ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে প্লট নেওয়ার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ জড়িতদের বিরুদ্ধে হওয়া একের পর এক মামলার রায় হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পর খবর জানা যায়, শেখ হাসিনা নিজ পরিবার বলতে যাদের বোঝাতেন; তাদের ছয়জনের নামে ১০ কাঠা করে প্লট নেওয়া হয়েছে অনিয়মের আশ্রয় নিয়ে। সক্রিয় হয়ে ওঠে দুদক। তারই পরিণতিতে হওয়া মামলার সর্বশেষ রায়ে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকও দণ্ডিত হয়েছেন। তাঁর মা ও ভাই-বোনের নামে প্লট বরাদ্দে ‘প্রভাব খাটানোর অভিযোগে’ এ দণ্ড। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রথমবারের মতো হওয়া এমন রায়ের খবর প্রচার পেয়েছে।

ঢাকার একটি বিশেষ জজ আদালত এ বিষয়ে প্রথম তিনটি মামলার নিষ্পত্তি করে যে রায় দেন, তাতে কিছু নির্দেশনাও সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষণের কথা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) মাধ্যমে এ পর্যন্ত সরকারের বিশেষ বিবেচনায় দেওয়া প্লটগুলো কারা ও কীভাবে পেয়েছেন, সে বিষয়ে স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে ‘ফরেনসিক অডিট’ করার নির্দেশনা বিশেষ তাৎপর্যবহ। এর আগে নিয়মনীতি অমান্য করে দেওয়া প্লটগুলো চিহ্নিত করতে অন্তর্বর্তী সরকার নিজে থেকে উদ্যোগী হওয়ার খবর আমরা পেয়েছিলাম। হাইকোর্ট থেকেও এ ক্ষেত্রে সংঘটিত অনিয়ম খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। বিশেষ জজ আদালতে তিনটি মামলার রায়ের সঙ্গে সুনির্দিষ্ট নির্দেশনা আসার পর এ ক্ষেত্রে ইতোমধ্যে কী অগ্রগতি হয়েছে, সেটা বিশেষভাবে জানার আগ্রহ রইল।

রায়ে স্পষ্ট করে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় প্লট বরাদ্দে সুদীর্ঘ সময় ধরে অনিয়ম হয়েছে এবং মন্ত্রণালয়, রাজউক ও জাগৃক এতে সহায়তা জুগিয়ে দুর্নীতিকে করেছে গভীরতর। শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে হওয়া এ সংক্রান্ত মামলায় তাদের বিভিন্নভাবে সহায়তা জোগানো সরকারি কর্মকর্তারাও দণ্ডিত হয়েছেন। এ ধরনের আরও দুটি মামলা নিষ্পত্তির অপেক্ষায়।

কেবল বিগত শাসনামলে নয়; বরং সামরিক, গণতান্ত্রিক মিলিয়ে প্রায় প্রতিটি শাসনামলে প্লট বরাদ্দে বিশেষ বিবেচনা সুবিধার যে অপব্যবহার হয়েছে, তাতে শাসকগোষ্ঠীর অনুগ্রহভাজন, বিশেষ সুবিধাভোগী ও প্রভাবশালীরাই বেশি করে ভূসম্পদের মালিক হয়েছেন। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকা সামাজিক অসমতাকেই আরও প্রকট করে তুলেছে, যা রাষ্ট্রের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। এ অবস্থায় কেবল সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই যথেষ্ট নয়। সব শাসনামলে এ ক্ষেত্রে সংঘটিত অনাচারের চিত্রটিও স্পষ্ট হওয়া প্রয়োজন। লটারিতে সাধারণভাবে যারা প্লট পেয়েছেন, তাদের বিষয় অবশ্য পৃথকভাবে বিবেচ্য।

শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে অন্যান্য ক্ষেত্রের মতো সরকারি প্লট বরাদ্দেও অনেক বেশি অনিয়ম হয়েছে, এটা ধরেই নেওয়া যায়। জনসম্মতির তোয়াক্কা না করে অন্য কেউ লাগাতার ক্ষমতায় থাকলে তারাও বিধিতে প্রদত্ত সুযোগের অপব্যবহার করে একই ঘটনা ঘটাতেন না– এটা হলফ করে বলা যায় না। তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় এসেও এর আগে বিএনপি, আওয়ামী লীগ সরকার পছন্দের লোকজনের নামে বেপরোয়াভাবে প্লট বরাদ্দ করেছিল। এ নিয়ে সংবাদপত্রে দীর্ঘ প্রতিবেদন বেরোয়। সমালোচনার মুখে প্রশ্নবিদ্ধ বরাদ্দ বাতিলের খবরও ছিল। এটাও ঠিক, অনেক প্রশ্নবিদ্ধ প্লটের বিষয় থেকে গেছে আড়ালে। আর সেগুলো ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হয়েছেন অনেকে। বলা বাহুল্য, সরকারি প্লট বরাবরই দেওয়া হয় নামমাত্র মূল্যে। এ কারণে অনেকে তা বাজারমূল্যে বিক্রিও করে থাকেন। বিশেষ বিবেচনায় দুর্নীতির আশ্রয় নিয়ে পাওয়া প্লট বিক্রি করে বিপুলভাবে লাভবান হওয়ার ঘটনা অনেক পাওয়া যাবে। এসব ক্ষেত্রে প্রতিকারমূলক কী ব্যবস্থা নেওয়া যাবে, সেটা অবশ্য বোধগম্য নয়।

অন্তর্বর্তী সরকার মাঝে সিদ্ধান্ত নিয়েছিল, অনিয়মের মাধ্যমে বরাদ্দ হওয়া প্লটের খোঁজ মিললে এবং ইতোমধ্যে নিবন্ধন না হলে তা বাতিল করা হবে। এক তরুণ অভিনেতা ও প্রযোজকের নামে এ ধরনের বরাদ্দ বাতিলের ঘটনা খবর হয়েছিল। তবে গঠিত কমিটির মাধ্যমে অনুসন্ধান করে একগুচ্ছ প্লট বরাদ্দ বাতিলের খবর মেলেনি এ পর্যন্ত। এ ধরনের কাজে অবশ্য বিশেষ সতর্কতা প্রয়োজন। নীতিমালা বা বিধি যত অগ্রহণযোগ্যই হোক, তার আওতায় যোগ্য কেউ যথানিয়মে প্লট পেলে সে ক্ষেত্রে কিছু করার নেই। তেমন কিছু করা হলে সেটা প্রতিশোধমূলক বলেই বিবেচিত হবে এবং সংক্ষুব্ধ ব্যক্তি আদালতের আশ্রয় নিতে পারবেন। এদিকে সুদীর্ঘ সময় ধরে ব্যাপক অপব্যবহার হওয়ায় বিশেষ বিবেচনায় প্লট বরাদ্দের সুযোগ সরকার বাতিল করেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। এখন থেকে গৃহীত প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক ছাড়া সবাই প্লট পাবেন লটারিতে। হালে বিশেষ জজ আদালত তাঁর রায়ে এ সংক্রান্ত লটারি ব্যবস্থাকেও স্বচ্ছ করার নির্দেশনা দিয়েছেন।

যেসব রাজনৈতিক দল ইতোমধ্যে ক্ষমতায় গিয়ে প্লট বরাদ্দে কোটা সুবিধার ব্যাপক অনিয়ম করে রাষ্ট্রীয় নীতিবিরোধী কাজে শামিল হয়েছে, তাদের কাছ থেকে স্বভাবতই এ বিষয়ে কোনো বক্তব্য মেলেনি। আমরা আশা করব, এদের কেউ নতুন করে ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় জীবনে বিশেষ অবদানের নামে পছন্দসই ব্যক্তিদের হাতে নামমাত্র দামে ভূসম্পদ তুলে দেওয়ার সুযোগ পুনর্বহাল করবেন না। মুক্তিযুদ্ধের অঙ্গীকার বা চেতনার কথা মুখে সহস্রবার বললেও তারা অনেক ক্ষেত্রেই যে সামাজিক ন্যায়বিচারের পরিপন্থি কাজ করেছেন– সরকারের বিভিন্ন আবাসন প্রকল্পের অপব্যবহার এর প্রকৃষ্ট প্রমাণ। তিনি ও তারা হয়তো ভেবেছিলেন, দেশটা ওইভাবেই চলবে। যাহোক, সরকারি প্লট বরাদ্দে কোটা সুবিধার অবসান জুলাই গণঅভ্যুত্থানের মর্মবাণী তথা ইনসাফের সঙ্গেও সংগতিপূর্ণ।

অধিক মানুষ ও কম জমির এমন একটা দেশে সরকারি প্লট বরাদ্দে যেসব অনিয়ম ইতোমধ্যে হয়েছে, তাতে কতটা কী প্রতিবিধান করা যাবে, সেটা অবশ্য স্পষ্ট নয়। দীর্ঘদিন ধরে এত অনিয়ম কীভাবে হতে পারল– সেটাই বরং প্রশ্ন। রাষ্ট্রের বিভিন্ন প্রশ্নে সোচ্চার নাগরিক সমাজও এ নিয়ে সোচ্চার ছিল না কখনও। তাদের একটি বড় অংশ সম্ভবত কোনো না কোনোভাবে এর সুফলভোগী।

যা হোক, সামনে নির্বাচিত সরকারকে এ ক্ষেত্রে আরও চিন্তাভাবনা করে এগোতে হবে। রাজউক ও জাগৃককে আবাসন প্রকল্প গ্রহণ থেকে রেহাই দিয়ে তাদের মূল কাজ তথা পরিকল্পিত নগরী গড়ায় নিয়ন্ত্রকের ভূমিকা গ্রহণে নিয়োজিত করা যায় কিনা, সেটা ভাবতে হবে। প্লট, এমনকি ফ্ল্যাটের ব্যবসা একান্তভাবে বেসরকারি খাতই করুক। সরকার করুক এর পরিচ্ছন্ন ও নিবিড় নজরদারি। মওকা পেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, রাজউক আর জাগৃক তো নিজ নিজ নামেও কোটা চালু করেছিল সরকারি আবাসন প্রকল্পে!

হাসান মামুন: সাংবাদিক, কলাম লেখক