বাংলাদেশের মানুষ কতটুকু রাজনীতি সচেতন, তা নিয়ে প্রশ্ন থাকলেও রাজনীতির প্রতি তাদের আগ্রহ নিয়ে ন্যূনতম সন্দেহ নেই। টং দোকান থেকে অভিজাত পাঁচতারকা হোটেল পর্যন্ত কিংবা পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানগুলোতেও রাজনৈতিক আলাপ অনায়াসে স্থান করে নেয়। ক্ষুদ্র পরিসরে হওয়া এ আলাপগুলোও সূক্ষ্মভাবে জনমত তৈরিতে ভূমিকা রাখে। উপযুক্ত প্রেক্ষাপট তৈরি হলে পুঞ্জীভূত গণক্ষোভ বিক্ষোভে রূপ নিয়ে তা বিস্ফোরিত হয়, যা দেখা গেছে চব্বিশে।
তবে আন্দোলন শেষে খুব কমই জনগণের ভূমিকা মনে রাখা হয়। রাজনৈতিক দলগুলো নিজেদের মতো ইতিহাস বর্ণনা এবং কৃতিত্ব দখলে ব্যস্ত হয়ে পড়ে। সামনে আনা হয় নানা ‘প্ল্যান’, ‘ডিজাইন’ বা ‘মাস্টারমাইন্ড’ শব্দগুলো। প্রশ্ন রাখাই যায়, এই প্ল্যান বা মাস্টারমাইন্ডরা আগে কেন সফল হয়নি? অন্তর্বর্তী সরকারের প্রধান থাকা অবস্থায় ড. মুহাম্মদ ইউনূস চব্বিশের আন্দোলনকে ‘মেটিকুলাসলি ডিজাইন্ড’ বলে মন্তব্য করেছিলেন। ১৫ বছরে নিশ্চয় এটা প্রথম প্ল্যান নয়। আগের প্ল্যানগুলো কেন সফল হয়নি? উত্তর একটাই। জনগণের মধ্যে জমে ওঠা ক্ষোভ বিস্ফোরিত হওয়াতেই এই প্ল্যান সফল হয়েছে। অর্থাৎ প্ল্যান বা যা কিছু থাকুক, সফল করতে জনগণের সম্পৃক্ততা প্রয়োজন।
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে, এর মধ্যে প্রধানতম ধরা হয়– ‘রাজনীতিতে একক আধিপত্য বিস্তারের চেষ্টা বা বহুদলীয় গণতন্ত্র হত্যা করে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকা।’ চব্বিশের আন্দোলনে, কোনো হিসাবনিকাশ ছাড়াই বলা যায়, সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশের রাজনীতি। তৎকালীন বিরোধী শিবিরের দুই প্রধান দল বিএনপি, জামায়াতে ইসলামীসহ প্রায় সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মতকে কোণঠাসা করে বিরাজনীতির একটি পরিস্থিতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। ওই পরিস্থিতিতে মূলত জনগণই বিরোধী শক্তি হয়ে ওঠে। বরাবরই সরকারি দলের চেয়ে বিরোধী দল বা প্রশ্নকারী গোষ্ঠীর প্রতি জনগণের সমর্থন বেশি থাকে। জনগণ যাদের ভোট দিয়ে সরকারে বসিয়েছে, তাদেরই মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করা তারা পছন্দ করে। একটি সরকার প্রশংসনীয় অনেক কাজ করবে– এটাই প্রত্যাশিত। ফলে প্রত্যাশিত বিষয় নিয়ে আলোচনা হওয়া গুরুত্বপূর্ণ নয়। তবে কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করলে বা বিতর্কিত কর্মকাণ্ড সংঘটিত হলে তার সঠিক সমালোচনা জনগণ প্রত্যাশা করে। এ ক্ষেত্রে জনগণ প্রথমে আস্থা রাখতে চায় বিরোধী দলের ওপর। যদি তারা ‘গৃহপালিত’ বা ‘মিলেমিশে’ ভূমিকা পালন করে তাহলে জনগণ আশ্রয় খোঁজে বুদ্ধিজীবী মহল বা চাপ সৃষ্টিকারী শ্রেণির কাছে। সেখানেও যখন দলীয়করণ বা ক্ষমতাসীনদের সন্তুষ্টির মহড়া চলে তখন জনগণ শুধু হতাশ হয় না, ভেতরে ভেতরে ক্ষুব্ধ হতে থাকে। পানির মতোই একটা নির্দিষ্ট পরিস্থিতিতে তা ফুটতে থাকে। জন্ম দেয় এক প্রলয়ঙ্করী ও অপ্রতিরোধ্য শক্তির।
চব্বিশের অভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। এ আকাঙ্ক্ষা শুধু ভোট প্রদান নয়; জনগণের অধিকার নিয়ে সক্রিয় থাকার মতো একটি বিরোধী দলেরও। আকাঙ্ক্ষা ছিল এক পরিবেশের, যেখানে নির্বাচনের আগে কোনো দল বা ব্যক্তি নিশ্চিত জয় জেনে জনগণকে উপেক্ষা করতে পারবে না। এসবের কতটুকু বাস্তবায়ন হতে পারে, তা সময়ই বলে দেবে। তবে বিশেষত রাজনৈতিক সংস্কৃতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় সম্প্রতি আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারে থেকেও তাঁর এ আক্ষেপকে অনেকে তাঁর রাজনৈতিক সততার প্রতীক হিসেবে দেখছেন; তবে প্রশ্নও করছেন কেউ কেউ। তাদের বক্তব্য, পরিবর্তনের দায়িত্ব যাদের ওপর দেওয়া হলো, তাদের কাছ থেকে জনগণ আক্ষেপ নয়; বরং পরিবর্তনই দেখতে চায়। এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাস পরিবর্তনের জন্য যথেষ্ট মনে না-ই হতে পারে। তবে সরকারের সদিচ্ছা ও পরিবর্তনের সুনির্দিষ্ট রোডম্যাপ তো করা যায় এ সময়ে। বস্তুত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের মাধ্যমে জনগণ একটি গণতান্ত্রিক সরকার পেয়েছে হয়তো। কিন্তু জনগণের অধিকার নিয়ে কতটুকু আলোচনা হচ্ছে– এ প্রশ্ন সামনে আসছে। সংসদে বা সংসদের বাইরে গণভোট, সংবিধান সংস্কার নাকি সংশোধন– এসব বিষয়ে সরকারি দল ও বিরোধী দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা গেলেও জনগণের প্রত্যক্ষ স্বার্থ নিয়ে আলোচনা তেমন হয়নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, হামে আক্রান্ত হয়ে হাজার শিশুর মৃত্যু, নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভূতুড়ে বিল কিংবা গ্যাস সংকট নিয়ে তেমন আলোচনা হয়নি।
আগেই বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে জাতীয় পার্টি ‘গৃহপালিত’ বিরোধী দলের ভূমিকা পালন করে জনআস্থা হারিয়েছিল। ফলে জনগণ নিজেই সরকারের বিরোধী শক্তি হয়ে উঠেছিল। বর্তমান বিরোধী দলও কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হলে জনগণ ওই একই পথ খুঁজবে না– কে বলতে পারে!
রনি রেজা: কথাশিল্পী, সাংবাদিক ও উপস্থাপক
