বোস্টনের ব্রেনডাইস বিশ্ববিদ্যালয়ের হেলার স্কুল ফর সোশ্যাল পলিসি অ্যান্ড ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েটদের টুপি পরানোর অনুষ্ঠানের আগের দিন। শিক্ষার্থী, শিক্ষক আর বিদেশ বিভুঁই থেকে ছুটে যাওয়া অভিভাবকদের আপ্যায়ন অনুষ্ঠান চলছিল ছোট হলরুমে। প্রথমে হাই হ্যালো– অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের আর শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের।

কেতাবি আদব কায়দা পাশ কাটিয়ে একটা ফ্রি পানীয়ের ক্যান হাতে নিয়ে লাউঞ্জের বাইরে খোলা শান বাঁধানো জায়গায় বসে বাংলাদেশি অভিভাবক ইলিয়াস আলী ছেলের মিসরীয় বান্ধবী উম্মে আফলাতুনের সঙ্গে পিরামিড চর্চায় মশগুল হতে চায়। আসলে ভান; প্রধান লক্ষ্য ছেলে পরান ইকবাল আর আফলাতুনের সম্পর্ক মাপা।

উম্মে আফলাতুন দেশে ফিরবে না, পরান ইকবালও থেকে যেতে চায়। ওয়ালথামের অ্যাশবি লেনে নতুন ডেরা ঠিক করেছে আফলাতুন। তার বাবা আসওয়ান কারারুদ্ধ প্রেসিডেন্ট মুরসির জিগরি দোস্ত; আমেরিকার সান ডিয়াগো ছেড়ে বোস্টনে পাকাপাকি চলে আসবে। ব্রেনডাইস বিশ্ববিদ্যালয়ের নতুন কারিশমা মাস্টার অব আর্ট ইন কোয়েকঞ্জিটেনস অ্যান্ড কনফ্লিকটের আগামী কোর্সে অন্যতম বেইস টিচার হবেন তিনি।

এক নারীকে দেখে চমকে ওঠে ইলিয়াস আলী। আফলাতুনকে ইশারায় জিজ্ঞেস করে, কে উনি? লাইব্রেরিতে দেখেছি; ইনফরমেশন অফিসার পারহ্যাপস। নাম? মিজ আবদিন। পানীয়ের ক্যানে শেষ চুমুক দিয়ে ইলিয়াস আলী তাকিয়ে থাকে মিজ আবদিনের দিকে। ইউ ওয়ান্ট ওয়ান মোর আঙ্কেল ইলি, বলে আফলাতুন উঠে চলে যায়। কিন্তু নীল লেগিংসের ওপর টপস আর কালো কোট গায়ে ‘মিজ আবদিন’ ইলিয়াস আলীর দিকেই এগিয়ে আসে। এসে বলে, হোয়াট আর ইউ ডুয়িং হিয়ার? ইলিয়াস আলী বুঝে নেয়, মিজ আবেদিন আর কেউ নন, আমাদের রানু আপা, রানু বিশ্বাস। বাহাত্তরের ডাকসু সদস্য আর তৎকালীন ছাত্র ইউনিয়নের ঢাকা নগরের সহসভাপতি। পঁচাত্তরের পর দেশ ছেড়ে প্রথমে ইন্ডিয়া তারপর ফোর্ড ফাউন্ডেশনের স্কলারশিপ নিয়ে আমেরিকা। এখন বোস্টনে; পাঞ্জাবি হামেদ জয়নুল আবেদিনকে বিয়ে করে মিজ আবদিন।

ওদিকে ইলিয়াস আলী ক্রমশ রাজনীতি, টিসিবির দালালি ছেড়ে মিটফোর্ডে বাপ-দাদার ওষুধের ব্যবসায়। বন্ধু ক্যাপ্টেন কুদ্দুস চাকরি হারালে দুজন মিলে নানা ফাটকাবাজি ব্যবসায় মন দেয়। এখন দুটো ব্যাংকের ১৭ ভাগের মালিক। কিন্তু এতদিন পরও স্যুট-বুটসহ পানীয় হাতে সাদা চুলের ইলুকে চিনতে কোনো কষ্ট হয়নি রানু আপার।

দলীয় এই কর্মীকে বাহাত্তরের একুশে ফেব্রুয়ারি মাঝ রাতের আগে অবশ্য চিনতেন না রানু আপা। সেদিন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন পরিচয়ে বিদ্যুৎসংযোগ বন্ধ করে খোদ শহীদ মিনারে যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল, সেখান থেকে নারী কর্মীদের রক্ষা করতে এগিয়ে এসেছিল যশোরের ঝিকরগাছা থেকে আসা কর্মী ইলু। সে রাতে ইলিয়াস আলী মাত্র দুজন সাথী নিয়ে রানু আপাসহ আট-দশজন ছাত্রীকে যে অসীম সাহসের সঙ্গে রোকেয়া হলের গেট পর্যন্ত পৌঁছে দিয়েছিল, তা কেবল সিনেমাতেই সম্ভব। ইলিয়াসের জামার পেছনের দিকটা ছিঁড়ে গিয়েছিল, সামনের বোতামগুলো অবশিষ্ট ছিল না। রানু আপা গেটে ঢোকার আগে শুধু জানতে চান অসীম সাহসী কর্মীর নাম; ইলিয়াস আলী বলেছিল, আমি ঝিকরগাছার ইলু। মুকুল ভাই আমাকে চেনে। মফস্বলের ইলু ক্রমশ বিশ্ববিদ্যালয় শাখার সবচেয়ে নির্ভরযোগ্য নেতা ইলিয়াস আলী হয়ে ওঠে; মুহসীন হলের ছাত্র সংসদেও নির্বাচিত হয়, বাহাত্তর সালেই। ক্ষমতাসীন দলের ছাত্র সংসদের ভরাডুবির পেছনে শহীদ মিনারের ‘দুষ্টুমি’ অন্যতম প্রধান কারণ, লোকে বলে।

ইলিয়াস আলীকে রানু আপা সব কেন্দ্রীয় নেতার সঙ্গে পরিচয় করিয়ে দেন; দলের কেন্দ্রীয় সংসদেও চলে আসে। মফস্বলের ছাত্রদের ক্রমশ মুখপাত্র হয়ে ওঠে। তিয়াত্তরের ভিয়েতনাম দিবসের মিছিলের মূল কাণ্ডারিদেরও একজন ছিল। ইলিয়াস চেয়েছে ডাকসু জিএস পদে নির্বাচন করবে। পরের ঘটনা সবার জানা। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ও ইলিয়াসের ছাত্র সংগঠনের ভাগাভাগি প্যানেল হয়। সেদিন থেকেই রাজনীতি নিয়ে ইলিয়াস আলীর গা ঘিন ঘিন শুরু।

কয়েক দিন পর সন্ধ্যায় বাড়ি থেকে খবর আসে রক্ষীবাহিনী ইলিয়াসের দুই চাচাত ভাইকে ‘হেফাজতে’ নিয়েছে। ইলিয়াস আলী ছুটে যায় রানু আপার কাছে। রানু আপা নিয়ে যায় যোসেফ, স্ট্যালিন, মলোটভ, মহামতি লেনিন আর গোর্কির কাছে। সবার মিলিত চেষ্টায় ছাড়া পায় চাচাত ভাইরা। শর্তে বাধা পড়ে ইলিয়াস; যা বলব তা-ই শুনতে হবে। তিয়াত্তরের ডাকসু নির্বাচনের পর কলাভবনের ছাদে ব্যালট বাক্সের বহ্নি উৎসবেও তাকে শামিল হতে হয়, সঙ্গে একুশের রাতের প্রতিপক্ষরা।

পাঁচ দশক পর হেলার স্কুলের খোলা বারান্দায় ‘আপপা’ বলে মিজ আবদিনকে জড়িয়ে ধরে ইলিয়াস আলী। ডুকরে কেঁদে ওঠে ঝিকরগাছার ইলু। মিসরের আসওয়ান, আফলাতুন, ঢাকার পরান ইকবাল, মেক্সিকোর জেসিকা, আফগানিস্তানের নূর ইলাহী, পাকিস্তানের কিজিলবাস তাদের ঘিরে হাততালি দেয়। ঝিকরগাছা ইলুই শুধু জানে এই কান্নার মানে। মিজ আবদিন শুধু বলে– হোয়াট এ সারপ্রাইজ!

গওহার নঈম ওয়ারা: লেখক ও গবেষক wahragawher@gmail.com