২০২৫ সালের অক্টোবর মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তাদের সর্বশেষ World Economic Outlook (WEO) প্রকাশ করেছে। প্রতিবেদনে বৈশ্বিক অর্থনীতির চিত্রটি উঠে এসেছে ‘স্থিতিশীল কিন্তু ভঙ্গুর’, এই শব্দযুগলে। অর্থাৎ বিশ্ব অর্থনীতি আপাতত বড় কোনো বিপর্যয়ের মুখে না পড়লেও সামনের দিনগুলো অনিশ্চয়তায় পরিপূর্ণ।

বৈশ্বিক প্রবৃদ্ধির সংক্ষিপ্ত চিত্র: আইএমএফ-এর তথ্যমতে, ২০২৫ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৩.২%, যা ২০২৪ সালের ৩.৩%-এর তুলনায় সামান্য কম হলেও এপ্রিলের পূর্বাভাসের চেয়ে কিছুটা বেশি। ২০২৬ সালে প্রবৃদ্ধি আরও কিছুটা হ্রাস পেয়ে ৩.১% এ নামবে বলে ধারণা করা হচ্ছে। উন্নত দেশগুলোর প্রবৃদ্ধি গড়ে ১.৫% এবং উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় ৪.২% হবে বলে পূর্বাভাসে উল্লেখ আছে।

এই সামান্য উন্নতির কারণ হিসেবে আইএমএফ বলেছে, বৈশ্বিক বাণিজ্যে নতুন করে শুল্কযুদ্ধ শুরু হলেও আর্থিক খাতে বড় ধরনের বিপর্যয় হয়নি। পাশাপাশি, অনেক দেশ মুদ্রানীতি ও রাজস্বনীতি কিছুটা শিথিল করায় বাজারে স্থিতি ফিরেছে।

মুদ্রাস্ফীতি ও নীতিগত সংকট: বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ২০২৫ সালে গড়ে ৪.২% থাকবে, যা ২০২৪ সালের তুলনায় কিছুটা কম। তবে অনেক দেশেই মূল্যস্ফীতি এখনো কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রার উপরে। আইএমএফ সতর্ক করেছে যে, ‘মুদ্রানীতি যত দ্রুত ঢিলে করা হবে, ঝুঁকি তত বাড়বে।’ অর্থাৎ, সুদের হার খুব দ্রুত কমালে আবারও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এখন বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নীতি-অনিশ্চয়তা (policy uncertainty)। বাণিজ্যযুদ্ধ, রাজনৈতিক মেরুকরণ ও আর্থিক বাজারের অস্থিরতা একে আরও বাড়িয়ে তুলছে।

এশিয়ার উত্থান ও আঞ্চলিক চিত্র: আইএমএফ জানায়, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এখনও বৈশ্বিক প্রবৃদ্ধির সবচেয়ে শক্তিশালী চালিকাশক্তি। ২০২৫ সালে এ অঞ্চলের গড় প্রবৃদ্ধি হবে ৪.৫%, যা বিশ্বের মোট প্রবৃদ্ধির প্রায় ৬০% অবদান রাখবে। চীন, ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোও এ অঞ্চলের প্রবৃদ্ধিকে এগিয়ে নিচ্ছে।

তবে আইএমএফ সতর্ক করেছে, এ অঞ্চলেও উচ্চ ঋণ, জলবায়ু বিপর্যয় এবং রাজনৈতিক অনিশ্চয়তা আগামী বছরগুলোতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে মূল চ্যালেঞ্জ: বাংলাদেশের প্রেক্ষাপটে আইএমএফ-এর পূর্বাভাস কিছুটা হতাশাজনক। ২০২৫ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে মাত্র ৩.৮%, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। অন্যদিকে মুদ্রাস্ফীতি গড়ে ১০%-এর কাছাকাছি থাকবে বলে সংস্থাটি জানিয়েছে। আইএমএফ-এর মতে, উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার সংকট, ব্যাংক খাতে দুর্বলতা এবং রাজনৈতিক অনিশ্চয়তা- এসব কারণ বাংলাদেশের প্রবৃদ্ধিকে সীমিত করছে। তবে ২০২৬ অর্থবছরে প্রবৃদ্ধি কিছুটা ঘুরে দাঁড়িয়ে ৪.৯% হতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, খাদ্য ও জ্বালানি পণ্যের আমদানি নির্ভরতা এবং টাকার অবমূল্যায়ন মূলত মুদ্রাস্ফীতিকে ঊর্ধ্বমুখী রেখেছে। এ অবস্থায় রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় না ঘটলে ‘স্ট্যাগফ্লেশন’-এর (অর্থাৎ, কম প্রবৃদ্ধি + উচ্চ মূল্যস্ফীতি) ঝুঁকি বাড়বে। ভারত ও পাকিস্তানের তুলনামূলক চিত্র: ভারতের প্রবৃদ্ধি ২০২৫ সালে ৬.৬% এবং পাকিস্তানের প্রবৃদ্ধি ২.৭% হবে বলে আইএমএফ জানিয়েছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত এখনও সবচেয়ে দ্রুতবর্ধনশীল অর্থনীতি। ভারতের নি¤œ মুদ্রাস্ফীতি (প্রায় ৩%) এবং স্থিতিশীল রাজস্বনীতি দেশটিকে তুলনামূলকভাবে এগিয়ে রেখেছে। অন্যদিকে পাকিস্তানও কিছুটা স্থিতি পেলেও ঋণ সংকট ও আমদানি নির্ভরতা তাদের অগ্রযাত্রায় বাধা হয়ে আছে।

বাংলাদেশের জন্য আইএমএফ-এর বার্তা স্পষ্ট: ১. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর নীতি প্রয়োগ করতে হবে। ২. রাজস্ব ঘাটতি কমিয়ে সরকারি ব্যয় দক্ষতার সঙ্গে পরিচালনা করা প্রয়োজন। ৩. ব্যাংকিং খাতে সংস্কার, ঋণ পুনঃতফসিল নীতি কঠোর প্রয়োগ এবং রাষ্ট্রীয় ব্যাংকের দায় ব্যবস্থাপনা জোরদার করতে হবে। ৪. রপ্তানি বহুমুখীকরণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ এখন সময়ের দাবি। আইএমএফ আরও পরামর্শ দিয়েছে, আর্থিক খাতের দুর্বলতা দূর না করলে প্রবৃদ্ধি পুনরুদ্ধার ব্যাহত হবে। তাই ‘শুধু অর্থনৈতিক স্থিতি নয়, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা’ এখন নীতিনির্ধারকদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত। ভবিষ্যৎ সম্ভাবনা: যদিও আইএমএফ-এর হিসাব অনুযায়ী বাংলাদেশের ২০২৫ সালের চিত্র কিছুটা ম্লান, তবুও সম্ভাবনা ফুরিয়ে যায়নি। দেশের তরুণ কর্মশক্তি, ক্রমবর্ধমান শিল্পভিত্তি এবং অবকাঠামোগত উন্নয়ন- এসবই দীর্ঘমেয়াদে আশার আলো জ্বালিয়ে রাখছে। প্রয়োজন কেবল বাস্তবসম্মত পরিকল্পনা, সুশাসন এবং আস্থার পুনর্গঠন। আইএমএফ-এর ভাষায়, Strong institutions and credible policies are the anchors of stability. অতএব, বাংলাদেশের অর্থনীতিকে এখন ‘বৃদ্ধি নয়, স্থিতির পথে’ ফিরিয়ে আনা জরুরি। মূল্যস্ফীতি কমানো, রপ্তানি ও বিনিয়োগ বৃদ্ধি, ব্যাংক খাতের সংস্কার এবং সামাজিক স্থিতিশীলতা- এই চারটি খাতে সমন্বিত পদক্ষেপই হতে পারে অর্থনৈতিক পুনরুদ্ধারের মূল চাবিকাঠি।

লেখক: ব্যাংকার ও গবেষক।