সম্প্রতি দেশের সরকারি এক গবেষণা প্রতিষ্ঠানে পোস্ট ডক্টরাল ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল। পরিচিত একজন পোস্ট ডক্টরাল ফেলোর জন্য আবেদনও করেছিল। তবে সে এই ফেলোতে নিয়োগ পাবে কিনা নিশ্চিত নয়। আবেদনকারী দেশের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে জাপান থেকে পিএইচডি ডিগ্রি শেষ করে সদ্য দেশে ফিরেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঠিত বিষয়ে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছিলেন। এরপর জাপানে স্কলারশিপ হয়ে যাওয়ায় দেশে কোনরকম চাকরির চেষ্টা না করে পিএইচডি ডিগ্রির জন্য জাপানে চলে যান। তার এই সিদ্ধান্তটি আমার কাছে অধিক উপযুক্ত বলে মনে হয়েছে। কেননা, বাইরের অধিকাংশ দেশে স্নাতকোত্তর সম্পন্ন করে সাথে সাথে পিএইচডি শুরু করে, যেখানে স্নাতক ও স্নাতকোত্তরের সাথে গবেষণার ধারাবাহিকতা রেখে পিএইচডি গবেষণা শুরু করা যায়। কিন্তু স্নাতকোত্তর সম্পন্ন করে কেউ কিছুদিন চাকরি করে তারপর পিএইচডি করতে গেলে গবেষণা ক্ষেত্রে কিছুটা গ্যাপ তৈরি হয়ে যায়। এই গ্যাপের বিষয়টি বাইরের দেশ ভালোভাবে নেয় না। তাই আমার মতে, যাদের গবেষণা পেশায় থাকার ইচ্ছা আছে তাদের ক্ষেত্রে স্নাতকোত্তর সম্পন্ন করে সাথে সাথে পিএইচডি’র জন্য চেষ্টা করা উচিত। ঠিক যেমনটি আমার পরিচিত ঐ ব্যক্তি করেছিল। কিন্তু সমস্যা বাঁধছে অন্য জায়গায়। পিএইচডি ডিগ্রি শেষে দেশে ফিরে সে সরকারি চাকরির জন্য চাওয়া প্রার্থীর ৩০ বছরের বয়স সীমা তার ক্ষেত্রে ইতোমধ্যে পেরিয়ে গেছে। এজন্য দেশের কোনপ্রকার প্রথম শ্রেণির চাকরিতে আবেদনের জন্য সে যোগ্য নয় বলে ধরে নেওয়া যেতে পারে।

আমার সহপাঠীদের মধ্যে একজন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে দক্ষিণ কোরিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেছে। পিএইচডি শেষ হওয়ার আগে থেকেই সে চেষ্টা করতে থাকে দেশের গবেষণা সংশ্লিষ্ট কোন প্রতিষ্ঠানে যোগদানের। কিন্তু সুবিধা করতে না পেরে পিএইচডি পরবর্তী পোস্ট ডক্টরাল ফেলো হিসেবেও বেশ কিছু দেশে চাকরি করেছে। অবশেষে ফিরেছিল নিজ দেশে। কিন্তু বয়স এর মধ্যে ৩০ বছর পার হয়ে যাওয়ায় কোনরকম সরকারি চাকরিতে যোগদানের সৌভাগ্য তার হয়নি। এরপর বাধ্য হয়ে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগ দেয়। সেখানেও তেমন একটা সুবিধা করতে পারেনি। পরবর্তীতে আবারো দেশের বাইরে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে চলে যায়। বর্তমানে সেখানে তার গবেষণা ক্যারিয়ারের সাথে পারিবারিক জীবনও ভালোই চলছে বলা যায়।

চীনে থাকাকালীন আমাদের বিশ্ববিদ্যালয়ের এক বাংলাদেশি শিক্ষার্থী পিএইচডি শেষ করে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এরপর তার পিএইচডি সুপারভাইজারের জোরাজুরিতে ঐ বিশ্ববিদ্যালয়ে ২ বছরের জন্য পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে যোগ দেয় এবং উচ্চ বেতনে গবেষণা করতে থাকে। এর মধ্যেই সে দেশের কিছু সরকারি গবেষণা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছে। কিন্তু সেখানে পিএইচডি ডিগ্রিধারীদের পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে আবেদনের জন্য বাড়তি কোন সুযোগ-সুবিধা তো নেই বরং প্রতিটি বিজ্ঞপ্তিতে উচ্চ ডিগ্রিধারীদের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। তার ক্ষেত্রে আবার পিএইচডি এবং পোস্ট ডক্টরাল করতে মাঝে বেশ কয়েকটি বছরও পার হয়ে গেছে। এজন্য সরকারি চাকরিতে আবেদনকারীর সর্বোচ্চ যে বয়স সীমা ৩০ বছর রাখা হয়েছে সেটিও ইতোমধ্যে পার হয়ে গেছে। সবকিছুতে পার পেলেও বয়সসীমায় গিয়ে সে আটকে গেছে। তাই বাধ্য হয়ে অনেকটা হতাশা নিয়েই সে দেশে চাকরির আশা ছেড়ে দিয়েছে। তবে চীনের ঐ বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলো থাকা অবস্থায় আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলোশিপের জন্য আবেদন করে। পরবর্তীতে চীনের ঐ বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টরাল ফেলোশিপের মেয়াদ শেষ হওয়ার আগেই আমেরিকার ঐ বিশ্ববিদ্যালয়ে সে পোস্ট ডক্টরাল ফেলোশিপ পায়। বর্তমানে সে আমেরিকায় ঐ বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে গবেষণা পেশায় নিয়োজিত আছে।

হ্যাঁ, দেশের প্রেক্ষাপটে এটাই একজন ডক্টরাল ডিগ্রিধারীর গবেষণা পেশায় যোগাদানের প্রাক মূল্যায়ন। দেশের সরকারি সকল চাকরিতে গৎবাঁধা এই রীতিকে হাস্যকর মনে হয়। উল্লেখ করা যায় যে, একজন গবেষক পিএইচডি ডিগ্রি শেষ করা মানেই তিনি একজন দক্ষ গবেষক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এজন্য পিএইচডি ডিগ্রি শেষ হওয়ার সাথে সাথে বাইরের উন্নত দেশ ঐ ডিগ্রিধারীদের অনেক বেশি সুবিধা দিয়ে বেশি বেতনে গবেষক হিসেবে নিয়োগ করে। সেখানে আমাদের দেশে পিএইচডি ডিগ্রি থাকলেও চাকরিতে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩০ বছরকে অনেক বড় করে দেখা হয়। বাইরের দেশের বহু বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল ডিগ্রি ব্যতীত কেউ শিক্ষক হিসেবে নিয়োগের যোগ্যতা পায় না। কিন্তু আমাদের দেশে ডক্টরাল ডিগ্রি থাকলেও বয়স যদি কোন কারণে ৩০ বছর পার হয়ে যায় তাহলে তার সকল যোগ্যতা ব্যর্থ। এক্ষেত্রে সে যত ভালো গবেষকই হোক না কেন আবেদনের যোগ্যতাই সে পাবে না। আবার রাজনৈতিক লেজুড় বৃতি তো আছেই। চাকরিতে আবেদনে প্রার্থীর ৩০ বছরের বয়স সীমা অন্যান্য চাকরিতে প্রযোজ্য হলেও অন্ততপক্ষে গবেষণা বিষয়ক চাকরির ক্ষেত্রে এই রীতি থাকাটা মোটেও বাঞ্ছনীয় নয়। এই বিষয়গুলো থেকে বের হতে না পারলে দেশে কখনো শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিতে উন্নতি করতে পারবে না।

উপরে উল্লেখকৃত প্রতিটি ঘটনা আমার খুব কাছের পরিচিত মানুষের সাথে ঘটেছে। তবে আশাপাশে এমন আরো বহু উদাহরণ আছে। এমন অনেকের সাথেই মাঝেমধ্যে কথা হয়। অনেকের ভাষ্যমতে, দেশে না ফিরে তারা অনেক ভালো করেছে। ক্ষোভের দৃষ্টিকোণ থেকে বলুক, আর সত্যিকার অর্থে বলুক না কেন, আমার কাছে বরাবরই মনে হয় গবেষকদের জন্য আমাদের দেশের বিদ্যমান সুবিধাদি অন্যসব দেশ অপেক্ষা বহুগুণে পিছিয়ে। এজন্য যারা দেশের বাইরে গবেষণা পেশায় নিযুক্ত আছে তারা অন্তত ভালো মানের গবেষণা করছে আবার উন্নত দেশের স্বাদ নিয়ে দৈনন্দিন জীবনযাপন করছে। কিন্তু সত্যিকারের অর্থে যেখানে আমাদের দেশ বয়স বেশি হয়ে যাওয়ায় অযোগ্যতা প্রমাণ করে সেখানে চীন কিংবা আমেরিকা সেটাকে যোগ্যতা মনে করেই কিন্তু অভিজ্ঞ গবেষকদের লুফে নিচ্ছে।

আমাদের নীতিনির্ধারকরা মানতে নারাজ যে, গবেষণা পেশায় অভিজ্ঞতা অনেক বড় একটি ক্রাইটেরিয়া। ফলে যেটা হওয়ার ঠিক সেটাই হচ্ছে। পরিসংখ্যান বলছে, দেশ থেকে বহু শিক্ষার্থী প্রতিবছর পাশ্চাত্যসহ পার্শ্ববর্তী দেশে দেশীয় ফেলোশিপ বা সেদেশের অর্থায়নে পিএইচডি ডিগ্রি অর্জনের উদ্দেশ্যে পাড়ি জমায়। লক্ষ্য মূলত একটা, গবেষণা শিখে এসে দেশের গবেষণা সেক্টরে নিজের মেধা খাটানো। অনেক চড়াই-উৎড়াই পার হয়ে অবশেষে দেখা মেলে ডক্টরেট ডিগ্রির। সময় হয় নিজ দেশে ফেরার। কেউ ফেরে বাধ্য হয়ে, আবার কেউ কেউ স্ব-ইচ্ছায় সেসব দেশে থেকে যাওয়ার চেষ্টা করে। কেননা, গবেষকদের ক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপট অন্যান্য দেশ থেকে সম্পূর্ণ ভিন্ন। একজন পিএইচডি ডিগ্রিধারীর মূল্যায়ন আমাদের দেশে করা হয় না। এজন্য বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে দেশে ফিরে চাকরির সুবিধা করতে না পেরে বিদেশে স্থায়ী হচ্ছে। এমনকি দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ভালো ফল করে নিজের ক্ষেত্র অনুযায়ী চাকরি না পেয়ে বিদেশে স্থায়ী হচ্ছে। এদের মধ্যে অধিকাংশই দেশে মেধার উপযুক্ত মূল্যায়ন না পেলেও বিদেশে গিয়ে ঠিকই তাদের ক্ষেত্র অনুযায়ী সেরাদের সেরা হচ্ছে। মাঝেমধ্যে এমন বহু সংবাদ গণমাধ্যমে কিংবা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যেখানে দেখা যায়, দেশে মূল্যায়ন না পেলেও ঠিকই বিদেশের বিশ্ববিদ্যালয়ে সে নিজেকে সেরাদের সেরা হিসেবে নিজের পরিচিতি করিয়েছে।

একথা অনস্বীকার্য যে, নিজেকে গবেষক হিসেবে গড়ে তোলা বা নিজের হাতে গবেষণা পরিচালনা করার সক্ষমতা অর্জন পিএইচডি ডিগ্রিধারীদের জন্য বেশ সহজ। পিএইচডি ডিগ্রি অর্জনের প্রতিটি স্টেজ এক একটি শিক্ষণীয় অধ্যায়। একজন পিএইচডি ডিগ্রিধারী গবেষক, গবেষণা সেক্টরে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে তবেই তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছায়। নিজের গবেষণায় পূর্ণতা আনার জন্য পিএইচডি ডিগ্রি অর্জনের কোন বিকল্প নেই। একারণে, বাইরের দেশগুলোতে একজন পিএইচডি ডিগ্রিধারীকে তাদের দেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয়। তাদের ডিগ্রির মর্যাদা তারা জীবনের চলার সর্বক্ষেত্রে পেয়ে থাকে। সেজন্য অনেকে দেশের মায়া ত্যাগ করে সেখানেই থেকে যাচ্ছে। আবার অনেকেই মাটির টানে, আপনজনের টানে, দেশের কথা ভেবে দেশে ফিরে। কিন্তু দেশ তাদের সুযোগ-সুবিধা দিতে ব্যর্থ হচ্ছে। সেই সাথে ব্যর্থ হচ্ছে দেশের গবেষণা সেক্টর। পাশাপাশি এসকল বিষয়গুলো আগামী দিনে দেশের মেধাশূন্য হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এটা দেশের উন্নয়নে কখনো ভালো কিছু বয়ে আনবে না।

বাংলাদেশ বর্তমানে উন্নয়নশীল দেশের পর্যায়ে রয়েছে। স্বল্পোন্নত দেশগুলো গবেষণা বিষয়ক বেশ কিছু সুবিধা পেয়ে থাকে। যেমন দেশের ব্যবসায়ীরা তাদের শিল্পকারখানায় ব্যবহৃত পেটেন্টস্বত্ত বিদেশিদের থেকে বিনা পয়সায় পায়। কিন্তু উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করার সাথে সাথে ব্যবসায়ীদের কিনতে হবে কোটি কোটি টাকা ব্যয়ে। যার ফলে ব্যবসায়ীরা অখুশি হয়ে সরকারকে চাপ দিবে দেশে এসব পেটেন্ট বা প্রযুক্তি উদ্ভাবনের জন্য। সরকারও বাধ্য হয়ে দেশের গবেষকদের এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তাকিদ দেবেন। কিন্তু বিজ্ঞানীরা সেটা করতে পারবে বলে মনে হয় না। পারতে হলে গবেষকদের সেই ধরনের সুযোগ-সুবিধা আগে থেকেই বহাল রাখতে হবে। এই দিন অবশ্য আমাদের অতি সন্নিকটে অবস্থিত। তাই অতিসত্বর সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে দেশের গবেষকদের যথাযথ মূল্যায়ন করতে হবে। উচ্চ শিক্ষিতদের অবশ্যই গবেষণা সেক্টরে নিয়োগে প্রাধান্য দিতে হবে। একথা মাথায় রাখতে হবে যে, গবেষণা সেক্টরকে মজবুত করার জন্য উচ্চশিক্ষিতরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখে। এচিত্র উন্নত দেশগুলোতে সুস্পষ্ট, যেখানে একজন উচ্চ শিক্ষিত গবেষকের ডিগ্রিকে প্রাধান্য দেওয়া হয় বহুগুণে। বাইরের দেশে একজন পিএইচডি ডিগ্রিধারী তার ডিগ্রি পাওয়ার পর পরপরই চাকরিতে বেতনের নতুন স্কেলে প্রবেশ করে। পিএইচডি ডিগ্রি পাওয়া মানেই তার চাকরির পদোন্নতি। পিএইচডি ডিগ্রি পাওয়া মানেই তার সার্বিক সুবিধাদি বহুগুণে বেড়ে যাওয়া। আর আমাদের দেশে পিএইচডি নিতে গিয়ে বয়স ৩০ বছর পার হয়ে যাওয়া মানে তার ডিগ্রি মূল্যহীন হয়ে যাওয়া। তার ডিগ্রির মাপা হয় তার বয়স দিয়ে। উচ্চ শিক্ষিত হয়েও তাকে মূল্যায়ন করা হয় একজন আমজনতার কাতারে অবস্থিত সাধারণ মানুষের মত। কিন্তু বাস্তবতা হওয়া উচিৎ ছিল পুরোপুরি বিপরীত।

একসময় শিখেছিলাম যখন কোনো দেশ থেকে উচ্চশিক্ষিত, দক্ষ এবং মেধাবী পেশাজীবীদের, যেমন: বিজ্ঞানী, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী উন্নততর জীবনযাপন, উচ্চ বেতন বা গবেষণার সুযোগের খোঁজে উন্নত দেশে পাড়ি জমায় এবং নিজ দেশে ফিরে না আসে তাকে মেধাপাচার বা ব্রেইন ড্রেইন বলে। সহজ ভাষায় এটি মূলত উন্নয়নশীল দেশগুলো থেকে উন্নত দেশে মানবসম্পদের স্থানান্তরকে বোঝায়। আমাদের দেশ এই মেধাপাচারের কবলে পড়ছে বলে প্রতীয়মান হয়। এই মেধাপাচার বন্ধে এখুনি পদক্ষেপ নিতে হবে। বিদেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহণের পরে ডিগ্রিধারীদের দেশে উপযুক্ত গবেষণা ক্ষেত্র তৈরি করে অচিরেই তাদের ফেরানোর উপযুক্ত ব্যবস্থা করতে হবে। উচ্চশিক্ষা গ্রহণের পর সেসকল গবেষক যাতে সগর্বে নিজ দেশে প্রত্যাবর্তন করে নিজের ক্ষেত্র অনুযায়ী গবেষণার যাবতীয় সুযোগ পায় সেদিকে খেয়াল রাখতে হবে। সর্বোপরি, উচ্চ শিক্ষিতদের গবেষণা ক্ষেত্রে সর্বাধিক প্রাধন্য দিতে হবে। ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন ‘যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না’। উক্তিটি বাস্তবতা অনুধাবন করতে হবে। তা হলে ধীরে ধীরে দেশের মেধাশুণ্যের দিকে যে যাত্রা সেটি ত্বরান্বিত হবে। আমাদের প্রত্যাশা, দেশের নীতিনির্ধারকরা যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে স্থান দেওয়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন। দেশের গবেষণা সেক্টর উন্নত দেশগুলোর মত যাবতীয় সুযোগ-সুবিধা পেয়ে এগিয়ে যাবে কাঙ্খিত লক্ষ্যে। একজন উচ্চ ডিগ্রিধারীকে গবেষণাবান্ধব পরিবেশ দেওয়া সেই দেশের নীতিনির্ধারকদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। লেখক: গবেষক ও কলামিস্ট। ajoymondal325@yahoo.com