নতুন বছর মানেই নতুন ক্যালেন্ডার, নতুন তারিখ আর শুভেচ্ছার আনুষ্ঠানিকতা- এই ধারণা এখন অনেকটাই পেছনে পড়ে গেছে। বিশেষ করে তরুণদের কাছে নতুন বছর কেবল উৎসবের উপলক্ষ নয়। এটি আত্মসমালোচনা, স্বপ্ন পুনর্গঠন এবং বাস্তবতার সঙ্গে নতুন করে মুখোমুখি হওয়ার এক গুরুত্বপূর্ণ সময়। প্রতিটি নতুন বছর তরুণদের সামনে প্রশ্ন ছুড়ে দেয় গতবছর আমরা কী শিখলাম, কোথায় ব্যর্থ হলাম এবং সামনে কোন পথে এগোব?\r\nআজকের তরুণ সমাজ এক জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে প্রযুক্তি, বৈশ্বিক যোগাযোগ ও জ্ঞানপ্রবাহ তরুণদের সামনে অসীম সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। অন্যদিকে বেকারত্ব, সামাজিক বৈষম্য, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মানসিক চাপ তাদের স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নতুন বছরে তাই তরুণদের ভাবনায় স্বপ্ন ও সংকট একসঙ্গে জায়গা করে নেয়। তরুণদের স্বপ্নের সবচেয়ে বড় ক্ষেত্র হলো শিক্ষা ও কর্মজীবন। অধিকাংশ তরুণই চায় পড়াশোনা শেষ করে সম্মানজনক একটি কর্মসংস্থান, যেখানে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন হবে। কিন্তু বাস্তব চিত্র অনেক সময় ভিন্ন।