গত ছয় দিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হকারদের বিরুদ্ধে ধারাবাহিক উচ্ছেদ অভিযান চলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, দোকান সরান, উপরের নির্দেশ আছে। নির্দেশ অমান্য করলে পণ্য জব্দের হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে, এবং বাস্তবে বহু জায়গায় সেই পদক্ষেপ নেওয়াও হয়েছে। কোথাও দোকান তুলে দেওয়া হয়েছে, কোথাও মালামাল বাজেয়াপ্ত, আবার কোথাও গ্রেপ্তার ও কারাদ-ের ঘটনাও ঘটেছে। এই অভিযান কি সত্যিই স্থায়ী কোনো সমাধানের পথে এগোচ্ছে, নাকি এটি কেবল সাময়িক এক দৃশ্যমান উদ্যোগ? কারণ, অতীতে দেখা গেছে, কিছুদিন অভিযান চলার পর আবার ফুটপাত দখল করে হকাররা। জীবিকার তাগিদে তারা ফিরে আসে আগের জায়গাতেই। যদি দীর্ঘমেয়াদি পরিবর্তন চাওয়া হয়, তবে প্রয়োজন পরিকল্পিত পুনর্বাসন, বিকল্প আয়ের সুযোগ এবং বাস্তবমুখী নীতি। না হলে এই অভিযানও আগের মতোই সাময়িক হয়ে থাকবে।
পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ১ এপ্রিল থেকে রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে। ডিএমপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, হকারদের আর কোনোভাবেই ফুটপাতে বসতে দেওয়া হবে না। একই সঙ্গে বিকল্প ব্যবস্থা হিসেবে ‘হলিডে মার্কেট’ ও ‘নাইট মার্কেট’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে। হকারদের সঙ্গে কথা বলে যে চিত্রটি উঠে আসে, তা কেবল ফুটপাত দখলমুক্ত করা বা জনদুর্ভোগ কমানোর সরল উদ্দেশ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এর ভেতরে কাজ করছে এক ধরনের নতুন ‘শৃঙ্খলা’ প্রতিষ্ঠার প্রক্রিয়া। যেখানে একটি অদৃশ্য নিয়ন্ত্রণ কাঠামো প্রতিষ্ঠিত হবে।
এখানে দলীয় প্রভাব, পুলিশি তদারকি এবং বহুল আলোচিত ‘লাইন’ ও ‘লাইনম্যান’ ব্যবস্থার সমন্বয়ে গড়ে উঠবে এক অনানুষ্ঠানিক ক্ষমতার ভারসাম্য। অর্থাৎ, উচ্ছেদ অভিযানের পর দৃশ্যত যে শূন্যতা তৈরি হয়, তা স্থায়ী থাকে না, বরং সেটি ধীরে ধীরে একটি ‘নতুন বন্দোবস্তে’ রূপ নেয়। যেখানে সংশ্লিষ্ট পক্ষগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী এক ধরনের সমঝোতায় পৌঁছায়। এরপর আবার হকাররা ফিরে আসে ফুটপাতে, তবে সেই ফিরে আসা আর আগের মতো স্বতঃস্ফূর্ত বা স্বাধীন নয়। বরং সেটি হয়ে ওঠে নির্দিষ্ট গোষ্ঠীর অধীনে, নির্ধারিত নিয়মে এবং এক ধরনের অর্থনৈতিক লেনদেনের বিনিময়ে। অর্থাৎ, হকারদের আবার জায়গা করে নিতে হয়, তবে নতুন শর্তে, নতুন বাস্তবতায়। বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবুল কাশেম কবিরের সঙ্গে আলাপে যে বাস্তবতা উঠে আসে, তা বেশ তাৎপর্যপূর্ণ। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হকার উচ্ছেদ অভিযান নতুন করে শুরু হলেও, তা শেষ পর্যন্ত একটি অনানুষ্ঠানিক বাণিজ্য কাঠামোয় রূপ নেয়। এই কাঠামোর ভেতরে রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং স্থানীয় স্বার্থান্বেষী গোষ্ঠীর সমন্বয়ে ফুটপাতের ব্যবসা পরিচালিত হয়। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, বিকল্প কর্মসংস্থান বা পুনর্বাসনের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে একই চক্র বারবার ঘুরে ফিরে আসে। শুধু উচ্ছেদ অভিযান দিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন সুস্পষ্ট নীতিমালা, কার্যকর পুনর্বাসন এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা।
বাংলাদেশের শহরাঞ্চলে, বিশেষ করে ঢাকা শহরে, হকাররা আজ অপ্রাতিষ্ঠানিক অর্থনীতির এক অবিচ্ছেদ্য ও শক্তিশালী বাস্তবতা। ফুটপাতের এই ব্যবসায় বড় মূলধন লাগে না, উচ্চতর দক্ষতার প্রয়োজন হয় না। শুধু ঢাকা শহরেই প্রায় ৪ থেকে ৫ লাখ হকার প্রতিদিন তাদের ব্যবসা পরিচালনা করে থাকে। মতিঝিল, গুলিস্তান, সদরঘাট, শাহবাগ, ফার্মগেট, মিরপুর, বাড্ডা, খিলগাঁও, যাত্রাবাড়ি, জুরাইন ও নিউ মার্কেটের মতো ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় তাদের উপস্থিতি চোখে পড়ে সবচেয়ে বেশি। আর সারাদেশ মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫ থেকে ২০ লাখ, যা একটি বিশাল সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা।
ফুটপাতে হকার বসার কারণে সাধারণ মানুষের চলাচলে বিঘœ ঘটে, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই বাস্তবতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যা আমরা প্রায়ই এড়িয়ে যাই। নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের জন্য জামা-কাপড়, জুতা, ফলমূল, খাবারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সবচেয়ে সুলভে এবং সহজলভ্যভাবে পাওয়া যায় এই ফুটপাতের দোকানগুলোতেই। অর্থাৎ, হকাররা শহরের নিত্যদিনের অর্থনৈতিক প্রবাহকে সচল রাখে এবং প্রান্তিক মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে বাজারের একটি বাস্তব সংযোগ তৈরি করে। ঢাকার নগরবাসীর একটি ক্ষুদ্র অংশ ধনী ও উচ্চবিত্ত। যারা সংখ্যায় ১৫ শতাংশেরও কম। বাকি ৮৫ শতাংশই মধ্যবিত্ত, নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষ। এই বিশাল জনগোষ্ঠীর জীবনযাত্রা, চাহিদা ও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তাদের নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার প্রধান প্রধান স্থান ফুটপাতের বাজার। কম দামে, হাতের নাগালে পণ্য পাওয়ার কারণে হকারদের ওপর নির্ভরশীল এই বিপুল জনগোষ্ঠী যাদের সংখ্যা দেড় থেকে পৌনে দুই কোটির কম নয়।
লক্ষ লক্ষ হকার বাধ্য হয়ে জীবিকার তাগিদে ফুটপাতে বসে। নিজের শ্রম, ঘাম ও সততার মাধ্যমে একটি সম্মানজনক উপার্জনের পথ তৈরি করে। বিভিন্ন গবেষণায় দেখা যায়, একজন হকারের মাসিক গড় আয় প্রায় ১৫ থেকে ৩০ হাজার টাকা। তবে এ আয় পণ্যের ধরন, অবস্থান ও সময়ের ওপর নির্ভর করে। যারা প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন, তাদের আয় তুলনামূলক বেশি। আবার উৎসবের মৌসুমে বিক্রি বাড়ে, এতে আয়ও বৃদ্ধি পায়। মফস্বল বা গ্রামাঞ্চলে এই আয় মাসে গড়ে ৯ থেকে থেকে ১৫ হাজার টাকা। এই হকাররা উপার্জনের একটি অংশ নিয়মিত গ্রামে মা-বাবা, স্ত্রী-সন্তানদের কাছেও পাঠান। ফলে তাদের এই ক্ষুদ্র আয় গ্রামীণ অর্থনীতিকেও সচল রাখতে ভূমিকা রাখে। একইসঙ্গে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য, যা বড় শপিংমলে জায়গা পায় না, সেগুলোর বাজার তৈরি করে হকাররা। অর্থাৎ, তারা একটি বিকল্প অর্থনৈতিক চক্রের ধারক ও বাহক। নদীভাঙন, বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে সহায়-সম্বল হারিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজধানী ঢাকায় আশ্রয় নেয়। নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই করে। ফলে ফুটপাতে দোকানদারিই হয়ে ওঠে তাদের জীবনধারণের একমাত্র অবলম্বন।
প্রধানমন্ত্রী তারেক রহমান অতীতে তাঁর বিভিন্ন বক্তব্যে হকারদের বিষয়ে একটি দীর্ঘমেয়াদি ও কাঠামোগত পরিকল্পনার কথা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন, দখলকৃত সরকারি জায়গাগুলো দখলমুক্ত করে সিটি কর্পোরেশনের মাধ্যমে পরিকল্পিত হকার মার্কেট নির্মাণ করা হবে, যেখানে হকাররা নির্বিঘেœ ব্যবসা করতে পারবেন। একই সঙ্গে হকারদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একটি জাতীয় নীতিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে। হকার পুনর্বাসনের জন্য ৫ বছর মেয়াদি একটি মহাপরিকল্পনা গ্রহণের প্রস্তাব রয়েছে, যাতে এই খাতকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আনা যায়। এছাড়া শহরের বিভিন্ন মার্কেটে হকারদের জন্য বিশেষ কর্ণার স্থাপন, তরুণ হকারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে রূপান্তর এবং প্রশিক্ষণপ্রাপ্তদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার বিষয়টিও এই পরিকল্পনার অন্তর্ভুক্ত। ২০১৭ সালের ১৫ মার্চ হাইকোর্ট পুনর্বাসন ছাড়া ফুটপাত থেকে হকার উচ্ছেদ কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে নাÑ তা জানতে চেয়ে রুল জারি করেন। শুনানিতে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ৪ এপ্রিল সরকার হকার উচ্ছেদ ও পুনর্বাসন বিষয়ে নির্দেশনা দিয়েছিল, যেখানে অস্থায়ী বাজার চালু ও স্থায়ীভাবে বহুতল মার্কেটে পুনর্বাসনের কথা বলা হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ২০-এ ‘কর্মই শক্তি’ নীতির মাধ্যমে কাজের মর্যাদা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী, হকারদের শ্রমনির্ভর জীবিকা কোনোভাবেই অবৈধ নয়, বরং তা সম্মান ও সুরক্ষার দাবিদার। অনুচ্ছেদ ৩১ নাগরিকের আইনের দৃষ্টিতে সমতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করে। কিন্তু বাস্তবে হকাররা উচ্ছেদ, হয়রানি ও মালামাল নষ্ট হওয়ার মতো ঘটনায় এই সুরক্ষা থেকে প্রাায়ই বঞ্চিত হন, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
হকারদের পরিকল্পিতভাবে পুনর্বাসন করতে হবে। যেখানে ক্রেতা সমাগম বেশি, সেখানে মার্কেট নির্মাণ করে বর্তমান হকারদের জন্য দোকানের ব্যবস্থা করা যেতে পারে। বাস্তবায়নের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে সমন্বয়ের অভাব, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব, সঠিক হকার তালিকা না থাকা, পরিকল্পনা ও বাস্তব চাহিদার অমিল, এবং অর্থায়নের সীমাবদ্ধতা। অনেক ক্ষেত্রে যে বিকল্প বাজার তৈরি করা হয়, সেখানে ক্রেতা না থাকায় হকাররা আবার আগের জায়গায় ফিরে আসে। ‘হকার আইডি কার্ড’ চালু করে প্রকৃত হকারদের তালিকাভুক্ত করা এবং পর্যায়ক্রমে তাদের পুনর্বাসন নিশ্চিত করা জরুরি। এতে তারা নিয়মিত ভাড়া ও কর প্রদান করে রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ হতে পারবে, এবং বর্তমানে যে অর্থ চাঁদাবাজদের কাছে যায়, তা বৈধভাবে সিটি কর্পোরেশনের রাজস্বে পরিণত হবে। পুনর্বাসনের অন্তর্বর্তী সময়ে ফুটপাতের একটি অংশে সীমিত আকারে ব্যবসার সুযোগ রেখে পথচারীদের চলাচল কিছুটা স্বস্তিদায়ক করা যেতে পারে। কয়েক বছরের মধ্যে পরিকল্পিত পুনর্বাসন সম্পন্ন হলে ফুটপাত সম্পূর্ণ হকারমুক্ত করা সম্ভব হবে। বিশে^র অনেক শহরে হকারদের পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করে সমাধান করা হলেও বাংলাদেশে সেই অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি এখনো গ্রহণ করা হয়নি।
বাংলাদেশ হকার্স ইউনিয়ন দীর্ঘদিন ধরে হকারদের স্বীকৃতি, সামাজিক সুরক্ষা ও স্থায়ী কর্মস্থলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের প্রস্তাবিত দাবির মধ্যে রয়েছেÑ বৈধ স্বীকৃতি প্রদান, উচ্ছেদ অভিযান বন্ধ, নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা, সহজ শর্তে ঋণ ও আর্থিক সহায়তা, হকারদের শিশু ও পরিবারের সুরক্ষা, যুক্তিসংগত কর ব্যবস্থা, নীতিনির্ধারণে অংশগ্রহণের সুযোগ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তার দাবিও অন্তর্ভুক্ত রয়েছে। এই দাবিগুলো যৌক্তিক এবং সময়োপযোগী।
লেখক : গবেষক ও রাজনৈতিক কলাম লেখক sk.rafiq1982@gmail.com
