বাংলাদেশকে কেন্দ্র করে জাপান সরকারের প্রস্তাবিত বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ (বিগ-বি) ইনিশিয়েটিভ বিগ-বি নামে পরিচিত। ইতোমধ্যে এই উদ্যোগের আওতায় অনুমোদিত হয়েছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় মাতারবাড়ী বিদ্যৎ প্রকল্প। দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে বিগ-বি দ্রুত কার্যকর করার উদ্যোগ গ্রহণের সংবাদ বাংলাদেশের জন্য স্বস্তিকর। এছাড়াও সামনের মাসে জাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষর করারও প্রস্তুতি নিয়েছে সরকার। এই চুক্তি কার্যকর হলে আগামী চার বছরের মধ্যে জাপানে ১ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি হওয়ার কথা। আসন্ন ২০২৬ সালে এলডিসি উত্তরণ হলেও বাংলাদেশের জন্য জাপানের শুল্ক সুবিধা আরও অন্তত তিন বছর বহাল রাখার ঘোষণা দিয়েছে দেশটি।

জাপানের এই ঘোষণায় দেশের রপ্তানি খাত যে উজ্জীবিত হবে, এতে কোনো সন্দেহ নেই। \r\nউল্লেখ্য, এক দশক আগে মূলত ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার (বেল্টে) এলাকায় শিল্পায়নকে সামনে রেখে বিগ-বি উদ্যোগটির পরিকল্পনা করা হয়। বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে দেশের এই অঞ্চল বেশ সম্ভাবনাময় বলে মনে করে জাপান। বিগ-বির প্রথম স্তম্ভটি হলো শিল্প ও বাণিজ্য। দ্বিতীয় স্তম্ভ জ্বালানি। আর তৃতীয় স্তম্ভ পরিবহন ব্যবস্থা। বাংলাদেশ জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি বড় অনুষঙ্গ হলো বিগত অর্ধশতকে ক্রমবর্ধমান অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক আদান-প্রদানের প্রসারতা।

এ কথা প্রণিধানযোগ্য যে, আধুনিক পর্যায়ে দুই দেশের সম্পর্কের গভীরতা ও গতিপ্রকৃতিতে অর্থনৈতিক সহযোগিতা এবং বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় বাণিজ্যের উত্থান-পতন বিশেষ নির্দেশক হিসেবে কাজ করেছে। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের অব্যবহিত পরে জাপান সরকার বাংলাদেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে এগিয়ে এসেছিল। জাপানই হচ্ছে এশিয়ায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের অন্যতম গন্তব্যস্থল। আবার জাপানি পণ্য বাংলাদেশের আমদানি বাণিজ্যের অনেকটা দখল করে আছে।\r\nজাপানিদের ভৌগোলিক অভিজ্ঞানে বর্তমান বাংলাদেশ হচ্ছে তাদের নিজেদের নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অর্থনীতির বলয়ভুক্ত দেশগুলোর একটি। তাদের বিবেচনায় বার্মা বা অধুনা মিয়ানমারই হচ্ছে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পশ্চিম প্রান্ত।

হিমালয়, আসাম, লালমাই পাহাড় পেরিয়ে সমতল ভূমিতে ত্রয়োদশ শতাব্দীতে চট্টগ্রাম বন্দর দিয়ে আরব বণিকদের প্রবেশ এবং মধ্য এশিয়া থেকে আসা মোগল ও ইউরোপ থেকে আসা ইংরেজ শাসনাধীনে দীর্ঘদিন থাকার কারণে এ অঞ্চলকে মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় ভাবধারার অবগাহনে গড়ে ওঠা দেশগুলোর সদস্য ভাবা হয়। বাংলাদেশ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় ও মধ্যএশীয়-ইউরোপীয় দেশগুলোর ঠিক মধ্যবর্তী। বাংলাদেশকে বিবেচনা করা হয় এ দুই ভিন্ন ধারার মধ্যে মেলবন্ধন সৃষ্টির দ্যোতক হিসেবে। এশীয় ঐকতান সৃষ্টিতে বাংলাদেশের কূটনৈতিক প্রয়াস এবং এর ভৌগোলিক-রাজনৈতিক অবস্থানকে বিশেষ তাৎপর্যবহ বলেই মনে করে জাপান।\r\nজাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষর হওয়ার আশা করছে বাংলাদেশ। তবে এই বাণিজ্য চুক্তি যথাযথভাবে কার্যকর হতে হলে দেশের ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে শুল্ক ব্যবস্থার সংস্কার, স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করনীতি নিশ্চিত করার মতো গুরত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা চাই। বাংলাদেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশ দ্যৃশ্যমানভাবে উন্নত হলে আরও জাপানি বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব হবে বলেই প্রত্যাশা।