বাংলাদেশে একের পর এক ধর্ষণের ঘটনা আমাদের বিবেককে প্রতিনিয়ত নাড়া দিচ্ছে। সবচেয়ে ভয়াবহ হলো এই নৃশংসতার শিকার হচ্ছে ছোট ছোট মেয়েরা, যাদের শৈশব হওয়া উচিত ছিল নিরাপদ, স্বপ্নময় ও হাসিতে ভরা। কিন্তু বাস্তবতা যেন উল্টো চিত্র আঁকছে। সংবাদমাধ্যমে প্রায়ই এমন খবর আসে, কিছুদিন আলোচনা হয়, তারপর আবার নীরবতা। অপরাধীরা থেকে যায় প্রায়ই ধরা-ছোঁয়ার বাইরে। কিংবা বিচার প্রক্রিয়া ঝুলে থাকে দীর্ঘসূত্রতায়। এই পুনরাবৃত্তির পেছনে বড় একটি কারণ হলো বিচারহীনতার সংস্কৃতি। যখন অপরাধের দ্রুত ও দৃশ্যমান শাস্তি হয় না, তখন তা অপরাধীদের মধ্যে এক ধরনের সাহস তৈরি করে। সমাজে একটি বার্তা ছড়িয়ে পড়ে- কিছুই হবে না। ফলে একই ধরনের অপরাধ বারবার ঘটে।
আইন আছে, শাস্তির বিধানও আছে; কিন্তু প্রয়োগে যদি গাফিলতি থাকে, তাহলে সেই আইন কাগজেই সীমাবদ্ধ থেকে যায়। কিন্তু প্রশ্ন থেকে যায় যে, বিচার বাস্তবায়ন না করার পেছনে কারণ কি?\r\n২০২৫ সালের ৫ মার্চ মাগুরা জেলার শ্রীপুরের জারিয়া গ্রামে ৮ বছরের আছিয়া নামের এক শিশু নিজ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের জামাই আর বোনের শ্বশুর দ্বারা ধর্ষিত হয়। ১৩ মার্চ মেয়েটি মারা যায়। সে তার সঙ্গে হওয়া অপরাধের বিচার দেখতে চেয়েছিল। এখানে আসামি, প্রমাণ সব ছিল। তবে কেন সরকার পারেনি, অপরাধীর বিচার করতে। অভিযুক্ত ৪ জন আসামির রায় হয় ১৭ মে। একজনকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং ৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।
২ বছর হয়ে গেলেও এই রায় বাস্তবায়ন করা হয়নি।\r\nসম্প্রতি নরসিংদীতে আমেনা নামে এক তরুণীকে তুলে নিয়ে বখাটেরা দলবদ্ধ ধর্ষণ করে। গ্রামের মেম্বারের কাছে বিচার চাইতে গেলে তাদের গ্রাম ছেড়ে চলে যেতে বলে। নিরাপত্তার কথা চিন্তা করে মেয়েকে তার খালার বাড়ি রেখে আসতে গেলে পথ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায় এবং হত্যা করে। লাশ পাওয়া যায় পরেরদিন সকালে ফসলের জমিতে। ১৫ দিন আগে মেয়ে সম্মান হারায় আর বিচার চাইতে গেলে ২৫ দিনের মাথায় মেয়েকে হারাতে হয় এক পিতার।\r\nবাংলাদেশের বাস্তবতায় প্রথমত রাষ্ট্রকে দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করতে হবে। মামলা বছরের পর বছর ঝুলে থাকলে ভুক্তভোগীর পরিবার হতাশ হয়। আর অপরাধীরা সাহস পায়। বিশেষ ট্রাইব্যুনাল শক্তিশালী করা, তদন্ত প্রক্রিয়ায় পেশাদারিত্ব ও স্বচ্ছতা আনা এবং প্রভাবশালীদের হস্তক্ষেপ বন্ধ করা জরুরি। আইন আছে, কিন্তু তার সঠিক প্রয়োগই আসল চ্যালেঞ্জ।\r\n যারা নৈতিকতা ও মানবিকতা ভুলে অপরাধ করে বা অপরাধকে প্রশ্রয় দেয়, তাদের বুঝতে হবে নারী ও শিশু কোনো বস্তু নয়, তারা পূর্ণ অধিকারসম্পন্ন মানুষ। ধর্মীয় ও নৈতিক শিক্ষাকে কেবল কথায় নয়, আচরণে ধারণ করতে হবে। আর যারা অপরাধ দেখেও চুপ থাকে, তাদের মনে রাখতে হবে নীরবতা অনেক সময় অপরাধকে শক্তিশালী করে। শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু আইনের বিষয় নয়; এটি একটি জাতীয় ও নৈতিক অঙ্গীকার। বাংলাদেশ যদি সত্যিই নিরাপদ সমাজ গড়তে চায়, তবে বিচারহীনতার চক্র ভাঙতেই হবে কঠোর আইনি প্রয়োগ, সামাজিক সচেতনতা এবং নৈতিক পুনর্জাগরণের সমন্বয়েই সম্ভব একটি নিরাপদ রাষ্ট্র গঠন।
