পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণহীন গাছ কাটা বর্তমানে একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে স্থানীয়ভাবে দেখা গেছে, বাসাবাড়ি, দোকানপাট নির্মাণ এবং রাস্তা সম্প্রসারণ এবং জ্বালানি চাহিদা পূরণের নামে নির্বিচারে গাছ অপসারণ করা হচ্ছে। এসব গাছপালা শুধু এলাকার সৌন্দর্যই বহন করত না, বরং জলবায়ু নিয়ন্ত্রণ, মাটির ক্ষয়রোধ এবং ঝড়-বন্যার সময় প্রাকৃতিক ঢাল হিসেবেও কাজ করত। গাছপালা যেভাবে কাটা হচ্ছে, তাতে সবুজের গলাচিপা আর বেশিদিন টিকে থাকবে না মনে হয়। প্রশাসনের তদারকি দুর্বল হওয়ায় অসাধু ব্যক্তিরা সুযোগ পেয়ে বেপরোয়াভাবে বনজ সম্পদ ধ্বংস করছে। ফলে এলাকায় বাড়ছে বায়ুদূষণ, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে অস্বাভাবিক হারে এবং এলাকায় পাখিদের দেখা দিচ্ছে বাসস্থান সংকট। গলাচিপার বহু গ্রাম আগে শীতল ছায়াময় ছিল। কিন্তু বর্তমানে রোদ-বৃষ্টির প্রভাবে মানুষের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের জন্য গাছপালা ঝড়ের ক্ষতি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষকদের মতে, গাছ কমে গেলে ঝড়-জলোচ্ছ্বাসের ঝুঁকি বহুগুণ বাড়বে। কাজেই গাছপালা রক্ষা করা এখন সময়ের দাবি। যদি গলাচিপার সবুজ ধ্বংস হয়ে যায়, তবে আগামী প্রজন্ম পাবে এক নিঃসঙ্গ ও অনিরাপদ পরিবেশ।