ইরান ও মধ্যপ্রাচ্যের জন্য এক সংকটময় মুহূর্ত অপেক্ষা করছে। ১৯৭৯ সালে সেখানে বিপ্লবের মাধ্যমে উগ্র ইসলামপন্থি ধর্মগুরুদের শাসনের সূচনা হয়েছিল। তার পর থেকে তেহরানে যত অস্থিরতা সৃষ্টি হয়েছে, তার বৈশ্বিক প্রভাব স্পষ্ট ধরা পড়েছে। এরই মধ্যে ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং তাঁর দল ঊর্ধ্বতন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু করেছেন।
অনেক বিশ্লেষক মনে করেন, দুই পক্ষের মধ্যে ব্যবধান এতটাই বিস্তৃত, তা কমানো সম্ভব নয় এবং সংঘাত অনিবার্য। এই সপ্তাহের শেষে ইতোমধ্যে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তনই ‘সবচেয়ে ভালো জিনিস হতে পারে।’ এতে উত্তেজনা ও ঝুঁকি আরও বাড়ছে।
১৯৭৯ সালের বিপ্লবের পর সেখানে যারা ক্ষমতায় এসেছিলেন, ইরানের ওপর তাদের নিয়ন্ত্রণ এখন ঝুঁকির মুখে। যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য রেজিম তথা শাসনব্যবস্থার পরিবর্তন বলে মনে হচ্ছে। বাস্তবে এটি ইতোমধ্যে শুরু হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারিতে, ১৯৮০-এর দশকের গোড়ার দিকের পর থেকে সবচেয়ে ব্যাপক প্রতিবাদের ঢেউ ইরানকে গ্রাস করে, যেখানে লাখ লাখ মানুষ মাশহাদ থেকে আবাদান পর্যন্ত রাস্তায় নেমে আসে।
এ ধরনের দৃশ্য অনেককে ইরানের শাহের শেষ দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, যখন লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে। যখন আমরা সমসাময়িক ঘটনাগুলোর মধ্য দিয়ে যাচ্ছি, তখন এবং বর্তমানের মধ্যে উল্লেখযোগ্য মিল দেখতে পাই। এই থেকে কী ঘটতে পারে তা নিয়ে এবং আমাদের আশা ও উদ্বেগ নিয়ে যারা বিতর্ক করছেন তারা তথ্য নিতে পারেন। দুই সময়ের মধ্যে স্পষ্ট একটা মিল হলো বিক্ষোভে অর্থনীতির মুখ্য ভূমিকা। সাম্প্রতিক অস্থিতিশীলতার মূল কারণ ছিল ঊর্ধ্বমুখী মুদ্রাস্ফীতি। একই ঘটনা প্রায় ৫০ বছর আগেও দেখা গেছে। ১৯৭৭ সালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ২৭ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তখনও মূল ভূমিকায় ছিলেন তেহরানের দোকানদার ও ব্যবসায়ীরা, যাদের জীবিকা হুমকির মুখে পড়েছিল।
দ্বিতীয় মিলটি হলো, নিপীড়ন, শোক এবং প্রতিবাদের একটি চক্র, যা শাহকে ক্ষমতাচ্যুত করেছিল। ১৯৭৮ সালে একটি রক্ষণশীল ইরানি সংবাদপত্র আয়াতুল্লাহ খোমেনি সম্পর্কে একটি বিদ্রূপাত্মক নিবন্ধ প্রকাশ করলে তাঁর ভক্তদের মধ্যে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ফলে ওই চক্রের সূচনা ঘটে। পবিত্র শহর কোমে শত শত ধর্মীয় প্রতিষ্ঠানের ছাত্র রাস্তায় নেমে আসে। ছাত্ররা শাহের শাসনের প্রতীক এবং তিনি যে আধুনিকীকরণ আরোপ করতে চেয়েছিলেন তাঁর ওপর আক্রমণ করে। নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুলিবর্ষণ করে এবং ছয়জন ছাত্র নিহত হয়। তেহরান বিক্ষোভে আরও অস্থিতিশীল হয়ে ওঠে। আমরা জানি, ১৯৭৮ সালের বিপ্লবী আন্দোলনের পেছনে ছিল একটি বিস্তৃত জোট। এতে খোমেনির অনুসারী উগ্র ধর্মীয় নেতারা এবং লাখ লাখ দরিদ্র, কম শিক্ষিত ইরানি যোগ দিয়েছিলেন, যারা নির্বাসিত আয়াতুল্লাহকে কখনও কখনও আক্ষরিক অর্থেই তাদের ত্রাণকর্তা হিসেবে দেখেছিলেন। আরও অনেকে ছিলেন, যাদের অনেকেই শাহকে উৎখাতের সংগ্রামে কঠোর পরিশ্রম করেছেন। এ ক্ষেত্রে তাদের আত্মত্যাগ ছিল ব্যাপক।
১৯৭৮ এবং ১৯৭৯ সালে রাস্তায় নেমেছিলেন মোটামুটি সব ভাবাদর্শের মানুষ। সেখানে ছিলেন উদারপন্থি, জাতীয়তাবাদী, সমাজতন্ত্রী, নারীবাদী, মধ্যপন্থি ধর্মগুরু এবং তাদের ছাত্রছাত্রীরা; এমনকি কয়েকজন পুরোনো ধারার কমিউনিস্টও। ইরানের জাতিগত, ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিরাও ছিলেন। এই বৈচিত্র্যের সুবিধা এবং অসুবিধা উভয়ই ছিল। যেমন কাপুসচিনস্কি লিখেছেন, ‘প্রত্যেকেই শাহের বিরোধিতা করেছিল এবং তাঁকে অপসারণ করতে চেষ্টা করে। কিন্তু প্রত্যেকেই তখন ভবিষ্যৎকে নিজের মতো দেখেছিল।’
ইরানের বীরোচিত নারী-পুরুষদের জন্য এতে একটি শিক্ষা রয়েছে, যারা আজ তাদের শাসকদের উৎখাত করতে চায়। এখন সেই সময়ের মতো, তাদের বিজয় কেবল লাখ লাখ জনতার গণসংহতি এবং একটি বিস্তৃত জোট গঠনের মাধ্যমেই আসতে পারে। যদিও সবার লক্ষ্যের মধ্যে অনেক মিল থাকবে, একইভাবে আজকের ইরানের ভবিষ্যতের জন্য ততটাই ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকবে, যতটা ১৯৭৯ সালে শাহকে পতনকারীদের মধ্যে ছিল। তখন নিছক বৈচিত্র্য দুর্বলতা হয়ে সামনে আসে। এর ফলে একটি গোষ্ঠী অন্য সবাইকে দূরে ঠেলে দিয়ে কর্তৃত্ববাদী শাসন এবং কট্টরপন্থি দৃষ্টিভঙ্গি আরোপ করতে সক্ষম হয়। তাই শাসনব্যবস্থার পতন ঘটতে পারে, তবে যদি তা ঘটে তাহলে ৪৭ বছর আগের অস্থিরতার মধ্যে ভবিষ্যদ্বাণী করা যতটা কঠিন ছিল, এখনও তাই। বিজয় জনগণেরও হতে পারে, যারা দেখবে যে স্বাধীনতা, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আসল যুদ্ধ সবে শুরু হয়েছে।
জেসন বার্ক: গার্ডিয়ানের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা; দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম
