আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি কী চমৎকার হৃদয়স্পর্শী বক্তব্য, যা উৎসারিত শরিফ ওসমান হাদির রক্ত শিরা থেকে। গোটা দেশবাসীকে কাঁদিয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদি না ফেরার অন্তিম যাত্রা পথে। তার শাহাদাত কেবল একজন তরুণ নেতার অকাল মৃত্যু নয়- এটি বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক অভিযাত্রার বুকে আজাদীর রক্তস্রোত। ওসমান হাদি ছিলেন সাহসের নাম। তিনি কোনো সুবিধাবাদী রাজনীতির মুখপাত্র নন, ছিলেন জনতার ভাষ্যকার। তার কণ্ঠে ছিল বঞ্চিত মানুষের ক্ষুধা, তার চোখে ছিল বৈষম্যহীন সমাজের স্বপ্ন। এই স্বপ্নই ছিল শাসকের ভয়; এই স্বপ্নই তাকে লক্ষ্যবস্তু করেছে।\r\nহাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের মোড়কে দেশীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অগ্নিস্ফুলিঙ্গ।

নির্ভীক ও আপোসহীন কণ্ঠস্বর। তিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন- বাংলাদেশের রাজনীতিতে বন্দুকের নলের পেছনে শুধু স্থানীয় টোকাই সন্ত্রাসী নয়, রয়েছে সীমান্তপারের গুপ্ত পৃষ্ঠপোষকতা, দিল্লিকেন্দ্রিক প্রভাববলয়। তাই এই বিপ্লবীকে টার্গেট করা হয়েছে। যারা বাংলাদেশকে শ্মশান করতে চায়- তারা পরিকল্পিত গুপ্তহত্যার মাধ্যমে এই বার্তা দিতে চেয়েছে- যে কণ্ঠ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলবে, তার পরিণতি হবে রক্তে লেখা আকর।

আমরা মনে করি, এই হত্যাকাণ্ড প্রমাণ করে, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়; এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী, যার অস্তিত্ব টিকে আছে, গুম-খুন, ধর্ষণ, চুরি, ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুট, ছিনতাইসহ বহুমাত্রিক অপকর্মে।\r\nআরও ভয়াবহ সত্য হলো- বাংলাদেশের আমজনতা মনে করে, এই সন্ত্রাসী নেটওয়ার্কের নিরাপদ আশ্রয় আজ ভারত। পুরানা পল্টনের রাজপথে ১২ ডিসেম্বর বাদ জুমা তাকে হামলার পর অভিযুক্তরা হালুয়াঘাট সীমান্ত পেরিয়ে ভারতের আসামে পালিয়ে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। স্বাধীনতার পর গত অর্ধশতাব্দীর বাংলাদেশের ইতিহাসে আমরা দেখতে পাই, দিল্লি বরাবরই বাংলাদেশে তাদের পদানত গণতন্ত্রহীন শাসকগোষ্ঠীকে সমর্থন দিয়েছে।

কারণ, একটি অনির্বাচিত ও দমনমূলক সরকারই তাদের আধিপত্যবাদী স্বার্থ রক্ষা করে, যার উৎকৃষ্ট উদাহরণ ষোল বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসন কায়েম। শহীদ হাদি ছিলেন ব্যতিক্রম, ক্ষমতার মোহে নয়, তিনি লড়েছেন সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে। রাজপথে যেমন তিনি ছিলেন বিপ্লবী বজ্রকণ্ঠ, তেমনি বুদ্ধিবৃত্তিক লড়াইয়েও ছিলেন দৃঢ়দ্বীপ্ত। ইনকিলাব মঞ্চ গড়ে তিনি দেখিয়েছিলেন- ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য সকল শ্রেণিপেশার মানুষদের ঐক্যবদ্ধ করা যায়, যদি লক্ষ্য থাকে মাথা উঁচু করে স্বাধীনতা বজায় রাখা। আগস্ট বিপ্লবের দেড় বছর পরও রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের অস্ত্রধারীরা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়- এটি শুধু রাষ্টের হেয়ালিপনা নয়- রাজনৈতিক সদিচ্ছার সংকট। আমরা মনে করি, হাদির অকাল প্রয়াণ- রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার নগ্ন ব্যর্থতা প্রকাশ করেছে।

গোয়েন্দা সংস্থার ভেতরে এখনো আওয়ামী ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে ওতপেতে আছে, যে কোনো সময় এ সকল হায়েনারা বিপ্লবীদের ওপর ঝাঁপিয়ে পড়বে, তাদের নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে। ওসমান হাদি নেই, কিন্তু তার কথা ও স্বপ্ন আছে। তার রক্তে লেখা দাবি আছে- একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তার শাহাদাত আমাদের ঘুমোতে দেবে না- দেবে না চুপ করে থাকতে।\r\nহাদির মৃত্যু সংবাদ শুনে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঐদিন রাতেই দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়, ছায়ানট ও ধানমণ্ডি-৩২ এ ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা। ভুলে গেলে চলবে না, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনার ভিন্নমত থাকতে পারে, অন্যের ভিন্নমতের প্রতি শ্রদ্ধা জানাতে আপনি ভুল করতে পারেন না। আমাদের গণমাধ্যমগুলোকেও এ দেশের গণমানুষের কণ্ঠস্বর হতে হবে, না হয় সামনে খুব দুঃখের দিন অপেক্ষা করছে সবার জন্য। সামনে নির্বাচন- আমাদের কোনো কর্মকাণ্ড যেন তা ভণ্ডুল করতে না পারে, সেদিকে নজর রাখা দরকার। দেশ ও জানমালের নিরাপত্তায় তরুণ প্রজন্ম অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা রাখবে, এমনটিই প্রত্যাশা আমাদের।