প্রামাণ্যচিত্র নির্মাতা ও নাট্যাভিনেতা কাওসার চৌধুরী চার দশক ধরে চলচ্চিত্র আর্কাইভ গড়ে তুলেছেন। একাত্তরের ২৫ মার্চের ‘অপারেশন সার্চলাইট’-এর ওপর নির্মাণ করেছেন ‘সেই রাতের কথা বলতে এসেছি’। ‘মিন্তি’, ‘গণতন্ত্রের লাগি’ তাঁর উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হলেও শেষ পর্যন্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে পাস করে বেরিয়েছেন আশির দশকের প্রথমার্ধে। চলচ্চিত্র বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ের জন্য ২০২৪ সালে পেয়েছেন একুশে পদক। কাওসার চৌধুরীর জন্ম ১৯৫৫ সালে কক্সবাজারে। সাক্ষাৎকার নিয়েছেন সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক মাহফুজুর রহমান মানিক।
সমকাল : একাত্তরের ২৫ মার্চে মুক্তিকামী বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর গণহত্যার কতটুকু আমরা ধরে রাখতে পেরেছি?
কাওসার চৌধুরী : পাকিস্তানি বাহিনী ও তার সহযোগীরা একাত্তরে বাংলাদেশে যে ব্যাপক গণহত্যা চালিয়েছে, তার সামান্য অংশই আমরা ডকুমেন্টেড করতে পেরেছি। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাকিস্তানিরা ভয়াবহ গণহত্যা চালায়। দক্ষিণ এশিয়ার মধ্যে বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাসে ২৫ মার্চ ১৯৭১-এর রাত একটি হৃদয়বিদারক মাইলফলক। এই বিশেষ রাতে বহু যুগের জন্য এ অঞ্চলের রাজনীতির গতিপ্রকৃতি স্থির হয়ে গেছে। এই রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জগন্নাথ হলের ওপর আক্রমণ পরিচালনা করেছিল। পৃথিবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ই একমাত্র বিশ্ববিদ্যালয়, যেটি জাতির ওপর প্রথম আঘাতটি মাথা পেতে নিয়েছে। পাকিস্তানিরাও প্রথম আঘাত দেবার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কেই বেছে নিয়েছিল। কারণ তারা জানত, কোথায় লুকিয়ে আছে বাংলাদেশের প্রাণভোমরা।
সমকাল: ২৫ মার্চের কালরাত নিয়ে আপনার ‘সেই রাতের কথা বলতে এসেছি’ শীর্ষক প্রামাণ্যচিত্রের ২৫ বছর পূর্ণ হচ্ছে এ বছর। আপনার অভিজ্ঞতা যদি বলেন।
কাওসার চৌধুরী: সেই রাতে পাকিস্তান সেনাবাহিনীর নির্মমতা, প্রত্যক্ষদর্শীদের স্মৃতি এবং প্রমাণভিত্তিক পুনর্গঠনকে চলচ্চিত্রের ভাষায় ধারণ করার প্রয়াস ‘সেই রাতের কথা বলতে এসেছি’ প্রামাণ্যচিত্রটি। এ বছর প্রামাণ্যচিত্রটির ২৫ বছর পূর্তি হচ্ছে। ৩১ মার্চ এ উপলক্ষে আমাদের একটি অনুষ্ঠান আছে, যেখানে নতুন প্রজন্ম ও প্রবীণ উভয়ই অংশ নেবেন। এর মাধ্যমে একটা ভাবের আদান-প্রদান হবে বলে আমি বিশ্বাস করি।
সমকাল: এই প্রামাণ্যচিত্র নির্মাণের বিষয়টি কীভাবে আপনার মাথায় আসে?
কাওসার চৌধুরী : যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আমার বয়স ১৬ বছর। চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কলোনি হাই স্কুলে পড়ি। সেবার আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম। এপ্রিল মাসের প্রথম কি দ্বিতীয় সপ্তাহে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু মার্চ মাসেই জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়; আমি মুক্তিযুদ্ধে যোগ দিই। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ এবং প্রামাণ্যচিত্র ও তথ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত থাকার সুবাদে আমার প্রথম থেকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণে ইচ্ছা ছিল। ২৫ মার্চের কালরাত নিয়ে করব, সেটা ভাবিনি। ১৯৯২ সালে আমি সিদ্ধান্ত নিই এ বিষয়ে কাজ করার। ওই বছরের ২৫ মার্চ রাত পৌনে ১২টায় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান এবং জগন্নাথ হলে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদনের আয়োজনে আমি অংশ নিই সংগঠনটির তৎকালীন নেতা চিত্রশিল্পী কামাল পাশা চৌধুরীর অনুরোধে। সেদিনের একটা ঘটনা আমার মনে দাগ কাটে এবং কাজটা শুরু করি।
সমকাল: কী ঘটনা?
কাওসার চৌধুরী: কামাল পাশা চৌধুরী আমাকে বলছিলেন, অনুষ্ঠানটি আপনি রেকর্ড করতে পারেন। আমি সেদিন নির্দিষ্ট সময়ের আগেই উপস্থিত হই। ১৯৯২ সালের ২৫ মার্চ রাত পৌনে ১২টায় শুরু হয়ে অনুষ্ঠানের র্যালি যখন শহীদ মিনার থেকে জগন্নাথ হলে প্রবেশ করে তখন আমি দেখলাম এক ভদ্রমহিলা হন্তদন্ত হয়ে এসেছেন। এক হাতে মোমবাতি, আরেক হাতে শিশুকন্যা। তখন তিনি আমাকে বললেন– একাত্তরের সেই ২৫ মার্চের কালরাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিলাম। সেদিন পাকিস্তানিরা যে হত্যাকাণ্ড চালিয়েছে; সেদিনের গোলাগুলি, কান্নার শব্দ আমি শুনেছিলাম। সেদিনের আক্রমণের বেদনা এখনও আমি অনুভব করি। তাই আমি আমার কন্যাকে সেই জায়গাটা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি। তাঁর আবেগ আমাকেও ছুঁয়ে যায়। তখনই আমি প্রামাণ্যচিত্র তৈরির সিদ্ধান্ত নিই। সেখানে সেই নারীর কথাও আমি তুলে ধরেছি।
সমকাল: শিরোনাম ‘সেই রাতের কথা বলতে এসেছি’ কীভাবে হলো?
কাওসার চৌধুরী : ভদ্রমহিলা সেদিন রাতে যেভাবে আমাকে বলেছিলেন– আমি আমার সন্তানকে ১৯৭১ সালে গণহত্যার কথা বলবার জন্যই এখানে এসেছি। তাঁর কথা থেকেই আমি প্রামাণ্যচিত্রের নাম নিয়েছি।
সমকাল: তার আগ থেকেই কি আপনি প্রামাণ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন?
কাওসার চৌধুরী : আমি ১৯৮১ সাল থেকেই প্রামাণ্যচিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। ১৯৮০ সালে প্রয়াত চলচ্চিত্রকার আলমগীর কবিরের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও ইনস্টিটিউটে পড়াশোনা করি। সে সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ফিল্ম ইনস্টিটিউটে পড়ার সময় আমার মনের মধ্যে কাহিনিচিত্র তৈরির আগ্রহ হয়। ষাটের দশকে আমি যখন সিনেমা দেখতাম; আমার তখন ইচ্ছা হতো নায়ক রাজ্জাক, ফারুক– তাদের মতো হবো। তবে আমরা যখন ফিল্ম বিষয়ে পড়লাম এবং চলচ্চিত্রের ইতিহাস জানলাম তখন আমি প্রামাণ্যচিত্র নির্মাণের সিদ্ধান্ত নিই। আমার প্রথম প্রামাণ্যচিত্রের নাম ‘মিন্তি’। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আমার প্রামাণ্যচিত্র ‘গণতন্ত্রের লাগি’ ব্যাপক প্রশংসিত হয়।
সমকাল : আপনার ‘সেই রাতের কথা বলতে এসেছি’ প্রামাণ্যচিত্রে ২৫ মার্চের কালরাতের ব্যক্তিগত স্মৃতি, যেমন হরিধন দাসের বর্ণনা এবং সামষ্টিক ইতিহাস– এ দুই স্তরকে কীভাবে একসঙ্গে বুনেছেন?
কাওসার চৌধুরী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই সময়ের আবাসিক ছাত্র হরিধন দাস জগন্নাথ হলের ২৯ নম্বর কক্ষে থেকে পড়াশোনা করছিলেন। একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি দখলদার সেনাবাহিনীর আক্রমণের মুখে হরিধন দাস গ্রেনেডের আঘাতে আহত হয়েও বেঁচে যান কোনোমতে। পরবর্তী কোনো এক সময়ে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সম্ভবত পদার্থবিদ্যায় শিক্ষকতা করছিলেন। ইতোমধ্যে তিনি মৃত্যুবরণ করেছেন। যাহোক, এই প্রামাণ্যচিত্রে একজন প্রোটাগনিস্ট বা অধিবক্তা ছিলেন হরিধন দাস। তাঁকে খুঁজে পেতে আমার প্রায় দেড় বছর সময় লেগেছে। আরেকজন প্রোটাগনিস্ট ইদু মিয়াকে খুঁজে পেতে আমার প্রায় আড়াই বছর সময় লেগেছিল। এভাবে প্রামাণ্যচিত্রটি নির্মাণে আমার ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রায় আট বছর সময় লেগে যায়।
সমকাল: হরিধন দাসের কথা বলছিলাম–
কাওসার চৌধুরী : হরিধন দাস বলছিলেন, তখন রাত প্রায় ১২টা। পাকিস্তানিরা সেই সময়ে প্রথম ব্রাশফায়ার করে জগন্নাথ হলের ওপর। তিনি তাঁর ২৯ নম্বর কক্ষে তাড়াতাড়ি প্রবেশ করেন। সেই সময়ে রুমে তাঁর দুই বন্ধু ছিলেন। চারদিকে তখন এত বিস্ফোরণ এবং মেশিনগানের আওয়াজ হচ্ছিল যে, কানের কাছে মুখ নিয়ে কথা বললেও কিছু শোনা যাচ্ছিল না। তারা বুঝতে পারছিলেন, তাদের শেষ সময় এগিয়ে আসছে। সে সময় বন্ধুরা পরস্পর থেকে বিদায় নেন। হরিধন দাস রুমের এক প্রান্তে দাঁড়ান। পাকিস্তানি আর্মিরা লাথি দিয়ে তাদের রুমের দরজা ভেঙে ফেলে। ঠিক তখনি তাদের কামরার ভেতরে স্টেনগান থেকে ব্রাশফায়ার করে। ফায়ারিং শেষ হলে পাকিস্তানিরা একটি গ্রেনেড নিক্ষেপ করে রুমের ভেতর। তাতে এক পা হারান হরিধন দাস। রুমের দুই বন্ধু প্রাণ হারান। হরিধন দাসকে আমি জাতীয় চরিত্র হিসেবেই সামনে এনেছিলাম। তিনি রাজনৈতিক সচেতন মানুষও ছিলেন। তাঁর সচেতনতাকে আমি সাধারণ মানুষের জাতীয় সচেতনতাকে যুক্ত করেছি।
সমকাল: এ প্রামাণ্যচিত্রের বিশাল কর্মযজ্ঞ আপনি কীভাবে সামলিয়েছেন? পাকিস্তান সেনাবাহিনীর চরিত্রও সেখানে রয়েছে…। কাওসার চৌধুরী: প্রামাণ্যচিত্রটি নির্মাণ খুব সহজ ছিল না। তথ্যচিত্র আর প্রামাণ্যচিত্রের মধ্যে পার্থক্য আছে। তথ্য আর প্রমাণেও আছে বিস্তর ফারাক। আমি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছি। অনেকে রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণের কথা বলেন। আমি বলি, ইতিহাসকে পুনরায় নির্মাণ করা যায় না। আমি সাক্ষাৎকার নিয়েছি সেদিনের প্রত্যক্ষদর্শীদের। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তানদের মর্মস্পর্শী বয়ান এই প্রমাণ্যচিত্রকে সমৃদ্ধ করে তোলে। যাহোক, বিশাল টিম নিয়ে এই কর্মযজ্ঞ সম্পন্ন করতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে। খরচসহ নানা দিকও সেভাবে সামলাতে হয়েছে।
সমকাল : ২৫ বছরে প্রামাণ্যচিত্রের অর্জন আপনি কীভাবে দেখেন?
কাওসার চৌধুরী : প্রামাণ্যচিত্রটির ইংরেজি ভার্সন হয়েছে ‘টেল অব দি ডার্কেস্ট নাইট’ নামে। প্রতিবছর ২৫ মার্চ এলে অপারেশন সার্চলাইটের ছবি দেখানোর সময় বাংলাদেশের প্রায় সকল টেলিভিশন চ্যানেল আমার প্রামাণ্যচিত্রের ফুটেজগুলো এখনও দেখায়। ২৫ বছর পর এখনও মানুষ আমাকে বলে, ভাই, আপনার সেই প্রামাণ্যচিত্র আমরা ব্যবহার করছি। ২৫ মার্চ রাতে যাদের হত্যা করা হয়েছে, তাদের অন্যতম ড. জ্যোতির্ময় গুহঠাকুরতা। তাঁর কন্যা মেঘনা গুহঠাকুরতা আমাদের দেখিয়েছেন গুলির সেই খোসা। তিনি বলেছেন, ২৫ মার্চ রাতে যে গণহত্যা হয়েছিল, আমরা তার বিচার চাই। আমরাও তার বিচার চাই। এই গণহত্যা অবশ্যই স্মরণ করা উচিত। এই হত্যার বিচার চাওয়া জরুরি। কেবল শহীদদের সন্তান কিংবা স্বজনরাই নন; তাদের সঙ্গে একাত্ম হয়ে সবারই কথা বলা উচিত।
সমকাল : ২৫ মার্চের কালরাত থেকে মুক্তিসংগ্রাম এবং বিজয়– প্রামাণ্যচিত্রে পুরো সংগ্রাম ও প্রতিরোধ কীভাবে এসেছে?
কাওসার চৌধুরী: বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে প্রতিরোধ সংগ্রাম, তার সূচনা হলো ২৫ মার্চ। কেবল মুক্তিযুদ্ধ নিয়ে আমি একটি প্রামাণ্যচিত্র করতে চেয়েছিলাম। পারব কিনা জানি না। মুক্তিযোদ্ধা অনেকেই আমাকে বলেছেন। বঙ্গবন্ধু ৭ মার্চের যে ভাষণ দিয়েছেন, তার সঙ্গে সঙ্গেই প্রতিরোধ যুদ্ধ শুরু হয়ে যায়। যে যার যার মতো প্রস্তুতি নিতে শুরু করে। একাত্তরের ৭ মার্চ থেকে জুন পর্যন্ত সময়টা ছিল প্রতিরোধ যুদ্ধ। মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম তখন ইপিআরের অ্যাডজুট্যান্ট ছিলেন। টাইগারপাসে চট্টগ্রামের রেলওয়ে ভবনটি দখলে নিয়ে রফিকুল ইসলাম পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছিলেন বীরত্বের সঙ্গে। জুন মাসের পর ৬ ডিসেম্বর পর্যন্ত ছিল গেরিলা যুদ্ধ। এরপর ১৬ ডিসেম্বর পর্যন্ত অ্যালায়েড ফোর্স মিলে যুদ্ধ। তবে পাকিস্তানি বাহিনী যে গণহত্যা চালিয়েছে, নারীর সম্ভ্রমহানি করেছে, ধর্ষণ করেছে এবং এক কোটি মানুষকে শরণার্থী বানিয়েছে, তার সূচনা কিন্তু ২৫ মার্চের অপারেশন সার্চলাইটের মাধ্যমেই। প্রামাণ্যচিত্রে আমরা প্রতিরোধের বিভিন্ন চিত্র দেখিয়েছি। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইটের সময় পরমাণু বিজ্ঞানী ড. এম এম হুসাইন তাঁর টেলিফোন বা ওয়্যারলেস সেটের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর অডিও বার্তা বা কথোপকথনগুলো ধারণ করেন। এই অডিওর প্রাসঙ্গিক অংশ আমি প্রামাণ্যচিত্রে যুক্ত করে দিই। আমরা প্রথমে অস্ত্র ধরিনি। পাকিস্তানিদের এই গণহত্যার পরই আমরা অস্ত্র ধরেছি।
সমকাল: এত নির্মম ও ট্রমাটিক অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে কি আবেগ আপনাকে তাড়িত করেছে?
কাওসার চৌধুরী: ‘সেই রাতের কথা বলতে এসেছি’ প্রামাণ্যচিত্র তৈরি করতে গিয়ে আবেগতাড়িত হওয়া অস্বাভাবিক নয়। কারণ, আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়েই দেখেছি। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে সহযোদ্ধা হারানোর বেদনা আমাদের তাড়িয়ে বেড়িয়েছে। প্রামাণ্যচিত্র নির্মাণে প্রোটাগনিস্টদের বক্তব্য ও শহীদদের স্বজনদের সাক্ষাৎকারও আবেগতাড়িত করেছে।
সমকাল: আপনার এই প্রামাণ্যচিত্রের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনি কী বার্তা পৌঁছে দিতে চান?
কাওসার চৌধুরী: ১৯৭১ সালের ২৫ মার্চে পাকিস্তানিরা যেই অপারেশন সার্চলাইট এবং এরপর ৯ মাসে তারা যে হত্যাকাণ্ড চালিয়েছে, তার পাশাপাশি আমাদের যে প্রতিরোধ এবং স্বাধীনতা অর্জন; এখানে আমাদের আত্মত্যাগ অনেক– এটা আমরা যেমন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চেয়েছি, তেমন সকল বয়সী শ্রেণি-পেশার জন্যও আমার এই কাজ। ‘সেই রাতের কথা বলতে এসেছি’ প্রামাণ্যচিত্রটির ২৫ বছরে এর উদযাপনে আমরা তরুণ প্রজন্মসহ সবাইকে এটি দেখাব। এরপর তাদের ভাবনা আমরা শুনব। কোনো প্রশ্ন থাকলে তাও জানতে চাই। আমরা ভাবনার আদান-প্রদান করতে চাই।
সমকাল: সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কাওসার চৌধুরী : আপনাকেও ধন্যবাদ। সমকালের জন্য শুভকামনা।
