বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ দেশে ফিরছেন। দীর্ঘ ১৭ বছরের অনুপস্থিতির পর তাঁর প্রত্যাবর্তন রাজনৈতিক মাঠে নতুন ঢেউ তৈরি করছে। সংবাদমাধ্যমের ভাষায়ও পরিবর্তনের আভাস মিলছে। দেশে দীর্ঘকালের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় এসব অস্বাভাবিক নয়। রাজনৈতিক বাস্তবতায় বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের ইতিহাস বলে, রাজনীতির সবচেয়ে কঠিন ধাপ ক্ষমতা পাওয়া নয়; সবচেয়ে কঠিন ধাপ শুরু হয় ক্ষমতা পাওয়ার পর। এ দেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বলাভ মানে একই সঙ্গে ক্ষমতা ঘিরে থাকা মানুষের ভিড় সামলানোর দক্ষতা। কারণ ক্ষমতাবান মানুষের চারপাশে ভিন্ন ভিন্ন স্বার্থ নিয়ে যাদের ভিড় তৈরি হয় তারা তোষামোদের মধ্য দিয়ে দুর্নীতি আর সুবিধাবাদের রাজনীতি চালু করে, যা থেকে নানামুখী ভয় ও দাপট দেখানোর রাজনীতি দ্রুত ছড়িয়ে পড়ে। তখন এক ধরনের বিকৃত ও অগ্রহণযোগ্য বাস্তবতার মুখোমুখি হতে হয়, যা দুর্ভাগ্যজনকভাবে পরবর্তী সময়ে একমাত্র বাস্তবতা হয়ে দাঁড়ায়।
এমন পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা শুধু একা হয়ে পড়েন না; একই সঙ্গে সুবিধা পেতে উদগ্রীব দলের ভেতরের কিছু মানুষের তৈরি অদৃশ্য দেয়ালে ঘিরে যান। দেয়ালের ভেতরে থাকা মানুষেরা তখন কারণে-অকারণে নেতার প্রশংসা করেন। তারা আনুগত্যের ভাষায় কথা বলেন। তারা নেতার সব সিদ্ধান্ত এমনভাবে ব্যাখ্যা করেন যেন প্রতিটি পদক্ষেপই দূরদর্শী। এই স্বার্থপর কিন্তু অনুগত মানুষদের তৈরি দেয়ালের বাইরে পড়ে থাকে জনগণের আসল কথা এবং তাদের দীর্ঘশ্বাস, অসন্তোষ, ক্ষোভ ও নীরব প্রশ্ন।
একই প্রক্রিয়ায় দলের লোকদের সঙ্গে যুক্ত হয় আমলা ও পেশাজীবী গোষ্ঠীর প্রতিনিধিরা। ফলে নেতার কাছে প্রথমে কম তথ্য যায়। পরে বাছাই করা তথ্য যায়; একসময় এমন তথ্যই পৌঁছায়, যা শোনার জন্য তিনি প্রস্তুত। এভাবেই বাস্তবতা নেতার কাছে সংকুচিত হয়। একসময় নেতার মধ্যে ভ্রান্ত ধারণা জন্ম নেয়– তিনি বা তাঁর দল যা করছে, সবই জনগণের জন্য। বিরোধীরা শুধু ক্ষমতায় যাওয়ার স্বার্থে বিরোধিতা করছে। এই জায়গায় কাছের তোষামোদকারীরা ‘ষড়যন্ত্রতত্ত্ব’ হাজির করে নেতাকে আরও বিভ্রান্ত করে তোলে।
তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ হবে এটাই। তিনি কীভাবে এই দেয়াল তৈরি হতে দেবেন না– এই প্রশ্নটাই তাঁকে ক্ষমতায় যাওয়ার আগে খুঁজতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তাঁর এই অবস্থান নির্ধারণ করবে তাঁর নেতৃত্বে যদি সরকার গঠিত হয় সেই সরকার প্রো-পিপল বা জনগণকেন্দ্রিক, নাকি প্রো-পাওয়ার বা ক্ষমতাকেন্দ্রিক হবে। এসবই নির্বাচনী প্রচারণায় তারেক রহমানকে সুস্পষ্ট করতে হবে যাতে জনগণ তাঁর ও তাদের দলের ওপর আস্থা পায়। জনগণকেন্দ্রিক রাজনীতির জন্য তারেক রহমান যেসব কৌশল নিতে পারেন তার একটা ‘ডেভিলস অ্যাডভোকেট’ কৌশল। বিচারিক প্রক্রিয়া থেকে আসা এই ধারণার মূল কথা হলো, কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে ইচ্ছাকৃতভাবে তার বিপক্ষে যুক্তি তোলা, যাতে প্রশংসা ও আবেগের ভিড়ে ভুল সিদ্ধান্ত না হয়।
আধুনিক রাষ্ট্র পরিচালনায় ডেভিলস অ্যাডভোকেট বলতে বোঝায় এমন ব্যক্তি বা ব্যক্তিরা, যারা ক্ষমতার খুব কাছ থেকে সিদ্ধান্তের দুর্বল দিক, সম্ভাব্য ঝুঁকি ও অনাকাঙ্ক্ষিত পরিণতি তুলে ধরেন। তাদের কাজ বিরোধিতা করা নয় বরং ভুল হওয়ার আগেই সতর্ক করা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে শীর্ষ নেতৃত্বের মধ্যে এমন ব্যবস্থা গ্রহণ করতে অতীতে খুব একটা দেখা যায়নি।
এই বাস্তবতায় তারেক রহমান যদি ধারণাটি গ্রহণ করেন, তাহলে কয়েকজন বিশ্বাসযোগ্য ডেভিলস অ্যাডভোকেট নিয়ে ছোট টিম গঠনের বিষয়টি গুরুত্ব পেতে পারে। টিমের সদস্যরা প্রকাশ্যে পরিচিত হবেন না। এমনকি একে অন্যকেও চিনবেন না। তাদের তারেক রহমানই শুধু চিনবেন। কারণ তারা কেবল তাঁকেই পরামর্শ দেবেন। কারণ ক্ষমতার কেন্দ্রে সত্য কথা ব্যক্তিগত ও নির্ভরযোগ্য পথেই যেতে হয়। দেশ ও দেশের মানুষের কল্যাণে কার্যকর রাজনীতি করতে হলে আরও কিছু মৌলিক বিষয়ে তারেক রহমানকে সচেতন থাকতে হবে। প্রথমত, দল আর রাষ্ট্রকে এক করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। দ্বিতীয়ত, জনগণের মন বোঝার জন্য শুধু দলীয় প্রতিবেদন বা প্রশাসনিক ব্রিফিংয়ের ওপর নির্ভর করা যাবে না। তৃতীয়ত, চারপাশে এমন কিছু মানুষের উপস্থিতি নিশ্চিত করতে হবে যারা প্রশ্ন করতে পারে। দ্বিমত পোষণ করতে ভয় পায় না এবং প্রয়োজনে সিদ্ধান্তের দুর্বলতাগুলো ধরিয়ে দিতে পারে। চতুর্থত, বাংলাদেশি রাজনৈতিক সংস্কৃতি রাতারাতি পরিবর্তন হবে না ধরে নিয়েই নেতাকর্মীদের স্বাভাবিক দেয়ালকে রেখেও জনগণের সঙ্গে যোগাযোগের নিজস্ব ও বিশ্বাসযোগ্য পথ তৈরি করতে হবে। আধুনিক এই সময়ে এটি অসম্ভব নয়। সবশেষ বিষয়টি হলো সত্যিকারের জনপ্রিয়তাকে গুরুত্ব দিয়ে জনপ্রিয়তার মোহ থেকে নিজেকে দূরে রাখতে হবে।
বাংলাদেশের রাজনীতিতে একটি দীর্ঘস্থায়ী সমস্যা হলো নেতা ধীরে ধীরে কেবল নিজের দলের ভাষাই শুনতে শুরু করেন। দেশ এবং দেশের মানুষের ভাষা আর শোনা হয় না। ফলে রাষ্ট্র পরিচালনা দলীয় ব্যবস্থাপনার মতো হয়ে যায়। এটি রাষ্ট্রের জন্য বিপজ্জনক।
চব্বিশের রক্তঝরা গণঅভ্যুত্থানের পর আসন্ন নির্বাচনে জয়ী হয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হন, তাহলে তাদের ওপর বাড়তি চাপ থাকবে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার। প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনার পথে এগোনোর। রাষ্ট্র চালাতে হবে চোখ-কান আর মন খোলা রেখে। তবেই জনগণের নেতা হওয়া সম্ভব হবে। বুঝতে হবে– ক্ষমতা সাময়িক; মানুষই চূড়ান্ত।
মোহাম্মদ গোলাম নবী: কলাম লেখক; প্রতিষ্ঠাতা ও পরিচালক, রাইট টার্ন
