দেশে বন্ধ বা সংকটে থাকা শিল্পগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকল, চিনিকল, টেক্সটাইল মিল, পেপার মিল, কেমিক্যাল কারখানা, চামড়া শিল্প, শিপবিল্ডিং ও মেরামত কারখানা, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ইউনিট এবং কৃষিভিত্তিক শিল্প। একদা পাটশিল্প বাংলাদেশের অর্থনৈতিক শক্তি ছিল। স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো দীর্ঘ সময় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হিসেবে কাজ করলেও পরবর্তীতে পুরোনো প্রযুক্তি, দুর্বল ব্যবস্থাপনা, রাজনৈতিক প্রভাব, অতিরিক্ত জনবল এবং আন্তর্জাতিক বাজারে বৈচিত্র্যহীনতার কারণে অধিকাংশ মিল লোকসানে পড়ে বন্ধ হয়ে যায়। একইভাবে ১৫টিরও বেশি রাষ্ট্রায়ত্ত চিনিকল বছরের পর বছর লোকসানে চলার পর কার্যকারিতা হারিয়েছে। অথচ এসব শিল্প সঠিকভাবে আধুনিকায়ন করলে নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে। যেমন চিনিকলগুলো শুধু চিনি উৎপাদনে সীমাবদ্ধ না থেকে বায়োইথানল, শিল্প অ্যালকোহল, বিদ্যুৎসহ-উৎপাদন (cogeneration), মোলাসেসভিত্তিক রাসায়নিক শিল্প এবং কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হিসেবে রূপান্তরিত হতে পারে। সরকারি ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বাংলাদেশের শিল্প খাত জিডিপির প্রায় ৩৫ শতাংশের বেশি অবদান রাখে। তবে বিপুল পরিমাণ শিল্প সম্পদ বর্তমানে অকার্যকর অবস্থায় থাকায় জাতীয় উৎপাদন ক্ষমতা পুরোপুরি ব্যবহৃত হচ্ছে না।
বাংলাদেশের বন্ধ শিল্পগুলো পুনরায় চালু করতে হলে খাতভিত্তিক ও বাস্তবসম্মত সংস্কার প্রয়োজন। যেমন: প্রথম ধাপে একটি জাতীয় শিল্প জরিপ পরিচালনা করা উচিত। এর মাধ্যমে কোন শিল্প সম্পূর্ণ বন্ধ, কোনটি আংশিক সচল এবং কোনটি আধুনিকায়নের মাধ্যমে লাভজনক করা সম্ভব: তা নির্ধারণ করা যাবে। রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো সরাসরি সরকারি ব্যবস্থাপনার পরিবর্তে বেসরকারি খাত, বিদেশি বিনিয়োগকারী বা যৌথ উদ্যোগে পরিচালনার সুযোগ দেওয়া যেতে পারে। এতে দক্ষতা বৃদ্ধি পাবে এবং অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক প্রভাব কমবে। পুরোনো যন্ত্রপাতি প্রতিস্থাপন ছাড়া কোনো শিল্প পুনরুজ্জীবন সম্ভব নয়। এজন্য স্বল্প সুদের শিল্প আধুনিকায়ন তহবিল গঠন করা প্রয়োজন। শুধু ঐতিহ্যবাহী পণ্যের ওপর নির্ভর না করে মূল্য সংযোজিত পণ্যে যেতে হবে।
যেমন: পাট থেকে জিওটেক্সটাইল, বায়োডিগ্রেডেবল প্যাকেজিং। চিনি শিল্প থেকে বায়োফুয়েল ও ইথানল। চামড়া শিল্প থেকে ব্র্যান্ডেড ফুটওয়্যার ও ফ্যাশন পণ্য। কারিগরি ও ভোকেশনাল শিক্ষা সম্প্রসারণ ছাড়া শিল্প উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব নয়। দক্ষ শ্রমশক্তি শিল্প পুনরুজ্জীবনের মূল ভিত্তি। বিশ্বের বিভিন্ন দেশ শিল্প পুনর্গঠনের মাধ্যমে অর্থনৈতিক রূপান্তর ঘটিয়েছে। ভিয়েতনাম ১৯৮৬ সালের অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত অকার্যকর শিল্প পুনর্গঠন করে রপ্তানিমুখী অর্থনীতিতে পরিণত হয়েছে। ফলে দেশটির মাথাপিছু আয় কয়েক দশকে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। চীন রাষ্ট্রায়ত্ত লোকসানি শিল্প সংস্কার, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং বেসরকারি খাতের সম্প্রসারণের মাধ্যমে বিশ্বের বৃহত্তম উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে।
India disinvestment নীতি ও Make in India কর্মসূচির মাধ্যমে শিল্প খাতে নতুন গতি এনেছে। ব্রাজিল চিনিশিল্পকে শুধু খাদ্য উৎপাদনে সীমাবদ্ধ না রেখে বায়োইথানল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে রূপান্তর করেছে, যা এখন তাদের শক্তিশালী জ্বালানি অর্থনীতির অংশ। একটি পর্যায়ক্রমিক শিল্প পুনরুজ্জীবন কর্মসূচি বাস্তবায়ন করা গেলে সরাসরি কর্মসংস্থান ৩-৫ লাখ, পরোক্ষ কর্মসংস্থান ১০-১৫ লাখ, মোট সম্ভাব্য কর্মসংস্থান: ১৫-২০ লাখ পর্যন্ত হতে পারে। একই সঙ্গে বছরে অতিরিক্ত কয়েক বিলিয়ন ডলারের উৎপাদন বৃদ্ধি সম্ভব, যা জিডিপিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। শিল্প সচল হলে কর্পোরেট ট্যাক্স, ভ্যাট, কাস্টমস ডিউটি, বিদ্যুৎ ও ইউটিলিটি রাজস্ব, রপ্তানি আয়: সব ক্ষেত্রেই রাজস্ব প্রবাহ বাড়বে। তাছাড়া, শিল্প খাত সচল হলে বিনিয়োগ বৃদ্ধি পায়, রপ্তানি বাড়ে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়, যার ফলে ভোগ ও উৎপাদন দুটোই বৃদ্ধি পায়। এর সরাসরি প্রভাব পড়ে জিডিপিতে। ফলে বাংলাদেশ একটি কম উৎপাদনশীল শ্রমনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে একটি উৎপাদনশীল ও শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হতে পারে।
লেখক: প্রকৌশলী, যুক্তরাষ্ট্রভিত্তিক তেল ও গ্যাস কোম্পানিতে কর্মরত kazialborhan.cuet@gmail.com
