দীর্ঘ প্রবাসের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে শুধু একটি তারিখ নয় এটি একটি সময়ের অবসান এবং আরেকটি সময়ের সূচনার প্রতীক। দীর্ঘ দমন–নিপীড়ন, রাজনৈতিক অচলাবস্থা, অনিশ্চয়তা ও স্থবিরতার মধ্য দিয়ে যে দেশ ক্লান্ত ও বিভ্রান্ত হয়ে পড়েছে, সেই দেশের জন্য তারেক রহমানের ফিরে আসা এক গভীর আবেগ ও প্রত্যাশার নাম। এটি কেবল একজন রাজনৈতিক নেতার স্বদেশে ফেরা নয়; এটি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, রাষ্ট্রের ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠার আশা এবং ভবিষ্যৎকে নতুনভাবে সাজানোর এক ঐতিহাসিক মুহূর্ত।

তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ উদিত কোনো আগন্তুক নন। তিনি দেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র। তবে পরিচয়ের উত্তরাধিকারেই নয়, বরং নিজ শ্রম, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিযাত্রার মধ্য দিয়েই তিনি নিজেকে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন।

১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তারেক রহমান সক্রিয়ভাবে যুক্ত হন মাটি ও মানুষের রাজনীতিতে। সে সময় থেকেই তিনি শহরের গণ্ডি পেরিয়ে প্রত্যন্ত জনপদে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন। প্রান্তিক মানুষের আশা–আকাঙ্ক্ষা, দুঃখ দুর্দশা ও সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূল স্রোতে যুক্ত করার প্রয়াসেই তিনি নিজেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন। মাঠের রাজনীতি, তৃণমূলের শক্তি এবং সংগঠনের ভিত মজবুত করাই ছিল তার রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু।

২০০১ সালে বিপুল জনসমর্থনে বিএনপির সরকার গঠনের নেপথ্যে তারেক রহমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক। দলীয় সংগঠনকে গতিশীল করা, তরুণ ও নতুন নেতৃত্বকে সম্পৃক্ত করা এবং জনগণের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা জাগিয়ে তোলার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। কিন্তু এই গণতান্ত্রিক অগ্রযাত্রার পরপরই দেশের রাজনীতিতে নেমে আসে ১/১১–এর ভয়াল থাবা। অগণতান্ত্রিক ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের সেই অধ্যায় দেশের রাজনৈতিক স্বাভাবিকতা ভেঙে দেয় এবং গণতান্ত্রিক নেতৃত্বকে পরিকল্পিতভাবে কোণঠাসা করার পথ তৈরি করে।

সে সময় তারেক রহমানকে নির্মম কারা নির্যাতনের শিকার হতে হয়। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক নির্যাতনের ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জীবন রক্ষার তাগিদে এবং চিকিৎসার প্রয়োজনেই তাকে লন্ডনে গমন করতে হয়। কিন্তু সেই চিকিৎসা–ভ্রমণই পরবর্তীতে রূপনেয় এক দীর্ঘ, অনিচ্ছাকৃত নির্বাসনে। হাসিনা সরকারের লাগামহীন দমননীতি, রাষ্ট্রীয় প্রতিহিংসা, গুম-খুন ও রাজনৈতিক সন্ত্রাস এমন এক পরিস্থিতি তৈরি করে, যেখানে তার দেশে ফেরা অসম্ভব হয়ে পড়ে। এভাবেই একটি চিকিৎসা-ভ্রমণ রূপ নেয় সতেরো বছরের দীর্ঘ, অনিচ্ছাকৃত নির্বাসনে। এই নির্বাসন ছিল শুধু তার ব্যক্তিগত কষ্টের নয়; এটি ছিল গণতন্ত্রকামী রাজনীতির ওপর চাপিয়ে দেওয়া এক দীর্ঘ নীরব শাস্তি। তবু এই প্রবাস তাকে ভেঙে দিতে পারেনি। বরং দূরদেশ থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বকে সুসংহত রেখেছেন,গণতন্ত্র, ভোটাধিকার, বাক স্বাধীনতা ও মানবাধিকার পুনরুদ্ধার আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখেছেন এবং নেতাকর্মীদের মধ্যে আশা ও আস্থার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। একের পর একমিথ্যা মামলার পাহাড়, গ্রেপ্তার–হয়রানি, দল ভাঙার কূটকৌশল— সবকিছুর মুখোমুখি হয়েও বিএনপি টিকে থেকেছে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে। এই সময় তিনি প্রমাণ করেছেন, নেতৃত্ব মানে কেবল উপস্থিতি নয়— নেতৃত্ব মানে দিকনির্দেশনা, সংকটে সাহস জোগানো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। এই দীর্ঘ সময়ে তিনি শুধু বিরোধিতা নয়, বিকল্প রাষ্ট্রচিন্তার একটি রূপরেখাও নির্মাণ করেছেন।

৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় এক বড় পরিবর্তন ঘটেছে। কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামনে এসেছে নতুন এক বাস্তবতা—রাজনৈতিক শূন্যতা, অস্থিরতা ও প্রাতিষ্ঠানিক স্থবিরতা। দীর্ঘদিন ধরে একটি একক ক্ষমতাকেন্দ্রিক শাসনব্যবস্থার ফলে রাষ্ট্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়েছে। রাজনীতি আজ বিভ্রান্ত, প্রশাসন ক্লান্ত, অর্থনীতি চাপের মুখে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তনকে অনেকেই দেখছেন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে পাওয়ার একমাত্র বাস্তব সম্ভাবনা হিসেবে।

মানুষ আজ আর কেবল স্লোগান চায় না; তারা চায় স্থিরতা, নিরাপত্তা ও ভবিষ্যতের নিশ্চয়তা। তাদের বিশ্বাস—তারেক রহমান দেশে ফিরলে রাজনীতিতে আবার কাঠামো আসবে, সিদ্ধান্তহীনতা কাটবে, রাজনৈতিক কর্মচাঞ্চল্য নতুন গতি পাবে। এ কারণেই ২৫ ডিসেম্বর ঢাকায় লাখো মানুষের ঢল নামার সম্ভাবনার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইতোমধ্যে তাকে স্বাগত জানাতে লাখো লাখো নেতা-কর্মী প্রস্তুতি সম্পন্ন করেছেন। এই জনসমাগম কোনো হঠাৎ আবেগ নয়; এটি দীর্ঘ প্রতীক্ষার ফল, একটি নেতৃত্বের ওপর জমে থাকা আস্থার বিস্ফোরণ।

ইতিহাসে এমন প্রত্যাবর্তনের নজির রয়েছে—যেখানে দীর্ঘ নির্বাসনের পর কোনো নেতারফেরা একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পথ খুলে দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় নেলসনম্যান্ডেলার মুক্তি ও প্রত্যাবর্তন কেবল একটি ব্যক্তির মুক্তি ছিল না; সেটি ছিল একটি বিভক্ত সমাজকে স্থিতিশীলতার পথে ফেরানোর সূচনা। ইতিহাস বলে, যখন কোনো দেশ দীর্ঘ অচলাবস্থায় আটকে পড়ে, তখন একটি গ্রহণযোগ্য ও সুস্পষ্ট নেতৃত্বের প্রত্যাবর্তনই পরিস্থিতিকে নতুন দিকে ঘুরিয়ে দেয়। সেই প্রেক্ষিতেই তারেক রহমানের প্রত্যাবর্তন আজ প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ।

এই প্রত্যাবর্তনের সঙ্গে জড়িয়ে আছে তার ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি—যা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রচিন্তার রূপরেখা। এই ৩১ দফার মূল দর্শন হলো রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসনের জবাবদিহি এবং মানবাধিকার সুরক্ষা—এসবই এমন উপাদান, যা ছাড়া কোনো রাষ্ট্রে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা সম্ভব নয়। তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, ব্যক্তি নয়—প্রতিষ্ঠানই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।

অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা অসম্ভব—এই উপলব্ধি থেকেই তারেক রহমানের কর্মপরিকল্পনায় দারিদ্র বিমোচন বিশেষ গুরুত্ব পেয়েছে। তিনি মনে করেন, দারিদ্র্য কেবল আয়হীনতার সমস্যা নয়; এটি নিরাপত্তাহীনতা, অস্থিরতা ও সামাজিক ক্ষোভের জন্ম দেয়। তাই কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করাই তার অর্থনৈতিক দর্শনের মূল কথা।

এই দর্শনের বাস্তব প্রয়োগ হিসেবে কৃষি কার্ড কর্মসূচি কৃষকদের জন্য এক নতুন আশার প্রতীক। সরাসরি কৃষকের হাতে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দিয়ে সার, বীজ ও কৃষি উপকরণে ন্যায্যতা নিশ্চিত করার মাধ্যমে কৃষিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা রয়েছে এতে। কৃষক বাঁচলে গ্রাম বাঁচবে, গ্রাম বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকেই কৃষি কার্ডের ধারণা এসেছে।

একই ভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সামাজিক স্থিতিশীলতার একটি ভিত্তি তৈরি করতে চায়। খাদ্য, স্বাস্থ্য ও নিত্যপ্রয়োজনীয় সেবায় রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করে এটি মানুষের দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা কমাবে। তারেক রহমানের রাজনৈতিক দর্শনে এটি কোনো দান নয়; এটি রাষ্ট্রের দায়িত্ব, নাগরিকের অধিকার। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার প্রশ্নে তারেক রহমানের অবস্থান কঠোর ও স্পষ্ট। তিনি বিশ্বাস করেন, আইনশৃঙ্খলা বাহিনী রাজনৈতিক হাতিয়ার হলে রাষ্ট্র দুর্বল হয়। তাই জবাবদিহিমূলক, জনবান্ধব নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে তিনি স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চান। একই সঙ্গে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ‘জিরোটলারেন্স’-এর নীতিতে অটল।

তরুণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীকে রাষ্ট্রের মূল শক্তিতে রূপান্তর করার লক্ষ্যও তার পরিকল্পনার অংশ। দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি ও উদ্ভাবনের মাধ্যমে তিনি একটি গতিশীল, আত্মবিশ্বাসী বাংলাদেশ গড়তে চান— যেখানে রাজনীতি হবে স্থিতিশীল, রাষ্ট্র হবে শক্তিশালী।

কিছু প্রত্যাবর্তন ইতিহাসে শুধু ফিরে আসা নয়—তা একটি জাতির শ্বাসনে ও য়ার মুহূর্ত হয়ে ওঠে। তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তন তেমনই একমুহূর্ত। এটি অতীতের দুঃখ ও সংগ্রাম পেছনে রেখে রাজনৈতিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাওয়ার ডাক। ২৫ ডিসেম্বরের ঢাকা কেবল জনসমাবেশের শহর হবে না; এটি হবে আশার রাজধানী— যেখানে মানুষ বিশ্বাস করবে, দীর্ঘ অস্থিরতার পর বাংলাদেশ আবার স্থির হতে পারে, আবার সামনে এগোতে পারে। ইতিহাস হয়তো এই দিনটিকেই মনে রাখবে— যেদিন রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশা নতুন করে নাম লিখিয়েছিল বাংলাদেশের আকাশে।

শেখ আহমেদ ফরহাদ ব্লগার ও রাজনৈতিক এক্টিভিস্ট যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার এসোশিয়েশন