূর্তিকে হাঁটু ভাঁজ করে তাদের দিকে এগুনো অবস্থায় দেখলো। ফাঁড়িতে জ¦লা আগুনের আলোয় মুকুল দেখল টফিকের প্রায় কাছাকাছি চলে এসেছে তিনজন পাক আর্মি। ঝলকের আলোয় দেখল, তাদের সারা শরীর কাঁধ থেকে হাঁটুর নিচে পর্যন্ত নেমে এসেছে ওভারকোর্ট। মাথায় হেলমেট। তারা হাঁটু অর্ধেক ভাঁজ করে তিনজনই এগুচ্ছিলো। গ্রেনেড ব্লাস্ট হবার সাথে সাথে তারা শুয়ে ক্রলিং করতে করতে সামনে এগিয়ে আসছে। তারা রিজার্ভিং প্লেসমেন্টের দিকে গুলি ছুড়ছে। মুকুল দেখল আর সামান্য এগুলেই তাদের কোন একজন টফিকের প্রায় গায়ের ওপর এসে ধাক্কা খাবে, পেছনের দু জন নির্ঘাৎ গুলি খাবে অথচ টফিক কেন ব্রাশ ফায়ার ওপেন করছে না!
\r\nইশারা পেতেই মুকুল তার শেষ গ্রেনেডটি ওদের তিনজনকে নিশানা বানিয়ে ছুড়ল। গ্রেনেডের আগুন ঝলসে ওঠার সাথে সাথে সে দেখল তিনজন পাকসেনা তাদের ঢালু জায়গায় পজিশন নিয়েছে। কিন্তু তাদের গুলি থেমে নেই। ওদের লক্ষ্য করে আট জনই থেমে থেমে গুলি চালাচ্ছে অথচ কোনোদিকেও ওদের ভ্রুক্ষেপ নেই। তারা যেন গোঁয়ার গণ্ডারের মতো সামনে আগাচ্ছে তো আগাচ্ছেই। এবার টফিক সামান্য ডানদিকে সরে গিয়ে ঠা-ঠা-ঠা-ঠা করে এক চেম্বার খালি করে দিলো। অথচ ওদের কোন প্রতিক্রিয়া হলো না। আবার তারা সামনের নিচু শুকনো জলাভূমি ধরে আগাতে থাকলো ক্রলিং করে। চারজন ত্রমাগত থেমে থেমে গুলি চালিয়ে যেতে থাকলো। পাক সেনা তিনজনও সমানভাবে এসএমজি চালাচ্ছে।
টফিক ইতোমধ্যেই হিসেব করে নিয়েছে কার কাছে আর কতটুকু অ্যামুনিশান বাকি আছে, এই সম্মুখ যুদ্ধে আর কতক্ষণ তারা টিকে থাকতে পারবে! \r\nসবচেয়ে অবাক করার বিষয় যে তারা আটজন যে গুলি ছুড়ছে তাতে কেন কোন পাক আর্মি মরছে না? তারা কি সংখ্যায় আরও আছে? টফিক নিশ্চিত হতে পারছে না। \r\nদ্রুত সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, তারা রিট্রিট করবে। গোটা একটা দলকে কোনোভাবে অ্যামুনিশনহীন অবস্থায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া যাবে না। মিশন সাকসেসফুল করার জন্য আবারও আসা যাবে আর একবার। অসুবিধার কিছু নেই, দেশ তো আমাদেরই। \r\nইতোমধ্যে তিনজন পাক-আর্মি তাদের চারজনের অনেকটা ভেতরে চলে গেছে। পেছনের শেষ কিনারা থেকে চঞ্চল সংকেত দিল, তার অ্যামুনেশান শেষ।
টফিক মুকুলকে ইশারা করল, কোনো অসুবিধে নেই, আমরা আবারও আসব, সারিয়াকন্দিকে মুক্ত করেই ছাড়ব ইনশাল্লাহ। সে নিচু ড্রেন ধরে ক্রল করে পিছিয়ে এলো কয়েক গজ। তারপর মুকুলকে কাভার করা শুরু করল। মুকুল আর বাকি দু জন পিছিয়ে আসল। এর পর তাদের কাছাকাছি থাকা চারজন পিছিয়ে গেল। কিন্তু পাকিস্তান আর্মিদের গুলি থেমে নেই। তারা তখন রাইফেল থেকে গুলি ছোড়া শুরু করেছে। সামনে আর আগাচ্ছে না কিন্তু গুলি থামাচ্ছে না। এভাবে কাভার দিয়ে টফিক আর মুকুল পুরো দলটিকে অনেক দূর টেনে আনল। ভোরের আলো অনেকটা ফুটে গেছে। \r\nসে আলোয় টফিক বাকি সাতজনকে এক করল। এমন সময় পেছনে, দূরে আবার একটি শক্তিশালী গ্রেনেড ফেটে গেল। টফিক সাথে সাথে সবাইকে নির্দেশ দিলো ক্যাম্পে ফেরার। নির্দেশ পেয়ে সবাই প্রাণপণ ছুটলো। কিন্তু ক্যাম্প তো এখনো পুরো একদিনের পথ। \r\nসামনে হঠাৎ একটি পানির ছড়া পড়ল। এসএমজিসমেত টফিক লাফিয়ে পড়ল। কিন্তু সে যেন আর পারছে না। সে যেন আর সাঁতার দিতে পারছে না। ট্রেনিং এবং প্ল্যানিংয়ের সময়েই তাদের দুই ভাগ করে দেয়া হয়েছিল, একজন জখম হলে বা আরো মারাত্মক কিছু হলে দ্বিতীয়জন তার সাহায্যে এগিয়ে আসবে। টফিকের সাথে জোট ছিল মুকুলের। কিন্তু টফিক তো আর পারছে না। তলিয়ে যাচ্ছে পানিতে। হঠাৎ কারো স্পর্শে সে পানির ওপর ভেসে উঠল। \r\nমুখ থেকে কয়েক ঢোক পানি বের করে সে দেখলো মুকুল তার সার্টের কলার ধরে স্রোতস্বিনীর তীরে টানছে। বেশ কিছুক্ষণ তারা এভাবে সূর্যের আলোর নিচে চিৎ হয়ে শুয়ে থাকল। তারপর উঠে বসে মুকুল দলটিকে আদেশ দিলো, চলো এবার ফেরা যাক। আবারো আসব আমরা। দেশ তো আমাদেরই। আমরাই মুক্ত করব এ স্থানটিকে, এ দেশটিকে।
