ইরানে মার্কিন হামলা হয়েছে ২৮ ফেব্রুয়ারি ভোর রাতে। আকস্মিক এ হামলায় অনেক প্রাণহানি ঘটেছে। রক্তক্ষয়ী এ যুদ্ধের উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বের এক দেশ থেকে অন্য দেশে, যা অত্যন্ত দুঃখজনক। বিশ্ববাসী নিরীহ জনগণ যুদ্ধ চায় না, তারা শান্তিপূর্ণ জীবন যাপন করতে চায়। সাম্প্রতিক সময়ে অধিকাংশ যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, জড়িত রয়েছে যুক্তরাষ্ট্র। গোটা বিশ্বকে অশান্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে উঠেছে। কোথাও অর্থ দিয়ে সাহায্য, কোথাও অস্ত্র দিয়ে সাহায্য, আবার কোথাও সরাসরি অথবা কোথাও নৈতিকভাবে সমর্থন জানাচ্ছে ট্রাম্প। বিশ্ববাসীর পারসেপশন ছিল, যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ২০২৫ সালে সরকার গঠন করতে পারলে, বিশ্বে যুদ্ধের ভয়াবহতা বিলুপ্ত হবে।

বিশেষ করে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ হবে। ইসরাইল- ফিলিস্তিন যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। অন্যান্য দেশের মধ্যে সম্পর্কের বৈরিতা কমে যাবে। কিন্তু দেখা গেল ২০২৫ সালের জানুয়ারিতে নতুন করে ক্ষমতায় আসার পর ট্রাম্প বিশ্ব শান্তির পরিবর্তে নতুন করে বিভিন্ন দেশে পুনরায় যুদ্ধ শুরু হয়েছে। এখানে সক্রিয়ভাবে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। ২৮ ফেব্রুয়ারি রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে সম্পূর্ণ অবৈধভাবে হামলা করে মার্কিন-ইসরাইল যৌথ বাহিনী। এ হামলা কেন ঘটানো হলো তা আর কারো বুঝতে বাকি নেই। যুক্তরাষ্ট্রের বাইরে নেপথ্যে রয়েছে পারমাণবিক শক্তির উৎস ও শক্তিধারী ভিন্ন কোনো দেশ। এখন একটি বড় ও গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে- এ যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরান কোন ধরনের কৌশল অবলম্বন করবে এবং কোন পথ বেছে নেবে। ইতোমধ্যে তারা সাহসিকতার সাথে পাল্টা আক্রমণ করেছে। আরো বহু সামরিক-বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনি যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। হামলায় ইরানের প্রায় দুইশত স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বিকল্প নেতা আয়াতুল্লাহ মোজতবা খামিনি ইতোমধ্যে নতুন দায়িত্বে নিয়োজিত হয়েছেন বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে ইরান মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

এদিকে ইরানে মার্কিন হামলার জের ধরে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া ইরানের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইল সফর শেষ করার পরই এ ধরনের হামলা শুরু হওয়ার কারণে বিশেষজ্ঞগণ ধারণা করছেন, হয়তো কোনো না কোনোভাবে এর সঙ্গে ভারতের যোগসূত্র ও উস্কানি থাকতে পারে। এ ধারণা একেবারে অমূলক নাও হতে পারে। বিশেষ করে, মধ্যপ্রাচ্য ইস্যু যারা গভীরভাবে অনুধাবন ও পর্যবেক্ষণ করেন, এ মুহূর্তে যে প্রশ্নটি তাদের নিশ্চিত করেছে তা হলো, মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ একমাত্র ইসরাইলের হাতে থাকবে বলে মনে করা হচ্ছে। আবার ইসরাইলের বড় অভিভাবক ও সব সময়ের বন্ধু হয়ে বসে আছে যুক্তরাষ্ট্র। পরোক্ষভাবে মনে হচ্ছে, আমেরিকার একচেটিয়া আগ্রাসন চলবে মধ্যপ্রাচ্যে যেখানে একমাত্র বাধা রয়েছে ইরান। সুতরাং ইরানকে ধ্বংস করতে হবে। এটি তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যে অনেক দিন ধরে ইরানের কাছাকাছি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুদ্ধজাহাজ পাঠিয়ে চুপ করে বসে ছিল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র তার যুদ্ধজাহাজগুলো পারস্য উপসাগর, ওমান উপসাগর, লোহিত সাগর এবং আরব সাগরে মোতায়েন করে রেখেছে। তাদের উদ্দেশ্য ছিল ‘ঝোপ বুঝে কোপ মারা’। সেটি তারা করছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানান, ‘দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতেই তাদের এ পদক্ষেপ।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘জঙ্গিরাষ্ট্র’ বলেছেন। তার কথায়, ‘একটি জঙ্গিরাষ্ট্রের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকতে পারবে না।’ তাহলে প্রশ্ন হচ্ছে- যুক্তরাষ্ট্র কি তাহলে ইরানের পারমাণবিক অস্ত্রের ভয় পাচ্ছে? এ উত্তেজনা এমন সময় বেড়েছে যখন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে যে উচ্চ বিরোধ চলছে, তা পূরণ না হওয়া থেকে তিক্ততা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরাইল এ হামলাকে তাদের ভাষায় ‘প্রতিরোধী’ বললেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে জোরালোভাবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সতর্ক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে রাজনৈতিক প্রভাব ও কূটনৈতিক চাপের মধ্য দিয়ে এ সংঘাতের প্রভাব মোকাবিলা করতে হবে।

তবে যুক্তরাষ্ট্র এভাবে যদি হামলা অব্যাহত রাখে এবং যদি ইরানে পারমাণবিক হামলা হয়, তখন কি রাশিয়া, চীন বসে থাকবে, না তাদের শক্তি ইরানের পক্ষে জানান দেবে তাও ভেবে দেখা দরকার। রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেদভেদেভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে দাবি করেছেন, ইরানকে লক্ষ্য করে সামরিক অভিযান চালানোর আগে যুক্তরাষ্ট্র মূলত পরমাণু আলোচনাকে একটি ‘ছদ্মবেশ’ হিসেবে ব্যবহার করেছে। মেদভেদেভ বলেছেন, ‘তথাকথিত শান্তিকামীরা আবারও তাদের আসল চেহারা প্রদর্শন করল। ইরানের সঙ্গে যাবতীয় আলোচনা ছিল আসলে একটি সাজানো নাটক। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বৈরিতাই দায়ী। এমতাবস্থায়, যুদ্ধ পরিস্থিতি হঠাৎ করে ভিন্নমাত্রা ধারণ করতে পারে।

যদি এ সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে ইরান এবং ইসরাইলের বাইরে দুদেশের সমর্থনে থাকা রাষ্ট্রগুলো এ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, তখন তা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এমনকি বিশ্বযুদ্ধের দিকে মোড় নিবে কিনা এখনই বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িত হওয়ার নেপথ্যে রয়েছে ইরানের তেল সম্পদ। ২০২৫-২৬ সালের তথ্যানুযায়ী, ইরানের তেলের মজুদ প্রায় ২০৮ বিলিয়ন ব্যারেলের বেশি, যা বিশ্বের মোট তেল মজুদের প্রায় ১১.৮২ শতাংশ। এ বিপুল পরিমাণ তেল মজুদের কারণে ইরান বিশ্বের শীর্ষ ৩ বা ৪টি তেলসমৃদ্ধ দেশের অন্যতম। এটি যুক্তরাষ্ট্রের হিংসার কারণ হতে পারে। দেশটির প্রধান খনিজ সম্পদগুলো খুজস্তান এবং পারস্য উপসাগরীয় উপকূলে রয়েছে। ফলে ইরানকে পরাস্ত করতে পারলে, শুধু মধ্যপ্রাচ্যের একক আধিপত্য নয়, দেশটির তেল এবং খনিজ সম্পদ দখলে নেয়া যাবে। কিন্তু সমস্যা হবে অন্য জায়গায়। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান চীনের কাছে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল রপ্তানি করে। এটি তাদের মোট রপ্তানির ৮০% -এর বেশি। যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্ক দা-কুমড়া। যদি ইরানের নিয়ন্ত্রণ ইসরাইলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের হাতে চলে যায়, তখন চীন তো বসে বসে ললিপপ খাবে না। এ যুদ্ধে চীন এবং রাশিয়া পরোক্ষভাবে ইরানের পাশে থাকলে অবাক হওয়ার কিছুই নেই। সব পারমাণবিক শক্তিধর দেশ পরস্পরের মুখোমুখি হলে, পরিস্থিতি শেষ পর্যন্ত কোন দিকে যেতে পারে, তা বলা কঠিন হবে।

লেখক: শিক্ষাবিদ গবেষক ও কলামিস্ট।