দীর্ঘ সময় ধরে আমরা ভেজালে অভ্যস্ত হয়ে গেছি। অধিকাংশ পণ্যে প্রকৃত উপাদান থাকছে না। এর ফলে ভেজাল খুব সাধারণ বিষয়। কোনো খাবার, ব্যবহার্য বিষয় অথবা বিভিন্ন পণ্যে যে সমস্ত উপাদান থাকার কথা, তা থাকে না। দেশে বিএসটিআই নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। যার কাজ হচ্ছে, এইসব ভেজালকারীকে চিহ্নিত করা এবং অপরাধীদের উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসা। কিন্তু অবাক বিষয় যে, কখনো কোনোদিন শোনা যায়নি খাদ্য বা কোনো পণ্যে, ভেজালের কারণে কোনো ব্যক্তির দীর্ঘমেয়াদে শাস্তি হয়েছে। এর ফলে বিষয়টি ভাইরাসের মতো ছড়িয়ে গেছে দেশব্যাপী। যে কারণে, প্রত্যেক দ্রব্যে চেষ্টা করা হয় ভেজাল দেওয়ার। এই মুহূর্তে এমন কোনো পণ্য নেই, যার মধ্যে কোনো না কোনো বাড়তি জিনিস প্রয়োগ করা হয় না। আমাদের নিত্যব্যবহার্য বিভিন্ন ভোগ্যপণ্যে রীতিমতো ভেজাল। চাল, ডাল, তেল, মাছ, মাংস, দই, মিষ্টি, ওষুধসহ সবকিছুতে ভেজাল।

বিস্ময়কর যে, কোনো সরকার এ ব্যাপারে মাথা ঘামায়নি। এমনটি কেন হয়েছে? এর মূল কারণ হচ্ছে তারা যা পাচ্ছেন, তা রীতিমতো শুদ্ধ। সেটা খাবার থেকে শুরু করে যে কোনো বিষয়। সেখানে ভেজালের কোনো চিহ্ন নেই। কিন্তু ক্ষমতাশালীদের বাইরে, সাধারণ মানুষদের জন্য অবাধে চলছে ভেজালের রমরমা বাজার। এই চক্রকে নিবৃত্ত করার কোনো চেষ্টা হয়নি। যতটুকু হয়েছে, তা লোকদেখানো। বর্তমানে বিষয়টি এমন পর্যায়ে চলে গেছে যে, শিশুদের খাবার গুঁড়া দুধেও দেওয়া হচ্ছে ভেজাল। অথচ বাজারে দেদার এই পণ্য বিক্রি হচ্ছে। জনগণ সরল মনে তাই-ই খাওয়াচ্ছেন সন্তানকে। বাচ্চাদের প্রিয় গুঁড়া দুধ তৈরি হচ্ছে ভেজাল ‘হয়ে পাউডার’ দিয়ে (এক ধরনের সাদা পাউডার)। সে সবে ‘দুধ উপাদান’ খুবই সামান্য। সম্প্রতি ল্যাব টেস্টে গোয়ালিনী নামের গুঁড়া দুধে মাত্র ১৭ শতাংশ দুধ উপাদান পাওয়া গেছে। বাকি অন্তত ৬৭ শতাংশ ভেজাল উপাদান। ক্রেতাদের বোঝার উপায় নেই যে, গুঁড়া দুধের নামে তারা বাচ্চাদের ‘হয়ে পাউডার’ খাওয়াচ্ছেন। কিন্তু সরকারি নিয়ন্ত্রণ সংস্থাগুলোর উদাসীনতায় আইন থাকলেও কার্যকরী হচ্ছে না। যারা এসব করে তারা সহজেই ফোকর গলে বেরিয়ে যাচ্ছে। প্রস্তুতকারক, আমদানিকারক, বিক্রেতা কাউকে উল্লেখযোগ্য শাস্তি দেওয়া যাচ্ছে না। জানা যাচ্ছে শুধু গোয়ালিনীই নয়, আসলাম টি কোম্পানির ফুলক্রিম মিল্ক পাউডার, একই কোম্পানির পূর্ণ ননিযুক্ত গুঁড়া দুধ, ডানো ফুল ক্রিম মিল্ক পাউডার, ড্যানিশ ফুল ক্রিম মিল্ক পাউডার, ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার (নেসলে) ও স্টারশিপ গুঁড়া দুধ ল্যাব টেস্টে উত্তীর্ণ হয়নি। এসব গুঁড়া দুধের আমদানিকারকদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

শিশুখাদ্যে বিএসটিআইয়ের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আইনে বাধ্যবাধকতা থাকায় ভেজাল অনেক পণ্যের প্যাকেটের গায়ে নকল লোগো এবং কিউআর কোড দেওয়া থাকে। এখানেই মূল জিজ্ঞাসা। তাহলে দুষ্টচক্রের বিনাশ কোন প্রক্রিয়ায়? ভেজাল গুঁড়া দুধ খাওয়ার ফলে, শিশুদের শরীরে কোন ধরনের পাশর্^প্রতিক্রিয়া হতে পারে? জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের উপপরিচালক ডা. মো. আকতার ইমাম বলছেন, ‘ভেজাল পণ্যে শিশুদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি এবং কিডনিতে সমস্যা হতে পারে। একইসঙ্গে শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। আবার গুরুত্বপূর্ণ অঙ্গ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে, ব্রেন ডেভেলপমেন্টে সমস্যা হতে পারে।’ আমাদের দুর্ভাগ্য, আমরাই ধ্বংস করছি ভবিষতের উজ্জ্বল নক্ষত্র। যে শিশু ভেজাল পণ্য খেয়ে বড় হচ্ছে, তার মানসিক এবং শারীরিক বিকাশ শতভাগ ত্রুটিপূর্ণ। তাহলে কি আমাদের ভবিষ্যৎ হতে পারে, ভেজাল সময়কে ধারণ করা বোধহীন রোবট প্রজন্ম! সরকারের কি কোনোভাবেই কিছু করার নেই? প্রত্যেকেই কি দুর্বিনীত ভেজাল চক্রের খপ্পরে! আমরা তা মনে করি না। এখনো সময় আছে, প্রজন্ম বাঁচান জনগণকে রক্ষা করুন।