দেশের শিক্ষাব্যবস্থা সুদীর্ঘকাল যাবতই কোচিংনির্ভর হয়ে পড়েছে। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত একাডেমিক কোচিং যেন নিয়মে পরিণত হয়েছে। কোচিং-বাণিজ্যে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে বলে সম্প্রতি একটি প্রতিবেদনে উঠে এসেছে। সন্তানদের শিক্ষার জন্য এই অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে অভিভাবকদের। পাঁচ বছরে কোচিং ফি বেড়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। ক্লাসে একশ্রেণির শিক্ষক কোনো বিষয়বস্তুর অর্ধেক শেখাচ্ছেন। এতে অধিকাংশ শিক্ষার্থী কিছুই বোঝে না। এছাড়াও কোচিং না করলে নম্বর কম দেওয়া এবং ফেল করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি কোনো কোনো স্কুলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন করার ঘটনাও ঘটছে।
এ কারণে অনেকটা বাধ্য হয়ে সন্তানদের কোচিংয়ে দিচ্ছেন অভিভাবকরা।\r\nবর্তমানে ৮৫ শতাংশ শিক্ষার্থী কোচিংনির্ভর হয়ে পড়া কোনো সুস্থতার লক্ষণ নয়। রাজধানীর ৫ সহস্রাধিক কোচিং সেন্টার চালাচ্ছেন নামিদামি স্কুল-কলেজের শিক্ষকরা। শুধু একাডেমিক নয়, সব পরীক্ষাতেই কোচিং করছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়-মেডিক্যাল-ইঞ্জিনিয়ারিং ভর্তিতে বছরে প্রায় ২ হাজার কোটি টাকার বাণিজ্য হচ্ছে। এসব কোচিংয়ের মুখরোচক বিজ্ঞাপনে ভরে গেছে রাজধানী। উচ্চশিক্ষার স্বপ্ন ও আবেগকে পুঁজি করে ইচ্ছেমতো গলাকাটা হারে ভর্তি ফি আদায় করছে কোচিং সিন্ডিকেট। এ ছাড়া বর্তমানে বিশ্ববিদ্যালয়-মেডিক্যাল ভর্তি-সহায়ক বইয়ের বাজার প্রায় ৪০০ কোটি টাকা। এর মধ্যে অর্ধেক বই বিক্রি করে বিভিন্ন কোচিং সেন্টার।
\r\nবিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বক্তব্য অত্যন্ত তাৎপর্যর্পূণ। তিনি বলেন, শিক্ষায় বড় সংস্কার দরকার। শিক্ষাকে ক্লাসমুখী করতে হবে। এক্ষেত্রে বড় ফ্যাক্টর হলেন শিক্ষকরা। তারা যাতে ক্লাসরুমে ভালোভাবে পড়ান, সেই ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের বেতন-ভাতা ও সামাজিক সম্মান বাড়াতে হবে, যাতে মেধাবী তরুণরা শিক্ষকতা পেশায় উৎসাহিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের একজন অধ্যাপক বলেন, কোচিং সেন্টার থাকা উচিত, নাকি বন্ধ করা উচিত, তা দীর্ঘ আলোচনা। এখন কোচিং সেন্টারগুলো যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বলা যায়। শিক্ষাপ্রতিষ্ঠান বলার সুযোগ নেই। \r\nজ্ঞান বিতরণের কাজটি এখন পরিণত হয়েছে বাণিজ্যের প্রধান উপকরণে। কাজেই মানসিকতা, দৃষ্টিভঙ্গি ও নীতিবোধের উন্নয়ন না ঘটিয়ে শুধু আইন প্রণয়ন করে যে অবস্থার পরিবর্তন সম্ভব নয়, তা আমরা চোখেই দেখতে পাচ্ছি। দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে এ পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা ও কথাবার্তা কম হয়নি। কিন্তু সদিচ্ছার অভাব, নৈতিকতার অভাব, অব্যবস্থাপনা, অদূরদর্শিতা ও দুর্নীতির ঘূর্ণাবর্তে এর অধিকাংশই হারিয়ে গেছে। প্রাইভেট পড়া এবং কোচিংয়ের নামে যে অনৈতিক সংস্কৃতি ও বাণিজ্য প্রথা গড়ে উঠেছে, সেটি সমাজের জন্য শিক্ষার জন্য সর্বনাশের সংকেত। এই নেতিবাচকতা থেকে বেরিয়ে আসতে না পারলে দেশের শিক্ষাব্যবস্থা যেমন প্রশ্নবিদ্ধ থেকে যাবে, তেমনি শিক্ষার্থীরও প্রকৃত শিক্ষার্জনও হবে না।
