যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড রাশিয়াকে এক ধরনের অস্বস্তিতে ফেলেছে। কিছু কট্টরপন্থি রুশ বিশ্লেষক মনে করেন, বিশাল পারমাণবিক অস্ত্রভান্ডার থাকার ফলে রাশিয়াও একই ধরনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। পশ্চিমা শীর্ষ কর্মকর্তাদের সাম্প্রতিক কিছু বেপরোয়া বক্তব্য সেই উদ্দেশ্য প্রমাণ করছে– নিকট ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে যুদ্ধের আশঙ্কা রয়েছে। যদিও ইরানে হামলা মস্কোর জন্য উদ্বেগের বিষয়, তবু এটিকে রাশিয়ার নিজস্ব ভূ-রাজনৈতিক কৌশলের এক ধরনের বৈধতা হিসেবেও দেখা হচ্ছে, যার মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন অন্তর্ভুক্ত। এটি রাশিয়ার দীর্ঘদিনের ধারণাকে শক্তিশালী করে– যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ব একটি অবিবেচক ও বেপরোয়া শক্তি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সম্ভবত ২০১১ সালের লিবিয়ার ঘটনার মতো মনে হয়। সে বছর ন্যাটোর নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপের ফলে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হন। লিবিয়ায় ন্যাটোর সেই হামলার ঘটনায় জাতিসংঘে নিরাপত্তা পরিষদের ভোটে রাশিয়ার বিরত থাকার সিদ্ধান্তকে সমর্থন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এ ঘটনা পুতিনকে পুনরায় প্রেসিডেন্ট হওয়ার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছিল। ২০১১ সালের অক্টোবরে আরেক দফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার মনোনয়ন গ্রহণের এক মাস পর বিদ্রোহীদের হাতে গাদ্দাফি নির্মমভাবে নিহত হন। তাঁর মৃত্যুর ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। সে সময় পশ্চিমা নেতারা তাঁর পতনকে উদযাপন করেছিলেন। কিন্তু এর ফলে লিবিয়ায় গণতন্ত্র বা সমৃদ্ধি আসেনি, বরং দেশটি গৃহযুদ্ধ ও বিভক্তির মধ্যে পড়ে।
পুতিনের জন্য এটি ছিল একটি স্পষ্ট বার্তা– যদি তিনি পশ্চিমা বিশ্বের নব্য উদারপন্থি ‘গণতন্ত্রীকরণ’ অভিযানের প্রতি সহনশীলতা দেখান, তবে তাঁর ব্যক্তিগত ভবিষ্যৎ এবং রাশিয়ার জন্যও একই পরিণতি অপেক্ষা করতে পারে। বর্তমানে ইরানের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করে ভ্লাদিমির পুতিন সম্ভবত মনে করছেন, ইউক্রেনে তাঁর সিদ্ধান্ত সঠিক ছিল। একই সঙ্গে তিনি সোভিয়েত ইউনিয়নের পূর্বসূরিদের প্রতি কৃতজ্ঞ এ কারণে যে, তারা বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভান্ডার তৈরি করেছিলেন। ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করলেও পুতিন নিজেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার এক রক্ষক হিসেবে দেখেন। তিনি মনে করছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের অতিরিক্ত আত্মবিশ্বাস, অহংকার এবং বেপরোয়া আচরণের কারণে সেই ব্যবস্থা ভেঙে পড়ছে। তবে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের ধারণার মূলে রয়েছে ১৯৩০-এর দশকের সোভিয়েত সামরিক নীতি, যেখানে যুদ্ধকে শত্রুর ভূখণ্ডে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। ২০০৭ সালে ন্যাটো যখন ইউক্রেন ও জর্জিয়াকে সদস্যপদের সুযোগ দেয়, তখন এই দেশগুলো রাশিয়ার দৃষ্টিতে ‘শত্রু ভূখণ্ডে’ পরিণত হয়। এই ধারণা প্রথম পরীক্ষিত হয় ২০০৮ সালে, জর্জিয়া সংঘাতে।
রাশিয়ার ২০১৪ সালে ইউক্রেনে হামলা এবং ২০২২ সালে পূর্ণ মাত্রার আক্রমণের বিষয়কে ক্রেমলিন ব্যাখ্যা করেছে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে। অর্থাৎ ইরাক, লিবিয়া ও সিরিয়ার মতো পশ্চিমা সামরিক হস্তক্ষেপ যাতে রাশিয়ার আশপাশে ঘটতে না পারে। পশ্চিমের সঙ্গে সংঘাতের প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে ইউক্রেনকে বেছে নেওয়ার ফলে রাশিয়ার অধিকাংশ মানুষ সরাসরি যুদ্ধের প্রভাব থেকে দূরে থেকেছে এবং সেখানে যুদ্ধকে অপরিহার্য হিসেবে উপস্থাপন করা সম্ভব হয়েছে।
রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইরান পরে রাশিয়ার এক অপ্রত্যাশিত মিত্র হিসেবে আবির্ভূত হয়। ইতিহাসে দুই দেশের সম্পর্ক জটিল হলেও ইরান রাশিয়াকে গুরুত্বপূর্ণ ড্রোন প্রযুক্তি সরবরাহ করে। এর বিনিময়ে তেহরান বিলিয়ন ডলার পেয়েছে, যা তাদের দুর্বল অর্থনীতিকে কিছুটা সহায়তা করেছে।
তবে রাশিয়া-ইরান সম্পর্ক এতটা শক্তিশালী নয় যে, মস্কো এখন ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে নেমে পড়বে। তা ছাড়া ক্রেমলিনের সঙ্গে ইসরায়েলের একটি অনানুষ্ঠানিক অনাক্রমণ সমঝোতা রয়েছে। ইসরায়েল ইউক্রেনকে গুরুত্বপূর্ণ অস্ত্র দেয়নি এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায়ও পুরোপুরি যোগ দেয়নি। স্বল্প মেয়াদে হলেও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি অভিযান রাশিয়ার জন্য কিছু সুবিধাও নিয়ে এসেছে। যুদ্ধের কারণে তেল-গ্যাসের দাম বাড়ার ফলে রাশিয়ার জ্বালানি রপ্তানি থেকে আয়ও বাড়ছে। একই সঙ্গে উচ্চ জ্বালানি মূল্য ইউক্রেনকে অর্থায়ন করা ইইউর সক্ষমতাকেও প্রভাবিত করতে পারে।
মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডারও কমিয়ে দেবে। সেখানে যুদ্ধ না হলে হয়তো সে অস্ত্র ইউক্রেনকে দেওয়া হতো, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্র যদি মধ্যপ্রাচ্যের সংঘাতে বেশি জড়িয়ে পড়ে, তবে ইউক্রেনের সঙ্গে চলমান আলোচনায় মস্কোর কৌশলগত সুবিধাও বাড়তে পারে। দেশের ভেতরেও পুতিন এ পরিস্থিতি থেকে রাজনৈতিক সুবিধা পেতে পারেন।
লিওনিদ র্যাগোজিন: ইউরোপের ফ্রিল্যান্স সাংবাদিক; আলজাজিরা থেকে ঈষৎ সংক্ষেপিত ভাষান্তর মাহফুজুর রহমান মানিক
