সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলন ও বাংলা ভাষার দূষণ রোধে উচ্চ আদালতের নির্দেশ থাকলেও তা মানা হচ্ছে না। ফলে দিন দিন বাংলা ভাষার প্রচলন ছোট হয়ে আসছে ও দূষণের মাত্রা বাড়ছে। ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি ও ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন বিষয়ে এবং বেতার ও টেলিভিশনে বাংলা ভাষার বিকৃত উচ্চারণ ও দূষণ রোধে উচ্চ আদালতের রুলসহ নির্দেশনা রয়েছে। বেতার ও টেলিভিশনে বিকৃত উচ্চারণ, ভাষা ব্যঙ্গ ও দূষণ করে অনুষ্ঠান প্রচার না করার নির্দেশ দেওয়া হয় এবং একটি রুল জারি করা হয়। শিক্ষার মাধ্যম হিসেবেও বাংলা সুপ্রতিষ্ঠিত। কিন্তু দাপ্তরিক যোগাযোগ এবং বেসরকারি কিছু প্রতিষ্ঠানের লৈখিক তৎপরতায় ইংরেজি চলছে প্রধানভাবে। এর একটি অন্যতম কারণ ঔপনিবেশিক আমলের ভিত্তিমূলে গড়ে ওঠা আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর মানসিকতা।

আমরা দেখি, চীন, ফ্রান্স, রাশিয়া, জার্মানির মতো প্রভাবশালী রাষ্ট্র ও বুলগেরিয়া, তুরস্কের মতো কম প্রভাবশালী রাষ্ট্র প্রয়োজন ছাড়া ইংরেজি ব্যবহার করে না। তবে ভাষার জন্য প্রাণ বিসর্জন ও বিদেশ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রক্তস্নাত সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হওয়া বাংলাদেশের ক্ষেত্রে তা প্রয়োজ্য হবে কেন? বাংলা ভাষার নান্দনিক আবেগী শব্দ, গৌরব, বিজ্ঞানসম্মত রচনা শৈলী এবং বিশ্বব্যাপী স্বীকৃত ইতিহাসও এ ক্ষেত্রে ইতিবাচক। আমি ইংরেজি ভাষা শিক্ষা ও চর্চার বিরোধী নয় বরং আমাদের উন্নতি করতে হলে ইংরেজি ভাষা চর্চা ও উন্নতভাবে শিখতে হবে। কিন্তু দেশের অভ্যন্তরে অফিসের ভাষা, ইংরেজি ব্যতীত শিক্ষার ভাষা, সাইন বোর্ড, বিল বোর্ডের ভাষা, পত্র যোগাযোগ, সম্প্রচার গণমাধ্যমের ভাষা অবশ্যই বাংলা হতে হবে।

ভাষার জন্য আন্দোলন, সংগ্রামের ফসল হলো বাংলাদেশে সর্বস্তরে বাংলা ভাষা চালু হয়নি। শিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, বিলবোর্ড, সাইনবোর্ড, গুটিকয়েক গণমাধ্যমে প্রচার করা হয় বাংলিশ (বাংলা মিশ্রিত ইংলিশ)। নাটক, টেলিভিশন, এফএম রেডিও যেন পাল্লা দিয়ে ভাষার বিকৃতি ঘটাচ্ছে। প্যারা শব্দটি নাটক- সিনেমায় প্রচলিত হলেও বাংলা শব্দভান্ডারে কোথায় আছে তা কেউ বলতে পারছে না। আবার বর্তমানে আরবি, ফারসি, ঊর্ধ্ব এবং হিন্দি ভাষাও আমাদের ভাষার শব্দ ভান্ডারে দখল করে নিচ্ছ। ফলে আমাদের আগামী প্রজন্ম বিকৃতি শব্দের উচ্চারণ ও ভাষা শিখছে। কোনো শব্দের বানান ঠিক আছে কিনা দেখতে পত্রিকা দেখা হয়, বর্তমান উচ্চারণ ঠিক আছে কিনা টেলিভিশন-রেডিওতে শোনা হয়।

কিন্তু যে ভাবে শব্দ বিকৃত ভাবে উপস্থাপন করা হচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো সম্প্রচার মাধ্যমের বিরুদ্ধে মানুষকে রাজপথে নামতে হবে। ভাষার বিকৃতি রোধে দেশের অভ্যন্তরে অফিসের ভাষা, ইংরেজি ব্যতীত শিক্ষার ভাষা, সাইন বোর্ড, বিল বোর্ডের ভাষা, পত্র যোগাযোগ, গণমাধ্যমের ভাষা অবশ্যই শুদ্ধ বাংলায় হতে হবে। শ্রেণিকক্ষে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও যত্নবান হতে হবে। তবে মাতৃভাষা গবেষণা ইনস্টিটিউট ও তথ্য মন্ত্রণালয়কেই আরও বেশি উদ্যোগী হতে হবে। সমাজের দায়িত্বশীলদের আরও যত্নবান ও ভাষার প্রতি গভীর ভালোবাসা থাকতে হবে। বাংলাদেশের সংবিধানে আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা । সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে ১৯৮৭ সালে পাশ হয় আইন। বাঙালির মা, মাটি ও মানুষের সাথে মিশে আছে বাংলা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পিচ ঢালা কালো রাজপথ লাল বর্ণ ধারণ করে বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য। বিশ্বের ১৯৫টি রাষ্ট্র বাংলাকে ঘিরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে। ২১ ফ্রেব্রুয়ারিতে ভাষাপ্রীতি আর পহেলা বৈশাখে একদিনের বাঙালি থেকেই যাচ্ছি আমরা বছরের পর বছর। \r\nসাতক্ষীরা থেকে